All posts by jitu

নাঙ্গলকোটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে যাত্রীবাহী বাস পুকুরে ডুবে হারেছ মিয়া (৪৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২১ মে) উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে কুমিল্লা-হাসানপুর সড়কের উপজেলার বিরুলী গ্রামে শাহ আলী সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে যায়। এসময় বাসে ড্রাইভার, হেলপারসহ ৫ জন মানুষ ছিলেন। তাদের মধ্যে নিজেদের বুদ্ধিমত্ত্বায় ৪ জন প্রাণে বাঁচলেও একজন মৃত্যুবরণ করেন। নিহত হারেছ মিয়া মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তার বাড়ি উপজেলার রায়কোট গ্রামে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কুমিল্লা সেনানিবাসে “মুজিব বর্ষ ১৭ তম ফিজ আপ কাপ গল্ফ টূর্ণামেন্ট” অনুষ্ঠিত

 

নাছরিন আক্তার হীরা:

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে “মুজিব বর্ষ ১৭ তম ফিজ আপ কাপ গল্ফ টূর্ণামেন্ট” -২০২২” অনুষ্ঠিত হয়েছে।

এ টুর্ণামেন্টে দেশের বিভিন্ন গল্ফ ক্লাব থেকে প্রায় শতাধিক গল্ফার অংশ নেন।

শনিবার (২১ মে) সকালে ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: জাহাঙ্গীর হারুন,এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গল্ফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো: হারুনুর রশীদ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রাণ গেল কয়েদির

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে দেড় বছরের সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম (৩৮) নামের এক কয়েদি মারা গেছেন।

শুক্রবার (২০ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুরের সৈয়দ আলীর ছেলে।

জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন জানান, একটি মাদক মামলার নুরুল ইসলাম দেড় বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। একমাস আগে তাকে কারাগারে পাঠানো হয়। শুক্রবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

তবে কি অর্জুনের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলছেন মালাইকা?

 

বিনোদন ডেস্কঃ

ক’দিন ধরেই সরগরম টিনসেলনগরী। মাখো মাখো প্রেমের দিন পেরিয়ে এবার নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। বুধবারই রটেছিল, নভেম্বর-ডিসেম্বর নাগাদ বিয়ে হতে পারে এই অসমবয়সী জুটির। তারপরেই বেসুর বেজেছে অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরি। এবার কী একই পথে হাঁটলেন মালাইকা নিজেও? এক সাক্ষাৎকারে মালাইকা বলেছেন, কোথাও বাধা না পড়া একলা জীবনই আমার কাছে অনেক বেশি স্বস্তির। আর পাঁচজনের মতো জীবনযাপনের মান বাড়াতে আমিও পছন্দ করি। কিন্তু এখন বুঝি বৃহত্তর ক্ষেত্রে সে সবের তেমন মূল্য নেই। বরং বুঝেছি নিজেকে নিয়ে বাঁচা, নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের উন্নতি এবং বৃদ্ধির স্বার্থে নিজের জন্য এই সময়টাকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিচ্ছি এখন। আর এই পাল্টে যাওয়া জীবনদর্শনই কেমন যেন অন্য রকম ঠেকছে অনুরাগীদের

তবে কী বিয়ে হচ্ছে না মালাইকা-অর্জুনের? নাকি ভেঙে যেতে পারে সম্পর্কটাই? কেউ কেউ বলছেন, বিয়ের খবরকে ধামাচাপা দিতে পরিকল্পনা মাফিকও হয়তো এমন করতে পারেন যুগলে। যেমনটা করেছেন অর্জুনও। বুধবার অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা ছিল, আমার জীবন নিয়ে অনেকেই দেখছি আমার চেয়েও বেশি জানেন। বেশ লাগছে। অনুরাগীদের ধারণা, বিয়ের গুঞ্জন প্রসঙ্গেই এমন লিখেছেন বনি কাপুরের পুত্র এবং গুজব বলে উড়িয়ে দিতে চেয়েছেন সবটাকেই। তবে মালাইকার কথায়

সম্পর্ক ভাঙার ইঙ্গিতও খুঁজছেন অনেকে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে মালাইকার এই বক্তব্য। অনেকেই বলছেন, অর্জুনের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন নায়িকা। আর তাই পরিষ্কার করলেন। আবার অনেকে বলছেন, অসম বয়সের প্রেম শেষ পর্যন্ত টিকে না। এটা তারই উদাহরণ। আবার অনেকে বলছেন, এটা শুধুই মান-অভিমান পর্ব চলছে। দ্রুতই আবার এক হবেন তারা!

জনগণ সুযোগ পেলে আ’লীগের নেতাকর্মীদের বুড়িগঙ্গায় চুবাবে : নুর

 

ডেস্ক রিপোর্টঃ

জনগণ রাস্তায় নামলে সরকারকে হঠাতে এক মাস বা এক বছর নয়, মাত্র এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলতে চাই, গাছে কাঁঠাল গোফে তেল, এই অভ্যাস পরিহার করুন। বিদেশীরা কখনো ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে না। ক্ষমতায় বসতে চাইলে এদেশের জনগণকে নিয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা ও হুমকির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ।

নুরুল হক নুর বলেন, সরকার লুটপাটের উন্নয়ন করছে। আওয়ামী লীগের নেতারা পাগল হয়ে গেছে তাই তো ড. রেজা কিবরিয়ার বাবা, যিনি মুক্তিযুদ্ধ করেছেন, আওয়ামীলীগকে ক্ষমতায় আনার জন্য কাজ করেছেন তাকে নিয়ে বাজে কথা বলছেন। এই সরকার ড. ইউনুসের মতো সম্মানিত ব্যক্তিকে কিভাবে অপমান করেছে আমরা দেখেছি। বাংলাদেশের এই কর্তৃত্ববাদ সরকার যদি আরো এক মেয়াদ থাকে, তাহলে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ বলেন, সবকিছুর দাম বাড়ছে। মানুষ ক্ষুধা ও দারিদ্রের সঙ্গে সংগ্রাম করছে। দেশ ফেরাউনের নীতিতে শাসন হচ্ছে, জালিম শাসক তার জুলুমের মসনত টিকিয়ে রাখতে প্রতিবাদী মানুষকে ডুবিয়ে মারতে চায়।

যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের উত্থানকে সরকার ভয় পায় বলে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে

আপনারা তো বলেছেন পদ্মা নদীতে চুবাবেন, জনগণ সুযোগ পেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বুড়িগঙ্গা নদীতে চুবাবে।

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সদস্য সচিব নিজাম উদ্দিনের সমাবেশে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, সাদ্দাম হোসেন, শাকিল জামান, যুগ্ম সদস্য সচিব আব্দুজ জাহের, সহকারি সদস্য সচিব ফাতেমা তাসনিম, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক জাফর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক রিজওয়ান রুপ দীনেশ, ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, শামসুল আলম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মুরশেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি সুহেল মৃধা, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

ঘরে রাখা পানির ড্রামে ডুবে শিশুর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় মাছ রাখার পানির ড্রামে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মে) দুপুরের দিকে উপজেলার শ্রীনগর গ্রামের রাজন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাজলিম ইসলাম মেহেরীন সে উপজেলার শ্রীনগর গ্রামের রাজন মেম্বারের বাড়ির নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে মেহেরীন ঘরে মাছ রাখার একটি পানির ডাম নিয়ে খেলতে গিয়ে ডামে পড়ে ডুবে যায়। পরে ওই ডামের পানিতে ডুবে সে অচেতন হয়ে পড়ে। শেষে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুর বউভাতে সয়াবিন তেল উপহার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা সোনাপুর গ্রামের কাজী লুৎফর রহমান মাসুমের বউভাত ছিল আজ শুক্রবার। বন্ধুদের দাওয়াত করা হয়েছিল স্বাভাবিকভাবেই। দাওয়াতে সাড়া দিয়ে বিয়েতে ৫ লিটার সয়াবিন তেলের বোতল নিয়ে হাজির হন মো. ইমাম হোসাইন। বন্ধুর বিয়েতে এটিই তার উপহার।

শুক্রবার মাসুমের বউভাতের অনুষ্ঠানে আগত অতিথিরা তখন খাওয়া নিয়ে ব্যস্ত। এ সময় ৫ লিটারের একটি সয়াবিন তেলের বোতল নিয়ে হাজির হন বর মাসুমের বন্ধু মো. ইমান হোসাইন। এ সময় অনুষ্ঠানে উপস্থিতি অতিথিরা কৌতূহলী হয়ে ভিড় জমান। সবার আগ্রহী চোখ ছিল সয়াবিন তেলের বোতলটির দিকে। এর মধ্যেই বর মাসুমের হাতে সয়াবিন তেলের বোতলটি তুলে দেন ইমাম।

মো. ইমাম হোসাইন বলেন, ‘এখন সয়াবিন তেলের অনেক দাম। আগামী দিনে আবারও তেলের দাম বাড়তে পারে। বন্ধুর সংসারে নতুন বউ আসছে। বউ যেন রান্নার কাজে ব্যবহার করতে পারে, তার জন্য আমি ৯৮৫ টাকা দিয়ে ৫ লিটারের এই সয়াবিন তেলের বোতলটি কিনে উপহার দিলাম।’

বর কাজী লুৎফর রহমান মাসুম বলেন, ‘আমার বিয়ের অনুষ্ঠানে বন্ধু এবং আত্মীয়-স্বজনেরা বিভিন্ন ধরনের উপহার দিচ্ছেন। এর মধ্যে সয়াবিন তেলটা একটি ভিন্ন ধরনের উপহার। আমার কাছে বিষয়টি অনেক ভালো লাগছে।

কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় গলায় ফাঁস দিয়ে বীথি রানী শাহা (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদুল ইসলাম। বীথি রানী শাহা অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কালাকচুয়া গ্রামের লোকনাথ শাহার স্ত্রী বীথি রানী। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ। স্থানীয়রা বন্ধ দরজা খুলে বীথির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে দেবপুর ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বীথির স্বামী লোকনাথ জানান, বিথীর সঙ্গে কোনো ঝগড়া বা ঝামেলা হয়নি। তার পরও কেন সে আত্মহত্যা করেছে কিছুই জানেন না লোকনাথ।

এদিকে বিথির পরিবার দাবি করছে- পারিবারিক কলহের জেরেই ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিথি।

বুড়িচং থানার ওসি মাকসুদ আলম জানান, প্রাথমিকভাবে জেনেছি পারিবারিক কলহের জেরে বীথি রানী শাহা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে মামলা করা হয়েছে।

কোম্পানীগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসরাত জাহান সাইমুন (১৫) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ঘর পোড়া বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানায়,গত মঙ্গলবার থেকে সাইমুন অসুস্থ ছিল। এ বিষয়ে পরিবারের সদস্যদের দাবি সে কি খেয়ে তারা এ বিষয়ে কিছু জানেনা। অসুস্থ অবস্থায় শুক্রবার দুপুরের দিকে সে অচেতন হয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে পুলিশ এলে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো যাবে।

বাংলাদেশ থেকে তিন ক্যাটাগরীতে কর্মী নিয়োগ করবে কাতার

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

কাতারে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও বিশ্বকাপ ২০২২ আয়োজনে বাংলাদেশ হতে প্রয়োজনীয় কর্মী নিয়োগ এবং বিশ্বকাপ পরবর্তী সময়ে নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ হতে দক্ষ শ্রমিক নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে কাতার সরকার।

কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বুধবার (১৮ মে) কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররির সাথে এক আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইমরান আহমদ দেশটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী পাঠানোর বিষয়ে জানান। বৈঠকে তিন ক্যাটাগরীতে দেশটিতে ‘নিরাপত্তা’, ‘হসপিটালিটি’ এবং ‘ট্রান্সপোর্ট’ খাতে কর্মীর চাহিদার কথা উল্লেখ করেন আল মাররি এবং তিনি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ব্যাপারে বাংলাদেশের মন্ত্রীকে আশ্বাস্থ করেন।

গত কয়েক বছর ধরে কাতারে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে কূটনৈতিক চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ সরকার। দীর্ঘ দিন পর এমন সুখবরে আনন্দিত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়িরা।

বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশী কর্মীদের কর্মদক্ষতার প্রশংসার পাশাপাশি কর্মীদের কাতারের আইন মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এছাড়া, বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ঢাকায় ৬ষ্ঠ যৌথ কমিটির সভা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। শীঘ্রই এ সভা আয়োজনের বিষয়ে একমত হয়। এসময় মন্ত্রী ইমরান আহমদ কাতারের শ্রম মন্ত্রী আলী বিন সামিখ আল মাররিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, কাতার শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদি, রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন, মিনিস্টার (শ্রম) ড. মুস্তাফিজুর রহমান, কাউন্সেলর মো. মাহবুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তন্ময় ইসলাম।