All posts by jitu

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুর বউভাতে সয়াবিন তেল উপহার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা সোনাপুর গ্রামের কাজী লুৎফর রহমান মাসুমের বউভাত ছিল আজ শুক্রবার। বন্ধুদের দাওয়াত করা হয়েছিল স্বাভাবিকভাবেই। দাওয়াতে সাড়া দিয়ে বিয়েতে ৫ লিটার সয়াবিন তেলের বোতল নিয়ে হাজির হন মো. ইমাম হোসাইন। বন্ধুর বিয়েতে এটিই তার উপহার।

শুক্রবার মাসুমের বউভাতের অনুষ্ঠানে আগত অতিথিরা তখন খাওয়া নিয়ে ব্যস্ত। এ সময় ৫ লিটারের একটি সয়াবিন তেলের বোতল নিয়ে হাজির হন বর মাসুমের বন্ধু মো. ইমান হোসাইন। এ সময় অনুষ্ঠানে উপস্থিতি অতিথিরা কৌতূহলী হয়ে ভিড় জমান। সবার আগ্রহী চোখ ছিল সয়াবিন তেলের বোতলটির দিকে। এর মধ্যেই বর মাসুমের হাতে সয়াবিন তেলের বোতলটি তুলে দেন ইমাম।

মো. ইমাম হোসাইন বলেন, ‘এখন সয়াবিন তেলের অনেক দাম। আগামী দিনে আবারও তেলের দাম বাড়তে পারে। বন্ধুর সংসারে নতুন বউ আসছে। বউ যেন রান্নার কাজে ব্যবহার করতে পারে, তার জন্য আমি ৯৮৫ টাকা দিয়ে ৫ লিটারের এই সয়াবিন তেলের বোতলটি কিনে উপহার দিলাম।’

বর কাজী লুৎফর রহমান মাসুম বলেন, ‘আমার বিয়ের অনুষ্ঠানে বন্ধু এবং আত্মীয়-স্বজনেরা বিভিন্ন ধরনের উপহার দিচ্ছেন। এর মধ্যে সয়াবিন তেলটা একটি ভিন্ন ধরনের উপহার। আমার কাছে বিষয়টি অনেক ভালো লাগছে।

কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় গলায় ফাঁস দিয়ে বীথি রানী শাহা (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদুল ইসলাম। বীথি রানী শাহা অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কালাকচুয়া গ্রামের লোকনাথ শাহার স্ত্রী বীথি রানী। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ। স্থানীয়রা বন্ধ দরজা খুলে বীথির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে দেবপুর ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বীথির স্বামী লোকনাথ জানান, বিথীর সঙ্গে কোনো ঝগড়া বা ঝামেলা হয়নি। তার পরও কেন সে আত্মহত্যা করেছে কিছুই জানেন না লোকনাথ।

এদিকে বিথির পরিবার দাবি করছে- পারিবারিক কলহের জেরেই ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিথি।

বুড়িচং থানার ওসি মাকসুদ আলম জানান, প্রাথমিকভাবে জেনেছি পারিবারিক কলহের জেরে বীথি রানী শাহা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে মামলা করা হয়েছে।

কোম্পানীগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসরাত জাহান সাইমুন (১৫) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ঘর পোড়া বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানায়,গত মঙ্গলবার থেকে সাইমুন অসুস্থ ছিল। এ বিষয়ে পরিবারের সদস্যদের দাবি সে কি খেয়ে তারা এ বিষয়ে কিছু জানেনা। অসুস্থ অবস্থায় শুক্রবার দুপুরের দিকে সে অচেতন হয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে পুলিশ এলে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো যাবে।

বাংলাদেশ থেকে তিন ক্যাটাগরীতে কর্মী নিয়োগ করবে কাতার

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

কাতারে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও বিশ্বকাপ ২০২২ আয়োজনে বাংলাদেশ হতে প্রয়োজনীয় কর্মী নিয়োগ এবং বিশ্বকাপ পরবর্তী সময়ে নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ হতে দক্ষ শ্রমিক নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে কাতার সরকার।

কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বুধবার (১৮ মে) কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররির সাথে এক আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইমরান আহমদ দেশটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী পাঠানোর বিষয়ে জানান। বৈঠকে তিন ক্যাটাগরীতে দেশটিতে ‘নিরাপত্তা’, ‘হসপিটালিটি’ এবং ‘ট্রান্সপোর্ট’ খাতে কর্মীর চাহিদার কথা উল্লেখ করেন আল মাররি এবং তিনি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ব্যাপারে বাংলাদেশের মন্ত্রীকে আশ্বাস্থ করেন।

গত কয়েক বছর ধরে কাতারে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে কূটনৈতিক চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ সরকার। দীর্ঘ দিন পর এমন সুখবরে আনন্দিত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়িরা।

বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশী কর্মীদের কর্মদক্ষতার প্রশংসার পাশাপাশি কর্মীদের কাতারের আইন মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এছাড়া, বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ঢাকায় ৬ষ্ঠ যৌথ কমিটির সভা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। শীঘ্রই এ সভা আয়োজনের বিষয়ে একমত হয়। এসময় মন্ত্রী ইমরান আহমদ কাতারের শ্রম মন্ত্রী আলী বিন সামিখ আল মাররিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, কাতার শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদি, রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন, মিনিস্টার (শ্রম) ড. মুস্তাফিজুর রহমান, কাউন্সেলর মো. মাহবুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তন্ময় ইসলাম।

কুসিক নির্বাচন: মেয়র প্রার্থীদের হলফনামায় যা আছে

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের যাচাই-বাছাই শেষ। এখন প্রতীক বরাদ্দের পালা। ৬ মেয়র প্রার্থীর হলফনামা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রার্থীদের দাখিলকৃত হলফনামা থেকে জানা গেছে- ৬ প্রার্থীর মধ্যে সম্পদ বেড়েছে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু ও তাঁর স্ত্রীর। শিক্ষাগত দিক থেকে সাক্কু সবার চেয়ে পিছিয়ে। আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের নগদ টাকা নেই। ফৌজদারী মামলা বেশি স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করে প্রার্থী হওয়া নিজাম উদ্দিন কায়সারের। কোন গাড়ি নেই নিজাম উদ্দিন কায়সার, কামরুল আহসান বাবুল ও রাশেদুল ইসলামের ।

মনিরুল হক সাক্কু:

কুসিকের টানা দুইবারের মেয়র। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি। তার নিজের ও স্ত্রীর সম্পদ বেড়েছে কয়েকগুণ। ২০১৭ সালে হলফনামায় সাক্কুর নিজ নামে নগদ ৮৭ লাখ ৭৭ হাজার ৩০৬ টাকা ছিল। এবার তা ১ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৮৯২ টাকা। স্ত্রীর নামে ২০১৭ সালে ছিল ৫৫ লাখ ৮৬ হাজার ৫২৩ টাকা, এবার আছে ৯৯ লাখ ১৩ হাজার ৮২১ টাকার তথ্য ছিল। এ বছরের তথ্যে তার বাড়ি, এপার্টমেন্ট, দোকান ও অন্যান্য খাতে আয় দেখানো হয়েছে ৪ লাখ ৮ হাজার টাকা। এ খাতে নির্ভরশীলদের নিকট থেকে আয় দেখানো হয়েছে ৬৪ লাখ ৬৬ হাজার ৭৩৬ টাকা। ব্যবসা খাতে নির্ভরশীলদের আয় ২০ লাখ ৭০ হাজার টাকা দেখানো হয়েছে। প্রার্থীর শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত রয়েছে ৩ লাখ ১ হাজার ৬৯৭ টাকা। তিনি মেয়র হিসেবে বার্ষিক সম্মানী ভাতা পেয়েছেন ১৬ লাখ ২০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা আছে ২ লাখ ৯৪ হাজার ২৭ টাকা। স্ত্রীর নামে ব্যাংকে আছে ৯ লাখ ৫৪ হাজার ৭৫৭ টাকা। বিভিন্ন কোম্পানীতে জমা আছে ২ লাখ টাকা। সঞ্চয়পত্র ৫০ লাখ ও স্ত্রীর নামে আছে ৩৯ লাখ ৫৯ হাজার ৩৬৪ টাকা। যানবাহনের মধ্যে আছে একটি ল্যান্ডক্রুজার জীপ ও স্ত্রীর নামেও আছে একটি গাড়ি। নিজ ও স্ত্রীর নামে আছে ২০ তোলা স্বর্ণ। ইলেকট্রিক ও আসবাবপত্রের মধ্যে আছে ১ লাখ ৪৭ হাজার টাকার মালামাল। স্থাবর সম্পত্তির মধ্যে নিজের নামে ২০ একর কৃষি জমি ও ১৪৬ শতকের একটি পুকুর, নাল জমি আছে ১০৪ শতক। স্ত্রীর নামে আছে ১.২৩ একর জমি। নিজের নামে রাজধানী ঢাকায় পৃথক ৫টি স্থানসহ কুমিল্লা নগরীর বজ্রপুর এলাকায় তার জমি আছে ৪১ শতক। স্ত্রীর নামে রাজধানীর বসুন্ধরায় আছে ৩ কাঠার প্লট। নিজের নামে ফ্ল্যাট আছে কুমিল্লা নগরীতে ২টি, স্ত্রীর নামে নগরীর রেইসকোর্স এলাকায় একটি বহুতল ভবন ও রাজধানীর ধানমন্ডিতে দোকান রয়েছে। এছাড়া স্ত্রীর নামে নগরীর বজ্রপুর এলাকায় বহুতল ভবন, ঢাকা ২টি ফ্ল্যাট রয়েছে। প্রার্থীর কোনো দায়-দেনা নেই। তার বিরুদ্ধে বর্তমানে দুদক ও আয়কর আইনের দুটি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অতীতে দায়েরকৃত হত্যাসহ ফৌজদারী ও অন্যান্য আইনে ১০টি মামলা থেকে অব্যাহতি/খালাস পেয়েছেন।

আরফানুল হক রিফাত:

নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত শিক্ষাগত যোগ্যতায়- বিএ। তিনি বর্তমানে কোনো ফৌজদারী মামলায় অভিযুক্ত নন। ২০০১ সালের একটি হত্যা মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তার আয়ের উৎস কৃষি খাত থেকে ১০ হাজার টাকা, বাড়ি, দোকান ভাড়া বাবদ তার বার্ষিক আয় ৫ লাখ টাকা। ব্যবসা থেকে বার্ষিক আয় ১৭ লাখ ১১ হাজার ৮০০ টাকা। তার ব্যাংকে কোনো নগদ টাকা নেই। অস্থাবর সম্পত্তির মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৬ লাখ ১২ হাজার ৪৯৫ টাকা। স্ত্রীর নামে আছে ৩৩ হাজার ২০০ টাকা। নিজের নামে পোস্টাল ও বিভিন্ন সঞ্চয়পত্র আছে ৭৮ লাখ ৬৭ হাজার ৪৫৪ টাকার। যানবাহনের মধ্যে আছে একটি জীপ গাড়ি, যার মূল্য ১ কোটি ২ লাখ টাকা, ২০ লাখ টাকার একটি প্রাইভেট কার আছে। তার ও স্ত্রীর স্বর্ণ আছে ৫০ ভরি। প্রার্থী রিফাতের স্থাবর সম্পত্তির আছে- কোটবাড়ি এলাকার সালমানপুরে ১৭ শতক, স্ত্রীর নামে ৬ শতক জমি। ফেনীতে যৌথ মালিকানায় আছে একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন, যার মূল্য ৩০ লাখ টাকা। ঢাকায় তার ৪০ লাখ টাকার একটি ও কুমিল্লায় আছে ৩০ লাখ টাকার (কেনার সময়) একটি এপার্টমেন্ট।

মাসুদ পারভেজ খান ইমরান:

তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের ছেলে, স্বতন্ত্র প্রার্থী। তার বিরুদ্ধে ২০১৬ ও ২০১৯ সালের পৃথক ২টি মামলা বিচারাধীন আছে। তিনি অতীতে ২টি ফৌজদারী মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। একটি মামলায় তার বিরুদ্ধে সাজার আদেশ হাইকোর্টে স্থগিত আছে। কৃষি খাত থেকে তার আয় ২০ হাজার টাকা, ব্যবসা থেকে আয় ১৪ লাখ ৮০ হাজার টাকা, অন্যান্য উৎস থেকে আয় ৮ হাজার ২০৫ টাকা। তার স্ত্রীর বার্ষিক আয় ৭ লাখ ৮০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ টাকা আছে ২ লাখ ৪২ হাজার ৭৪২ টাকা, ব্যাংকে নিজ নামে জমা আছে ৩ লাখ ১৭ হাজার ২৫৮ টাকা। স্ত্রী নামে নগদ ও ব্যাংকে আছে ৭ লাখ ৫০ হাজার টাকা। যানবাহনের মধ্যে আছে নিজের নামে ৫২ লাখ টাকা দামের একটি জীপ, স্ত্রী নামে ১১ লাখ ৫০ হাজার টাকা দামের একটি প্রাইভেট গাড়ি আছে। নিজের ২৫ তোলা ও স্ত্রীর ৫০ তোলা স্বর্ণ আছে। নিজ ও স্ত্রীর নামে ইলেকট্রনিক ও অন্যান্য আসবাবপত্র আছে ৪ লাখ টাকার। নিজের নামে অন্যান্য ব্যবসায় মূলধন আছে ৫ লাখ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে নিজের নামে নগরীর শাকতলা এলাকায় ৭৭.৬৬ শতক জমি আছে। লালমাই পাহাড়ে বাগান আছে ১.১২ একরের।

নিজাম উদ্দিন কায়সার:

তিনি স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নগরীর মনোহরপুর এলাকার বাসিন্দা কায়সারের শিক্ষাগত যোগ্যতা বি.কম। তিনি সর্বকনিষ্ঠ প্রার্থী। তার বিরুদ্ধে বিচারাধীন ফৌজদারী মামলা রয়েছে ৮টি। খালাস পেয়েছেন ৪টি মামলা থেকে। দ্রুতবিচার আইনের একটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। বার্ষিক আয়ের উৎস দেখানো হয়েছে, চাকুরী থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা, অন্যান্য উৎস থেকে আয় দেখানো হয়েছে ৪ হাজার ৬২৭ টাকা। তার নগদ আছে ৩৮ লাখ ৭২ হাজার ৯৩৫ টাকা। ব্যাংকে জমা আছে ৩ লাখ ২ হাজার ৪৯৭ টাকা। বেসরকারি বিভিন্ন কোম্পানী থেকে আয় ৪০ হাজার টাকা। স্বামী-স্ত্রী স্বর্ণ আছে ৫০ তোলা। ইলেকট্রনিক সামগ্রী আছে ১ লাখ ৯ হাজার ও স্ত্রীর নামে ইলেকট্রনিক ও আসবাবপত্র আছে ৭ লাখ টাকার।

রাশেদুল ইসলাম: তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। তিনি নগরীর আসাদনগর এলাকার বাসিন্দা। তার বাবা আবদুল লতিফ ও মা রেজিয়া খাতুন। তার জন্ম ১৯৭৯ সালের ১ জানুয়ারি। তার বিরুদ্ধে কোন মামলা নেই। নগদ টাকা আছে ৫০ হাজার। ব্যাংকে আছে ২ লাখ ৪২৮ টাকা। অকৃষি জমি আছে ৮.২৫ শতক।

কামরুল আহসান বাবুল:

তিনি স্বতন্ত্র প্রার্থী ও নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২টি মামলা আছে। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার টাকা। নগদ টাকা আছে ৩ লাখ ৫০ হাজার। ব্যাংকে আছে ৫ হাজার টাকা। ইলেক্ট্রনিক সামগ্রী ও আসবাবপত্র আছে ৪০ হাজার টাকার। অস্থাবর সম্পদ আছে ২ লাখ ৯০ হাজার টাকার। ৩ লাখ ৪০ হাজার টাকার অকৃষি জমি আছে। ১.৭৫ শতক জমির মধ্যে একটি নির্মাণাধীন ভবন আছে।

উল্লেখ্য যে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৬০০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ১৯১ জন। ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাবেয়া চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাক্কু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বতন্ত্র  মেয়র প্রার্থী সাবেক মেয়র  মোঃ মনিরুল হক সাক্কু  কেন্দ্রীয় বিএনপি’র সহ সভাপতি এবং কুমিল্লা দঃ জেলা বিএনপি’র সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি  বেগম রাবেয়া চৌধুরীর কাছে দোয়া চেয়েছেন। রাবেয়া চৌধুরী মাথায় হাত বুলিয়ে সাক্কুর জন্য  দোয়া  করেন।

এ সময় জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাজ্জাদুল কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ১৯ মে বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মনিরুল হক সাক্কু। দলও তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। তিনি তৃতীয়বারের মত নির্বাচনে অংশগ্রহণ করছেন।

সদর দক্ষিণে ৫ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক এক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ৫ কেজি গাঁজাসহ মোঃ মীর হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (২০ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব।

আটককৃত মীর হোসেন সদর দক্ষিণের লালবাগ (মধ্যমপাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে আটককৃতর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

চাঁদপুরে সড়ক দুর্ঘটনা : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেয়া হলো না ২ জনের

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৫ জন হতাহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইট ও সিমেন্টবাহী হাইড্রোলিক পিকআপ ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হওয়া আরেক পুরুষ যাত্রী হাসাপাতালে নেয়ার পথেই মারা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়াও বাকী যাত্রী ও সিএনজি চালকের অবস্থাও খারাপ।

ঘটনাস্থলে নিহত যাত্রী হাজীগঞ্জ উপজেলার বলাখালের বাসিন্দা মোঃ মাহবুবুল আলমের মেয়ে ফাতেমা আলম। তিনি চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য চাঁদপুর যাওয়ার পথেই এ দুর্ঘটনার শিকার হন। ধারনা করা হচ্ছে নিহত যাত্রীসহ অন্যান্য যাত্রীরাও প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য চাঁদপুর যাচ্ছিল।

অন্য নিহত পুরুষ যাত্রী একই উপজেলার সৈয়দপুর পাটওয়ারী বাড়ির মোঃ আবদুল্লাহ পাটওয়ারী (২৭)। তিনিও পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে চাঁদপুর যাচ্ছিল।

আফ্রিকার পর এবার ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ছে বিরল রোগ মাঙ্কিপক্স

 

আন্তর্জাতিক ডেস্কঃ

আফ্রিকার পর এবার ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ছে বিরল রোগ মাঙ্কিপক্স। সম্প্রতি বেশ কয়েকটি দেশে তরুণদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, পর্তুগাল এবং যুক্তরাজ্যে সম্প্রতি মাঙ্কিপক্স রোগে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

বিরল এ রোগে সর্বশেষ রোগী শনাক্ত হয়েছে ফ্রান্স, ইতালি, সুইডেন ও অস্ট্রেলিয়ায়। এর আগে সংক্রমণের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে। কানাডায় এ পর্যন্ত ১৩ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। পর্তুগালে এ রোগে আক্রান্ত হয়েছেন পাঁচজন। এছাড়া স্পেনে সাতজন সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। ব্রিটেনে আক্রান্ত হয়েছেন ৯ জন।

বিশ্বজুড়ে স্বাস্থ্য সংশ্লিষ্টরা এ রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে পর্যবেক্ষণ করছেন। এটি একবারও যারা আফ্রিকায় ভ্রমণ করেননি, তাদেরও শনাক্ত হচ্ছে বলেও জানা গেছে। যদিও সাধারণ মানুষের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।

মাঙ্কিপক্স আসলে কি?

জ্বর, গায়ে ব্যথা, আকারে বড় বসন্তের মতো গায়ে গুটি গজিয়ে ওঠাকে আপাতত মাঙ্কিপক্সের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাঙ্কিপক্সের একটি রূপ এতটাই ভয়ংকর যে আক্রান্ত ব্যক্তিদের ১০ শতাংশ মারাও যেতে পারেন।

তবে এ ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ রোগী কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। বৈশিষ্ট্যের দিক থেকে এটি অনেকটা জল বসন্তের ভাইরাসের মতো। পশ্চিম ও মধ্য আফ্রিকার নিরক্ষীয় বনাঞ্চলে এ রোগের প্রাদুর্ভাব বেশি।

১৯৫৮ সালে বিজ্ঞানীরা এই রোগটি প্রথম শনাক্ত করেন। তারা তখন গবেষণায় বানরদের মধ্যে ‘পক্স-সদৃশ’ রোগের অস্তিত্ব টের পান এবং পরে এটি মাঙ্কিপক্স নামকরণ হয়। মানব শরীরে এর সংক্রমণ ঘটে ১৯৭০ সালে। কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে একটি নয় বছর বয়সী ছেলের মধ্যে ঘটে এ সংক্রমণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, প্রতি বছর আফ্রিকার প্রায় ডজনখানেক দেশে মাঙ্কিপক্স সংক্রমণের খবর আসে। বেশিরভাগই কঙ্গোতে, যেখানে বছরে প্রায় চয় হাজার মানুষ শনাক্তের রিপোর্ট পাওয়া যায় এবং নাইজেরিয়ায় এ সংখ্যা কমপক্ষে তিন হাজার।

এ ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো চিকিৎসা নেই। তবে যে কোন ভাইরাস প্রাদুর্ভাবের মতোই উপযুক্ত পদক্ষেপ নিয়ে এর প্রকোপ রোধ করা যায় বলে মনে করেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা