All posts by jitu

পুকুরে পাওয়া গেছে ৩৫টি ইলিশ

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে পাওয়া গেছে ৩৫টি ইলিশ মাছ। পরে মাছ গুলো বাজারে বিক্রি করা হয়।

গতকাল শুক্রবার ১৩ মে বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ‘যুগান্তর কিল্লা’ পুকুরে মাছগুলো পাওয়া যায়। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৩০০-৪০০ গ্রাম করে। সবগুলো মিলে প্রায় ৮-৯ কেজি মাছ হবে।

বিষয়টি নিশ্চিত করেন নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ। তিনি জানান, পুকুরের মালিক আবদুল মান্নান পুকুরে সেচের মেশিন বসিয়েছেন। শনিবার সকালের দিকে সেচের পুরো কাজ শেষ হবে। এর আগে শুক্রবার বিকেলের দিকে জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলা হয় বড় মাছ গুলো ধরার জন্য। ওই জালে ৩৫টি ইলিশ উঠে।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে যুগান্তর কিল্লা পুকরটি পুরোপুরি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছ গুলো পুকুরে প্রবেশ করে।

নগরীর বারপাড়া এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর বারপাড়া এলাকা হতে ১০ কেজি গাঁজা এবং ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি মোঃ ফারুক মিয়াকে(২০) আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৪ মে সকালে নগরীর বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের মীরপুর গ্রামের ধনু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া(২০)।

এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালীতে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জুতা মিছিল : কমিটি বাতিলের দাবি

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জুতা মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের পদ বঞ্চিত একাংশের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ মে) বিকেল ৫টার দিকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে নোয়াখালী সদর উপজেলা, পৌরসভা ছাত্রলীগের আংশিক কমিটি ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ এবং সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

জুতা মিছিল ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি শেষে জেলা আ. লীগ কার্যালয়ের সামনের সড়কে এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করে ছাত্রলীগের পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি রাহাত, হোসেন আল রুহিন, মো.জনিসহ ছাত্রলীগের মাঠ পর্যায়ের কর্মিরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা, বৃহস্পতিবার ১২ মে ঘোষিত নোয়াখালী সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ ও সোনাপুর কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে পুনরায় নতুন কমিটি দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান এর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আগামী ১ বছরের জন্য নোয়াখালী সদর উপজেলা ছাত্রলীগ ও নোয়াখালী পৌরসভা ছাত্রলীগের ছাত্রলীগের আংশিক কমিটি এবং আগামী ৩ মাসের জন্য সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ ও নোয়াখালী কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বর্তমান নোয়াখালী ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

ওই কমিটিতে নোয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয় মোহাম্মদ রিশাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে তোফাজ্জল হোসেন রনি। নোয়াখালী পৌরসভা ছাত্রলীগের সভাপতি করা হয় আরাফাত আহমেদ অন্তর এবং সাধারণ সম্পাদক করা হয় আমিন উল্যাহ ফাহাদকে। আর নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক করা হয় রাহুল দে এবং যুগ্ম আহবায়ক করা হয় আলী আজগরকে। জানা যায় তাৎক্ষণিক আলী আজগর নিজেই ওই কমিটি প্রত্যাখান করে।

অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানের মুঠোফোনে কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তাই তাদের বক্তব্য যায় নি।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে সালাউদ্দিন রায়হান (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বর্তমানে নিহতের মরদেহ আফ্রিকার একটি হিমাগারে রাখা হয়েছে। নিহতের গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোটভাই মোসলেউদ্দিন রোমন। নিহত সালাউদ্দিন রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের মোহাম্মদ সোলায়মানের ছেলে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন রায়হান।

মোসলেউদ্দিন রোমন জানান, জীবিকার সন্ধানে গত ১৪ বছর আগে আফ্রিকায় যান রায়হান। পরে জোহেন্সবার্গের বারাত এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছর আগে ছোটভাই নিজাম উদ্দিন বাবুকে ওইখানে নিয়ে যান তিনি। বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানেসবার্গে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার শেয়ারদার রয়েছেন কয়েকজন। রায়হান ও বাবু মিলে একটি প্রতিষ্ঠান দেখাশুনা করেন। সর্বশেষ গত ছুটিতে আসার পর একমাস আগে দেশ থেকে আফ্রিকায় গিয়েছিলেন রায়হান।

তিনি আরও জানান, স্থানীয় সময় বুধবার রাত ৮টার দিকে শহর থেকে দোকানের জন্য পণ্য ক্রয় করে গাড়িযোগে দোকানের সামনে আসে রায়হান। দোকানের পাশে গাড়িটি পাকিং করে নামার সময় ওতপেতে থাকা একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছুড়ে। মুহূর্তেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দ শুনে দোকানের ওপরে থাকা নিজাম উদ্দিন বাবু ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তারা গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামী ২-৩ দিনের মধ্যে তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।

মুরাদনগরে বেইলী ব্রিজ ভেঙ্গে বালি বোঝাই ট্রাক খাদে, আহত ৬

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে বেইলী ব্রিজ ভেঙ্গে বালি বোঝাই একটি ট্রাক ও সিএনজি চালিত অটো রিকশা খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাক ও সিএনজিতে থাকা ৬ জন আহত হয়েছে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে এই সড়কে যাতায়াত করা মুরাদনগর, বাঙ্গরা ও নবীনগর থানার যাত্রীরা চরম বিপাকে পড়েছে।

শুক্রবার বিকালে উপজেলার আকুবপুর ইউনিয়নের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের কড়–ইবাড়ি খালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, বেইলী ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার বিকালে একটি বালি বোঝাই ট্রাক পার হওয়ার সময় অপর দিক থেকে আসা সিএনজি চালিত অটো রিকশাসহ বেইলী ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ও সিএনজিতে থাকা ৬ জন আহত হয়।

আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল জানান, ট্রাক ও সিএনজিতে থাকা ৬জন ছিল। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কুমিল্লা সড়ক ও জনপথের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আছি। ব্রিজটির মেরামত কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। সড়কে যান চলাচল আপাতত বন্ধ থাকবে। শনিবার থেকে পুরাতন ব্রিজটি অপসারণ করে নতুনভাবে নির্মাণ করা হবে।

 

 

কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার মাঝি আরফানুল হক রিফাত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’র সভায় তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ম

এর আগে বিকেল ৪টা ৩৫ মিনিটে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

এ বৈঠকে অংশ নেন বোর্ডের সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও রাশিদুল আলম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, লেফটেনেন্ট কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। আগামী ১৫ জুন এ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের ছয়টি পৌরসভা ও ১৩৫ ইউনিয়ন পরিষদেও ভোটগ্রহণ হবে।

এদিকে, কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ১৪ জন নেতা-কর্মী আওয়ামী লীগের মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেন।

তারা হলেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা (সংরক্ষিত আসনের সংসদ সদস্য), দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম সিকদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ভিপি নুর-উর রহমান মাহমুদ তানিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু, মহানগর কমিটির সহসভাপতি আলহাজ্ব ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের পুত্র মাসুদ পারভেজ খান ইমরান, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, কাজী ফারুক আহমেদ, মাহবুবুর রহমান, মো. শফিউর রহমান, মো. শাহজাহান ও শ্যামল চন্দ্র ভট্টাচার্য।

আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আর নেই

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আর নেই।

শুক্রবার (১৩ মে) তিনি পরলোকগমন করেছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের বরাতে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

ওয়ামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আমিরাতের জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্ববাসীকে সমবেদনা জানিয়েছে রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়।

শেখ খলিফা বিন জায়েদ ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর তার উত্তরসূরী নির্বাচিত হন শেখ খলিফা।

১৯৪৮ সালে জন্মগ্রহণ নেওয়া এ নেতা সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আবুধাবির ১৬তম শাসক ছিলেন। তিনি প্রয়াত শেখ জায়েদের জ্যেষ্ঠ পুত্র।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দেশটির কেন্দ্রীয় ও স্থানীয় উভয় সরকার পুনর্গঠনে জোরালো ভূমিকা রাখেন শেখ খলিফা। তার শাসনামলে আমিরাত দ্রুত উন্নয়নের পথে এগোতে থাকে এবং দেশটির বাসিন্দাদের শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত হয়।

শেখ খলিফা আমিরাতের তেল-গ্যাস খাতের উন্নয়নসহ দেশটির অর্থনীতি বহুমুখীকরণে সফলভাবে অবদান রেখেছেন। তিনি ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের সদস্য মনোনয়ন পদ্ধতির বিকাশে একটি উদ্যোগ নিয়েছিলেন, যা সংযুক্ত আরব আমিরাতের সরাসরি নির্বাচন অনুষ্ঠানে প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হয়।

আমিরাতে ব্যাপক জনপ্রিয় এ নেতা সরকারি কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত জনগণের কথা শুনতেন।

মুরাদনগরে ডাকাত সদস্য, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৪ জন গ্রেপ্তার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ওয়ারেন্ট ভূক্ত ২ আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জাহাপুর মধ্যপাড়া গ্রামের শফিক ওরফে গাঁজা শফিকের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সোহাগ (২৭), খুরুইল গ্রামের খাঁ বাড়ির মৃত গোলাম কিবরিয়ার স্ত্রী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রহিমা (৪০), বাখরাবাদ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ওয়ারেন্ট ভূক্ত আসামী আবদুল মালেক ও একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ওয়ারেন্ট ভূক্ত আসামী আবদুল হোসেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ডাকাতির প্রস্তুুতি কালের মামলায় জড়িত থাকা সোহাগকে বৃহস্পতিবার রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে গাজীপুর জেলার গাছা থানার খাইরকুল আব্দুর রশিদ জামে মসজিদের পাশের এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রহিমাকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন কারাদন্ড এবং বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস সশ্রম কারাদন্ডের আদেশ রয়েছে।

অপরদিকে ওয়ারেন্ট ভূক্ত আসামী আবদুল মালেক ও আবদুল হোসেনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

সদর দক্ষিণে ব্যবসায়ীর বাসা থেকে ৩ হাজার লিটার তেল উদ্ধার, ৬০ হাজাার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ব্যবসায়ীর বাসা থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতী‌য় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

শুক্রবার (১৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপ‌জেলার বিজয়পুর এলাকার বি‌শেষ তদার‌কি অ‌ভিযান চালিয়ে উদ্ধারকৃত তেল আগের দামে বিক্রি করে দেওয়া হয়।

এছাড়াও তেল লু‌কি‌য়ে রে‌খে কৃ‌ত্রিম সঙ্কট সৃ‌ষ্টি ক‌রে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় মেসার্স কামরুল হাসান শপ‌কে ৫০ হাজার টাকা এবং গা‌য়ের মূল‌্য মু‌ছে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় মেসার্স ভাই বন্ধু স্টোর‌কে ১০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠান‌কে ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সদর দ‌ক্ষিণ উপ‌জেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। কৃ‌ষি বিপণন অধিদপ্ত‌র, ক‌্যাব কু‌মিল্লার প্রতি‌নি‌ধি এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ অ‌ভিযা‌নে উপস্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

সদর দক্ষিণে ইয়াবাসহ কথিত সাংবাদিক র‌্যাবের হাতে আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে ইয়াবা পাচারকালে কথিত সাংবাদিক মফিজুল ইসলামকে (৩৯) আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মে) ভোরে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

এসময় মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর লুকিয়ে ইয়াবা পরিবহনের সময় ১০ হাজার ৫০ পিস অক্ষত এবং ২৫ গ্রাম ভাঙ্গা ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃত মফিজুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ দিনাজপুর হতে কক্সবাজারে গিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর লুকিয়ে ইয়াবা পরিবহন করত। মুলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্যই সে সাংবাদিকতাকে তার পেশার মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করত এবং এই পদ্ধতি অবলম্বন করে সে দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।