Tag Archives: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাঙ্গলকোটের ব্যবসায়ী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর যুবকের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে সোহাগ (৩৫) নামে নোয়াখালীর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো.সোহাগ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের কোব্বাত মিয়ার ছেলে।

শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এ হামলার ঘটনা ঘটে।

জানাযায়,গতকাল শনিবার ইফতার শেষ করে চার সহকর্মীসহ নিজ দোকানে যান সোহাগ। এর কিছুক্ষণ পর ৬-৭ জন সেখানকার স্থানীয় সন্ত্রাসী দোকানে এসে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। হামলার সময় দোকানে থাকা অপর সবাই নিচে শুয়ে পড়লেও সোহাগ পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন। লুটপাট শেষে সন্ত্রাসীরা সবাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে সোহাগ ও তাদের দোকানের প্রহরী গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সোহাগের মৃত্যু হয়। তার মাথাসহ গলার অংশে একাধিক গুলি লেগেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে গত ২০১৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় যান সোহাগ। গত বছর বাড়িতে এসে বিয়ে করে নয় মাস ছিলেন তিনি। গত বছর পঞ্চম রমজানে বাড়ি থেকে আফ্রিকায় যান সোহাগ। এরই মধ্যে তার একটি ছেলেসন্তান হয়। সন্তানকে দেখার জন্য ইদের পর বাড়িতে আসার কথা ছিল সোহাগের।

নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে সালাউদ্দিন রায়হান (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বর্তমানে নিহতের মরদেহ আফ্রিকার একটি হিমাগারে রাখা হয়েছে। নিহতের গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোটভাই মোসলেউদ্দিন রোমন। নিহত সালাউদ্দিন রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের মোহাম্মদ সোলায়মানের ছেলে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন রায়হান।

মোসলেউদ্দিন রোমন জানান, জীবিকার সন্ধানে গত ১৪ বছর আগে আফ্রিকায় যান রায়হান। পরে জোহেন্সবার্গের বারাত এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছর আগে ছোটভাই নিজাম উদ্দিন বাবুকে ওইখানে নিয়ে যান তিনি। বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানেসবার্গে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার শেয়ারদার রয়েছেন কয়েকজন। রায়হান ও বাবু মিলে একটি প্রতিষ্ঠান দেখাশুনা করেন। সর্বশেষ গত ছুটিতে আসার পর একমাস আগে দেশ থেকে আফ্রিকায় গিয়েছিলেন রায়হান।

তিনি আরও জানান, স্থানীয় সময় বুধবার রাত ৮টার দিকে শহর থেকে দোকানের জন্য পণ্য ক্রয় করে গাড়িযোগে দোকানের সামনে আসে রায়হান। দোকানের পাশে গাড়িটি পাকিং করে নামার সময় ওতপেতে থাকা একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছুড়ে। মুহূর্তেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দ শুনে দোকানের ওপরে থাকা নিজাম উদ্দিন বাবু ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তারা গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামী ২-৩ দিনের মধ্যে তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মীর হোসেন মীরাজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

৭ই ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টায় দক্ষিণ আফ্রিকার ঘাটেং প্রদেশের বেনানী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত মিরাজের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামে। নিহতের পিতার নাম সফিকুর রহমান।

নিহত মিরাজ ২ কন্যার জনক। বিগত ১২ বছর পূর্বে জীবিকার তাগিতে সূদুর আফ্রিকায় পাড়ি জমায় সে।

নিহতের মামা শশুর শামিম আহমেদ জানান, মিরাজ আরও কয়েকজন বাংলাদেশীর সাথে যৌথ অংশীদারে ব্যবসা করত। ৭ই ফেব্রুয়ারি রাতে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা মিরাজের রুমে ঢুকে আরেক রুমমেটসহ মিরাজকে বাথরুমের ভিতর আটকে রাখে। এসময় মিরাজকে গুলি করে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

 

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হামলায় তানভীর আহমেদ মুকুল নাম এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বল্লভপুর গ্রামে। পরিবারের উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকের মাতম চলছে তানভীরের বাড়িতে। পরিবারের দাবি, সরকারিভাবে যেন দেশে ফিরিয়ে আনা হয় তানভীরকে।

এলাকাবাসী ও স্বজনেরা জানান, পরিবারের স্চ্ছলতা ফিরিয়ে আনতে তানভীর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে ব্যবসা করতেন তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে তানভীরের ভগ্নিপতির মাধ্যমে তার হত্যার খবর পান পরিবারের সদস্যরা। এরপর থেকেই বাড়িতে চলছে শোকের মাতম।

তানভীরের স্ত্রী উম্মে ফারজানা আক্তার তার স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

বড় ভাই ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ঘটনা শোনার পর থেকে পরিবারে নাওয়া-খাওয়া বন্ধ। ৯ ভাই-বোনের মধ্যে তানভীর ছিল সবার ছোট। আর ছোট হওয়ার কারণে সে ছিল সবার আদরের। এভাবে তার ভাইকে জীবন দিতে হবে কখনও ভাবেননি। তিনিও ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার মেঘনার যুবক নিহত

 

এম এইচ বিপ্লব সিকদার:

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার মেঘনা উপজেলার উজ্জ্বল মিয়া (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকায় এ খুনের ঘটনা ঘটে ।

নিহত উজ্জ্বল মিয়া কুমিল্লার মেঘনা উপজেলার হাসনাবাদ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

নিহতের পিতা শাহজাহান মিয়া তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।

জানা যায়, ৭ মাস পূর্বে নিহতের  খালাতো ভাই  একই উপজেলার শিবনগর গ্রামের জামানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা যায় এবং সেখানে জামানের ব্যবসা প্রতিষ্ঠানেই কাজ করতেন উজ্জ্বল। বৃহস্পতিবার বিকেলে আফ্রিকান কালো বর্ণের এক দল সন্ত্রাসী দোকানে এসে এলোপাথাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাঙ্গলকোটের ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের ব্যবসায়ী দিদারুল ইসলাম পিটন (২৬)। গত শনিবার বাংলাদেশ সময় দুপুর পৌনে তিনটায় ঘটনাটি ঘটে। তিনি নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের দক্ষিণ বায়েরা গ্রামের মুন্সী ফজলুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দিদারুল ইসলাম দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ এলাকায় গত চার বছর ধরে তার ভাগিনাকে নিয়ে মুদি দোকানের ব্যবসা করে আসছিলেন। গত শনিবার বাংলাদেশ সময় দুপুর পৌনে ৩টায় ওই দেশের একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা এবং মালামাল লুট করতে থাকে। এসময় দিদারুল ইসলাম সন্ত্রাসীদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা দিদারুল ইসলামকে প্রথমে চুরিকাঘাত করে। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই দিদারুল ইসলাম নিহত হয়। গত ৪মাসে তিনবার সন্ত্রাসীরা তারা ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

তার বড় ভাই মোশারফ হোসেন বলেন, দিদারুল ইসলাম সন্ত্রাসীদের ভয়ে আগামী ডিসেম্বর মাসে ব্যবসা গুটিয়ে পুঁজি নিয়ে দেশে ফেরত আসার কথা ছিল। দেশে এসে বিয়ে করাসহ ঢাকায় তার অন্য ভাইদের সাথে ব্যবসা করার কথা ছিল। কিন্তু এর মধ্যেই ওই দেশের সন্ত্রাসীদের হাতে তার নির্মম মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে পরিবারসহ আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশীরা তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করছেন।