Tag Archives: প্রবাসী

দাউদকান্দিতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ

দাউদকান্দি  প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসী ও তার পরিবারের সদস্যদের হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের কানড়া গ্রামের প্রবাসী ইসমাইল হোসেন লিটনের স্ত্রী শারমিন আক্তার গণমাধ্যমকর্মীদের ডেকে এ অভিযোগ করেন।
শারমিন আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। প্রায় তিন থেকে চার বছর আগে প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে একই গ্রামের নুর মোহাম্মদ খানের ওয়ারিশদের কাছ থেকে ৪২ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই একই গ্রামের আনু মিয়া তাদের কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে জমি দখল করতে দেবেন না বলে হুমকি দেন এবং একপর্যায়ে ৫০ হাজার টাকা নিয়ে নেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, পরে জমির অংশীদারদের সঙ্গে সামাজিকভাবে সমঝোতার মাধ্যমে গ্রামবাসীর উপস্থিতিতে তাদের জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। এরপরও আনু মিয়া জোরপূর্বক তাদের জমি থেকে মাটি কেটে নিয়ে যান। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে তিনি বিষয়টি তার স্বামীকে জানান। শারমিন আক্তার বলেন, রমজানের দশম দিনে তার স্বামী দেশে ফিরে আসেন। দেশে এসে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন এবং থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ করার বিষয়টি জানার পর আনু মিয়া তার স্বামীকে জেল খাটানোর হুমকি দেন। কয়েকদিন পর মারামারির একটি মিথ্যা মামলা দিয়ে তার স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি।

বর্তমানে ছেলে-মেয়েদের নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ সময় শারমিন আক্তারের শাশুড়ি রুশিয়া বেগম ও মেয়ে সামিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে ইসমাইল হোসেন লিটনের মুক্তি দাবি করেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত আনু মিয়ার বিচার দাবি জানান।

এদিকে অভিযুক্ত আনু মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই লিটন মিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের টাকা দিয়ে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করেন এবং তার ভাইয়ের পক্ষে সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

সাংবাদিকরা সরেজমিনে গিয়ে জানতে পারেন, অভিযোগে উল্লেখ করা হয়েছে যে আনু মিয়ার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তার বাড়িতে গিয়ে দেখা যায়, তার ছেলেরা সুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। এ বিষয়ে আনু মিয়ার স্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি প্রথমে বলেন তার ছেলে বাসায় ঘুমাচ্ছেন। পরে একটি ফোনকল পাওয়ার পর তিনি আবার দাবি করেন যে তার ছেলে বাড়িতে নেই।

স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কাতারে কর্মস্থলে

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ২ প্রবাসী নিহত

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ২ প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টারঃ

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ২ জন প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় কাতারের সানাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের আরজান আলীর ছেলে ফারুক আহমদ ও একই ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামের মাসুক আহমদের ছেলে মোহাম্মদ আলী। এ ঘটনায় জুনেদ আহমেদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি আমরপুর গ্রামে।

ঝিঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাতারে একটি মেসে ফারুক আহমদ, মোহাম্মদ আলী ও জুনেদ আহমদ একসাথে থাকতেন। সকালে কাজে যাওয়ার সময় সানাইয়া নামক স্থানে একটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তাদের বহনকারী গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক আহমদ ও মোহাম্মদ মারা যান। গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জুনেদ আহমেদ।

ফেনীর বন্যার্তদের পাশে

ফেনীর বন্যার্তদের পাশে কেরানীগঞ্জের স্কুল ছাত্রীরা

ফেনীর বন্যার্তদের পাশে কেরানীগঞ্জের স্কুল ছাত্রীরা

স্টাফ রিপোর্টার:

ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়ালেন কেরানীগঞ্জ উপজেলার নতুন বাক্তার চর স্কুল এন্ড কলেজের ছাত্রীদের একটি টিম। নিজ উদ্যোগে নিজ এলাকার মানুষ ও প্রবাসীদের কাছ থেকে সহায়তা নিয়ে ফেনীর বন্যার্তদের কাছে ছুটে যান তারা।

সারাদেশের মতো স্কুল কলেজে অধ্যায়নরত ছাত্রীরা নিজ এলাকায় নয়, সুদূর ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ভাঙ্গা রাস্তা, বন্যার পানি পেরিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ত্রান সহায়তা নিয়ে। এ সহায়তার অর্থ যোগান ও ত্রান কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকী করেন এলাকার ছাত্রী ও নারীদের নিয়ে গঠিত আলোকিত নারী সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি শামীমা নাছরিন ইভা।

সংশ্লিষ্ট বন্যার্ত এলাকায় মেয়েদের ত্রান কাজে সার্বিক সহায়তা করেন স্থানীয় স্কুল শিক্ষক, নারী ও তরুণ উদ্যোক্তাগণ। এতদূর থেকে বন্যার্তদের টানে ছুটে যাওয়া এ অল্প বয়সী ছাত্রছাত্রীদের মানবিক কাজে খুশী হন বানবাসী মানুষ। এ উদ্যোগের প্রশংসা করেন কেরানীগঞ্জের সংশ্লিষ্ট এলাকার অধিবাসীগণ।

বন্যার্তদের সহায়তার উদ্যোগে বিনা অর্থে ত্রান বহনকারী ট্রাক ও ছাত্রীদের জন্য মাইক্রো বাস বিনামুল্যে প্রদানে এগিয়ে আসেন স্থানীয় মানবহিতৈষী দুই ব্যক্তি।

রাত অবধি বহু মানুষকে ত্রান সহায়তা প্রদান করে পূনরায় কেরানীগঞ্জ নিজ এলাকায় ফেরত আসে এ দলটি। তরুণ প্রজন্ম ও এলাকাবাসীর মধ্যে এ প্রচেষ্টা নি:সন্দেহে কল্যানকর কাজের প্রেরনা জোগাবে।

মুরাদনগরে কুপিয়ে আহতের ২০দিন পর প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে বাসায় ডুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে
আহত করার ২০দিন পর দুবাই প্রবাসীর স্ত্রী সুমি বেগম মারা গেছে। মঙ্গলবার
ভোরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি
মৃত্যুবরন করেন। নিহত সুমি বেগম(৪১) দুবাই প্রবাসী ইউনুছ মিয়ার স্ত্রী।

একাধিক সুত্রে অর্থের বিনিময়ে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটেছে
বলে নিশ্চিত করলেও হামলার তিন সপ্তাহে পেছনের মূলহোতা এবং এরসাথে জড়িত
আর কাউকে গ্রেফতার বা হামলার রহস্য উদঘাটন করেত পারেনি পুলিশ। এই নিয়ে
জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা যায়, গত (০৮ই নভেম্বর) বুধবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের
রহিমপুর গ্রামের জিয়ার বাঁধ এলাকায় সুমি বেগম নামের এক দুবাই প্রবাসীর
স্ত্রীকে বাসায় ডুকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে
সন্ত্রাসীরা।

এসময় তার শোর-চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে শরীরের
বিভিন্নস্থানে কোপানো ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে
প্রেরণ করেন। সুমি বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
ছিলেন। এঘটনায় হামলাকারীদের একজন রহিমপুর গ্রামের মৃত আলী আজগর
ভান্ডারীর ছেলে জাবেদ (৩১)কে আটক ও হামলায় ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধারসহ
তাকে কারাগারে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ। ভিকটিম সুমি বেগম বাদী
হয়ে থানায় মামলা দায়ের করে ছিলেন।

এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সুমি
বেগমের মৃত্যুর খবর পেয়ে সুরতহাল করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এখন এটি হত্যা মামলা হবে। দ্রুত
রহস্য উদঘাটন করা হবে এবং ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাষ বলেন, টাকার বিনিময়ে
হামলার ঘটনা ঘটে থাকলে তদন্তের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় আনা
হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফিরোজ আলম (৪৭) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আলী আজম মেম্বারের বাড়ির আব্দুল কাদেরের ছেলে এবং তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আলী আজম মেম্বারের বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিরোজ আলম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তিনি তিন সন্তানের জনক ছিলেন। দুই মাস আগে দেশে ফিরেন। পারিবারিক কলহের জ্বের ধরে স্ত্রীর ওপর অভিমান করে শনিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের পরিবার দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেন।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

কুমিল্লায় সৌদি মালিককে নিয়ে হেলিকপ্টারে গ্রামে এলেন প্রবাসী

কুমিল্লায় সৌদি মালিককে নিয়ে হেলিকপ্টারে গ্রামে এলেন প্রবাসী

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের মালিককে (কফিল) সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে কুমিল্লায় নিজ গ্রামের বাড়িতে এসেছেন আবুল কাশেম খান নামে এক প্রবাসী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে এসে নামেন সৌদি নাগরিক আব্দুল বাতেন এবং প্রবাসী আবুল কাশেম খান।

প্রবাসী আবুল কাশেম খান শৈলখালী গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়রা জানান, আবুল কাশেম দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরের বাসিন্দা আব্দুল বাতেনের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরির সুবাদে মালিক আব্দুল বাতেনের সঙ্গে সুসম্পর্ক হয় আবুল কাশেম খানের। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। সকালে হেলিকপ্টার ভাড়া করে ঢাকা থেকে কুমিল্লায় আসেন।

এদিকে প্রবাসী আবুল কাশেম খানের সাথে তার সৌদি মালিক (কফিল) গ্রামে আসার খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সৌদি নাগরিককে একনজর দেখতে সকাল থেকেই উৎসুক জনতা ভিড় করেন মুগগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে। সৌদি থেকে আসা নাগরিককে বরণ করে নিতে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। বেলা ১১টার দিকে হেলিকপ্টার মুগগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে নামার সাথে সাথে হৈ হুল্লোড় পড়ে যায়। এ সময় স্থানীয়রা ফুলের মালা দিয়ে বরণ করেন সৌদি প্রবাসী আবুল কাশেম খান এবং তার মালিক (কফিল) আব্দুল বাতেনকে। পরে সেখান থেকে পাশের গ্রাম শৈলখালীর নিজ বাড়িতে সৌদি মালিককে নিয়ে যান আবুল কাশেম খান।

এ সময় ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ, ইউপি সদস্য সালামত উল্ল্যাহ, ভাউকসার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, ব্যবসায়ী মাসুদ রানা, প্রবাসী জামাল হোসেন, আজাদ রহমান, ছাত্রনেতা আবু আসলাম নিশাতসহ শৈলখালী, মুগগাঁও ও চৌত্তাপুকুরিয়া গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।

প্রবাসী আবুল কাশেম খান জানান, আমার কফিল (মালিক) একজন ভ্রমণপিপাসু মানুষ। তিনি বাংলাদেশকে খুব পছন্দ করেন। কাজ করার সময় প্রায়ই বলতেন আমি তোর দেশে যাব। তাই তাকে আনার সিদ্ধান্ত নিই। প্লেনে বসে চিন্তা করি তাকে নিয়ে হেলিকপ্টারে করে গ্রামে যাব। সেজন্য ঢাকা থেকে হেলিকপ্টারে করে চলে আসি। তিনি মাসখানেক থাকবেন এখানে। পরে একসঙ্গে আবার সৌদিতে চলে যাব।

সৌদি নাগরিক আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ আমার খুব ভালো লাগার একটি দেশ। আমি এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছি। তবে এখানে এই প্রথমবার এলাম। বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ। তাছাড়া এখানকার গ্রামীণ পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। তাই আবুল কাশেমের সাথে তার গ্রামে এসেছি। এখানকার মানুষ খুব সহজ- সরল।

নোয়াখালিতে চাকরীজীবি, প্রবাসী, বিবাহিতদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ: বিলুপ্তির দাবি

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন উপজেলা ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মিরা। তাদের অভিযোগ, বিবাহিত, প্রবাসী, চাকরীজীবি, অযোগ্য ও নিস্ক্রিয়দের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

১২ আগস্ট  কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে একই কমিটির ৬জন যুগ্ম-আহ্বায়ক জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১৪ জানুয়ারি কবিরহাট উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির ২১ সদস্যের মধ্যে সদস্য সচিবসহ ১৭জন অনাস্থা জানায়। আহ্বায়ক কমিটির বয়স ১ বছর ৭ মাস অতিবাহিত হওয়ার পরেও আহ্বায়ক কমিটির নেতৃত্বে আহ্বায়ক কমিটির পরিচিত সভা ও অধীনস্থ কোনো ইউনিয়নে সাংগঠনিক সভা ও মতবিনিময় সভা করার কোন সামর্থ্য রাখে নাই।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ জানুয়ারি মহসিন রিয়াজকে আহ্বায়ক ও মো.ইয়াছিন ফরহাদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল জেলা ছাত্রদল। নতুন কমিটিতে ত্যাগী নেতা-কর্মিরা পদবঞ্চিত হয়েছেন—এ অভিযোগ তুলে অনাস্থা দেন একই কমিটির ১৭ জন নেতা। এ কমিটিতে স্থান পেয়েছে প্রবাসী ৪জন, বিবাহিত ৩জন, চাকরিজীবি ৪জন, অপরিচিত ১জন, ডাবল নাম রাখা হয়েছে ২জনের।

লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, কবিরহাট উপজেলা ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটিকে অযোগ্য ঘোষণা করে বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হোক।

কবিরহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াছিন ফরহাদ বলেন,যাকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে সে মূলত উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক ছিল। সে একজন চাকরিজীবি তাকে ওখান থেকে এনে ছাত্রদলের এ কমিটিতে সংযুক্ত করা হয়েছে। তখন আমরা এক ধরনের অনাস্থা ও সাংগঠনিক কাঠামোতে থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছি। অনেকে গণহারে পদত্যাগ করেছে। আমি চেয়েছি আমাদের ঊর্ধ্বতন নেতাদের কাছে জিনিস গুলো যেন নিরসন করে দেয়।

অপর এক প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে নতুন করে একটি কমিটি দেওয়া হবে। এ কমিটির অনেকে বিদেশে অবস্থান করতেছে,অনেকে চাকরি করতেছে। অনেকে ৩-৪ বছর ছাত্রদলের কার্যক্রমের সাথে নেই। ওদেরকে এনে এখানে কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্য করেছে। এ কমিটি একেবারে উপজেলা কমিটির পর্যায়ের মানের হয়নি। যারা আমাদের সাথে মাঠের রাজনীতি করে ওদের অনেকের নামটা এ কমিটিতে নেই। এ কমিটিতে মো.বাশার রানা স্বপন নামে অজ্ঞাত একজনকে ও রাখা হয়েছে। যে নামে এ উপজেলায় কোনো ছাত্রদল নেতা নেই।

ফরহাদ আরও বলেন, আমি চেয়েছি বাকী যুগ্ম আহ্বায়কদেরকে নিয়ে বসে ইউনিয়ন কমিটি গুলো করার জন্য। কিন্ত আমার আহ্বায়ক ঊনি চায় ইউনিয়ন কমিটি গুলোতে ঊনি একজন নিবে আমি একজন নিব। এভাবে কমিটি করার পক্ষে আমি ছিলাম না। যদিও আমার কাঁধেও দায় আসতেছে। আমরা ইউনিয়ন কমিটি গুলো করিনি। ইউনিয়ন কমিটি করতে পারিনি। আহ্বায়কের এক ঘেয়ামি,স্বেচ্ছাচারিতার কারণে। ও চাই ভাগাভাগি। দুইজনের সাইনিং ক্ষমতা দুইজনেই কমিটি নেব। আমাদের এ বিষয় গুলো আমাদের উপজেলা বিএনপিও অবগত। এ অচলাবস্থা নিরসনের জন্য আমরা জেলা ছাত্রদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ পর্যন্ত যোগাযোগ করেছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন রিয়াজ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমাদের এ কমিটি দেওয়ার পর থেকে সাংগঠনিক কেন্দ্রীয় কর্মসূচি থেকে শুরু করে যত কর্মসূচি আছে আমি আমার সদস্য সচিবসহ এবং যুগ্ম আহ্বায়কদের নিয়ে কাজ করেছি। যারা অভিযোগ গুলো দিয়েছে তারা ওই সময় পদত্যাগ করেছে। পদত্যাগ করে তারা ফেসবুকে ছেড়েছে। এখন পর্যন্ত তারা পদত্যাগ পত্র প্রত্যাহার করে নাই। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম জেলা ছাত্রদলের নির্দেশে উপজেলা বিএনপির সাথে সমন্বয় করে রীতিমত চালাচ্ছি। ইতিমধ্যে আমরা ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি করার জন্য প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি।

লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটেনি। বর্তমান কমিটি যদি কোন কাজ করতে না পারে, তাহলে আমাদের সাংগঠনিক মনিটরিং টিম আছে, সাংগঠনিক সিস্টেম আছে, আমরা সেটার জন্য অবশ্যই ব্যবস্থা নেব।

কাতারে ৪ কোটি টাকা নিয়ে উধাও নোয়াখালীর তৌহিদুল

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

কাতারে তিন প্রবাসী বাংলাদেশির ব্যবসায়ীক ৪ কোটি টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে এসেছেন বাংলাদেশি প্রবাসী তৌহিদুল ইসলাম। তার দেশে পালিয়ে আসায় বিপদে পড়েছেন তিন বাংলাদেশি।

টাকা আত্মসাৎ করে পালিয়ে আসা তৌহিদুল ইসলামের গ্রামের বাড়ী নোয়াখালী সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ মানিকপুর বলে জানা গেছে।

স্থানীয় সময় বুধবার (০২ আগষ্ট) রাতে কাতারের রাজধানী দোহার আল মানচুরা লুলু এক্সপ্রেস বিল্ডিংয়ের তৃতীয় তলায় ৩০৯ নাম্বার অফিসে টাকা আত্মসাৎকারী তৌহিদুল ইসলামের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তিন প্রবাসী বাংলাদেশি ইউনুছ হোসেন রাজিব, আবু তাইয়্যেব, আবদুল কুদ্দুস।

অর্থ আত্মসাৎ করে কাতার থেকে দেশে পালিয়ে আসায় তৌহিদুল ইসলামের কাছ থেকে টাকা উদ্ধারে কাতারের বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও নোয়াখালী পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী তিন প্রবাসী বাংলাদেশি।

সংবাদ সম্মেলনে প্রথম ভুক্তভোগী ইউনুছ হোসেন রাজিব বলেন, প্রতারক তৌহিদুল ইসলাম আমার একি উপজেলা নোয়াখালী সেনবাগ বাড়ী হওয়ায় একান্ত বিশ্বাস করে ২০১৮ সাল থেকে কাতারে আমাদের কোম্পানির রিয়েল এস্টেট ব্যবসার দেখভালের দায়িত্ব দিয়েছি। কোম্পানির অর্থিক লেনদেন ও আমার কোম্পানির রিয়েল এস্টেট ব্যবসার বিভিন্ন বিল্ডিংয়ের ভাড়া সংগ্রহ দায়িত্ব দিয়েছি। ২০২২ সালে কোম্পানির তিন বছরের হিসাব চাইলে তৌহিদুল ইসলাম হিসাব দিতে বিভিন্ন কারণ দেখিয়ে হিসাব দিতে অপারগতা জানান। এমতাবস্থায় গত ১ জুলাই ২০২২ সালে শালিসি বৈঠকের মাধ্যমে উপস্থিত স্বাক্ষীগনের সম্মুখে সর্বমোট ৪.৮৫.৭৩৭ কাতারি রিয়াল আমি পাওনা হই।স্বাক্ষীগনের সম্মুখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একশত টাকা মূল্যের ষ্ট্যাম্পে তিন মাস পরে টাকা দিবে বলে প্রতারক তৌহিদুল ইসলাম অঙ্গীকার করে। গত এক বছর পাওনা রিয়াল না দিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার স্ত্রী ইসরাত জাহান এবং বোন হাসনা, শিউলি ও মা এর দেশের স্থানীয় ব্যাংক একাউন্টে সমস্থ রিয়াল পাঠিয়ে দিয়ে গত মাসের ২৩ জুলাই কাতার থেকে দেশে পালিয়ে যায় প্রতারক তৌহিদুল ইসলাম।

ভুক্তভোগী ইউনুছ হোসেন রাজিব আরও জানান, প্রতারক তৌহিদুল ইসলাম দেশে গিয়ে আমার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও আমি দেশে গেলে আমকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় আমার পরিবারের নিরাপত্তা চেয়ে আমার পিতা হুমায়ুন কবির বাদি হয়ে গত মাসের ২৭ জুলাই নোয়াখালী জেলার সেনবাগ থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়রি করেন।

ভুক্তভোগী আরও জানান, কাতারি নাগরিকের কাছ থেকে মাসিক ভাড়া হিসেবে নেয়া বিল্ডিংয়ের ভাড়া কিছুদিনের মধ্যে পরিশোধ করতে না পারলে কাতারি নাগরিকের দেয়া মামলায় তাকে জেলে যেতে হবে।

এমতাবস্থায় তৌহিদুল ইসলামের কাছ থেকে টাকা উদ্ধারে দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রতারক তৌহিদুল ইসলামের প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত আরও দুই প্রবাসী। ভুক্তভোগী আবু তাইয়্যেব এর পাওনা কাতারি সাড়ে ৭ লাখ রিয়াল ও আরেক ভুক্তভোগী আবদুল কুদ্দুস এর পাওনা কাতারি ৫০ হাজার রিয়াল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ চৌধুরী, নিয়াজ কবির চৌধুরী, রেজাউল করিম মজুমদার।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, আর টিভি কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, এখন টিভি কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, মোহনা টিভি কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, চ্যানেল ২৪ কাতার প্রতিনিধি কাজী মোহাম্মদ শামীম, এস এ টিভি কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজীব।

এ বিষয় বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ নাছির বলেন, ‘কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলামকে মাধ্যম করে নোয়াখালী পুলিশ সুপার বরাবর বিচার চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগীরা। আমরা কাতারের বাংলাদেশ দূতাবাস থেকে নোয়াখালী পুলিশ সুপারকে আসামি তৌহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

সৌদিতে ওমরাহ শেষে ফেরার পথে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

ওমরাহ পালন শেষে কর্মস্থল ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবাসী মো. লিটন মিয়া (৩০)।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর নিহত লিটন মিয়ার বাড়িতে বইছে শোকের মাতম।

নিহত মো. লিটন মিয়া উপজেলার গজরা ইউনিয়নের রাজুরকান্দি গ্রামের চাঁন মিয়া সরকারের একমাত্র পুত্র। জীবিকার সন্ধানে ৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান লিটন মিয়া। লিটন মিয়া সৌদি আরবে দাম্মাম আল যুবায়েল শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন।

নিহত লিটন মিয়ার বাবা চাঁন মিয়া সরকার জানান, জায়গা জমি বিক্রি করে ৬ বছর আগে সৌদি আরবে পাঠাই আমার সন্তানকে। এ বছর ঈদের পর বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনা নিহত হয়। গত শনিবার তার এক বন্ধু ফোন করে এ খবর জানিয়েছেন। এ শোক আমি সইবো কিভাবে। আমার পরিবারের একমাত্র উপার্জনকারী লিটন।

নিহত লিটন মিয়ার মা নিলুফা বেগম কান্নাজড়িত কন্ঠে জানান, গত শনিবার ইফতারের আগমুহূর্তে লিটনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তবে সে কথা আমার বিশ্বাস হয়নি। কিছুদিন আগেও ভিডিও কলে সে বলেছিল ঈদে সবার জন্য কেনাকাটা করতে টাকা পাঠাবে। কিন্তু তার আগেই আল্লাহ তাকে না ফেরার দেশে নিয়ে গেল। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

লিটন মিয়ার ছোট ভগিনীপতি আল-আমীন জানান, নিহত লিটন মিয়ার মরদেহ একটি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর যুবকের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে সোহাগ (৩৫) নামে নোয়াখালীর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো.সোহাগ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের কোব্বাত মিয়ার ছেলে।

শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এ হামলার ঘটনা ঘটে।

জানাযায়,গতকাল শনিবার ইফতার শেষ করে চার সহকর্মীসহ নিজ দোকানে যান সোহাগ। এর কিছুক্ষণ পর ৬-৭ জন সেখানকার স্থানীয় সন্ত্রাসী দোকানে এসে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। হামলার সময় দোকানে থাকা অপর সবাই নিচে শুয়ে পড়লেও সোহাগ পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন। লুটপাট শেষে সন্ত্রাসীরা সবাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে সোহাগ ও তাদের দোকানের প্রহরী গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সোহাগের মৃত্যু হয়। তার মাথাসহ গলার অংশে একাধিক গুলি লেগেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে গত ২০১৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় যান সোহাগ। গত বছর বাড়িতে এসে বিয়ে করে নয় মাস ছিলেন তিনি। গত বছর পঞ্চম রমজানে বাড়ি থেকে আফ্রিকায় যান সোহাগ। এরই মধ্যে তার একটি ছেলেসন্তান হয়। সন্তানকে দেখার জন্য ইদের পর বাড়িতে আসার কথা ছিল সোহাগের।

নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।