All posts by jitu

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে একইসাথে দুই ভাইয়ের মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মুকন্দসার পাটওয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা পাটওয়ারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে সাইমন (৬) ও তামিম (৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাদী।

নিহতদের চাচা জানায়, বুধবার সকালে সাইমন ও তামিমের মা তাদেরকে গোসল করানোর উদ্দেশ্যে ঘরের পাশেই পুকুর পাড়ে নিয়ে যান৷ এ ফাঁকে তিনি অন্য কাজে মনস্ক হয়ে পড়লে সবার অগোচরে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে ডুবে যায় দুই ভাই। কিছুক্ষণ পর তাদের কাছে এসে দেখে তারা সেখানে নেই। পুরো বাড়ি খুঁজে কোথাও না পেয়ে আবারো পুকুর পাড়ে এসে দেখেন তারা পুকুরের পানিতে ভেসে আছেন। পরে প্রতিবেশীরা পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজলার নারায়নপুর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও হাজীগঞ্জ থানার পুলিশ সদস্যরা ছুটে আসেন। পরে তাদেরকে একইদিন বিকেলে গোসল শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন

 

ডেস্ক রিপোর্টঃ

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।

ধর্ম প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বুধবার এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন।

মহামারি করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো গত দুইবার বাংলাদেশ থেকে কেউ হজ করতে পারেননি।

এ বছর ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লিকে হজের অনুমতি দিচ্ছে সৌদি আরব।তবে এ বছর ৬৫ বছরের কম বয়সী এবং করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এমন লোকজনই কেবল হজের সুযোগ পাবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় গত শনিবার এ ঘোষণা দিয়েছে। খবর আনাদোলুর।

একইসঙ্গে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার টিকার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। করোনার দুই ডোজ নেওয়ার পরও বিমানে উঠার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট করতে হবে। করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

২০১৯ সালে সারা বিশ্ব থেকে ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। করোনার কারণে ২০২০-২১ সালে সীমিত আকারে শুধুমাত্র সৌদিতে অবস্থানরত সীমিত সংখ্যক মানুষ হজ পালনের অনুমতি পান। আর গেল বছর ৬০ হাজার মানুষ পবিত্র পালন করার সুযোগ পান।

দেবিদ্বারে একই সঙ্গে বাড়ির পাশের পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে একই সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত কামরুজ্জামান মিয়ার মেয়ে তানহা আক্তার (৯) ও একই বাড়ির মাইন উদ্দিন মিয়ার মেয়ে মাহিয়া আক্তার (৭)। তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে তানহা ও মাহিয়া এক সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের না দেখে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন স্বজনরা। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে দুজন পুকুরে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুরাদনগরে প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শাহিন আক্তার মায়ার বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকেলে ভুক্তভোগী ১২ জন প্রশিক্ষণার্থী উপজেলা নির্বাহী কমকর্তা অভিষেক দাশের কাছে ওই লিখিত অভিযোগ দেয়। ইউএনও অভিযোগের সত্যতা স্বীকার করলেও এই প্রতিবেদন লিখা পর্যন্ত তিনি কোন তদন্ত কমিটি গঠন করেনি।

১২ জন প্রশিক্ষাণার্থীর দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় মহিলা সংস্থার আওতাধীন ২০২১-২২ অর্থ বছরে ‘তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’র অধীনে বিজনেস ম্যানেজমেন্ট, ই-কমার্স, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্টে প্রশিক্ষন দেয়া হয় ২শ ৮৯ জনকে। যা গত ১৪ই মার্চ ২০২২ ইং তারিখ সম্পূর্ণ হয়। তাদের মধ্যে ৪০ দিনের প্রশিক্ষণার্থীদের ভাতা ধার্য ছিলো ৬ হাজার এবং ৮০ দিনের প্রশিক্ষণার্থীদের জন্য ১২ হাজার টাকা। কিন্তু প্রশিক্ষন শেষে টাকার চেক আনতে গেলেই মহিলা সংস্থার চেয়ারম্যান শাহীন আক্তার মায়াকে দিতে হয় দুই হাজার থেকে চার হাজার টাকা। তাছাড়াও প্রশিক্ষন চলাকালিন সময়ে বিভিন্ন অযুহাতে একশ থেকে তিন’শ টাকা নিতেন অফিস খরচ দেখিয়ে।

অভিযোগে আরো উল্লেখ রয়েছে যে, তার চাহিদা মতো টাকা না দেয়া প্রায় ১শ ৮০ জনের ভাতার চেক সে এখনো হস্তান্তর করছে না। এই বিষয়ে কয়েকজন প্রশিক্ষনার্থী তার সাথে কথা বলতে গেলে বিভিন্ন হুমকি দিয়ে তাদের কে অফিস থেকে তাড়িয়ে দেন শাহিন আক্তার মায়া।

এই বিষয়ে প্রশিক্ষণার্থী রোকসানা খাতুন, তানজিনা আক্তার, খাদিজা আক্তার ও মঞ্জু বেগম, বলেন, ‘আমরা একসাথে ৪০ দিনের প্রশিক্ষণ নিয়েছি ৮৯ জন ও ৮০ দিনের প্রশিক্ষণ নিয়েছি ২শ জন। যারা ৪০ দিনের প্রশিক্ষণ নিয়েছি তাদের কাছ থেকে আমাদের চেয়ারম্যান মায়া মেডাম অগ্রিম ২ হাজার করে টাকা নিয়ে পরে ৬ হাজার টাকার চেক দিছে। আর যারা ৮০ দিনের প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে বলা হইছে প্রত্যেকে ৪ হাজার টাকা করে চেয়ারম্যান মেডামের কাছে অগ্রিম জমা দিতে। তবেই তিনি সকলকে ১২ হাজার টাকা করে চেক প্রদান করবেন। আমরা অনেকেই টাকা দিতে রাজি না হওয়ায় চেয়ারম্যান নানাভাবে হুমকি ধমকি দিয়ে বলছে যারা টাকা দিবিনা তাগরে ইয়াবা দিয়া ধরাইয়া দিমু তখন বুজবি মজা।’

অভিযুক্ত মুরাদনগর উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শাহীন আক্তার মায়া মুঠোফোনে বলেন, ‘আমি কারো কাছ থেকে টাকা নেইনি। কেউ নিয়ে থাকলে আমার তা জানা নেই। ২০১০ সাল থেকে আমি এই চেয়ারে আছি এখন পর্যন্ত আমার বিরুদ্ধে এই ধরণের অভিযোগ আনার সাহস করো হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, প্রশিক্ষাণার্থীদের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব মুঠোফোনে বলেন, প্রশিক্ষণার্থীর কাছ থেকে টাকা নেয়ার কোন সুযোগ নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

১৪ এপ্রিল ইউনিটি অফ কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের ইফতার পার্টি

স্টাফ রিপোর্টার:
১৪ এপ্রিল ইউনিটি অফ কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচ মহানগর বন্ধুদের উদ্যোগে  ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে  এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।
এ ব্যাচের ওমর ফারুক, কাজী সাইফুল, ফরহাদ উদ্দিন , আব্দুল্লাহ আল মামুন ও শেখ মেহেদী হাসানজানান,
বন্ধুরা ইনশাআল্লাহ আমাদের সকল প্রস্তুতি শেষ। বৃহস্পতিবার বিকেল ৫ টায় সকল বন্ধুদের সাথে দেখা হবে। ইফতার হবে,  পাশাপাশি মিলনমেলাও হবে। দেখা হবে। যাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন  হয়েছে তাঁহারা প্রবেশ এর পূর্বে রেজিষ্ট্রেশন কপি সংগ্রহ করে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠান‌কে ২৬ হাজার টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠান‌কে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

বুধবার (১৩ এপ্রিল) বেলা সা‌ড়ে ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত উপ‌জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকায় বি‌শেষ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়ে‌ছে।

এ সময় নতুন জিলা‌পির সা‌থে বা‌সি জিলা‌পি মি‌শ্রিত ক‌রে ভোক্তা‌কে প্রতা‌রিত করায় ইসলা‌মিয়া সুইটস‌কে ৫ হাজার, লোকনাথ মি‌ষ্টি বিতান‌কে ৩ হাজার, নিম্নমা‌নের লবণ ব‌্যবহার ও মূল‌্য তা‌লিকা না থাকায় ভোজন বিলাস হো‌টেল এন্ড সুইটস‌কে ৫ হাজার টাকা, বে‌শি দা‌মে সয়া‌বিন তেল বি‌ক্রি করায় ইব্রা‌হিম স্টোর‌কে ৫ হাজার টাকা, সাহা এন্ড সন্স‌কে ৫ হাজার টাকা এবং চৌদ্দগ্রাম বা‌ণিজ‌্যালয়‌কে ৩ হাজার টাকাসহ মোট ৬ প্রতিষ্ঠান‌কে ২৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের পাকা ক্রয় র‌সিদ সংরক্ষণ, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন, ওজ‌নে কারচূ‌পি না করা এবং অযা‌চিতভা‌বে পণ্যের দাম বা‌ড়ি‌য়ে বি‌ক্রি না কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

এসময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা ক‌রেন। পৌর স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইমরান হো‌সেন সজীব এবং চৌদ্দগ্রাম ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

বোরো ধানের নতুন শীষে স্বপ্ন দেখছে চান্দিনার কৃষকেরা

চান্দিনা প্রতিনিধিঃ

বসন্তের বাতাসে ইরি বোরো ধানের সবুজ ঢেউ কৃষকের মন ভরিয়ে দিচ্ছে। ঢেউয়ের মতো দোল খাচ্ছে ধান গাছের সবুজ পাতা। আর এমন সবুজ সমুদ্রের ঢেউয়ে দুলে উঠছে প্রকৃতি। ইরি-বোরো ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। ধানের কাঁচা শীষ দেখে আনন্দে বুক ভরে উঠে কৃষকের মন। দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বিকশিত করে তুলেছে।

কুমিল্লার চান্দিনা উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে চাষ করা হচ্ছে ইরি-বোরো ধান। সোনালী ফসলের আশায় বুক বেঁধেছেন চাষিরা। জমিতে সার-কীটনাশক প্রয়োগসহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। এ দৃশ্য দেখলে মনে হবে, যেন ফসলের মাঠে উঁকি দিচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন।

অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে ইরি বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

চান্দিনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০ হাজার ৯২০ হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যারমধ্যে হাইব্রিড ২ হাজার ১২০ ও উফশী ৮ হাজার ৮শ হেক্টর। যা গত বছরের তুলনায় বেশি।

সরেজমিনে দেখা যায়, চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকার ইরি-বোরো ক্ষেতগুলো লালচে থেকে সবুজ হয়ে উঠেছে। কৃষকের এখন ব্যস্ত সময়। কাউকে দেখা গেছে পানি দিতে ব্যস্ত। কেউবা ব্যস্ত নিড়ানিতে, কেউবা সার-কীটনাশক নিয়ে।

চান্দিনা অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন হলেও, ধান হলো এখানকার প্রধান ফসল। যুগ যুগ ধরে ধান উৎপাদন করে আসছেন এখানকার কৃষকরা। এ ফসল দিয়ে চলে তাদের সংসার।

উপজেলার জয়দেবপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, ৪২ শতক জমিতে দুই জাতের ধানের চারা রোপণ করেছি, আবাদি জমি এখন পর্যন্ত ভালো আছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার অধিক ফসল ঘরে তোলা যেতে পারে।

কৃষক মো.আবদুর রহমান বলেন, ধান ক্ষেতে দুই দফায় সার-কীটনাশক প্রয়োগ করা হয়েছে। ধানগাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে এবারে ভালো ফলন পাওয়া যেতে পারে। যদি ন্যায্য দাম পাওয়া যায় তাহলে লাভবান হওয়া সম্ভব।

চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মো.মনিরুল হক রোমেল জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকায় বোরো ধানে রোগবালাই কম হয়েছে, সামনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আবহাওয়ার কারণে যদি বড় ধরনের ক্ষতি না হয় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের খোঁজ খবর নেওয়া এ বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।

ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এফআইএ

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

একটি জুয়েলার্সের কাছে একটি দামি উপহারের নেকলেস বিক্রি করে সেখান থেকে জাতীয় কোষাগারে মাত্র কয়েক লাখ টাকা জমা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ তদন্ত শুরু হয়েছে। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের।

একটি সূত্রের বরাত দিয়ে ট্রিবিউন জানায়, ওই দামি নেকলেসটি সাবেক মন্ত্রীর বিশেষ সহকারী জুলফিকার বুখারির মাধ্যমে এক জুয়েলার্সের কাছে বিক্রি করা হয়।

তদন্তকারীরা দাবি, ওই দামি নেকলেসটি ১৮০ মিলিয়ন রুপিতে বিক্রি করা। তবে এ অর্থ থেকে মাত্র কয়েক লাখ রুপি জাতীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে যা বেআইনি।

আর এমন অভিযোগের সত্যতা খুঁজতেই তদন্ত শুরু হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও ফেনসিডিলসহ আটক এক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও ফেনসিডিলসহ মোঃ আল-আমিন (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল বিকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। এসমময় ১১.৫ কেজি গাঁজা এবং ২৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ আল-আমিন হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।

এ বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদগর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

১৩ এপ্রিল কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রার্থীদের নির্বাচনী গণসংযোগ ও প্রচরণায় মুখর কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ড

 

ইসতিয়াক আহমেদঃ

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলছে নির্বাচনী সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচরণা। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই নগরীর ১৭ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা তাদের নির্বাচনী গণসংযোগ ও প্রচরণা শুরু করে দিয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে নয়টায় কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ডে ঘাতকের হাতে খুন হওয়া প্যানেল মেয়র ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সৈয়দ মোঃ সোহেল এর স্ত্রী সৈয়দা শাহনাজ আক্তার রুনা নিজ মহল্লার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রয়াত কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেলের বড় ভাই সৈয়দ আলমগীর হোসেন, সৈয়দ আবু সুফিয়ান, ছেলে হাফেজ সৈয়দ নাদিম, দুই কন্যা সন্তানসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।

নির্বাচনী প্রচারনায় সৈয়দ মোঃ সোহেল এর বড় ভাই সৈয়দ আলমগীর হোসেন বলেন আমরা পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিয়েছি প্রয়াত সোহেলের স্ত্রী সৈয়দা শাহনাজ আক্তার রুনা নির্বাচনে প্রার্থীতা করবে।

এসময় কাউন্সিলর প্রার্থী সৈয়দা শাহনাজ আক্তার রুনা বলেন আমার স্বামীর অসমাপ্ত কাজ শেষ করা ও ওয়ার্ড উন্নয়নের জন্য আমি প্রার্থী হয়েছি। আমি আশা করি আমার পাশে ওয়ার্ডবাসী থাকবে। পরে নারী পুরুষ একযোগে সৈয়দা রুনার নেতৃত্বে বিভিন্নস্থানে মিছিল শেষে প্রচারনা সমাপ্তি হয়।