All posts by jitu

তত্ত্বাবধায়ক সরকারের আগ পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এখনো দেশটির প্রধানমন্ত্রী। রোববার (৩ এপ্রিল) রাতে ক্যাবিনেট সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন ইমরান খান এখন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেই। তবে এক টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি ঘোষণা দেন যে, ইমরান খানই আপাতত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

যদিও, পাকিস্তানের সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকতে পারবেন।

আরিফ আলভি টুইটারে জানান, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সংবিধানের ২২৪ এর এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।

রোববার (৩ এপ্রিল) পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসিম সুরি জানিয়ে দেন যে ‘দেশের স্বার্থে’ ইমরান খানের সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করা হচ্ছে। আর এরপর থেকেই দিনভর নাটকীয় ঘটনা ঘটে দেশটিতে।

১৯২ জন বিরোধীদলের সদস্য অ্যাসেম্বলিতে শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট অ্যাসেম্বলি ভেঙে দিয়েছেন। বিরোধীদের দাবি, অনাস্থা প্রস্তাব খারিজ করার বিষয়টি অসাংবিধানিক। আবার রাতে পাকিস্তানের ক্যাবিনেট সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন ইমরান খান এখন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেই।

সোমবার (৪ এপ্রিল) দেশটির সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে পারে যে ইমরান খানের ইচ্ছে মতো আগামী ৯০ দিনে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না।

এর আগে, ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেন সবাইকে। এরই মাঝে পাকিস্তানের প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছেন। দেশটির সংবিধান অনুযায়ী, এ ক্ষেত্রে সরকার চালায় অন্তরবর্তীকালীন সরকার। যদিও কোনও অন্তরবর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেননি প্রেসিডেন্ট।

অপরদিকে, পাকিস্তানি সেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ইসলামাবাদের ঘটনা প্রবাহের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

সূত্র: জিও নিউজ

দেশের বাজারে গেমিং স্মার্টফোন রিয়েলমি নারজো ৫০

 

স্টাফ রিপোর্টারঃ

ব্যবহারকারীদের সবচেয়ে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এবার রিয়েলমি বাজার নিয়ে এসেছে নতুন চমক – নারজো ৫০। গ্রাহকদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানে স্মার্টফোনটিতে রয়েছে এই সেগমেন্টের সবচেয়ে সেরা প্রসেসর। পাশাপাশি সেরা স্পেসিফিকেশন, ডিজাইনের সাথে নারজো ৫০ এ রয়েছে স্মুথ ইউআই। যা তরুণ গ্রাহকদের গেমিংয়ে সেরা অভিজ্ঞতা প্রদান করবে।

৩ এপ্রিল রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এক অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে রিয়েলমি নারজো ৫০ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ফোনটি মাত্র ১৬,৪৯৯ টাকায় ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য নারজো ৫০ রিয়েলমি’র নারজো সিরিজের সর্বশেষ ফোন। এই দামে এটি বাজারের একমাত্র ফোন যাতে রয়েছে হেলিও জি৯৬ প্রসেসর ও ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। বর্তমান তরুণেরা সাধারণত এমন একটি ডিভাইস চান যা তাদের জীবনধারার সাথে সামঞ্জস্যপূর্ণ। আর গেমিং তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তরুণদের প্রত্যাশা পূরণে নারজো ৫০-তে রয়েছে হেলিও জি৯৬ প্রসেসর, যা এই বাজেটের সেরা গেমিং প্রসেসর। আগের ফোনগুলো থেকে এই শক্তিশালী প্রসেসরটি ৪২ শতাংশ উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে। ঝামেলাহীন এবং সবচেয়ে অসাধারণ গেমিং অভিজ্ঞতা প্রদানে নারজো ৫০-তে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত সুবিশাল ৬.৬ ইঞ্চির এফএইচডি+ স্ক্রিন। এই বাজেটের ফোনে এটি সর্বোচ্চ রিফ্রেশ রেট।

ফোনটিতে ৫,০০০ এমএএইচ বিশাল ব্যাটারিও রয়েছে, যা ঘণ্টাব্যাপী নিরবচ্ছিন্ন ব্যবহার এবং গেমিং নিশ্চিত করবে। ফোনের চার্জ শেষ হয়ে গেলে এর ৩৩ ওয়াটের ডার্ট চার্জারের সাহায্যে ব্যবহারকারীরা মাত্র ৭০ মিনিটে ফোনটিকে ০ থেকে ১০০% পর্যন্ত চার্জ করতে পারবেন। ফোনটির ব্যাটারি ব্যাকআপ সত্যিই অসাধারণ।

ব্যবহারকারীরা যাতে নিখুঁত ছবি তুলতে পারেন সেজন্য রিয়েলমি নারজো ৫০ তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। ঝকঝকে ও উজ্জ্বল ছবির জন্য ৫০ মেগাপিক্সেলের (এফ/১.৮) মেইন ক্যামেরায় বিশাল অ্যাপারচার এবং দূর থেকে পরিষ্কার ছবি তুলতে ৪এক্স ম্যাক্স ডিজিটাল জুম রয়েছে।

কেভলার স্পিড টেক্সচার ডিজাইনের নারজো ৫০ দেখতে খুবই চমৎকার। এই ডিজাইনের টেক্সচার রেসিং কারের টেক্সচারের মতো, যা শক্তিশালী পারফরম্যান্সের অনুভূতি দেয়। ফোনটির ডিজাইন তরুণদের জন্য দারুণ ও ট্রেন্ডি।

ডায়নামিক র্যাম এক্সপানশান প্রযুক্তি যুক্ত নারজো ৫০ ফোনটি ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। স্পিড ব্লু এবং স্পিড ব্ল্যাক এই দারুণ দুটি রঙে মাত্র ১৬,৪৯৯ টাকায় গ্রাহকেরা রিয়েলমি নারজো ৫০ কিনতে পারবেন। এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে- https://www.realme.com/bd/realme-narzo-50
এক ফোনে অসংখ্য আকর্ষণীয় ফিচারযুক্ত রিয়েলমি নারজো ৫০ এই মুহূর্তে বাজারের সবচেয়ে স্টাইলিশ গেমিং স্মার্টফোন।

কোম্পানীগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দলীয় বিরোধের জের ধরে মুছাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর পৌনে ১২টায় মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার জিরো পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থক সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জু (৫০), যুবলীগ নেতা কামরুল ইসলাম (৩০), ফামের্সী ব্যবসায়ী হাসান (২৫), রিয়াজ (৩০), বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক মোজাম্মেল হোসেন খোকন মেম্বার (৫০), সোহেল (৩৫), বাহাদুর (২৫)।

আহতদের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পূর্ব দলীয় বিরোধকে কেন্দ্র করে মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির পর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। এ সময় ছোটাছুটির সময় কেউ কেউ বাজারের খালে, নালা, ডোবায় পড়ে আহত হয়। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ঢাকায় অবস্থান করছেন বলে তারা মুঠোফোনে নিশ্চিত করেন।

মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন অভিযোগ করে বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক আহসান উল্যাহ ভুট্টো মেম্বার ও আবদুর রহিম বাবুল মেম্বারের উপস্থিতি এবং ইন্ধনে সাবেক মেম্বার মোজাম্মেল হোসেন খোকনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তার সমর্থকদের ওপর হামলা করে।

অপরদিকে বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী জানান, সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জুর সালিশ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বাজারের কলা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চাইতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

ফের বাড়লো এলপিজির দাম

 

ডেস্ক রিপোর্টঃ

আবারও বেড়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মাসের ব্যবধানে এবার ১২ কেজি এলপিজির দাম ৪৮ টাকা বাড়ানো হয়েছে। বর্ধিত মূল্য অনুসারে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য দাঁড়িয়েছে এক হাজার ৪৩৯ টাকায়।

রোববার (৩ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দর নির্ধারণ করেছে। এর আগে গত ৩ মার্চ নির্ধারিত এ দর ছিল এক হাজার ৩৯১ টাকা। বিইআরসির এলপিজি দর নির্ধারণ কমিটির সদস্য এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ এলপিজির দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, এলপিজি গ্যাসে কেজি প্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য এলপিজি মূসকসহ কেজিপ্রতি ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়। সে অনুসারে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য হবে এক হাজার ৪৩৯ টাকা (মূসকসহ)। বিইআরসির ঘোষণা অনুযায়ী, অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৬৪ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭ দশমিক ২ টাকা করা হয়েছে।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন এবং বিউটেন আমদানি করে বেসরকারি এলপিজি প্ল্যান্টগুলো। পেট্রোলিয়াম গ্যাসের এ দুই উপাদানের মূল্য সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো সিপি (কার্গো প্রাইচ) অনুসারে নির্ধারিত হয়। সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সৌদি সিপি অনুসারে এপ্রিলে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে টনপ্রতি ৯৪০ ও ৯৬০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় এপ্রিলের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বর্ধিত মূল্য অনুসারে প্রতি কেজি এলপিজির সর্বোচ্চ মূল্য ১১৯ টাকা ৯৪ পয়সা ধরে ৩ এপ্রিল সন্ধ্যা ৮ টার পর থেকে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৬৬০ টাকা, ১২ কেজির দাম ১৪৩৯ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১৪৯৯ টাকা, ১৫ কেজির দাম ১৭৯৯ টাকা, ১৬ কেজির দাম ১৯১৯ টাকা, ১৮ কেজির দাম ২১৫৯ টাকা, ২০ কেজির দাম ২৩৯৯ টাকা, ২২ কেজির দাম ২৬৩৯ টাকা, ২৫ কেজির দাম ২৯৯৮ টাকা, ৩০ কেজির দাম ৩৫৯৮ টাকা, ৩৩ কেজির দাম ৩৯৫৮ টাকা, ৩৫ কেজির দাম ৪১৯৭ টাকা এবং ৪৫ কেজির দাম পাঁচ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হলেন তোফাজ্জল হোসেন সাদ্দাম

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।

শনিবার বিকালে জেলার চান্দিনা পৌরসভা অডিটরিয়ামে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ ও অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের হাতে তোফাজ্জল হোসেন সাদ্দাম তার জীবন বৃত্তান্ত তুলে দেন।

ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সাদ্দাম বলেন আমি স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি করি। পর্যায়ক্রমে তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে তিতাস উপজেলা ছাত্রলীগকে শক্তিশালী করতে সক্ষম হয়েছি। পাশাপাশি সদ্য বিলুপ্ত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন নতুন করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।

উক্ত কমিটিতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে আমার ছাত্রলীগ রাজনীতিসহ জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছি। নেতৃবৃন্দ যদি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে, তাহলে কুমিল্লা উত্তর জেলার সকল উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে অতিতের চাইতে একটি শক্তিশালী কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ কমিটি করব ইনশাআল্লাহ।

নেশার টাকা না পেয়ে কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন দিল স্বামী

 

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না পেয়ে কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন পাষণ্ড স্বামী।

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে রোববার ভোরে চিকিৎসাধীন মারা গেলেন রোজিনা আক্তার (৩৭) নামে ওই গৃহবধূ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শওকত জামিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোজিনা আক্তার রোববার ভোর ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন। এ হাসপাতালেই তিনি ২৭ মার্চ থেকে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার গাজীপুর গ্রামের জহিরুল ইসলাম (৩৯) নামে এক মাদকসেবী ২৭ মার্চ তার স্ত্রী রোজিনা আক্তারকে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেয়। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

প্রতিদিনের মতো ২৭ মার্চ গার্মেন্টের ছুটির পর তার স্ত্রী সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসায় গেলে রোজিনা আক্তারের স্বামী জহিরুল ইসলাম মাদক কেনার জন্য টাকা চান।

টাকা না দেওয়ায় বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেন। গত ২৯ মার্চ গভীর রাতে আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে র‌্যাব-১১ এর সদস্যরা জহিরুলকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় রোজিনার বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

বিনাভোটের প্রধানমন্ত্রী যখন আমোদফুর্তিতে ব্যস্ত, তখন দেশে টাকার অভাবে সন্তান বিক্রি করছেন মা

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। দেশে চলছে সরব দুর্ভিক্ষ। ভয়ঙ্কর সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষরা টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। মানুষ খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। অন্যদিকে উন্নয়নের মহাসড়কের দাবিদার নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী সাঙ্গপাঙ্গ নিয়ে রাষ্ট্রের শতকোটি টাকা খরচ করে জমকালো কনসার্টে গানবাজনা আর আমোদফুর্তিতে মেতে রয়েছেন।

তিনি দাবি করেন, বিনাভোটের প্রধানমন্ত্রী যখন আমোদফুর্তিতে ব্যস্ত, তখন দেশে টাকার অভাবে সন্তান বিক্রি করছেন মা। সেচের পানির অভাবে আত্মহত্যা করছেন কৃষক। কে নেবে এসবের দায়?

রিজভী বলেন, মানুষের ক্ষুধার জ্বালা না মিটিয়ে শুধু একজন ব্যক্তির ক্ষমতার লালসা মেটাতে গিয়ে রাষ্ট্র ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণা ও বিদ্বেষ। লোভ-লালসা, প্রতিশোধ-প্রতিহিংসা-এটিই যেন এখন রাষ্ট্রের দর্শন। ধর্ষণ, আত্মহত্যা, মায়ের হাতে সন্তান হত্যা, সন্তান পিতাকে খুন, সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যে নাভিশ্বাস, গরিব খেতে না পেলেও শতকোটি টাকায় আয়োজন করা হয় কনসার্ট।

তিনি দাবি করেন, পৃথিবীর অন্যান্য দেশ যারা শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের মতো মডেল গ্রহণ করেছিল তাদের দেশে এখন লালবাতি জ্বলছে। আমাদের দেশে যেমন উন্নয়নের নামে লুটপাট হচ্ছে ঠিক তেমনি ওইসব দেশেও তাই হয়েছে। তথাকথিত উন্নয়নে সেসব দেশ এখন দেউলিয়া হয়ে পড়েছে। সেসব দেশে এখন বিদ্যুৎ নেই, কাগজের জন্য পরীক্ষা নিতে পারছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, পাঁচশ টাকা কেজিতেও চাল মিলছে না। ওইসব দেশের রাষ্ট্রপ্রধানরা জনরোষ থেকে রেহাই পাচ্ছে না। এই বিষম চিত্র বাংলাদেশেও বিরাজমান।

নোয়াখালীতে মৃত্যুর দুই মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মৃত্যুর দুই মাস পর জাহানারা (৪০) নামের এক গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। জাহানারা উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বাসিন্দা ছিলেন।

শনিবার (২ এপ্রিল) দুপুরের দিকে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বলি মিয়া মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

মরদেহ উত্তোলনের সময় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন ও জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি জাহানারাকে তার স্বামী হারুন পরিকল্পিতভাবে হত্যা করে বলে অভিযোগ এনে নিহতের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে স্বামী মো.হারুনকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলায় নিহতের স্বামী হারুন কারাগারে রয়েছেন। ওই মামলায় মৃত্যুর দুই মাস পর মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.সফিকুল ইসলাম মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।

ইউক্রেনের রাস্তায় রাস্তায় মরদেহ, দেওয়া হচ্ছে গণকবর

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার সৈন্যদের কাছ থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে। রাজধানী কিয়েভের কাছে এরকম একটি পৌর শহরে গণকবর দিয়ে শত শত মানুষের দাফন সম্পন্ন করছেন ইউক্রেনের সেনারা। কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহরটি যেনো মৃত্যুপুরী। সেখানেই তিনশ জনের মতো মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

শহরটির মেয়র অ্যানাতোলি ফেদোরুক অভিযোগ করেছেন, নির্বিচারে ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী। এরই মধ্যে ২৮০ জনের মতো মানুষকে কবর দেওয়া হয়েছে বুচায়।

শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে আরও বহু মরদেহ। রুশ হামলায় নিহতদের মধ্যে শিশু, কিশোরাও রয়েছে বলে দাবি ফেদোরুকের।

মেয়র ফোদোরুক আরও জানান, শুধু বুচার রাস্তায় পাওয়া গেছে অন্তত ২২ জনের মরদেহ। দেশটির অন্যান্য শহরেও বহু মানুষকে হত্যার অভিযোগ করছেন ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ সেনাদের পুরোপুরি ‘হটিয়ে’ দেওয়ার দাবি করেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। তিনি বলেছেন, ‘কিয়েভ এখন পুরোপুরি ইউক্রেনীয় বাহিনীর দখলে।’ স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এক মাসের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ।

সূত্র: আল-জাজিরা, বিবিসি