All posts by jitu

তিতাসে ধর্ষকের পক্ষ নেয়ার অভিযোগে এনসিপি নেতাকে গণধোলাই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তের পক্ষ নেয়ার অভিযোগে সাবেক যুবলীগ নেতা ও বর্তমানে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা লুৎফর রহমানকে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছে বলে জানা গেছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের দড়িগাঁও পশ্চিম আডির এলাকার আক্তার হোসেন (৫২) নামের এক ব্যক্তি প্রতিবন্ধী এক কিশোরীকে (২১) দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের মাধ্যমে জানা যায়, কিশোরীটি অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে মামলার তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টা ও অভিযুক্তের পক্ষ নিয়ে ঘটনাকে ভিন্নখাতে নেয়ার অভিযোগ ওঠে লুৎফর রহমানের বিরুদ্ধে।

এ সময় উপস্থিত স্থানীয় সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাকে গণধোলাই দেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
পরে পরিস্থিতি শান্ত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে আসেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরে বিদেশি ব্রান্ডের নকল কসমেটিকস তৈরি: ৫০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৫ নভেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরতলীর বাবুরহাট শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে একটি কসমেটিকস কারখানায় বিদেশি ব্রান্ডের নকল সাবান ও শ্যাম্পু তৈরির অপরাধে জে. এস কনজুমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য ও বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহরিয়ার খান এর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নকল ব্রান্ডের সাবান ও শ্যাম্পু ধ্বংস করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠান মালিক মো. জসিম উদ্দিন এ ধরনের অনিয়ম পূনরায় করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়।

এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করে দেয়া হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

বুড়িচংয়ে তুহিন হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে এরশাদ ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী তুহিন হত্যার প্রতিবাদে এবং ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বুড়িচং উপজেলা চত্বরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে নিহত তুহিনের কলেজের সহকর্মীরা, স্থানীয় ও রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “ তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি।” বক্তারা আরও বলেন, “হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে গিয়ে সমবেত হন। পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

পরে তারা কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি)-এর নিকটও আরেকটি স্মারকলিপি জমা দেন, যাতে হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও সকল আসামির দ্রুত গ্রেফতার নিশ্চিত করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লায় আলোচিত তুহিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এখনো মামলার মূল হোতারা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের পরিবার,কলেজের সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী।

সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজনসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের প্রাণহানি ঘটে।

নিহতরা হলেন— চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের এনাম পাটোয়ারীর ছেলে মালয়েশিয়ান প্রবাসী উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫), মা রুমি বেগম (৬৫) ও বোন সাদিয়া আক্তার পাটোয়ারী (২৪)।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

পরিবার সূত্রে জানা গেছে, মালয়েশিয়ান এয়ারলাইন্সে কর্মরত উদয় পাটোয়ারী মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে কক্সবাজারে আনন্দভ্রমণের উদ্দেশ্যে একটি মাইক্রোবাস ভাড়া করে রওনা দেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ফারজানা মজুমদার লিজা, পুত্র সামাদ পাটোয়ারী (৪), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা, শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। পথে চৌদ্দগ্রাম বাজারের কাজী রাজ্জাক টাওয়ার থেকে রাত আড়াইটার দিকে উদয়ের মা রুমি বেগম ও বোন সাদিয়া পাটোয়ারীকে ওঠানো হয়। পরে ফালগুনকরা এলাকা থেকে রাত পৌনে তিনটার দিকে শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকেও গাড়িতে তোলা হয়।

নিহত সাদিয়া আক্তার পাটোয়ারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভোরে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। আহত মাইক্রোবাসচালকসহ আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

উদয়ের শ্বশুর আবদুল মন্নান মজুমদার জানান, “জামাতার উদ্যোগে সবাই কক্সবাজারে ঘুরতে যাচ্ছিল। ভোরে দুর্ঘটনার খবর পাই—এক নিমিষে আমার পরিবারের পাঁচজন সদস্য চলে গেলো। এ শোক আমরা কোনোভাবেই সহ্য করতে পারছি না।”

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

ডেস্ক রিপোর্ট:

অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

তিনি জানিয়েছেন, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব। যখন সময় আসবে তখন করব।’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি অভিযোগ করেন যে, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।

আসাদুজ্জামান বলেন, ‘রায় ঘোষণার পর তিনি যে রায় পরিবর্তন করেছেন, তা দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী একটি অপরাধ। কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেয়া হয়েছিল।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, যে রায় আপিল বিভাগ দেবেন, সেই রায় আগামী প্রজন্ম ও দেশের গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

কুমিল্লা নগরীর ৮ নং ওয়ার্ডে এনসিপির “জনতার মত” শীর্ষক এক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ সংসদীয় আসনের নগরীর ৮ নং ওয়ার্ডের ঠাকুরপাড়া জোড়পুকুরপাড় এলাকায় মঙ্গলবার ৪ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি- এনসিপি কুমিল্লা মহানগর শাখা “জনতার মত” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্। বিশেষ অতিথি ছিলেন মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী সিরাজুল হক এবং সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো: ইফতেখারুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা ও মহানগর কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে দর্শকসারি থেকে অনেকেই প্রধান অতিথির কাছে এই এলাকার সমস্যা তুলে ধরেন। সভায় সিরাজুল হক কুমিল্লা-৬ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাভিদ নওরোজকে জনতার সাথে পরিচয় করিয়ে দেন।

নাভিদ নওরোজ তার বক্তব্যে বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় নেই বরং জুলাই গণঅভ্যুত্থান থেকে এখন পর্যন্ত আমরা রাজপথে থেকে জনগণের বাস্তব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, এক দল শুধুই নির্বাচন চেয়েছে, আরেক দল নিজেরাই জানে না তারা কি চায়। অথচ যেই সাধারণ মানুষের রক্তের উপর দাড়িয়ে তারা রাজনীতিতে ফিরেছে তাদের কাঙ্খিত সংস্কারের কথা ভুলে গেছে।

মহানগর এনসিপি প্রতিটি ওয়ার্ডেই জনসাধারণের কথা শুনতে “জনতার মত” এই বৈঠক আয়োজন করার পরিকল্পনা করেছে। সভায় বক্তারা সকলেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে জনগণের সমর্থন কামনা করেন।

ছাত্রদল আপনাদের হতাশ করবে না- কেন্দ্রীয় প্রচার সম্পাদক শুভ

চাঁদনী আক্তার, কুবি:

আগামীর বাংলাদেশ বিষয়ে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে মূল্যায়ন ও প্রস্তাবনা তুলে ধরার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মতবিনিময় ও সদস্য ফরম বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলোর সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহ দপ্তর সম্পাদক মো. নাজমুচ্ছাকিব।

সভায় নেতাকর্মীরা ‘কেমন ছাত্রদল চান’ এ বিষয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. নাজমুচ্ছাকিব বলেন, “দীর্ঘ গণতান্ত্রিক পুনরুদ্ধারের লড়াই করেছি। বৈষম্যমুক্ত সমাজ চাইতে গিয়ে এখনও নিষিদ্ধের নামে আমাদের অধিকার খর্ব করা হচ্ছে।”

উদ্বোধক কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, “আগামীর বাংলাদেশ ও শিক্ষাঙ্গনের রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা আজ এখানে উঠে এসেছে। আমরা ফরম বিতরণ করলাম, আবার ৮-১০ তারিখে আসবো। প্রশাসন মৌখিক অনুমতি দিয়েছে, মব হওয়ার ঝুঁকি থাকায় বাইরে অনুষ্ঠান করেছি। শিগগির ক্যাম্পাসে করার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, *“দুইটি মেয়েদের হল, তিনটি ছেলেদের হল সব জায়গায় নেতৃত্ব দিতে হবে। হলে কমিটি হলে আমাদের শক্তি দ্রুত বাড়বে। ১০-১২ তারিখের দিকে বড় আলোচনা সভা করবো।”

কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাস সংকটে আমরা ভিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি, সংকট কমেছে। ক্যাফেটেরিয়া, হলের খাবার, ভর্তি পরীক্ষায় বিভিন্ন সহযোগিতা করেছি। আমরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে কাজ চালিয়ে যাবো।”

প্রধান অতিথি শরীফ প্রধান শুভ বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল মেধা, মনন ও মানবিক মর্যাদার সংগঠন। জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু। প্রথমে মনে হয়েছিলো ছাত্রদলের প্রতি আগ্রহ কম, কিন্তু এখানে এসে বুঝলাম আগ্রহ অনেক। আপনাদের জবাবদিহিতার জায়গা আছে, লুকোছাপা নেই। বিবেক বন্ধক রেখে কাজ করি না।”

তিনি আরও বলেন, “সংবিধান বাকস্বাধীনতা দিয়েছে—সংগঠন করাকে কেউ বাধা দিতে পারে না। শেখ হাসিনার তল্পিবাহীরা এখনো ক্যাম্পাসে সক্রিয়, কিন্তু তারা সফল হবে না। গেস্টরুম, গণরুম কালচার বন্ধে কাজ করেছি, করবো। আমরা হল ও ফ্যাকাল্টি কমিটি গঠন করবো। শ্রেণী বৈষম্য করি না—তারেক রহমানের রেইনবো নেশন, সম্প্রীতির বাংলাদেশ গড়বো। নারী-পুরুষ সবাই ছাত্রদলের পতাকাতলে আসতে পারবেন। শতভাগ স্বচ্ছতা রেখে নেতৃত্ব দেবো। ছাত্রদল আপনাদের হতাশ করবে না।”

মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সম্ভাব্য সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয়।

কুমিল্লা রামমালা গ্রন্থাগার ডিজিটালাইজেশন করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে : তথ্য উপদেষ্টা

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

কুমিল্লার ঐতিহ্যবাহী রামমালা গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে কয়েক হাজার দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, প্রাচীন বই, সংবাদপত্র ও ঐতিহাসিক দলিল।

এই গ্রন্থাগারটি বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। অনেক মূল্যবান দলিল ও বই এখন নষ্ট হতে শুরু করেছে।

এ বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “রামমালা গ্রন্থাগার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য ভাণ্ডার। এখানে সংরক্ষিত পাণ্ডুলিপি ও বইগুলো জাতির ইতিহাস-ঐতিহ্যের দলিল। এগুলো ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা জরুরি। আমি বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ে অবহিত করব, যাতে দ্রুত ডিজিটালাইজেশনের ব্যবস্থা নেওয়া যায়।”

তিনি আরও বলেন, “রামমালা গ্রন্থাগারের সঙ্গে যুক্ত ছোট মিউজিয়ামেও রয়েছে বহু পুরাতন মুদ্রা, শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন। এসব সম্পদ রক্ষায় আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করা দরকার।”

মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল কুমিল্লা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে অবস্থিত রামমালা গ্রন্থাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি কুমিল্লার জাগুরঝুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

মনোনয়ন বঞ্চিত দোলা সমর্থকদের বিক্ষোভ, কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ

সেলিম সজীব:

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন সামিরা আজিম দোলা সমর্থকরা। মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ ও লাকসাম থেকে হাজারো নেতাকর্মীরা কুমিল্লা -নোয়াখালী মহাসড়ক অবরোধ সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আবুল কালামের প্রার্থিতা বাতিল এবং সামিরা আজিম দোলাকে প্রার্থী ঘোষণার দাবি জানান।

বিক্ষোভকারীরা জানান, সামিরা আজিম দোলা আজিম সাহেবের মেয়ে আজিম সাহেব দলের সংকটকালেও সবসময় মাঠে ছিলেন, আজিম সাহেবের মেয়ে নিজ দক্ষতা এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন, তৃ্নমুল তাকে চায় অথচ তাকে উপেক্ষা করে প্রার্থীতা দেওয়া হয়েছে।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘কালামের প্রার্থিতা বাতিল কর’, ‘তৃণমূলের সিদ্ধান্ত মানতে হবে’—এমন স্লোগান দেন। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত অটোরিকশার ৫ যাত্রী

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে ট্রাকচাপায় ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। সেখান থেকে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও একজন এখনও চিকিৎসাধীন।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া গণমাধ্যমকে জানায়, তিন জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।