সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাইওয়ে এলাকার সব রেলগেট অটোমেটিক করা হবে: কৃষিমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০২৬
news-image

হাবিবুর রহমান মুন্না।।

হাইওয়ে সংলগ্ন সব রেলক্রসিংয়ে অটোমেটিক গেট স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব স্থানে রেলক্রসিং রয়েছে, সেখানে পর্যায়ক্রমে আধুনিক ‘অটোমেটিক গেট’ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী বৈঠকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করা হবে এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে রেলক্রসিংগুলো আধুনিক প্রযুক্তির আওতায় আনা হয়েছে। নির্দিষ্ট দূরত্বে ট্রেন পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে গেট বন্ধ হয়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি কমে।

তিনি আরও বলেন, আজকের দুর্ঘটনাটি ঘটেছে মূলত গেটম্যানের অনুপস্থিতির কারণে। যদি অটোমেটিক গেট থাকত, তাহলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো। সরকার দ্রুততম সময়ের মধ্যে হাইওয়ে এলাকার সব রেলগেটকে অটোমেটিক ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।