All posts by jitu

ঢাকায় শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ

ডেস্ক রিপোর্ট:

ঢাকায় পৌঁছেছে জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ।

শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (ইএ-৫৮৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে পুনর্ব্যক্ত করে জানিয়েছে, আগামীকাল শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নেওয়া হয়, যেখানে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় অস্ত্র বহনকারী অজ্ঞাতনামা সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ক্যাফে ৩৫০০-এর উত্তর পাশে গোমতী নদীর পাড়ে একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতকারী ওই এলাকায় অবস্থান করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১১ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ওসমান হাদি হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে দাউদকান্দি বিশ্বরোড মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হযে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রিফাত শিশু পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

দাউদকান্দি পৌর ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচি থেকে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার, দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন হেফাজত নেতা মাওলানা নজরুল ইসলাম ফয়েজি, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, সাংবাদিক তৌফিক রুবেল প্রমূখ।

বক্তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত। এই হত্যার সঙ্গে জড়িত মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি তোলেন বক্তারা।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম শান্ত, সিয়াম মোল্লা, আবু সাঈদসহ সহস্রাধিক ছাত্র-জনতা।

কুবিতে জুলাই আন্দোলনে জড়িত আওয়ামী-ছাত্রলীগ পন্থীদের শাস্তির দাবি

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী চার শিক্ষকসহ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ের তৎকালীন প্রক্টরিয়াল টিমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও জুলাই আন্দোলনে হামলার সাথে জড়িত আওয়ামীলীগ, ছাত্রলীগধারী কুবি শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তির দাবি জানান তারা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা তাদের অবাঞ্ছিত ঘোষণা করেন এবং বিচারের দাবি জানান।

অবাঞ্ছিত হওয়া শিক্ষকরা হলেন, সাবেক প্রক্টর ও ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষক কাজী ওমর সিদ্দিকী, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ, সাবেক সহকারী প্রক্টর ও মার্কেটিং বিভাগের শিক্ষক আবু ওবায়দা রাহিদ ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর অমিত দত্ত।

এই শিক্ষকরা ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মদদদাতা হিসেবে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, আমরা লক্ষ্য করেছি জুলাইয়ের দেড় বছর পার হয়ে গেলেও কোন বিচার পাইনি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের উপর হামলা করেছে, যেসব শিক্ষক কুলাঙ্গাররা পুলিশকে লেলিয়ে দিয়ে আমাদের উপর হামলা করেছে তাদেরকে প্রশাসন বিচারের আওতায় না এনে পদোন্নতি দিয়েছে। আমরা চুপ করে থাকলেও তারা তাদের সন্ত্রাসী পায়তারা থামায়নি।

ইনকিলাব মঞ্চের নেতা ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তারা আপনাকে বাঁচতে দিবেন না। আমরা চাই এই হত্যার বিচার হোক।

তিনি আরো বলেন, “সারা দেশে লুকিয়ে থাকা আওয়ামীলীগের দোসরদের বিচারের আওতায় আনতে চাই। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার সাথে জড়িত, রাহিদ থেকে শুরু করে অমিত দত্ত, প্রক্টর রানাসহ জড়িত সকলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত করতেছি।”

শিক্ষার্থীরা আরো দাবি করেন, বিশ্ববিদ্যালয় খোলার পরপর শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত আওয়ামীলীগ ও ছাত্রলীগের করা যে সকল শিক্ষক ও শিক্ষার্থী ক্যাম্পাসে রয়েছে, তাদের নাম পরকাশ করে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার না করলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করার হুশিয়ারী দেন তারা।

এ বিষয়ে বর্তমান প্রক্টর আব্দুল হাকিম বলেন, শিক্ষার্থীরা যাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে তা লিখিতভাবে দিলে আমরা প্রশাসন ব্যাবস্থা নিবো। এছাড়াও জুলাইয়ে যারা শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত ছিলো তাদের বিষয়ে আমরা তথ্য প্রমান সংগ্রহ করছি। খুব দ্রুত তাদের নাম প্রকাশ করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিসিডিএ’ চাঁদপুরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় হাসান আলী হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রবাসীরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই করছেন না, তারা দেশের অর্থনীতি ও উন্নয়নের অগ্রযাত্রায় নীরব সৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে এবং দেশের সামগ্রিক উন্নয়নকে বেগবান করছে।

তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ভাষা জ্ঞান উন্নয়ন ও সচেতনতা তৈরির মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব। দক্ষ জনশক্তিই পারে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং প্রতারণা ও হয়রানির ঝুঁকি কমাতে।

জেলা প্রশাসক আরও বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব ও কার্যকর করা হবে। প্রবাসী ও তাদের পরিবার যেন যেকোনো সমস্যা বা সংকটে দ্রুত সহায়তা পায়, সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। তিনি বলেন, প্রবাসীদের অধিকার রক্ষা, আইনগত সহায়তা নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষা জোরদারে জেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে। প্রবাসীরা দেশের গর্ব—তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার সাদিয়া শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা,অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল খায়রুল কবির, সিসিডিএ’র চাঁদপুর জেলা সমন্বয়কারী মো. নাজমুল আহসান, রেমিট্যান্স যোদ্ধা জামাল হোসেন মোল্লা, শাহজালাল মোল্লা। দিবসটি উপলক্ষে আয়োজিত অভিবাসী মেলায় ৫টি স্টল স্থাপন করা হয়। এতে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সিসিডিএ, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, জনশক্তি কর্মসংস্থান সেন্টার ও প্রশিক্ষণ ব্যুরো অংশগ্রহণ করে।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী প্রবাসী ও তাঁদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

এছাড়া প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রতিবন্ধী ভাতার চেক এবং অভিবাসন প্রত্যাশীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিদেশে গমনেচ্ছুক নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৮ ঘণ্টা পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার: কুমিল্লা থেকে ৪০ রুটে বাস চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় প্রশাসনের আশ্বাসে প্রায় আট ঘণ্টা পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন জেলা সড়ক পরিবহন মালিক–শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে কুমিল্লার তিনটি টার্মিনালের প্রায় ৪০টি রুটে বাস চলাচল শুরু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। মূলত নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর রুটে ‘আইদি পরিবহন’ বাস চলাচল বন্ধ রাখার দাবিতে কুমিল্লার পরিবহন নেতারা বুধবার এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

এদিকে বৃহস্পতিবার সকালে নগরীর চকবাজার, জাঙ্গালিয়া ও শাসনগাছা বাস স্টেশনে বিভিন্ন পরিবহনের যাত্রীদের এসে গন্তব্যে যেতে অপেক্ষা করতে দেখা গেছে।

জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রিন্স সৌদিয়া পরিবহনের যাত্রী বিল্লাল হোসেন ও তার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, হঠাৎ বাস ধর্মঘটের বিষয়টি আমাদের জানা ছিল না। পরিবার নিয়ে ঢাকায় যাব। এখন বাধ্য হয়ে পুদয়ার বাজার বিশ্বরোড থেকে চট্টগ্রামের বাসে করে ঢাকা যেতে হচ্ছে। চকবাজার ও শাসনগাছা বাস স্টেশনেরও ছিল একই চিত্র। যাত্রীরা বাস না পেয়ে সিএনজি অটোরিকশায় চড়ে মহাসড়কে বাসের জন্য ছুটে যাচ্ছেন। এভাবে দুপুর পর্যন্ত নানা বয়সের হাজারো যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক বলেন, বিষয়টি নিয়ে আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। কুমিল্লার পরিবহন নেতাদের একটিই দাবি ‘আইদি পরিবহনের’ বাস জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢুকতে পারবে না। আমরা আইদিকে বিকল্প স্থান পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস চালানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এতে উভয়পক্ষ রাজি হওয়ায় দুপুরে ধর্মঘট স্থগিত করা হলে বাস চলাচল স্বাভাবিক হয়।

 

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন আরও ৫ জন

ডেস্ক রিপোর্ট:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেরার বিষয়টি এক বক্তব্যে তিনি নিজে নিশ্চিত করেছেন। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী-কন্যাসহ আরও পাঁচজন।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, এরই মধ্যে তিনি বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২০ ফ্লাইটে টিকিট বুকিং করেছেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ছয়টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

ঢাকায় অবতরণের আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রা বিরতি করবে।

সূত্র জানায়, এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও পাঁচজন সফরসঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে আছেন তারেকের স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা জারনাজ রহমান।

এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনেরও টিকিট বুকিং রয়েছে। টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬ লাখ টাকা।

জোবায়দা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তবে বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, তিনি ঢাকায় অবস্থান করলেও ২০ ডিসেম্বর লন্ডন ফেরার কথা রয়েছে। ধারণা করা যাচ্ছে, লন্ডন ফেরার দুদিন পরেই আবার তিনি তারেক রহমানের সঙ্গী হয়ে দেশে ফিরবেন।

​কুমিল্লায় ৬২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত এসব শাড়ির আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা।

বৃহস্পতিবার নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় কুমিল্লার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলায় এ অভিযান চালানো হয়।

​অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, ১০ বিজিবির আওতাধীন শিবের বাজার বিওপি এবং বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। সীমান্তের ৮ কিলোমিটারের অভ্যন্তরে কবিরাজ বাজার এবং টিক্কারচর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এই ভারতীয় শাড়ির চালানগুলো আটক করা হয়।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানান, জব্দকৃত মালামাল প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বিশেষ অভিযানের মাধ্যমে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে র‌্যাব।

বুধবার র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর (মিস্ত্রি পুকুরপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আরিফ হোসেন (২৯), মো. সোহাগ মিয়া (২৭) ও মো. শাফি (১৯) নামে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতো।

র‌্যাব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় গত এক বছরে বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতারের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও সহিংস অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

হোমনায় থানা হেফাজতে নারী আসামির আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনায় থানা হেফাজতে হামিদা ওরফে ববিতা (৩২) নামে এক নারী আসামির আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হোমনা থানার ‘নারী ও শিশু সহায়তা ডেস্ক’ রুমে এই ঘটনা ঘটে। নিহত হামিদা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সকালে হামিদা তার সতীনের ছেলে সায়মনকে (১১) ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। ছুরিকাঘাতে শিশুটির পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা হামিদাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই আহত সায়মনের চাচা স্বপন মিয়া বাদী হয়ে হামিদাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার জানায়, বৃহস্পতিবার সকালে হামিদাকে আদালতে সোপর্দ করার কথা ছিল। হামিদার সঙ্গে তার ৪ বছরের একটি ছোট বাচ্চা থাকায় তাকে হাজতখানায় না রেখে থানার ‘নারী ও শিশু সহায়তা ডেস্কে’ রাখা হয়েছিল। সেখানে তার সঙ্গে অন্য নারী আসামি এবং নারী গ্রাম পুলিশও পাহারায় ছিল। এর মধ্যেই বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সবার অগোচরে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

থানা হেফাজতে মৃত্যুর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করে। সহকারী পুলিশ সুপার জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহের সুরতহাল সম্পন্ন হবে। এরপরই ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।