All posts by jitu

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১০, বিএনপি অফিস ও ইসলামী পাঠাগার ভাংচুর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে তর্কাতর্কির জেরে জগন্নাথদীঘির পাড়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয় ও কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী পাঠাগার ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের ১০ জন। ভাংচুরের ঘটনায় বিএনপি ও জামায়াত একে-অপরকে দোষারোপ করছে।

সোমবার বিকেলে ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, জগন্নাথ ইউনিয়নের বিজয়করা পূর্ব পাড়া প্রকাশ হইল্লাপাড়ার আরব হোসেন রাজু নামের বিএনপির এক সমর্থক ফেসবুকে বিতর্কিত পোস্ট ও রোববার বিকেলে স্বেচ্ছাসেবকদলের কর্মী সভায় উৎসকানিমূলক বক্তব্য এবং মিথ্যাচারের প্রতিবাদে সন্ধ্যায় জগন্নাথদীঘি দীঘির পাড়ে স্থানীয় জামায়াত সমর্থকরা শহীদ জিয়া স্মৃতি সংসদে বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলতে যায়।

এ সময় উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদের নেতৃত্বে কয়েকজন উশৃঙ্খলভাবে স্লোগান দিয়ে জামায়াত সমর্থকদের উপর চড়াও হয়। এর প্রতিবাদে জামায়াত সমর্থকরা তাদের উপর হামলা করলে রফিক মেম্বার, তপনসহ ৮-১০ জন কয়েকজন আহত হয়। এছাড়াও বিএনপির সমর্থক আরব হোসেন রাজুর বাড়িতে হামলা করা হয়। পরে উপজেলা ছাত্রদলের সেক্রেটারী আবির চৌধুরীর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা জামায়াত কর্মী ইসমাইল হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে। আহতদের অধিকাংশই বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। জগন্নাথে হামলার প্রতিবাদে উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে একটি গ্রুপ রাজার বাজার ইসলামী পাঠাগার ভাংচুর করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন বলেন, ‘কথা কাটাকাটির জের ধরে স্থানীয় লোকজন জগন্নাথদীঘির পাড়ে বিএনপি একটি অফিস ভাংচুর করে। পরে ছাত্রদলের হামলায় জামায়াত সমর্থক ইসমাইল হোসেন আহত হয়েছে। এছাড়া তারা কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী পাঠাগার ভাংচুর করেছে। শান্ত চৌদ্দগ্রামকে অশান্তের পাঁয়তারা বন্ধসহ এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি’।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, ‘আমরা স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা করছি। কিছু দুস্কৃতিকারী সার্বিক পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে। রোববার রাতে জামায়াতের নেতাকর্মীদের হামলায় আমাদের ৮-১০ জন আহত হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

কুমিল্লা ডায়াবেটিকস হাসপাতালে ভুল চিকিৎসায় ওমান প্রবাসীর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলায় ওমান প্রবাসী মো. ইয়াসিন মিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

শনিবার (২২ নভেম্বর) রাতে কুমিল্লা ডায়াবেটিকস হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মিয়া কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, ওমান থেকে ছুটি নিয়ে দেশে ফিরে ইয়াসিন মিয়া একটি অপারেশন করানোর প্রস্তুতি হিসেবে ডায়াবেটিস চেকআপের জন্য হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন তাকে একটি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, মৃত্যুর পর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তড়িঘড়ি করে হাসপাতাল বন্ধ করে আত্মগোপনে চলে যান। এমনকি রোগীর চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্রও গায়েব করে ফেলা হয়, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিহতের পরিবার দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তারা জানান, সোমবার (২৪ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ নিহত পরিবারের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসার চেষ্টা করবে বলে জানা গেছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ১৭ বছর যুবসমাজ ভোট দিতে পারেনি: সেলিম মাহমুদ  

শাহাদাত হোসেন, মনোহরগঞ্জ:

কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন  মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম মাহমুদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য কর্নেল এম আনোয়ারুল আজিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে  প্রচারণা শুরু করেন ।

এতে অন্তত শতাধিক মোটরসাইকেল অংশ নেয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার  (২৪ নভেম্বর) সকাল ১০ টায় বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার বাইশগাঁও ইউনিয়নের  গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে বাইশগাঁও বাজারে   এসে শেষ হয়।

কর্মসূচিতে ইসলামী আন্দোলনের  বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের হাতে ছিল হাতপাখা  প্রতীকের প্ল্যাকার্ড । এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান সেলিম মাহমুদ ।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম মাহমুদ ।

তিনি বলেন, গত ৫৩ বছর আমাদের কাঙ্খিত মনের আশা কেউ পূরণ করতে পারেনি কোন সরকার।

‌‘আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই।’

তিনি বলেন -সারা দেশের মানুষ পরিবর্তনের পক্ষে মাঠে নেমে এসেছে। তারা সন্ত্রাস,দূর্ণীতি,চাঁদাবাজি, দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

তিনি বলেন -আজকের মোটর সাইকেল শোভাযাত্রা, আমাদের বিজয়ের প্রাথমিক জানান দেওয়া। ইনশাআল্লাহ, লাকসাম- মনোহরগঞ্জবাসি হাতপাখা মার্কায় ভোট দিয়ে চুড়ান্ত বিজয় করবেই।

এই সময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা- ৯ সংসদীয় আসনের সমন্বয়ক নেছার উদ্দিন সুমন, নির্বাচন পরিচালনা কমিটির আব্দুল জলিল, ১ নং বাইশগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাহবুব আলম, বাইশগাঁও ইউনিয়নের ইসলামী যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম , কুমিল্লা জেলা দক্ষিণ ও সহ প্রচার সমন্বয়- কুমিল্লা ০৯ সংসদীয় আসন, নির্বাচন পরিচালনা কমিটির মাওলানা জহিরুল ইসলাম,মাওলানা জহিরুল ইসলাম,মাওলানা সানাউল্লাহ মোহাম্মদ মনির হোসেন ডাঃ হুমায়ুন কবির, ইকবাল মাহমুদ, কাউসার আলম,কামরুজ্জামানসহ প্রমুখ।

মেঘনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মেঘনা উপজেলা চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের শেষ প্রান্তে সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত ২ টার দিকে এ চুরি সংঘটিত হয়েছে।

ঘটনার সময় আব্দুল জলিলের ছেলে এবং সৌদি প্রবাসী ফাহাদ ছুটিতে বাড়িতে ছিলেন। তিনি জানান, রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা তাঁর মা, ছোট ভাই এবং তাঁকে বেঁধে ফেলে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে দুটি চৌচালা টিনের ঘর তছনছ করে তারা ১০ হাজার টাকা নগদ অর্থ, সৌদি আরবের তিন হাজার রিয়াল, তিনটি মোবাইল ফোন, প্রায় চার ভরি স্বর্ণালংকার এবং সাড়ে পাঁচ ভরি রুপার অলংকার লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরে স্বামীর হাতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খুন

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরে স্বামীর হাতে সাত মাসের এক অন্তঃসত্ত্বা স্ত্রী খুন হয়েছে। রোববার দিনের বেলায় হাইমচরে মেঘনা নদীর পশ্চিমে নীল কমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাড়ী কান্দিতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কাকলি বেগম।

এক ভিডিও সাক্ষাৎকারে স্বামী বলেন, আমার বউয়ের গর্ভে যে সাত মাসের বাচ্চা রয়েছে সেটা আমার নয়, সে বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।আমি সাংসারিকভাবে তাকে নিয়ে অশান্তিতে ছিলাম। আমার অগোচরে সে বিভিন্ন পরপুরুষের সঙ্গে মেলামেশা করতো। আমি তার এই অনৈতিক কর্মকাণ্ডকে মেনে নিতে না পেরে তাকে ধান ক্ষেতের পাশে নিয়ে হাত পা বেঁধে হত্যা করি।

ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়ির এস আই কবিরসহ সঙ্গীয় ফোর্স ধান খেত থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে গ্রেফতার করে।

নীলকমলের চেয়ারম্যান মনির শিকদার জানায়, খুনের খবর শুনে আমি ঈশান বালা বাহেরচর পুলিশ ফাঁড়িকে অবগত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং ঘাতক স্বামী জহিরুলকে গ্রেফতার করে।

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধ হয়ে বৃদ্ধ নিহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরফোজ আলী একই গ্রামের চারুহাটি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।

জানা গেছে, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘরও। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, মাগুরহাটি এলাকার একটি জমি নিয়ে ধন মিয়া ও কালু মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে গত শনিবার ও রোববার দুপুরে আবারও দুই গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চান্দিনায় বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় শিপন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন ওই উপজেলার মহরম গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশার একজন রিকশাভ্যান চালক ছিলেন।

নিহতের মামা কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকামুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিপনের।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু নিহতের মরদেহ বা গাড়ি কিছুই পাওয়া যায়নি। নিহতের বাড়ি কাছাকাছি থাকায় স্বজনরা মরদেহটি নিয়ে যায়।

চাঁদপুরে নিখোঁজের ৫ দিন পর কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট দর্জিবাড়ি এলাকায় ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ হওয়ার ৫ দিন পর ফারজানা আক্তার ফাতেমা (১২) নামে কিশোরীর অর্ধগলিত মরদহ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল হোসেন।

জানা যায়, ফারজানা চাঁদপুর শহরের ৫ নম্বর কয়লাঘাট আবুল মিজির টিনশেড বাড়ির ভাড়াটিয়া মো. আলী হোসেন মৃধার মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার পশ্চিম কাউনিয়া গ্রামে।

স্থানীয়রা জানায়, সকালে একজন জেলে কচুরিপানার সঙ্গে কিশোরীর মরদহ দেখে পাড়ের লোকজনকে জানান। তারা থানায় বিষয়টি অবহিত করলে নৌ পুলিশ এসে দুপুরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। এই সময় কিশোরীর পিতা আলী হোসেন ঘটনাস্থলে এসে তার পরনের পোশাক দেখে মরদেহ সনাক্ত করেন।

আলী হোসেন বলেন, ‘গত বুধবার (১৯ নভেম্বর) বিকেলে তার মেয়ে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।’

চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন আজাদ জানান, ‘গত বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর পুরান বাজার এলাকায় ট্রলারচালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর পাশের ট্রলারের চালকেরা মনিরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।’

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল হোসেন জানান, ‘ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।’

এদিকে সংবাদ পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে আটক ২ রোহিঙ্গা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পাসপোর্ট করার চেষ্টা করার সময় এক রোহিঙ্গা তরুণীসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক রোহিঙ্গা তরুণীর নাম হাজেরা বেগম (১৭)। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মুক্তার আহমদের মেয়ে। তার সঙ্গে আটক ইমন মিয়া (১৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুরা এলাকার ফুল মিয়ার ছেলে। তিনি হাজেরার ভাই পরিচয় দিয়েছিলেন।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, বয়স কম হওয়ায় হাজেরা বেগমের অভিভাবকের বিষয়ে জানতে চাইলে তিনি অসঙ্গতিপূর্ণ তথ্য দেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, তার জন্মনিবন্ধন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হলেও স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের ‘কালন মিয়ার মেয়ে সুফিয়া আক্তার’ হিসেবে দেওয়া আছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার আসল পরিচয় রোহিঙ্গা এবং একটি চক্রের সহায়তায় পাসপোর্ট করতে এসেছেন।

অফিস কর্তৃপক্ষ হাজেরা বেগমকে আটক করার পর ইমন মিয়া ভাই পরিচয়ে হাজির হলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার সংশ্লিষ্টতা পাওয়ায় দুজনকেই পুলিশে সোপর্দ করা হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লার গাইনি চিকিৎসকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলীর মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

মৃতের বড় ভাই মনজুরুল আজীম পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কয়েক দিন আগে কাকলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এ সময় তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার দ্রুত অবনতি হলে শনিবার তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোববার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. কাকলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লায়। রোগী, সহকর্মী, স্বজন—সবার মুখেই বিষাদের ছাপ। মানবিক চিকিৎসক হিসাবে পরিচিত কাকলী বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন। চিকিৎসার পাশাপাশি তিনি ছিলেন অধুনা থিয়েটারের সদস্য। গান শুনতে ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসতেন তিনি।

স্বজনরা জানায়, তার লাশ আপাতত হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র কন্যা তুর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লার কনসালট্যান্ট ছিলেন।