All posts by jitu

ফেনীতে যুবদল নেতার হামলায় আহত ৩ পুলিশ

ডেস্ক রিপোর্ট:

ফেনীর পরশুরামে একটি মামলার অভিযোগ তদন্ত করতে গিয়ে যুবদল নেতা রাজিব মজুমদারের হামলার শিকার হয়েছেন এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য।

শুক্রবার দুপুরে পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ার গুনাগাজী মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পরশুরাম মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুন্না দে, কনস্টেবল নাজমুল ইসলাম ও রুহুল আমিন।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ কোলাপাড়া গুনাগাজী মজুমদার বাড়ির নাসির উদ্দিনের স্ত্রী শেফালি আক্তার পারিবারিক বিরোধ ও মারধরের অভিযোগ তুলে তার প্রতিবেশী বনবিভাগের উপজেলা রেঞ্জ অফিসে কর্মরত ফারুক মিয়া, তার ছেলে যুবদল নেতা রাজিব মজুমদার ও পৌর ৫ নাম্বার ওয়ার্ড যুবদলের সদস্য সচিব এমাম হোসেন ফয়সালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে তদন্ত করতে তিন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। এ সময় অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ফারুক। কথা কাটাকাটির একপর্যায়ে ফারুক ও তার ছেলেরা পুলিশকে ‘তোরা গুন্ডা নাকি’ বলে লাঠি ও ছুরি নিয়ে আক্রমণ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ কনস্টেবল নাজমুল ইসলামকে পিঠে ছুরিকাঘাতসহ তাদের পোশাক ছিঁড়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

আহত উপ-পরিদর্শক মুন্না দে জানান, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে গেলে বিনা উসকানিতে আমাদের ওপর হামলা করা হয়েছে। হামলায় জড়িত ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এ ব্যাপারে ‎পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানায়, পুলিশের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক বলেন, হামলাকারীরা বিএনপির পদধারী নেতা। পারিবারিক বিরোধের সূত্র থেকেই থানায় অভিযোগ হয়েছে। পুলিশ তদন্তে যাওয়ার পর যে হামলার ঘটনা ঘটেছে তা আমি শুনেছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগ পেয়ে তদন্তে গিয়েছে। তাদের ওপর হামলা করার বিষয়টি সমর্থন করা যায় না। পুলিশ তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সদর দক্ষিণে কিশোর গ্যাংয়ের চুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কুমিল্লা সদর দক্ষিণের আব্দুল্লাহপুরে রাব্বি ও পারভেজ নামের দুই কিশোর গ্যাংয়ের চুরিকাঘাতে আহত প্রবাসী আবু বকরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত প্রবাসী আবু বকর সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ারের মেয়ের জামাই এবং চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ারের মেয়ে সুমাইয়া আক্তার সুইটির সঙ্গে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে প্রবাসী আবু বকরের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর গত শনিবার আব্দুল্লাহপুর শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন আবু বকর। সন্ধ্যায় পার্শ্ববর্তী অলিরবাজার থেকে শ্বশুরবাড়ি ফেরার সময় আব্দুল্লাহপুর গ্রামের কিশোর গ্যাং ফজলে রাব্বি ও পারভেজের সাথে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শ্যালক শান্তর বাকবিতন্ডা হয়। কিশোর গ্যাং সদস্যরা শ্যালক শান্তকে মারধর করলে প্রতিবাদ জানায় সদ্য বিবাহিত প্রবাসী আবু বকর।

শ্যালককে বাঁচাতে এগিয়ে আসলে কিশোর গ্যাং ফজলে রাব্বি ও পারভেজ আবু বকরের বুকে চুরিকাঘাত করে আহত করে। গুরুতর আহত অবস্থায় আবু বকরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করে। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে গত ৯ নভেম্বর কিশোর গ্যাং কর্তৃক স্বামী আবু বকরকে চুরিকাঘাতের ঘটনায় রাব্বি ও পারভেজকে আসামী করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় স্ত্রী সুমাইয়া আক্তার সুইটি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্বশুর দেলোয়ারসহ স্বজনরা।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানায়, আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা করার অভিযোগে কুমিল্লায় ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:

গত ১১ নভেম্বর সদর দক্ষিণ থানা এলাকায় অগ্নিসংযোগ করে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম করার অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার আবু সাঈদের ছেলে মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহসিফ রেজা আকাশ (২২), লালমাই উপজেলার ভুলইন ইউনিয়নের বেতাগাও ০৪ নং ওয়ার্ডের বেতাগাও এলাকার সাজেদুল হক ভুঁইয়ার ছেলে লালমাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেখার আলম ভূইয়া প্রকাশ অমিত (২৫) এবং কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার ফজলুল হকের ছেলে যুবলীগের সদস্য আজহারুল ইসলাম (৪০)।

দেবীদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ইউছুফপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ নামে মাত্র ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

নিহত হাফেজ দেবীদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) গ্রামের ওমান প্রবাসী মো. আলী হোসেনের ছেলে। সে দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্র জানান, শুক্রবার সকালে মা’ কুলসুম বেগমের হাত ধরে মুরাদনগরের ঘোষঘর গ্রামে খালার বাড়ি যাওয়ার উদ্দেশে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ছোট হাফেজ। মায়ের পাশে দাঁড়িয়েই চুপচাপ চিপস খাচ্ছিল সে। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনার ঘটনায় নিহতের চাচা অটোরিকশা চালক মো. নবী হোসেন বাদী হয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মীরপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আনিসুর রহমান জানায়, ঘাতক ট্রাক ও শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

স্টাফ রিপোর্টার:

জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসান। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, তৃতীয় ধাপে দেশের আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর আওতায় চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলার ডিসিদের রদবদল করা হয়েছে।

চান্দিনায় চার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

হাসিবুল ইসলাম সজিব:

কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

পরিদর্শনে দেখা যায়, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বৈধ লাইসেন্স নেই, মূল্য তালিকা বাংলায় লেখা হয়নি, ল্যাবে প্যাথলজিক্যাল ফ্রিজ ও কালার কোড বিনের ব্যবস্থা নেই, এক্সরে রুমে টেকনিশিয়ান অনুপস্থিত, ডেঙ্গু রোগী শনাক্ত হলেও স্বাস্থ্য বিভাগে অবহিত করা হয়নি, এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানে ডাক্তার, টেকনিশিয়ান ও ক্লিনার পর্যন্ত নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অভিযানে যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ইবনে সিনা হাসপাতাল, নিউ চান্দিনা মেডিকেল সেন্টার (বা ইনসাফ কমিউনিটি হাসপাতাল), একটি ভূমিয়া নামীয় বেসরকারি হাসপাতাল এবং দোয়া ডায়াগনস্টিক সেন্টার।

অভিযান পরিচালনা করেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর।

তিনি বলেন, “বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সাত দিনের মধ্যে ত্রুটিসমূহ সংশোধন করে সিভিল সার্জন অফিসে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।”

তিনি আরও জানান, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলা জুড়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান চলবে।”

কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

কুমিল্লা-৪ আসন হচ্ছে জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। এটি দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।

চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিনকে প্রতিবন্ধী বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা

মাসুদ হোসেন, চাঁদপুর:

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও জেলা প্রশাসক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় বিদ্যালয় মিলনায়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আজ আমি সত্যি আবেগআপ্লুত। আমি যেটা বুঝি সেটি হলো এদেরকে নিজের মতো করে দেখা। প্রতিবন্ধিদের পাশে সমাজের বৃত্তবানরা এগিয়ে আসতে পারেন৷ তাদের পাশে থাকা। তাঁদেরকে খেলাধুলাসহ নাচ গান আবৃত্তি সবকিছুতেই তাদেরকে সুযোগ দেয়া উচিত। তাঁদেরকে লালন করা উচিত। আপনারা যারা শিক্ষক হিসেবে তাঁদেরকে সময় দিচ্ছেন তারা কিন্তু সত্যিকারের ভালো কাজ করছেন।

তিনি বলেন, আপনারা কিন্তু দুনিয়া ও আখেরাতের কাজটাই করে যাচ্ছেন। পিতা-মাতা যেটা পারেনি, আপনারা শিক্ষকরা সেটা করে যাচ্ছেন, এটি সত্যিই কল্পনার বাইরে। এরাও কিন্তু রাষ্ট্রের সম্পদ। আপনারা তাঁদেরকে খেলাধুলাসহ সবকিতেই তাদেরকে গুরুত্ব দিবেন। বাসায় টেক কেয়ার করবেন, আপনার অন্যান্য সন্তানদের মতোই। এখনে যারা শিক্ষকরা রয়েছেন আপনাদের অবদান ভূলার মতো নয়। আপনারা শেষ পর্যন্ত এদের পাশে থাকবেন এটাই আমি প্রত্যাশা করি।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য সোহেল রুশদী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ইসমাইল তপাদার কাঞ্চন, চাঁদপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সুইট কমিটি চাঁদপুর শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার আবুল বাশার, সদস্য বীর মুক্তিযোদ্ধা সানাউল্ল্যাহ, সুইট কমিটির চাঁদপুর শাখার অর্থসচিব হাসানুজ্জামান ভূইয়া, সদস্য মিজানুর রহমান বাবুল, সহকারি শিক্ষক মো: মোরশেদ আলম খান সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও প্রধান শিক্ষিকা ও শিক্ষকবৃন্দ।

এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিক। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷

ডাকাতি প্রস্তুতিকালে ১৭ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা উপজেলার কেরনখাল কাঠবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, একটি মাইক্রোবাস ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফারুক ওরফে জজ মিয়া (৩৭), বাবুল ওরফে সেলিম (৪৮), সুজন চন্দ্র সরকার (২৫) এবং আব্দুর রশিদ (৫৫)। এদের মধ্যে ফারুক ওরফে জজ মিয়ার বিরুদ্ধে ১৭টি মামলা, বাবুলের বিরুদ্ধে ১টি মামলা এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় আনোয়ার হোসেন প্রকাশ এমান(৩৮) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত পিতা-পুত্র। পরে গোপন দফারফা করে লাশ দাফনের প্রস্তুতির সময় থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে। নিহত এমান একই গ্রামের ওসমান মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে ফারুক মিয়া বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। গত মঙ্গলবার সকালে ফারুক প্রকাশ্যে মাদক সেবন করলে এমান বাধা দেয়। এতে ক্ষীপ্ত হয়ে এমানকে এলোপাতাড়ি পিটাতে থাকে। এ সময় যোগ দেয় তার বাবা মফিজুর রহমানও। পরে এমানের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে পিতা-পুত্র পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন এমানকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এমানের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এমানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ওই গ্রামের প্রভাবশালী মহল এমানের পরিবারকে হত্যার ঘটনায় মামলা না করতে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে জোরপূর্বক প্রভাবশালী মহল ফারুকের পরিবারের আপোষ রফার জন্য বৈঠক বসে। এ সময় খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

এমানের ভাগিনা মোঃ রিয়াদ বলেন, আমার মামা নির্মাণ শ্রমিক ছিল। মঙ্গলবার ফারুক ও তার বাবা মফিজুর রহমান মামা এমানকে পিটিয়ে গুরুতর আহত করে। কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। শুনেছি, মাদক সেবনে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র তাকে হত্যা করা হয়েছে’।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, এমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা করছে বলে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলায় রুজু হবে। অভিযুক্তদেরকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে’।