Tag Archives: ডাকাতি

পুলিশের অভিযানে আস্থা ফিরছে কুমিল্লাবাসির: এক মাসে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলায় ১,৩৮২ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
গত এক মাসে কুমিল্লা জেলায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে এসেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের ন্যায় কুমিল্লা জেলায়ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যায়। হামলা-ভাঙচুর, লুটপাট, দখলবাজি অহরহ ঘটতে থাকে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের নভেম্বর মাস পর্যন্ত কুমিল্লা জেলায় অপরাধ প্রবণতা প্রকট আঁকার ধারণ করে। এ সময়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জেলার বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ করে । এসব অপরাধ দমনে বিগত সময়ে পুলিশের অভিযান পর্যাপ্ত ছিল না বলে অনেকেই মনে করেন। কিন্তু গত ডিসেম্বর মাসে নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের যোগদানের পর দৃশ্যপট দ্রুত পরিবর্তন হতে থাকে। জেলা পুলিশ, ডিবি পুলিশ পূর্বের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে অপরাধ দমনে গ্রেপ্তার অভিযান বহুলাংশে বৃদ্ধি পায়। যা গত এক মাসের গ্রেফতার অভিযানের পরিসংখ্যান দেখলেই সহজে অনুমান করা যায়। ফলে বিগত এক মাস ধরে জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের কার্যক্রমও দেখা যায়নি।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এর নির্দেশে গত এক মাসে জেলাজুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলিও উদ্ধার করে।

শুক্রবার (৯ জানুয়ারি) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ১৮৫ জন, ডেভিল হান্ট ফেজ টুতে-৪২৬ জন, ডাকাতির ঘটনায় জড়িত ২১ জন, নিয়মিত মামলায় ৭৫০ জন আসামি রয়েছে। এ সময় পুলিশ ৮০১ কেজি গাজা, ৪৫ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করে । এছাড়া মাদক পরিবহন কাজে ব্যবহৃত ২টি পিকআপ, একটি বাস, দুটি ট্রাক, দুটি সিএনজি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি পিকআপ ও একটি ট্রাক জব্দ করা হয়। ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণ ও কৃষকের ৮ টি গরু উদ্ধার করা হয়।
এছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তলসহ ৪ টি পিস্তল, ৪টি এলজি, ১টি পাইপ গানসহ বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

পুলিশের সক্রিয়তা জনমনে অনেকটাই প্রশান্তি এনে দিয়েছে। যদিও পুলিশের কাছে মানুষের চাহিদা আরো অনেক বেশি। তারপরেও গত এক মাসে কিছুটা হলেও পুলিশে আস্থা ফিরেছে জনগণের। বেশ কয়েকজনের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।

চকবাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ি কামাল হোসেন জানান, গত এক মাস ধরে শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত অনেকটাই কমে গেছে। পুলিশ সক্রিয় হয়েছে, কিশোর অপরাধিরাও আত্মগোপনে চলে গেছে। পুলিশের কাছে এমন সক্রিয়তাই মানুষ আশা করে। আইনশৃংখলা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে।

কান্দিরপাড়ের ব্যবসায়ি আলমগীর হোসেন জানান, বর্তমান পুলিশ সুপারের যোগদানের পর পুলিশের মাঝে এখন সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অপরাধ কমছে। আশা করি পুলিশ আরো ভাল কাজ করবে।

ভিক্টোরিয়া কলেজের বিএসএস শাখার শিক্ষার্থী ইয়াছিন রাফান জানান, গত ২০/২৫ দিনে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। অপরাধ কর্মকান্ড কমতে শুরু করেছে। অপরাধিরা ভয়ে আছে। পুলিশের কাছে মানুষ এমনটাই আশা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক সুশীল সমাজের এক নাগরিক জানান, পুলিশের মাঝে কাজের গতি বেড়েছে, এটা ভাল দিক। তবে পুলিশকে তাদের নিজের মত কাজ করতে দিতে হবে। পুলিশ অপরাধি আটক করবে আর সেই অপরাধিকে ছাড়িয়ে আনার জন্য রাজনীতিবিদরা তদবির করবে, তা হওয়া উচিত নয়। আবার জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও পুলিশকে খেয়াল রাখতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। নতুন পুলিশ সুপার যোগদান করেই ভাল সফলতা দেখাচ্ছেন। তাকে আরো সময় দিতে হবে। যাতে তিনি কুমিল্লার মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে পারেন।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, পুলিশ জনগণের সেবক। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। তাই জনগণের নিরাপত্তার স্বার্থে  বিভিন্ন  অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ করতে এই অভিযান আরো জোরদার করা হবে।

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে চালকদের মহাসড়কে মানববন্ধন

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে চালকদের মহাসড়কে মানববন্ধন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন হালকা যান চালক মালিক সমিতির সদস্যরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঘণ্টাখানেকের মতো সময় সড়ক অবরোধ করে রাখায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে বেলা ১১ টায় সড়ক অবরোধ করলে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনায় বসেন। অভিযোগগুলো প্রতিকারে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

মানববন্ধন এবং অবরোধে ঢাকা এবং কুমিল্লার বিভিন্ন উপজেলার ব্যানারে অংশ নেয় বেশ কিছু সংগঠন। লাকসাম রেন্ট এ কার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেন , আমরা সড়ক মহাসড়কে গাড়ি চালাই, মহাসড়কে অনেক ডাকাতি হচ্ছে, আমাদের চালকদেরও ডাকাতরা ছাড়ছে না। আমাদের কোন নিরাপত্তা নেই। গত ৪/৫মাস যাবৎ খুব বেশি হচ্ছে বলেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

ঢাকার রেন্ট এ কারের চালক কুমিল্লার বরুড়া উপজেলার নেয়ামত উল্লাহ বলেন, ঢাকা থেকে অনেক চালক আজ মানববন্ধন করতে ইলিয়টগঞ্জ আসছি।
মহাসড়কে দীর্ঘদিন যাবত দূরপাল্লার ছোট গাড়িগুলোকে টার্গেট করে ডাকাতি ও ছিনতাই হচ্ছে। বিশেষ করে যানজটের সময় মহাসড়কে পরিকল্পিতভাবে ডাকাতিতে অংশ নেয় দুর্বৃত্তরা। বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরেই গাড়ি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। আমার বাড়ী কুমিল্লায় হলেও ডাকাত ছিনতাইকারীর ভয়ে ভাড়া নিয়ে আসতে পারি না।

সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান, ঘটনাস্থলে গিয়ে চালকদের সাথে কথা বলেছি। ডাকাতি ছিনতাইয়ের পয়েন্ট চিহ্নিত করে এবং জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে টহল জোরদারে আমরা তৎপর রয়েছি। মহাসড়কে বিচ্ছিন্ন কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটার তথ্য আমাদের কাছে আছে।

কুমিল্লার চান্দিনায় বন্ধ ঘরের তালা ভেঙ্গে ডাকাতি, গ্রেফতার ২

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় বন্ধ ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মালামাল লুটে নেওয়ার ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

ডাকাতির ঘটনায় মঙ্গলবার (৬ জুলাই) রাতে চান্দিনা থানায় মামলা দায়ের করেছেন গৃহকর্তা অরুন চন্দ্র সরকার।

এর আগে সোমবার (৫ জুলাই) দিনগত রাত ৩টায় চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের থানাগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই আবুল হাসেমকে (৩০) আটকের পর তার দেওয়া তথ্যমতে বুধবার (৭ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে রুহুল আমিন (৪০) নামে অপর এক ডাকাতকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযানে লুন্ঠিত ৩৮ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, ১টি ট্যাব ও ১টি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

আটক ডাকাত আবুল হাসেম চান্দিনার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা গ্রামের আতিকুর রহমানের ছেলে এবং অপর ডাকাত রুহুল আমিন একই উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের জব্বার আলীর ছেলে।

গৃহকর্তা অরুন চন্দ্র সরকার জানান- প্রতিদিনের ন্যায় সোমবার রাত খাবার শেষে পরিবারের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ৩টার দিকে ডাকাতদল বারান্দার তালা ভেঙ্গে এবং ভিতরের দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে আমাদেরকে বেঁধে ফেলে। আমার ঘরে থাকা সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার, দেড় লক্ষ টাকা, ৩টি মোবাইল ফোন, একটি ট্যাব ও ১টি ডিজিটাল ক্যামেরা নিয়ে যায় ডাকাতদল। তারা পালিয়ে যাওয়ার সময় আমরা ডাক-চিৎকার দিলে আশ-পাশের লোকজন এবং গ্রাম পাহারায় থাকা লোকজন ছুটে এসে এক ডাকাতকে আটক করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- ৪ জন দস্যু ঘরে ঢুকে দস্যুতা করে মালামাল লুট করে। পরে গ্রাম পাহারায় থাকা লোকজন একজন আটক করার পর তার দেওয়া তথ্যমতে আরও এক দস্যুকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকলকেই আটক করা সম্ভব হবে।

ডাকাতির প্রস্তুতিকালে চান্দিনায় ৬ ডাকাত আটক

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

বুধবার (০২ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর রাস্তার মাথায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। চান্দিনা থানার এস আই গিয়াস উদ্দিন এর নেতৃত্বে ওই অভিযান হয়।

আটককৃতরা হলো- কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. জসিম এর ছেলে আরিফ (২১), ঘোড়ালিয়া গ্রামের নায়েব আলীর ছেলে মো. সামির (২৪), দেবিদ্বারের রসুলপুর গ্রামের ফিরোজ সওদাগরের ছেলে আবুল (৩০), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার হাতিরবোন গ্রামের মৃত আবু তাহের এর ছেলে মো. পারভেজ (২২), একই গ্রামের মৃত পাপন মিয়ার ছেলে সুমন (২০), চট্টগ্রামের বাকলিয়া উপজেলার রাজাখালী গ্রামের মো. আক্কাস এর ছেলে জসিম উদ্দিন (২৬)।

চান্দিনা থানার এস আই গিয়াস উদ্দিন জানান, আটককৃতদের কাছ থেকে সুইচ গিয়ার, রামদা, ২টি ছোরা, কুড়াল, রড কাটার সহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃতদের বিরুদ্ধে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৮ জন

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দেশীয় অস্ত্র, রামদা, লোহার রড, ছোরা ও পলসহ ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ওই এলাকায় কিছু ডাকাত সদস্য ডাকাতির পরিকল্পনা করছে। এ সময় আমাদের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৮ ডাকাতকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় নাসিরনগর থানায় ৮ জনকে আসামি করে ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কে বাড়ছে ডাকাতি

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে যাত্রীবাহী অটোরিকশায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সড়কের বড্ডাপাড়া (হেলিপ্যাড) এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।

দুলাল মিয়া (৩২) নামের এক যাত্রীকে মারধর করে নগদ টাকা মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ সড়কে চলাচলকারী যাত্রীরা জানায়, গত কয়েকদিন ধরে এ সড়কের বড্ডা পাড়া ব্রীজ থেকে শুরু হয়ে সরাইল কলেজের মোড় পর্যন্ত সম্প্রতি রাতের বেলায় ডাকাতি বেড়ে গেছে।

ডাকাতের কবলে পড়া দুলাল মিয়া জানান, গভীর রাতে চিকিৎসা শেষে স্ত্রী পারভিনকে (২৭) নিয়ে জেলা সদর হাসপাতাল থেকে নিজ বাড়ি কালিকচ্ছ মনিরবাগের উদ্যেশ্যে রওনা দেন। বিশ্বরোড মোড় থেকে ব্যটারি চালিত অটোরিকশা নিয়ে কালিকচ্ছ যাচ্ছিলেন। রাত ১২টার দিকে বড্ডাপাড়া হেলিপ্যাড বরাবর স্থানে গামছা দিয়ে মুখ বাঁধা ৪ জন লোক তাদের অটোরিকশাটি গতিরোধ করে। তাদেরকে মারধর করে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে। তাদের কাছে থাকা নগদ ২৯ হাজার ৭৩০ টাকা ও তিনটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয় ডাকাতদল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি। খুঁজ খবর নিয়ে দেখছি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নোয়াগাঁও পূর্বপাড়ার মো. মুর্তুজ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০) রাত সাড়ে ১০টার দিকে বাড়ির উদ্যেশ্যে বিশ্বরোড থেকে সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। রাত আনুমানিক ১১টার দিকে তাকে বহনকারী অটোরিকশাটি খাদ্য গুদামের বরাবর আসামাত্র ৮-১০ জনের মুখোশধারী এক দল ডাকাত গাছ ফেলে আটকে দেয়। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোহাম্মদ আলীর মুঠোফোন নিয়ে নেয়। সাথে থাকা ৩ হাজার টাকাও ছিনিয়ে নেয়। এর আগে গত ২৮ নভেম্বর একই জায়গায় রাত সাড়ে ১১টার দিকে শাহআলম মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে বহনকারী সিএনজিকে আটক করে সংঘবদ্ধ এক দল ডাকাত।