All posts by jitu

দুর্গাপূজা ঘিরে কুমিল্লায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা: র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর সাদমান

স্টাফ রিপোর্টার:

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে কুমিল্লা জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পূজা উৎসবকে ঘিরে উদ্ভূত যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে।

মেজর সাদমান বলেন, “পূজা মণ্ডপে র‍্যাবের নিয়মিত টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ এবং জরুরি প্রয়োজনে মোবাইল টহল পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। কুমিল্লা শহরসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টহলের ব্যবস্থা থাকবে।”

মেজর সাদমান আরও জানান, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় র‍্যাব সবসময় অঙ্গীকারবদ্ধ। পূজার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য র‍্যাবের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

এবারের দুর্গাপূজায় কুমিল্লা জেলার ৮১২টিরও বেশি পূজা মণ্ডপ বসছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের সদস্যরা নিয়মিত টহল ও পর্যবেক্ষণে থাকবেন। পাশাপাশি, গুরুত্বপূর্ণ মণ্ডপে থাকবে কন্ট্রোল রুম, মেটাল ডিটেক্টর এবং হ্যান্ডহেল্ড স্ক্যানার।

সাংবাদিকদের মাধ্যমে মেজর সাদমান কুমিল্লার সাধারণ জনগণকে আহ্বান জানান, পূজার সময়ে সন্দেহজনক কিছু দেখলে বা কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে। “নিরাপত্তা শুধু বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এজন্য জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।

বিএনপি জনগণের আশা ও স্বপ্নপূরণে বদ্ধপরিকর: ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

সৌরভ মাহমুদ হারুন:

প্রধান উপদেষ্টার আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান, বিএনপি নেতা কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের গণমানুষের নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এদেশের অগ্রযাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের ধারা আরও কয়েক ধাপ এগিয়ে নেন। আর আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত, সুন্দর ও আদর্শ রাষ্ট্রে পরিণত হবে—এমনটাই স্বপ্ন দেখছে দেশের মানুষ। বিএনপি দেশ ও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে। তাই জনগণের আশা ও স্বপ্ন পূরণে বিএনপি বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার ২০ হাজারের অধিক ছেলে মেয়ে মাদকাসক্ত। এই মাদকাসক্তের জন্য বর্ডার এলাকায় রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে এবং বর্ডার এলাকাকে সিল করতে হবে। মাদকাসক্ত থেকে বাঁচাতে হলে শিক্ষার্থীদের কে শিক্ষানুরাগী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন এই অঞ্চলের জন্য একটি সাবরেজিস্টার অফিস করা হয়েছে তাদের দুঃখ লাগবের জন্য। অচিরেই আবার একটি থানা গঠিত করা হবে আইনী সলবা দ্রুত পাওয়ার জন্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর স্বাভাবিক থাকার জন্য থানার জরুরি ভিত্তিতে প্রয়োজন।

শুক্রবার ১৯ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের রামচন্দ্র পুর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি জনগনের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

আগামীতে জনগণ আমাকে নির্বাচিত করলে এখানকার মানুষের ভোগান্তি দূর করতে রাস্তা ঘাট অবকাঠামো নির্মাণ উন্নয়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন— ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূইয়া, এডভোকেট মোর্শেদ আব্দুল্লাহ আল মামুন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া, সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক জিএস মাহবুবুর রহমান ভূইয়া দিদার, সাবেক যুবদল আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম লাভলু, বুড়িচং প্রবাসী ফোরামের সহসভাপতি ও ওমান ভারকা বিএনপির সেক্রেটারি খন্দকার মহসিন কবির, বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, বাকশীমুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ব্লেক, সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আকরাম হোসেন, মফিজুল ইসলাম, আবুল বাসার, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, খোরশেদ আলম লাভলু, মোস্তফা কামাল, ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া, নাজমুল হাসান, মো. আলী, এরশাদুল ইসলাম এরশাদ, গাজী মো. ইসরাফিল। এসময় দুই উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুবির শরীয়তপুর স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নুরে আলম-মোক্তার

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আগামী এক বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নুরে আলমকে সভাপতি এবং মো. মোক্তার হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। তারা দু’জনেই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মেরিনা আক্তার, সহ-সাধারণ সম্পাদক শিশির আহমেদ সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, উপ-যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আজম, সাংগঠনিক সম্পাদক সুমন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া শেখ, অর্থ বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, উপ-অর্থ বিষয়ক সম্পাদক সৈকত হাসান জয়, প্রচার সম্পাদক মো. সুমন আহমেদ, উপ-প্রচার সম্পাদক মো. শান্ত, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন হৃদয়, উপ-দপ্তর সম্পাদক সৈয়দ রাসেল, শিক্ষা বিষয়ক সম্পাদক রিমা, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাকিব আল হাসান, ইসমত আরা মিমি, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক রেজওয়ানুল আমিন সিয়াম, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসান।

এছাড়াও মো. আবু হানিফ, হামিদুর রহমান রবিন, মনিরা ইসলাম, উম্মে খাদিজা মিম, মো. জোনায়েদ, সানজিল ও সাজিদ প্রমুখ কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুড়িচংয়ে ৩০০ বছরের পুরনো সড়ক বন্ধের পাঁয়তারা: গ্রামবাসীর অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া গ্রামে প্রায় ৩০০ বছর পুরনো একটি সড়ক বন্ধের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসী দাবি করেছেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঐতিহ্যবাহী সড়কটি বন্ধ করতে চাচ্ছে, যা এলাকার মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি করবে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ দুলাল হোসেন সম্প্রতি বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কোদালিয়া গ্রামের বাসিন্দারা জানান, এই সড়কটি দীর্ঘদিন ধরে কোদালিয়া ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষদের চলাচলের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সড়কটি এতটাই গুরুত্বপূর্ণ যে, গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে এবং নিজের অর্থায়নে এটি সংস্কার করে আসছেন।

আগে সড়কটির সলিং বসানোর কাজ শুরু হলেও, কিছু অদৃশ্য কারণে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যায়। পরে, এলাকার লোকজনের প্রচেষ্টায় সড়কটি পুনরায় সংস্কার করা হয়। যদিও এই সড়কটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল, কিন্তু বর্তমানে আবার একটি সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল হকের পরিবারের সদস্যরা এই সড়কটি বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। অভিযোগকারীরা জানান, আব্দুল হক এবং তার পরিবার এর আগেও একাধিকবার সড়কটির চলাচল বন্ধ করতে চেয়েছিলেন। তবে, এলাকার জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারা সফল হতে পারেননি এবং সড়কটি পুনরায় চালু করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আবারও একই মহল চেষ্টা চালাচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

কোদালিয়া গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে মোহাম্মদ দুলাল হোসেন বলেন, “এটা আমাদের জীবনের একান্ত প্রয়োজনীয় সড়ক। এই সড়ক বন্ধ করলে আমাদের জীবিকা এবং চলাফেরা সবকিছুই থমকে যাবে। আগে যেভাবে সড়কটি বন্ধ করা হয়েছিল, তা একদিকে যেমন আমাদের জন্য কষ্টের ছিল, তেমনি এভাবেই আবার যদি বন্ধ হয়, তাহলে আমাদের একমাত্র জীবনের সহজ রাস্তা বন্ধ হয়ে যাবে।”

গ্রামবাসীরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যেন এই সমস্যার দ্রুত সমাধান করা হয় এবং সড়কটি বন্ধ করার পাঁয়তারা থামানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, সড়কটি বন্ধ হলে তাদের শুধু দৈনন্দিন জীবনে সমস্যাই হবে না, বরং এলাকার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

কুমিল্লার হোমনায় মাজারে হামলা: ২২শ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনা উপজেলায় চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২২শ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে হোমনা থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিষয়টি শুক্রবার সকালে নিশ্চিত করেছেন হোমনার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি জানান, এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সকালে একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ লোকজন ওই দিন থানার সামনে জড়ো হয়ে অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে গ্রেপ্তার করে। এ ঘটনায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বাদী হয়ে থানায় পৃথক একটি মামলা দায়ের করেন। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

এরই মধ্যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষুব্ধ জনতা আছাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে অগ্নিসংযোগ এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সকালে সরেজমিনে আছাদপুর গ্রামে গিয়ে দেখা যায়, মামলা ও গ্রেপ্তারের আতঙ্কে গ্রামটি প্রায় পুরুষশূন্য। পুড়ে যাওয়া মাজারের সামনে অভিযুক্ত যুবকের মায়ের সঙ্গে কথা হয় সাংবাদিকদের। তিনি বলেন, “ছেলেকে তো পুলিশের হাতে তুলে দিলাম। এরপরও আমাদের মাজার ও ঘরে আগুন দেওয়া হলো কেন? পুলিশ কোনো নিরাপত্তা দিতে পারল না। এক কাপড়ে ঘর থেকে বের হয়েছি, কিছুই রক্ষা করতে পারিনি।”

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু যারা আইন হাতে তুলে নিয়ে মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, তাদের শনাক্ত করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে বিএনপির লিফলেট বিতরণ

সোহরাব হোসেন, দেবিদ্বার:

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীন নেতৃত্বে ওই লিফলেট বিতরণ করা হয়েছে।

লিফলেট বিতরণকালে উত্তর জেলা বিএনপির এএফএম তারেক মুন্সি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মাঝে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক সরকার, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি অয়ালিউল্লাহ সওদাগর, সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম ইমরান হাসান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম নিজামী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদরের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা ছাত্র দলের আহবায়ক শুভ হাজারী, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান শুভ, সদস্য সচিব নাজমুল হাসান ও সাবেক ছাত্রদল নেতা আক্তার হোসেন রবিন প্রমুখ।

চৌদ্দগ্রামে মাদরাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে পল্লী চিকিৎসক আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বছরের এক শিশুকে শ্লীলতাহানী ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. ইয়াছিন ডাক্তার নামে স্থানীয় এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ।

আটককৃত ইয়াছিন উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তরপাড়ার মৃত মইধর আলীর ছেলে ও স্থানীয় একতা বাজারের পল্লী চিকিৎসক। ভিকটিম একই ইউনিয়নের স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় ভুক্তভোগি শিশুর মা বাদী হয়ে থানায় মামলা (নং-৩০/১৬.০৯.২০২৫ খ্রি:) দায়ের করেছেন। আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ছানা উল্লাহ। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তরপাড়ায় ঘটনার দিন কিছু লোক মাছ ধরছিলো। এ সময় নানার বাড়ীতে বসবাস করা ভিকটিম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া পাটোয়ারী বাড়ির বাবলু পাটোয়ারীর মেয়ে হাবিবা আক্তার (৮) স্থানীয় পল্লী চিকিৎসক মো. ইয়াছিনের বাড়ীর পাশের ক্ষেতে মাছ ধরা দেখতে যায়।

এ সময় পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে ইয়াছিন তাকে জনৈক মাওলানা আব্দুল কাদেরের একটি পরিত্যাক্ত বাড়ীতে ডেকে নিয়ে যায় এবং গাছ থেকে ৩টি পেয়ারা পেড়ে শিশুটিকে দেয়। পরে কৌশলে তাকে ওই বাড়ির একটি পরিত্যাক্ত রান্নাঘরে নিয়ে গিয়ে সেখানে থাকা চৌকির উপর শোয়ায়। এ সময় সে শিশুটির পরনে থাকা জিন্স প্যান্ট খুলে তার শ্লীলতাহানি সহ তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

এ ঘটনায় শিশুটি জোরে চিৎকার দিয়ে উঠলে অভিযুক্ত ইয়াছিন শিশুটিকে ছেড়ে দেয়। পরে সে দৌড়ে ওই রান্নাঘর থেকে বেরিয়ে নিজ বাড়িতে চলে যায়। ঘটনার প্রায় এক সপ্তাহ পর ভিকটিম শিশু তার মাকে চাঞ্চল্যকর এ ঘটনাটি খুলে বলে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত পল্লী চিকিৎসক নিজ চেম্বারে না বসে আড়ালে চলে যান। বিষয়টি ধামাচাপা দিতে এলাকার সামাজিক প্রভাবশালী লোকজন কয়েক দফা বৈঠকে বসে।

পরে গত মঙ্গলবার বিকালে ভিকটিমের মা হাজেরা আক্তার বাদী হয়ে মো. ইয়াছিনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করিলে থানা পুলিশ বিষয়টি আমলে নেয় এবং তদন্ত সাপেক্ষে থানায় মামলা রুজু করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী হাজেরা আক্তার বলেন, ঘটনা সম্পূর্ণ সত্য। আমি থানায় মামলা করেছি। আসামীকে আটকের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত পল্লী চিকিৎসক মো. ইয়াছিন এর স্ত্রী নাছরিন সুলতানা কান্নাজিড়ত কন্ঠে মুঠোফোনে সাংবাদিকদের জানান, ঘটনাটি মিথ্যা ও বানোয়াট।

এ ঘটনায় আমাদের পরিবারের মান-সম্মান শেষ। যেহেতু থানায় মামলা হয়েছে এবং আমার স্বামীকে জেলহাজতে পাঠানো হয়েছে। সেজন্য আমরা আদালতের মাধ্যমে উনার জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আদালতের মাধ্যমেই বিষয়টি মোকাবেলা করা হবে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পেয়ে যাচাই-বাছাই করার পর ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সাথে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর কর্মকর্তা/কর্মচারীদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক পেরোল ব্যবস্থাপনা নিশ্চিত করবে প্রাইম ব্যাংক। কৌশলগত এই অংশীদারিত্ব শুধুমাত্র গ্রাহকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে না, ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আরও সহযোগিতার পথ সুগম করবে।

চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সাবেক চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর জাকারিয়া আহাদ।

এ সময় প্রাইম ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন- এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশনস মামুর আহমেদ; হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; রিলেশনশিপ অফিসার ধীমান বর্মন। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন- মোহাম্মদ সাইদুল আমিন, ম্যানেজিং ডিরেক্টর; আব্দুল্লাহ আল-মানসুর, এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি; মো. গাজিউর রহমান বখতিয়ার, ইভিপি ও হেড অব এইচআর; শাখাওয়াত হোসেন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার এবং আলিমা আক্তার খানম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল বীমা পলিসি ডক্যুমেন্ট প্রদানের সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা এখন থেকে বীমা আবেদনের ঝুঁকি পর্যালোচনা বা আন্ডাররাইটিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইমেইলের মাধ্যমে ডিজিটাল পলিসি ডক্যুমেন্ট পেয়ে যাবেন। এই উদ্যোগ দেশের বীমা খাতে গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

সাধারণত, বীমা আবেদনের ঝুঁকি পর্যালোচনার পর কাগজে প্রিন্ট করা পলিসি ডক্যুমেন্ট গ্রাহককে সরবরাহ করতে কয়েকদিন সময় লাগে। এই নতুন উদ্ভাবনের ফলে এখন গ্রাহকরা ২৪ ঘণ্টার মধ্যেই ইমেইলে ডিজিটাল পলিসি ডক্যুমেন্ট পাবেন, যা তাদের জন্য আরও অনেক সুবিধাজনক হবে। উল্লেখ্য, গ্রাহক কাগজে ছাপানো পলিসি ডকুমেন্টও পাবেন। গ্রাহকের প্রয়োজনীয় সব তথ্য পাওয়া সাপেক্ষে এই ডিজিটাল সেবা প্রদান করা হবে।

ডিজিটাল পলিসি ডক্যুমেন্টে থাকবে গ্রাহকের পূরণকৃত আবেদনপত্র, বীমা পলিসির বিস্তারিত তথ্য, একটি স্বাগত বার্তা এবং শর্তাবলি। অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক ডক্যুমেন্টের মতো, বীমা সম্পর্কিত ডক্যুমেন্টও সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ডিজিটাল চ্যানেল যুক্ত হওয়ায় এখন গ্রাহকরা আরও সহজে তাদের বীমা ডক্যুমেন্ট নিরাপদে সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারবেন।

“মেটলাইফে, আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য বীমা সহজ, দ্রুত এবং আরও সহজলভ্য করা। ২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল পলিসি ডক্যুমেন্ট ইস্যু চালু করে,  আমরা কেবল প্রক্রিয়াটি দ্রুততর-ই করছি না, সেই সাথে গ্রাহকদের বীমা অভিজ্ঞতায় নতুনত্ব নিয়ে আসছি। এই উদ্ভাবনটি সুরক্ষা এবং সুবিধার সমন্বয় করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায় এবং নিশ্চিত করে যে আমাদের গ্রাহকরা যেন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়সমূহে মনোনিবেশ করতে পারেন,” আলা আহমদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, মেটলাইফ বাংলাদেশ।

বাংলাদেশে মেটলাইফ প্রায় ১০ লাখ গ্রাহককে আর্থিক সুরক্ষা দিয়ে আসছে। মেটলাইফের বিস্তৃত জীবনবীমা সেবা এবং ডিজিটাল উদ্যোগ দেশের আর্থিক নিরাপত্তা ও আস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।

সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা

নিজস্ব প্রতিবেদক:

দেশে প্রথমবারের মতো সিটি ব্যাংকের গ্রাহকেরা নিজস্ব ব্যাকিং অ্যাপ ‘সিটি টাচ’ থেকে সরাসরি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পলিসি কিনতে পারবেন। নতুন এই ফিচারটির মাধ্যমে গ্রাহকেরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে বিভিন্ন ধরনের পলিসি সম্পর্কে জানা, তাৎক্ষণিক পলিসি কেনা, এমনকি ইন্স্যুরেন্স ক্লেইম জমা দিতে পারবেন। ইন্স্যুরেন্স খাতে এই নতুনত্ব প্রমাণ করে যে, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স একত্রিত হলে তা গ্রাহকদের জন্য আরও উন্নত সুবিধা এবং আর্থিক নিরাপত্তা দিতে পারে।

গার্ডিয়ান এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম এফসিএ বলেন, “ইন্স্যুরেন্সকে সবার জন্য সহজ করা একটি বড় চ্যালেঞ্জ, তবে জীবন ও স্বপ্নকে সুরক্ষা দিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনকে কাজে লাগিয়ে আমরা দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করছি। এ অংশীদারিত্বের ফলে গ্রাহকেরা খুব সহজেই অনলাইনে এখন তাদের ইন্স্যুরেন্স সংক্রান্ত বিভিন্ন কাজ করতে পারবেন।”

সিটি ব্যাংকের ডিএমডি এবং হেড অফ রিটেল ব্যাংকিং মোঃ অরূপ হায়দার বলেন, “সিটি ব্যাংকই প্রথম ব্যাংক যারা বাজারে ব্যাংকাসুরেন্স চালু করে। স্থানীয় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ডিজিটাল সমাধান আনার ক্ষেত্রেও আমরা এগিয়ে আছি। তাই ব্যাংকিং অ্যাপে সরাসরি বীমা পণ্য চালু করার ক্ষেত্রে অগ্রণী ব্যাংক হওয়া একটি স্বাভাবিক অগ্রগতি ছিল, যার ফলে আমাদের গ্রাহকদের বিস্তৃত পরিসরের আর্থিক সমাধান প্রদান করা হচ্ছে।”

গার্ডিয়ান সব সময় ইন্স্যুরেন্সকে আরও সহজলভ্য ও স্বচ্ছ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটি আধুনিক ও আন্তর্জাতিকমানের সেবার অনুশীলন অনুসরণ করে আসছে। ডিজিটাল প্ল্যাটফর্মের সূচনা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা এখন এ অংশীদারিত্বের মাধ্যমে আরও বিস্তৃত হয়েছে এবং এর ফলে বাংলাদেশের ডিজিটাল ইন্স্যুরেন্স খাতে গার্ডিয়ানের নেতৃত্ব আরও সুদৃঢ় হয়েছে।