All posts by jitu

কুমিল্লাসহ ১৩টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

ডেস্ক রিপোর্ট:

দেশের ১৩টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতামূলক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রদত্ত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া ও অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

চাঁদপুরে এক বাগানে উৎপাদিত বিশ্বখ্যাত ৫৭ জাতের আমের পরিচয়

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বিশ্ববিখ্যাত রং-বেরঙের বাহারি জাতের আমের সাথে চাঁদপুরে কর্মরত সাংবাদিকদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন কৃষি উদ্যোক্তা সাংবাদিক হেলাল উদ্দিন।

শনিবার (১৪ জুন) বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে ফ্রুটস ভ্যালীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিভিন্ন প্রজাতির আম সম্পর্কে সাংবাদিকদের মাঝে তুলে ধরেন।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ বিদেশ থেকে আম আমদানি করে থাকে। এখন থেকে আর আমরা আম আমদানি করবোনা বরং রপ্তানি করবো। বিদেশে আম রপ্তানিতে প্রধান শর্ত অনুযায়ী ফ্রুট ব্যাগিংয়ের ব্যবহার করা হচ্ছে এখানে। আম ফ্রেশ রাখতে ৫০ গ্রাম ওজনের সময় থেকেই এখানে ফ্রুট ব্যাগিং করা হচ্ছে। খরচ কমিয়ে কীভাবে আবহাওয়াকে কাজে লাগিয়ে উচ্চমূল্যের বিদেশি আম চাষে লাভবান হওয়া যায় সে তথ্য ছড়িয়ে দিতেই আমি কাজ করছি। বিশ্বের সবচেয়ে দামি আমের মধ্যে ২০ ধরনের আম এই বাগানে রয়েছে। গত বছর ফ্রুটস ভ্যালি এগ্রো থেকে ৪৭ জাতের আম প্রায় ৬ লাখ টাকায় বিক্রি করেছি। তবে এবার আরও ১০ জাতের আমের পরীক্ষামূলক চাষাবাদ বাড়িয়ে মোট ৫৭ জাতের আম এখানে উৎপাদন করে বিক্রির টার্গেট রেখেছি প্রায় ৮ লাখ টাকা।

তিনি আম সম্পর্কে সাংবাদিকদের বলেন, ভ্যালেন্সিয়া প্রাইড, লেমনজেস্ট, বেইলি মার্বেল, রোসারোসা, সানসেট, আতাউল্ফ, কারাবাও, আলফানসো, গ্লেইন, হাডেন, মায়া, সেনসেশন, অস্টিন, অস্টিন গোল্ড, আর-টু ই-টু, ক্যাংসিংটন প্রাইড, ঝিইল, টমি অ্যাটকিনস, রেড আইভরী, কিং অব চাকাপাত, মিয়াজাকি, জাম্বো রেড চাকাপাত, ব্ল্যাকস্টোন, থ্রিটেস্ট, কেন্ট, কেইট, পালমার (ফ্লোরিডা), চিলি ম্যাঙ্গো, কেষার, পুষা আম্বিকা, পুষা অরুনিমা, পুষা সুরাইয়া, মল্লিকা, তোতাপুরি, হানিডিউ, নামডকমাই, নামডকমাই সিমওয়াং, গোল্ডেন নামডকমাই, আপেল ম্যাঙ্গো, মহাচানক, চিলতাখাস, ক্যারিই, ওকরংথন (চায়নিজ), এসআর ম্যাংগো, কাটিমন, হানিডিউ, কিউজাই, ব্রুনাই কিং, ফ্রাংসিস, থাই কাঁচামিঠা, বারি-৪, গৌরমতিসহ বিভিন্ন জাতের আম চাষ করে সফল হচ্ছেন।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটার জমিতে গড়ে তোলা ‘ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো’তে ৫৭ জাতের বিদেশি আম চাষ করে সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা হেলাল উদ্দিন। শুধু আম নয়, তার বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ফলের সমাহার। বাগানজুড়ে দুই শতাধিক আমগাছের ডালে ঝুলছে রং-বেরঙের আম। আমের পাশাপাশি এখানে রয়েছে ১৭ জাতের সাইট্রাস, ২১ ধরনের আঙুর, ১২ প্রজাতির লংগান, ৪ প্রজাতির রাম্বুটান, ৭ প্রজাতির ড্রাগন ফল, ৪ জাতের লিচু, ৭ প্রজাতির অ্যাভোকাডো, ৬ প্রজাতির আতা, ৫ প্রজাতির আপেল, ম্যাংগোস্টিন, অ্যাপ্রিকট, করোসল, মাম্মি সাপুটে প্রভৃতি ফল। প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন তার এই অভিনব বাগান দেখতে।

সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল-ইমরান শোভন, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, এ কে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য জালাল চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, জি এম শাহীন, মির্জা জাকির, আল-ইমরান শোভন, মুনির চৌধুরী ও ফারুক আহমেদ সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‘লন্ডনের ঘোষণা ও এনসিপি-জামায়াতের গাত্রদাহ: গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক’

 

বিশেষ কলাম

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৫ সালের লন্ডন বৈঠক নিঃসন্দেহে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই বৈঠক জাতিকে দেখিয়েছে আশার আলো—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে এটি একটি সাহসী ও ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠেছে। ভবিষ্যতের জন্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের সরকার গঠনের স্বপ্ন এখান থেকে বাস্তবের পথে এগিয়ে যাচ্ছে।

একটি সময়োপযোগী ঘোষণা, একটি নৈতিক অঙ্গীকার

লন্ডন ঘোষণায় যে তিনটি মূল স্তম্ভ স্পষ্টভাবে উঠে এসেছে—বিচারব্যবস্থার সংস্কার, নির্বাচনী স্বচ্ছতা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা—তা দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাকেই প্রতিফলিত করে। এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি নৈতিক অঙ্গীকার; একটি সুনির্দিষ্ট ঘোষণা—যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে দৃঢ়তা ও ন্যায়ের সঙ্গে।

প্রতিক্রিয়া যাদের গাত্রদাহে রূপ নিল

কিন্তু এই ঘোষণার পরপরই একটি পরিচিত গোষ্ঠীর গাত্রদাহ লক্ষ করা গেল—এনসিপি ও জামায়াতে ইসলামির মতো দলগুলো যেভাবে দ্রুত এবং আক্রমণাত্মক ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছে, তা বিস্ময়ের হলেও আশ্চর্যের নয়। কারণ, এই প্রতিক্রিয়া সেই পুরনো চিত্রকেই আরও একবার স্পষ্ট করেছে—গণতন্ত্রবিরোধী অপশক্তি কোনোভাবেই দেশের অগ্রযাত্রাকে সহ্য করতে পারে না।

বিশেষভাবে নজর কাড়ছে সদ্য-গঠিত এনসিপি নামক তথাকথিত ‘সংস্কারপন্থী’ দলটি। গত ৯ মাসে আড়ালে থেকে যারা নানা ধরণের রাজনৈতিক চক্রান্ত চালিয়ে গেছে, আজ তারা মুখোশ খুলে প্রকাশ্যে এসেছে। তাদের বক্তব্য ও অবস্থান এটাই প্রমাণ করে যে, লন্ডনের বৈঠক ছিল কেবল একটি রাজনৈতিক ঘোষণাই নয়—বরং তা ছিল গণতন্ত্রবিরোধী অপশক্তির বিরুদ্ধে একটি স্পষ্ট প্রতিবাদ, একটি নতুন রাজনৈতিক চেতনার জাগরণ।

পুরনো ছায়া, নতুন মুখোশ

এনসিপিকে ঘিরে ঘুরপাক খাচ্ছে একটি পুরনো অন্ধকার ছায়া—জামায়াতে ইসলামি। এ গোষ্ঠীর অতীত ইতিহাস দেশবিরোধী কর্মকাণ্ড ও গণতন্ত্রবিরোধী অবস্থানে পূর্ণ। এখন যদি এনসিপি-জামায়াত একত্রে কোনো রাজনৈতিক ফ্রেমওয়ার্ক দাঁড় করানোর চেষ্টা করে, তাহলে প্রশ্ন উঠবেই—তারা কি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায়, নাকি গণতন্ত্রকে ব্যাহত করার নতুন ছক আঁকছে?

মূল লক্ষ্য: বিএনপির আন্দোলনকে দুর্বল করা?

বিএনপি দীর্ঘদিন ধরে যে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে, সেটিকে দুর্বল করার উদ্দেশ্যেই এনসিপি-জামায়াতের এই আচরণ প্রতীয়মান হচ্ছে। একটি ‘সংস্কারপন্থী’ মুখোশের আড়ালে আসলে এরা একটি অগণতান্ত্রিক জোট গঠনের চেষ্টায় ব্যস্ত। জনগণকে বিভ্রান্ত করে গণতন্ত্রের মূলধারাকে বিচ্যুত করার চেষ্টা চলছে সুপরিকল্পিতভাবে।

জাতি এখন অনেক বেশি সচেতন

তবে আজকের বাংলাদেশ আর আগের মতো নয়। জনগণ এখন অনেক বেশি সচেতন ও রাজনৈতিকভাবে পরিপক্ব। তারা জানে কী তাদের প্রয়োজন—একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা। যেখানে সরকার জনগণের প্রতিনিধি হবে এবং নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

লন্ডন বৈঠক সেই স্বপ্নপূরণের পথে একটি সাহসী ও সময়োচিত পদক্ষেপ। যারা এই যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তারা ইতিমধ্যেই ইতিহাসে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে—গণতন্ত্রের প্রতিপক্ষ হিসেবে।

শেষ কথা:

লন্ডনের ঘোষণা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি চলমান আন্দোলনের গতি এবং দিকনির্দেশনার প্রকাশ। যারা এই ঘোষণার পর গাত্রদাহে ভুগছে, তারা আসলে সেই শক্তি—যারা কখনওই চায়নি এই দেশের মানুষ নিজের অধিকার ফিরে পাক। কিন্তু সময় কাউকে থামায় না। গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে, যত বাধাই আসুক—জনগণের আকাঙ্ক্ষার জয় হবেই।

কে এম মোবারক উল্ল্যাহ শিমুল
রাজনৈতিক বিশ্লেষক

নগরীর ইমপেরিয়াল হসপিটালে ভূল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ, চেয়ারম্যান-নার্স-ডাক্তার পালিয়েছে

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ইমপেরিয়াল হসপিটালে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর রোগীর স্বজনরা হসপিটালে তালাবদ্ধ করার আগেই হসপিটালের ডাক্তার, নার্সসহ কর্তৃপক্ষ পালিয়েছে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টমছমব্রিজে শারমিন আকতার নামে এক অন্তঃসত্ত্বার সন্তান প্রসবের অপারেশনের সময় এ ঘটনা ঘটেছে। শারমিন আকতার নগরীর কালিয়াজুড়ি এলাকার আতিকুর রহমানের মেয়ে।

জানা যায়, শনিবার সকালে অন্তঃসত্ত্বা শারমিন গর্ভকালীন ব্যাথা উঠায় পরিবারের লোকজন তাকে ইমপেরিয়াল হসপিটালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত নার্স রুবি আক্তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অন্তঃসত্ত্বা শারমিন আক্তার ও বাচ্চা সুস্থ আছে বলে জানান।

এ সময় নার্সরা রোগীর পরিবারকে নরমাল ডেলিভারির কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই নরমাল চেষ্টা করে ব্যর্থ হলে ডাক্তার ছাড়াই নিজেরাই অপারেশন করে। এতে নবজাতক বাচ্চা মারা যায় এবং রোগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে বলে হসপিটাল কতৃপক্ষ জানায় এবং দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলে। স্বজনরা কুমেক হাসপাতালে নিলে সেখানের কর্মরত ডাক্তাররা রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকায় স্থানান্তর করে। বর্তমানে রোগীর অবস্থা আশঙ্কাজনক। ক্ষুব্ধ রোগীর স্বজনরা হসপিটালে তালা ঝুলিয়ে দেয়।

রোগীর মা রোজিনা বেগম জানান, সে আগের সিজারের রোগী। তাকে নরমালে কেন চেষ্টা করলো? সেখানে কোন ডাক্তার নেই। তারা আমার নাতীকে মেরে ফেলছে, এর বিচার চাই। পরে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আমাদের সাথে খারাপ আচরণ করে।

রোগীর খালা রোজিনা বলেন, ডাক্তার ছাড়া তারা কিভাবে অপারেশন করল? এখন বাচ্চাতো মারা গেছেই, মারও অবস্থা করুন। সে বাচে কিনা আমরা জানিনা। আমরা এর বিচার চাই।

মুঠোফোনে হসপিটালের চেয়ারম্যান মীর মিয়া জানান, আমাদের ত্রুটি ছিল। ডাক্তার ছাড়া অপারেশনের দিকে যাওয়া ঠিক হয়নি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, আমাদের কুমিল্লা টিম ঘটনাস্থলে ছিল। রোগীর স্বজনরা অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব।

কুমিল্লা সিভিল সার্জন আলী নূর বশির আহমেদ জানান, হসপিটালের লাইসেন্স আছে কিনা সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত দায়িত্বশীল সাংবাদিকদের সংগঠন ‘চৌদ্দগ্রাম প্রেস ক্লাব’ এর ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও দক্ষতা বৃদ্ধিতে ২য় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী আনন্দ ভ্রমণ শনিবার সকালে শেষ হয়েছে।

এরআগে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় এ ভ্রমণ।

শুক্রবার হোটেল কোস্টাল পিস এর হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের প্রভাতের প্রধান সম্পাদক এম ইউসুফ। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা শেষে আনন্দ ভ্রমণে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আনন্দ ভ্রমণে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন; চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি মুহাঃ জহিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ আহসান উল্যাহ, প্রচার সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক শাহীন আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, রাসেল পাটোয়ারী, সফিউল আলম, সদস্য আবু বকর সুজন, মিজানুর রহমান মিনু, আবদুল কাদের, মনোয়ার হোসেন মুন্না, জহিরুল ইসলাম সুমন, ইউসুফ মজুমদার, নুরুল আলম আবির, আবদুর রব লাভলু, ইমাম হোসেন শরীফ, রাকিব হোসেন, সাংবাদিক সানোয়ার হোসেন, কাজী আহসান উল্লাহ, নাঈম ইকবাল, কামরুল হাসান পিংকন প্রমুখ।

আটকে পড়া ইরানি হজযাত্রীদের সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা সৌদি বাদশাহার

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে আটকে পড়া ইরানি হজযাত্রীদের সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ইরানের ওপর ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেন তিনি। খবর আরব নিউজের।

১৩ জুন শুক্রবার আটকে পড়া হাজিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ এ নির্দেশনা দেন তিনি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আকাশপথ বন্ধ থাকার খবর বাদশাহ অবগত হয়েছেন। যত দিন পর্যন্ত ইরানি হজযাত্রীরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছেন, তত দিন এ সহায়তা দেওয়ার নির্দেশ জারি করেছেন তিনি।

সৌদি প্রেস এজেন্সির মতে, ইরানি হজযাত্রীদের সহায়তার পরিকল্পনা বাদশাহ সালমানের সামনে উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর বাদশাহ নির্দেশ দেন, হাজিদের জন্য যা যা প্রয়োজন তা যেন সরবরাহ করা হয়।

এই দায়িত্ব দেওয়া হয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে। মন্ত্রণালয় নিশ্চিত করবে, এসব হজযাত্রী যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্য এবং সম্মানের সঙ্গে সৌদিতে অবস্থান করতে পারেন। যত দিন ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারা দেশে ফিরে যেতে পারেন তত দিন হাজিরা সৌদিতে থাকতে পারবেন।

 

একদিনে বিশ্ববাজারে তেলের দাম ৭ শতাংশ বেড়েছে

ডেস্ক রিপোর্ট:

তেলের বাজারে আবারও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি বিমান হামলার জেরে শুক্রবার (১৩ জুন) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একদিনেই ৭ শতাংশ লাফিয়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৭৪.২৩ ডলারে বন্ধ হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪.৮৭ ডলার বা ৭.০২ শতাংশ বেশি। দিনের মধ্যে সর্বোচ্চ ৭৮.৫০ ডলার পর্যন্ত ওঠে, যা জানুয়ারির পর সর্বোচ্চ মূল্য।

এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রতি ব্যারেল ৭২.৯৮ ডলারে পৌঁছায়, যা ৪.৯৪ ডলার বা ৭.৬২ শতাংশ বেড়েছে। দিনের মধ্যে সর্বোচ্চ ৭৭.৬২ ডলার পর্যন্ত ওঠে এই তেলের দাম।

ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ‘দীর্ঘমেয়াদি সামরিক অভিযান’ শুরু করেছে।

এরই মধ্যে ইরান পাল্টা জবাব দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার বাজার বন্ধ হওয়ার পরপরই ইরানি ক্ষেপণাস্ত্র তেলআবিবে একাধিক ভবনে আঘাত হানে। দক্ষিণ ইসরায়েলেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরও খারাপ হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হতে পারে। বিশ্বের মোট তেল ব্যবহার্যের এক-পঞ্চমাংশ প্রায় ১৮-১৯ মিলিয়ন ব্যারেল প্রতিদিন এই প্রণালী দিয়ে যাতায়াত করে।

র‍্যাবো ব্যাংক জানায়, সৌদি আরব, কুয়েত, ইরাক ও ইরান চারটি দেশই একটি ছোট পথ দিয়ে তেল রপ্তানি করে, যা এখন বিপদের মুখে বর্তমানে ইরান প্রতিদিন প্রায় ৩.৩ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে এবং ২ মিলিয়ন ব্যারেল রপ্তানি করে, যার বেশিরভাগ যায় চীনে।

তবে বিশ্লেষকরা বলছেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে, তাহলে তাদের নিজেদেরই বড় ক্ষতি হবে। কারণ, তাদের অর্থনীতি পুরোপুরি সাগরপথে তেল রপ্তানির ওপর নির্ভরশীল।

সোসিয়েতে জেনারেলের বিশ্লেষক বেন হফ জানিয়েছেন, এখন পর্যন্ত ইসরায়েল ইরানের মূল জ্বালানি স্থাপনায় আঘাত হানেনি। তবে ভবিষ্যতে জ্বালানির ওপর হামলা হলে পাল্টা ‘জ্বালানি-কেন্দ্রিক’ আক্রমণের শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

তেলবাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে অন্যান্য বাজারেও। শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে ছুটছেন সোনার মতো নিরাপদ সম্পদের দিকে। এদিকে, যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাস রিগের সংখ্যা টানা সপ্তম সপ্তাহে কমেছে। বর্তমানে তেল রিগ ৪৩৯টি, যা অক্টোবর ২০২১ সালের পর সর্বনিম্ন।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যদি জ্বালানি অবকাঠামোর দিকে আরও সরাসরি গড়ায়, তাহলে তেলের দাম আরও লাফিয়ে বাড়তে পারে। একারণে বিশ্ববাজারে মন্দা ও মূল্যস্ফীতির আশঙ্কাও বাড়ছে।

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে নারী নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে এক নারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) ভোরে উপজেলার শহীদনগর এলপিজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শিল্পী বেগম (২৬)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী।

আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস শহীদনগর এলপিজি পাম্পের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল নিয়ে যায়। এ সময় শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদ চৌধুরী জানায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। নিহত শিল্পী বেগমের মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন, আহত ৩

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি করতে থাকে। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুর্হূতের মধ্যে ধোয়া বের হয়ে চারদিক অন্ধকার হয়ে যায় । তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (১৪জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাসাপাতালের ওয়ার্ডে ভর্তি রোগীদের এবং বহিঃবিভাগে চিকিৎসা সেবা প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল।

খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে হাসপাতালের তিনতলার ষ্টোর কক্ষে আগুনের ধোয়া দেখা যায়। ধোয়া দেখে পাশের ওয়ার্ডের রোগীর স্বজন ও নার্সরা আগুন আগুন বলে চিৎকার শুরু করে। এ সময় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা দৌঁড়াদৌড়ি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পল্লী বিদ্যু ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত ইয়াসিন, মেহেদি ও মুছা নামে তিন কর্মচারী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ইদ্রিস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার পর স্থানীয় এবং হাসপাতালের লোকজনের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মূল কারণ জানা যাবে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ৩য় তলায় ডেঙ্গু রোগীদের ওয়ার্ডের পাশের কক্ষে ঔষধসহ রোগীদের সেবার কাজে ব্যবহৃত সব ধরনের মালামালের সাথে কিছু দামী সরঞ্জামও ছিল। ওই কক্ষে আগুনে অধিকাংশ মালামালই পুড়ে নষ্ট হয়ে গেছে। কিছু মালামাল বের করতে পারলেও তা ভালো আছে কিনা পরবর্তীতে যাচাই করে বলেতে পারবো । আগুনে ক্ষতির পরিমান এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আর আগুন নিয়ন্ত্রণ এবং মালামাল বিশেষ করে অক্সিজেন সিলিন্ডার বের করতে গিয়ে আমাদের আউটসোর্সিংয়ে কাজ করা তিনজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

সন্ধ্যার মধ্যে কুমিল্লাসহ সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট:

দেশের সাত অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।