All posts by jitu

এইচএসসির স্থগিত ২ পরীক্ষা একই দিনে হবে

ডেস্ক রিপোর্ট:

এইচএসসির ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার।

২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

কবে দুই দিনের স্থগিত পরীক্ষা নেওয়া হবে এখনো সেই সিদ্ধান্ত হয়নি বলেও জানায় উপদেষ্টা।

এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে হবে

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।

শক্তিশালী পাসপোর্টে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে ৯৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এর আগে ২০২৪ সালে বাংলাদেশের পাসপোর্ট ৯৭তম স্থানে ছিল।

আজ বুধবার হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রকাশিত সর্বশেষ তালিকায় এ তথ্য উঠে এসেছে।

এতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় যথারীতি শীর্ষস্থানে রয়েছে এশিয়ার ক্ষুদ্র ও ব্যাপকভাবে নগরায়িত দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। যার ফলে দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ পান।

তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এরপরই যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ– ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।

অন্যদিকে ইউরোপীয় দেশ অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন চতুর্থ স্থানে এবং নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। যুক্তরাজ্য এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। আর যুক্তরাষ্ট্রের অবস্থান ১০ম স্থানে।

রাজনৈতিক সরকার না থাকলে দেশে সমস্যা বাড়তে থাকে : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক সরকার না থাকলে দেশে সমস্যা বাড়তে থাকে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বদা দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার গঠনের পক্ষে।

বুধবার (২৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন।

উত্তরায় বিমান দুর্ঘটনার পর সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের অভিজ্ঞতার অভাব।

কিছু মানুষের ইগোও কাজ করে। রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে যারা আগে সরকারে ছিল, তাদের অভিজ্ঞতা আছে। তাদের সঙ্গে পরামর্শ করলে ভালো হতো। তবে তিনি সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি দেখছেন না বলেও মন্তব্য করেন।

একই সঙ্গে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের স্বদিচ্ছা ও প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকবিতণ্ডা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এগুলো রাজনীতির অংশ। প্রতিপক্ষকে কথায় ঘায়েল করার চেষ্টা থাকবেই। এতে চিন্তিত হওয়ার কিছু নেই।

রাজনীতি থাকলেই দেশের উন্নতি হয়। গণতন্ত্রে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। তবেই ভালো সমাধান আসবে। এক ব্যক্তির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীত্ব একসঙ্গে না রাখার প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, এটি একটি প্রস্তাব মাত্র। আলোচনা চলছে।

সব দলের মতামত নেওয়া হচ্ছে। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এবারের বন্যায় ফেনীতে ক্ষতি ২৩৮ কোটি ৪০ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট:

স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতে ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার পাঁচটি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল ও নদীতীরবর্তী এলাকা বন্যাকবলিত হয়ে পড়ে। গত ৮ জুলাই থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি অংশ ভাঙনে প্রবল পানির তোড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাত ও অবকাঠামোতে।

জেলা প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী বন্যাদুর্গত এলাকায় এবারও কৃষি, সড়ক যোগাযোগ, মৎস্য, প্রাণিসম্পদসহ অন্যান্য খাতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩৮ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪৩১ টাকা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যায় কৃষিখাতে ২ হাজার ৭২৫ দশমিক ৬ হেক্টর জমির শস্যখেত ও বীজতলা নষ্ট হয়ে যায়। এ খাতে ক্ষতির পরিমাণ ৭৫ কোটি ২ লাখ ৪৩ হাজার টাকা। কৃষকদের মতে, বছরের পর বছর প্রতি মৌসুমে এমন ক্ষতির মুখে পড়ে খাদ্যনিরাপত্তা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে।

বন্যার পানিতে ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৪০ দশমিক ১০ হেক্টর হ্যাচারি ও ১ হাজার ৬৭৭টি পুকুর-জলাশয়। এতে ক্ষতি হয়েছে ৮ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।

প্রাণিসম্পদ খাতেও ব্যাপক ক্ষতির চিত্র উঠে এসেছে। জেলার বিভিন্ন এলাকায় বন্যায় ৬৬ হাজার ৮২৫টি প্রাণী মৃত ও ভেসে যায়। এর মধ্যে ভেড়া ১৩টি, ছাগল ৩টি, গরু ৯টি ও মুরগি ৬৬ হাজার ৮০০টি। প্রাণিসম্পদ খাতে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ১ কোটি ৩২ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

বন্যায় প্রবল পানির স্রোতে জেলার ৩১৯ দশমিক ৬ কিলোমিটার পাকা-আধাপাকা ও কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডি ও সড়ক বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬১টি ব্রিজ-কালভার্টসহ অন্যান্য স্থাপনা। অবকাঠামোগত এ ক্ষতির পরিমাণ ৮২ কোটি ৩০ লাখ ৬৯ হাজার টাকা।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলায় অন্তত ৪৩ দশমিক ৩৭৩ কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। এতে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৫৩ কোটি ৮৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

এবারের বন্যায় জেলায় ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪০টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ ও ২টি মাদরাসা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ খাতে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৩৬ লাখ টাকা। স্বাস্থ্য খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪টি স্বাস্থ্যকেন্দ্র। তারমধ্যে ৪টি হাসপাতাল ও ১০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এতে ক্ষতির পরিমাণ ১৭ লাখ টাকা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫ লাখ ২৪ হাজার টাকা। এর মধ্যে রয়েছে ৩ হাজার ১৮৮টি গভীর, অগভীর ও হস্তচালিত নলকূপ এবং ২ হাজার ৭৪০টি স্বাস্থ্যসম্মত বাথরুম।

বন বিভাগ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৯ দশমিক ৫ হেক্টর বনায়ন ও ৮ হাজার ২৬টি নার্সারি। এতে ক্ষতির পরিমাণ ১৯ লাখ ৮৭ হাজার ২৩৪ টাকা। বিদ্যুৎ বিভাগ জানায়, বন্যায় ৭৫ দশমিক ২০ কিলোমিটার বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৪৪ লাখ ৩৪ হাজার টাকা।

এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম জানান, সব ধরনের ক্ষয়ক্ষতির তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির জন্য বরাদ্দ এলে পুনর্গঠন কার্যক্রম শুরু হবে। আংশিক ক্ষয়ক্ষতির ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সহযোগিতা করা হচ্ছে। এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ সমন্বয়ে পুনর্বাসনে কাজ করা হবে। পাশাপাশি বিভিন্ন দপ্তর তাদের নিজ নিজ ক্ষয়ক্ষতির হিসাব অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে। সে অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়া এগিয়ে যাবে।

তিনি বলেন, ২০২৪ সালের বন্যা ও এবারের বন্যার অভিজ্ঞতায় আমরা দেখেছি জেলায় আরও বেশি আশ্রয়কেন্দ্র প্রয়োজন। ফেনী এখন একটি বন্যা প্রবণ এলাকা। জেলা প্রশাসন এই বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাতে উদ্যোগ নিয়েছে।

এর আগে গেল বছরের জুলাই-আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীর জনপদ। তারমধ্যে ১৯ আগস্ট থেকে শুরু হওয়া বন্যার ভয়াবহতা ছাড়িয়ে গেছে অতীতের সব ইতিহাস। ভয়াবহ এ বন্যায় প্রাণ হারিয়েছিল ২৯ জন। এছাড়াও বন্যায় সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান, মোটরযান, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় প্রত্যেক খাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে শত কোটি টাকা।

আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা

স্টাফ রিপোর্টার:

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুমিল্লায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হবে কুমিল্লায়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত জানান। এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা মেইন রোড ধরে কুমিল্লার দিকে অগ্রসর হবে। কুমিল্লায় পৌঁছে শহীদ মাসুমের কবর জিয়ারতের পর টমছম ব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে মূল পদযাত্রা শুরু হবে। এরপর পদযাত্রাটি টমছম ব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন হয়ে জেলা পরিষদ/সিটি কর্পোরেশন রোড ধরে ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর হয়ে টাউন হলে গিয়ে শেষ হবে। সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা শাসন গাছা, আলেখারচর হয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রা করবেন।

এই কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে কুমিল্লার সাইফুল ইসলাম নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে সাইফুল ইসলাম (৪৫) একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কুমিল্লা কোতোয়ালি থানার জেলরোড এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ রুহুল আমিন জানান, সাইফুল ইসলাম প্রাইভেটকার চালিয়ে কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। পানি বেশি এবং সিটবেল্ট বাঁধা থাকায় বের হতে পারেনি। পরে মৃত অবস্থায় গাড়ি থেকে বের করা হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ বুঝে দেয়া হয়েছে।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল করেছে জামায়াত।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (২২শে জুলাই) বিকেলে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের দক্ষিণ জেলা সেক্রেটারি ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমান, জেলা অফিস সম্পাদক সরোয়ার কামাল মজুমদার, জেলা জামায়াত নেতা মিজানুর রহমান, আবু আসিফ, খাইরুল ইসলাম, মাওলানা ইব্রাহিম, বেলাল হোসাইন, হাফেজ জহিরুল ইসলাম, জামাল উদ্দিন, অধ্যাপক মফিজুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।

চৌদ্দগ্রামে পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই স্কুল ছাত্রী শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলার চিওড়া ইউনিয়নের সাকছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন; নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ফাতেমা ইয়াসমিন ও চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস। দুই ছাত্রীর মৃত্যুর সংবাদের বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফেরদাউস।

পাশের বাড়ির হোসেন মিয়া জানান, মোঃ দাউদের মেয়ে ফাতেমা ইয়াসমিন ও আব্দুল কাদেরের মেয়ে জান্নাতুল ফেরদাউস বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকাল দশটায় গোসল করতে পুকুর ঘাটে দেখতে পায়। কিছুক্ষণ পরে আবার এসে দেখি তারা পুকুর ঘাটে নেই। বাড়ির লোকজনকে জিজ্ঞাস করি এই দুই গোসল করে বাড়িতে ফিরছে কিনা বলার সাথে সাথে পুকুরের পানিতে বুত বুক করতে দেখি। সাথে সাথে আমি পানিতে নেমে দুজন কেউ উদ্ধার করি। বাড়ির স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা জানান, হাসপাতালে আনার আগেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফেরদৌস বলেন, বিদ্যালয়ের দুই শিফটে ক্লাস চলমান রয়েছে। এই দুই শিক্ষার্থী ২য় শিফটে বিদ্যালয়ে আসার জন্য গোসল করে প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেলাম দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর খবর শুনেছি খুবই মর্মাহত হয়েছি।

২৪ তারিখের এইচএসসি পরীক্ষাও স্থগিত

ডেস্ক রিপোর্ট:

আগামী ২৪শে জুলাই বৃহস্পতিবার যে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

এদিকে, আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয় দাবিতে বিক্ষোভ করছে, সেগুলোর প্রত্যেকটি দাবিকেই যৌক্তিক বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

কুমিল্লা নগরীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে অস্ত্র ব্যবসায়ী হায়দার ও পেনু মির্জাকে ৪টি শর্টগানসহ আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, তারা ছদ্মনাম ব্যবহার করে অস্ত্রের ব্যবসা করতো।

মঙ্গলবার (২২ জুলাই) ভোররাত ৩টা থেকে ৬টা পর্যন্ত নগরীর দুটি ভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মো. আবু হায়দার (৪০), নগরীর নূরপুর এলাকার মজিবর রহমান (৩৮)। মজিবরের ছদ্মনাম নাম পেনু মির্জা ।

অভিযানকালে তাদের কাছ থেকে শর্টগান ৪টি, বিদেশি চাকু ১টি, ছেনি ১টি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ২টি, বাটন ফোন ২টি ,পাসপোর্ট ১টি, এলজির কার্তুজ ১টি উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, অল্প পরিমাণ অস্ত্র উদ্ধার হলেও গোয়েন্দা তথ্য ও মোবাইল ফরেনসিক বিশ্লেষণে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। যেমন, প্রাথমিক অডিও বিশ্লেষণে জানা যায়, পেনু মির্জা ৭.৬৫ পিস্তল এক লক্ষ টাকায় বিক্রি করতেন। এছাড়া হায়দার আওয়ামী লীগের দুর্বৃত্তদের কাছে অস্ত্র সরবরাহ করতেন বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।

এই দুই অস্ত্র ব্যবসায়ী এখন পর্যন্ত চারটি আগ্নেয়াস্ত্র বহনের প্রমাণসহ ধরা পড়লেও তাদের চ্যানেলে দুটি ৭.৬৫ পিস্তল লেনদেন হয়েছে। এমন তথ্য ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে।

এছাড়া, অপরাধ জগতে ছদ্মনাম ব্যবহারের প্রবণতাও এই অভিযানের মাধ্যমে স্পষ্ট হয়েছে, যেমন পেনু মির্জা নামটি। মূল পরিচয় গোপন রাখতে এটি ব্যবহৃত হতো।

নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী (২৩ বীর) ও র‍্যাব-১১-এর যৌথ অভিযান ধারাবাহিকভাবে ফলপ্রসূ প্রমাণিত হচ্ছে বলে জানায় যৌথ বাহিনী।