All posts by jitu

কুমিল্লায় বকশিসের টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যা

কুমিল্লায় বকশিসের টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বকশিসের টাকা বণ্টন নিয়ে বিবাদের জেরে এক সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে মো. রাব্বি হোসেন (২২) নামে আরেক সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রাব্বি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহান মিয়ার পুত্র।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৩ সালের ১০ মে যানবাহনের মালিক ও চালকদের কাছ থেকে প্রাপ্ত বকশিসের অর্থ বণ্টন নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে রাব্বি হোসেন তার সহকর্মী মো. মারুফ হোসেন (১৯) এর শরীরে ছুরিকাঘাত করে। মারুফ গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ফিলিং স্টেশনের কর্মীরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্তকারী এসআই মো. আহসান হাবীব ১৩ মে আসামিকে গ্রেপ্তার করেন। রাব্বি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২৯ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের ১৯ সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানির পর আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

সৌদি আরবে ঈদুল আজহা কবে, জানা গেল

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, চলতি বছর পবিত্র ঈদুল আজহা ৬ জুন পালিত হতে পারে বলে জানানো হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।

ইসলামিক ক্যালেন্ডার অনুসারে ২০২৫ সালের জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন আরাফার দিবস এবং পরের দিন ৬ জুন ঈদুল আজহা পালনের কথা বলা হয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে সৌদি আরবসহ বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ২৮ মে জিলহজ মাস শুরু হয়ে ১০ জিলহজ (৬ জুন) ঈদুল আজহা পালিত হবে।

এদিকে আমিরাত সরকার ইতিমধ্যে ৫ জুন (আরাফা দিবস) থেকে ৮ জুন পর্যন্ত চার দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এই ছুটি সরকারি ও বেসরকারি খাতের সকল কর্মচারীর জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হয়। এই দিনটি কোরবানির ঈদ হিসেবেও পরিচিত।

‘দেশকে নতুন করে গড়ে তুলতে হলে পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে’

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। আগামীকাল ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষ্যে বুধবার দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, ‘বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় ‘মহান মে দিবস-২০২৫’ পালন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। দৈনিক ৮ ঘণ্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে’ মার্কেটে শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সঙ্গে বিশ্বময় স্বীকৃতি লাভ করে। এ দিবসে আদায় হয়েছে শ্রমিকের ন্যায্য অধিকার। সে প্রেক্ষাপটে এটি শুধু একটি সাধারণ দিবস নয়, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণার উৎস। শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার ঐতিহাসিক এ দিনে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে শ্রমিক অধিকার স্বীকৃতি পেয়েছে তাদেরসহ দেশের সব মেহনতি মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

তিনি জানায়, ‘শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। এ বছর মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে’ আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক, আর তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

সরকার প্রধান বলেন, ‘বাংলাদেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহণ, প্রযুক্তি-প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিক এবং মালিকের মেধা ও প্রাণান্তকর পরিশ্রম। আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি, তাহলে জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হয়ে উঠবে।’

ড. ইউনূস বলেন, ‘এ বছর মহান মে দিবসের পাশাপাশি একইসঙ্গে আমরা ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫’ পালন করছি। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু শ্রমিকদের অধিকারই নয়, এটি শিল্প ও অর্থনীতির উন্নয়নের অন্যতম শর্ত। একইসঙ্গে শ্রমিকের জীবনমান উন্নয়ন ও কল্যাণ পুরো শিল্পখাত এবং দেশের অর্থনীতিতে প্রতিফলিত হয়।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন-যাত্রায় শ্রমিক ও মালিকের অংশীদারিত্বে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে আমার বিশ্বাস।’ তিনি ‘মহান মে দিবস-২০২৫’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

গত ২৪ ঘন্টায় কুমিল্লা সদরে ১৯ জন আটক

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা সদর ও নগরীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে  কোতয়ালী থানা  পুলিশ  টানা অভিযান  পরিচালনা করছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত  সদরের বিভিন্ন এলাকায়  অভিযান  পরিচালনা  করে ৪ জন কিশোর গ্যাং সদস্য, ৬ টি সাজা পরোয়ানার আসামীসহ বিভিন্ন মামলা/ অপরাধে জড়িত মোট ১৯ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি

 

চাঁদনী আক্তার, কুবি:

যৌন নিপীড়ন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে পদাবনতি দেওয়া হয়েছে। ইংরেজি বিভাগের শিক্ষক আলী রেজওয়ান তালুকদারকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল রাতে ১০৪ তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালে সান্ধ্য কোর্সের শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বিভাগের শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগ ওঠে সহযোগী অধ্যাপক মো. রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে। এতে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। এছাড়া, গত বছরের সেপ্টেম্বর মাসে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েও তিন শিক্ষার্থীকে নম্বর প্রদান ও যৌন নিপীড়নের অভিযোগ উঠে। পরবর্তীতে ০১ অক্টোবর তদন্ত প্রতিবেদনের স্বার্থে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয়।

পদাবনতির বিষয়ে জসিম উদ্দিন বলেন, “আমি এখনো পর্যন্ত নোটিশও পায়নি, চিঠিও হাতে আসেনি। আসলে বলতে পারবো।”

এ বিষয়ে জানতে আলী রেজওয়ানকে কল দেওয়া হলে তিনি কল কেটে দেন।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “তাদের বিষয়গুলো সিন্ডিকেট সভায় উঠেছে। সিন্ডিকেট সভার সকলের সিদ্ধান্ত ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এই সিদ্ধান্ত না আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবার সম্মতি ক্রমেই।”

ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে চাঁদপুরে ২০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুর:

চাঁদপুরে ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম, এমন অভিযোগে জরিমানা করলো ভোক্তা অধিকার।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের বিপনীবাগ মমিনপাড়া এলাকায় বাজার তদারকি অভিযানে ফ্রেশকো আইসক্রিম নামে ওই কারখানার মালিককে এ জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান চালান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের হিসেবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় ফ্রেশকো আইসক্রিম মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করে ও আদায় করা হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেন। এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দাউদকান্দিতে আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায়

দাউদকান্দিতে আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় জড়িত যুবলীগ নেতা সোহাগ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগের সন্ত্রাসী সোহাগ ভূঁইয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া সোহাগ ভূঁইয়া দাউদকান্দি উপজেলার শায়েস্তানগরের মোহাম্মদপুর এলাকার মৃত. শামসুল হক ভূঁইয়ার ছেলে।

রবিবার রাতে উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শেখ হাসিনার সরকারের শাসনামলে এই যুবলীগ নেতার চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ ছিল দাউদকান্দি উপজেলার জনগণ।

দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের অস্ত্র নিয়ে মহড়া

চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের অস্ত্র নিয়ে মহড়া! এলাকায় আতংক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যদের দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়ায় একটি ভিডিও এবং তুচ্ছ ঘটনায় একই গ্রুপের সদস্যদের হাতে মারধরের শিকার হওয়া মাদ্রাসা ছাত্রের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে পুরো উপজেলায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

ভিডিওর ঘটনাস্থল উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রাম ও আশেপাশের এলাকায় আতংক ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি দক্ষিণপাড়ার রিপন মিয়ার ছেলে সিয়াম ও সিয়াতের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের একটি টিম বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। সিয়াম স্থানীয় মরকটা মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

অপর ভিডিওটিতে দেখা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং লিডার সিয়াম ও পাশ^বর্তী ছোটখিল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরমানের নেতৃতে মরকটা মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র সায়মনের উপর হামলা করে। ভিডিওতে দেখা যায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা সায়মনকে এলোপাথাড়ি কিল, ঘুটি, লাথি মারছে। ঘটনায় অংশ নেয়া কিশোর গ্যাংয়ের অন্য সদস্যরা হলো; করপাটি দক্ষিণপাড়ার আব্দুল হালিমের ছেলে মুন্না, বাতিসার ডলবা গ্রামের রাহাত, নাঙ্গলকোট উপজেলার হেসিয়ারার বাবলু। বাবলু নানার বাড়ি করপাটি দক্ষিণপাড়ায় বসবাস করে।

এদিকে কিশোর গ্যাং লিডার সিয়াম, সিয়াতের বিরুদ্ধে মরকটা মাদ্রাসার আরেক ছাত্র জোবায়ের তোহাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ, ২০২২ সালে পাশ্ববর্তী বৈলপুর গ্রামের শিবিরকর্মী মাজহারুল মুন্নাকে মারধরসহ একাধিক অভিযোগ রয়েছে।

মরকটা, করপাটি এলাকার স্থানীয়রা জানায়, মরকটা আলিম মাদ্রাসা ছুটির পর এদের নেতৃত্বে কিশোর গ্যাং ও বখাটেরা মেয়েদের ইভটিজিং করে। তাদের সাথে অস্ত্র থাকায় মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয়রা বাঁধা দেয়ার সাহস পায় না। স্থানীয়রা আরও জানায়, করপাটি দক্ষিণপাড়ার কিশোর গ্যাং সদস্যদের অধিকাংশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ৫ই আগষ্টের আগেও তারা বিভিন্ন ঘটনা করে এলাকায় আতংক বিস্তার করতো। এখনো তারা নিয়মিত মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করছে।

ভাইরাল ভিডিওতে মারধরের শিকার হওয়া মাদ্রাসা ছাত্র সায়মন মঙ্গলবার (২৯শে এপ্রিল) বিকেলে বলেন, গত রবিবার কোন কারণ ছাড়াই কিশোর গ্যাংয়ের সদস্যরা শাহ ফখরুদ্দিন সড়কের করপাটি দক্ষিণপাড়া অংশে তার উপর আতর্কিত হামলা করে।

কিশোর গ্যাংয়ের হামলার শিকার অপর মাদ্রাসাছাত্র জোবায়ের জানান, সিয়াম, সিয়াতের নেতৃত্বে আমার উপর ছুরি দিয়ে হামলা করা হয়। আমার গলায় এখনো ছুরির দাগ রয়েছে।

জোবায়েরের পিতা জিয়াউল হক জানান, আমার ছেলের উপর হামলার ঘটনায় পরে সামাজিকভাবে বিচার শালিষ বসে। এতে অভিযুক্তরা আর্থিক জরিমানা ও মাফ চায়।

মরকটা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহাম্মদ বলেন, গত রবিবারের ঘটনাটি সত্য। আমি লোক মারফত জানতে পেরেছি। এ ঘটনায় ভুক্তভোগী ছেলে কিংবা তার অভিভাবক কেউ অভিযোগ নিয়ে আসে নাই। এই বিষয়ে মাদ্রাসার একজন শিক্ষককে বিস্তারিত জেনে অবহিত করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। অভিযুক্তদের অনেকের অভিভাবক এলাকায় বিচার শালিষ করে কিন্তু তাদের সন্তানরাই এসব অপরাধের সাথে জড়িত।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, অস্ত্রনিয়ে ভিডিও ও মারধরের দুইটি ভিডিও আমাদের নজরে এসেছে। এতে অংশ নেয়া কিশোরদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন জানান, কিশোর গ্যাংয়ের অস্ত্র নিয়ে ভিডিওটি আমাদের নজরে এসেছে। তাদের বিরুদ্ধে দ্রæত আইনগত পদক্ষেপ নেয়া হবে।

শাসনগাছায় সেনাবাহিনী চেকপোস্ট

শাসনগাছায় সেনাবাহিনী চেকপোস্ট: ৪ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা, ১৭ টি যানবাহন জব্দ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শাসনগাছা এলাকায় সেনাবাহিনী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনাকালে ৪ টি মোটরবাইক চালককে মামলা দেওয়া হয়। এ সময় তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া ১৫ টি মোটরসাইকেল, ১ টি মারুতি এবং ১ টি প্রাইভেট কারের কাগজপত্র না থাকার কারণে জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

সমাজসেবা (ব্যাটালিয়ন সদর) সেনাবাহিনী ক্যাম্প শাসনগাছা এলাকায় মঙ্গলবার দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।

 

সেনাবাহিনী ক্যাম্প সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে

কুমিল্লা কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় কারাগারে সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। এই সময় তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে এ ঘটনা ঘটে।

গ্রেফতার ওই ব্যক্তি কুমিল্লা সদর উপজেলার কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আ. রবের ছেলে মো. কামাল হোসেন।

জেল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আসামি কামাল হোসেন এক দর্শনার্থী কারাগারে থাকা এক আসামীর সাথে দেখা করতে আসেন। এসময় দুই কারারক্ষীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাবাদ ও তার দেহ তল্লাশি করে। এই সময় ওই ব্যক্তির কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা পাওয়া যায়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, কামাল হোসেন নামে এক দর্শনার্থীর কাছে মাদক পাওয়ার পর তাকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেয়া হয়েছে। এছাড়াও আর্থিক জরিমানা করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান।