All posts by jitu

চৌদ্দগ্রামে যুবলীগ নেতা সুমন পাটোয়ারীর সড়ক নির্মাণে অনিয়ম তদন্তে দুদকের অভিযান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিতর্কিত ঠিকাদার যুবলীগ নেতা সুমন পাটোয়ারীর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী ট্রেডার্স কর্তৃক নির্মিত সড়কের অনিয়ম তদন্তে অভিযান পরিচালনা করেছে দুদক।

মঙ্গলবার সকালে দুদক কুমিল্লার সহকারী পরিচালক তারেকুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম উপজেলার যাত্রাপুর-পারুয়ারা দুই দশমিক তিন কিলোমিটার সড়কটি পরিদর্শন করে।

সড়কটিতে নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে গত নভেম্বর মাসে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দুদকের নজরে আসলে তারা তদন্ত নামে।

এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর থেকে শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা পর্যন্ত ২৩০০ মিটার সড়ক পুণনির্মাণ করার জন্য ১ কোটি ৬৮ লক্ষ ৭৫ হাজার ৮১৯ টাকা চুক্তিতে টেন্ডার পায় মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন পাটোয়ারীর প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ। সড়কের নির্মাণ কাজ গত বছরের ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৮ আগস্ট শেষ হওয়ার নিয়ম ছিল।

অভিযোগ উঠেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শুরু করলেও দীর্ঘ ৫ মাস কাজ বন্ধ রাখে। গত ৫ আগস্টের আগে এলাকাবাসী ঠিকাদার সুমন পাটোয়ারীকে জানালেও তিনি ক্ষমতার দাপট দেখিয়ে কোন কিছুর তোয়াক্কা করেনি। সরকার পতনের পর সড়কের পাশের গ্রামগুলোর ছাত্র-জনতা অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদার সুমন পাটোয়ারী কাজ বন্ধ রেখে এলাকা ছেড়ে চলে যায়। কিছুদিন পর তিনি চিহ্নিত কয়েকজন নেতাকে ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ওই সড়ক নির্মাণ কাজ শুরু করলে বিক্ষুদ্ধ এলাকাবাসী অনিয়মের প্রতিবাদ করে। ওই সময় সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজের প্রোপাইটর সুমন পাটোয়ারী কালভার্টের ভাঙা কিছু পুরানো ইট ব্যবহারের কথা স্বীকার করেছিলেন। এনিয়ে সংবাদ প্রকাশ করলে দুদকের টনক নড়ে।

মঙ্গলবার দুপুরে দুদক কুমিল্লার সহকারী পরিচালক তারেকুর রহমান বলেন, আমরা দুই দশমিক তিন কিলোমিটার সড়ক পরিদর্শন করেছি। পর্যালোচনা শেষে শিগগিরই কমিশনের নিকট প্রতিবেদন দাখিল করবো। পরবর্তীতে কমিশন যে সিদ্ধান্ত দিবে, আমরা সে অনুযায়ী কাজ করবো’।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান বলেন, ‘অনিয়মের অভিযোগে দুদকের একটি টিম যাত্রাপুর-পারুয়ারা সড়ক পরিদর্শন করেছে। বিস্তারিত পরে বলা যাবে’।

কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন বলেন, ‘আমি নতুন এসেছি। অফিসের কাজে বাইরে আছি, ফাইল দেখে বিস্তারিত জানাবো’।

কুমিল্লার লাকসামে নিখোঁজের ১ দিন পর

কুমিল্লার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসতে থাকা মৃতদেহ দেখে তা তুলে আনেন।

নিহত শিশু দুজন হলো— গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের পুত্র জিহাদ হোসেন (৭) এবং মোহাম্মদ আলীর পুত্র শাব্বির হোসেন মহিন (১০)। তারা গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। প্রথমে পরিবারের সদস্যরা মনে করেছিলেন, শিশুরা আশেপাশে খেলাধুলা করছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের না ফেরায় আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোনো সন্ধান না পেয়ে রাত কাটাতে হয় উদ্বেগের মধ্যে।

আজ ভোরে এক স্থানীয় ব্যক্তি পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে সবার কাছে খবর দেন। পরে উদ্ধারকারীরা পুকুর থেকে দুজনের মৃতদেহ তুলে আনেন।

লাকসাম থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক চুমকি বড়ুয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শিশু দুজনের মৃত্যু নিয়ে অপমৃত্যু (অ্যান্টিমর্টেম) মামলা দায়ের করা হয়েছে।”

সৌদিতে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী

সৌদিতে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালের হজ্জ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা শুরু করেছে হাজীরা। বাংলাদেশ থেকে ১২২৪ জন হাজী সৌদি আরবে পৌঁছেছেন বলে মঙ্গলবার সকালে আশকোনা হজ্জ অফিস থেকে জানানো হয়েছে।

সোমবার রাজধানীর আশকোনা হজ্জ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ বছরের হজ্জ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর রাত ২টা ১৫ মিনিটে সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট (এসভি ৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে। এ ফ্লাইটে ৩৯৮ জন হাজী ছিলেন।

মঙ্গলবার সাতটি ফ্লাইটে আরও ২৯১২ জন হাজী সৌদি আরবে যাবেন। এ পর্যন্ত ৬৪,২৮০ জন হাজী ভিসা পেয়েছেন। সোমবার রাত ও মঙ্গলবার ভোরে বেশ কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি হাজীরা সৌদি আরবে পৌঁছেছেন। প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪,১৮০ জন হাজী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে আটটি ফ্লাইটের যাত্রীরা জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইটের যাত্রীরা মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে ২৩২টি প্রাক-হজ্জ ফ্লাইটে বাংলাদেশি হাজীদের পরিবহন করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি ফ্লাইটে ৪৪,৩০৭ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন এবং ফ্লাই নাস ৩৪টি ফ্লাইটে ১৩,০৬৫ জন হাজী পরিবহন করবে। প্রাক-হজ্জ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজ্জের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হাজী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫,২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ্জ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হজ্জ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করতে এ বছর হাজীদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপে যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া হাজীদের জন্য হজ্জ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে।

ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে

ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে আবারও গোলাগুলি

ডেস্ক রিপোর্ট:

জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এই সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ নিয়ে টানা পাঁচ দিন ধরে কাশ্মির সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। তবে এতে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা পাকিস্তানের এই গুলির “সংযত ও কার্যকর” জবাব দিয়েছে। সংঘর্ষটি কাশ্মিরের কুপওয়ারা, বারামুল্লা জেলা এবং আখনূর সেক্টরের কাছে ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, “পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে এলওসি বরাবর ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। আমাদের বাহিনী পরিস্থিতি মূল্যায়ন করে যথাযথ জবাব দিয়েছে।”

এদিকে পাকিস্তানের পক্ষ থেকে এখনও এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা চলছে। এর আগে গত বৃহস্পতিবার রাত থেকেই পাকিস্তানি সেনারা এলওসি বরাবর বিভিন্ন ভারতীয় চৌকিতে গুলিবর্ষণ করছে বলে ভারতের দাবি।

এই সংঘর্ষ এমন এক সময়ে ঘটল, যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁওয়ে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই কাশ্মিরে সবচেয়ে বড় হামলা।

এই হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তীব্র উত্তেজনায় পৌঁছেছে। ভারত সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, আর পাকিস্তান জবাবে শিমলা চুক্তি স্থগিত করে দিয়েছে এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

এছাড়া, উভয় দেশই হামলার পর ৪৮ ঘণ্টার মধ্যে একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে দুই দেশের নাগরিকরা দ্রুত নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন।

বর্তমান পরিস্থিতিতে কাশ্মির সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুমিল্লায় ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান

কুমিল্লায় ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের দেশওয়ালী পট্রি এবং কুচাইতলীতে ঈদুল আযহাকে উপলক্ষ করে মসলার মিলগুলিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এই ভালো মরিচের সাথে নষ্ট মরিচ মিক্স করে ক্রাসিং/ ভাংগানোর সময় হাতে -নাতে ধরে পরে।

এছাড়াও খুবই অস্বাস্থ্যকর পরিবেশে হলুদের গুড়া এবং মরিচের গুড়া সংরক্ষণ ও ক্রাসিং করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ‘আল-আমিন মসলা মিলকে ১ লাখ এবং ‘বায়জিদ মসলার মিলকে ১০ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম, ক্যাব কুমিল্লা এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার সূত্র জানান।

শ্যুটার ফাহিমসহ ১৩ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর গুলি চালানো ৫ টি মামলার আসামী শ্যুটার ফাহিম হোসেনকে (৩২) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ । ফাহিমসহ রাজনৈতিক ও বিভিন্ন মামলার মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে ২ নং দূর্গাপুর এলাকায় সারারাত অভিযান করে ফাহিমের ফুফার বাড়ি হতে সোমবার ভোর ৫ টায় গ্রেফতার করা হয়। বাকিদের রাতভর বিভিন্ন অভিযানে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মো: ফাহিম হোসেন কুমিল্লা সদরের দূর্গাপুর এলাকার মো: হুমায়ন কবীরের ছেলে। সে একাধিক মামলাসহ বৈষম্য বিরোধী ৫ টি মামলার আসামী।

 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোমবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন মিত্র, সদস্য আহসান উল্লাহ স্বপন, আরিফ খান, খালেদ সাইফুল্লাহ ও জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু প্রমুখ।

কুমিল্লার দুই উপজেলায় বজ্রপাতে

কুমিল্লার দুই উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন।

সোমবার (২৮ এপ্রিল) সকালে মুরাদনগরে জমি থেকে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের মৃত বীরচরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসীম উদ্দীন ভুইয়ার ছেলে জুয়েল ভুঁইয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে পাশাপাশি জমিতে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয়। পরে তাদেরকে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে দেখে তারা ঘটনাস্থলেই মারা গেছেন। বর্তমানে দুজনের মরদেহ নিজ নিজ বাড়িতে আছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মুঠোফোনে তারা ঘটনাটি জানতে পারেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।

এদিকে একই সময় বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামেও বজ্রপাতে দুইজন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

বজ্রপাতে মৃতব্যক্তিরা হলেন, পয়ালগচ্ছ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ, খোকন মিয়ার ছেলে ফাহাদ, আহত হয়েছেন একই গ্রামের আবু সুফিয়ান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনজন স্কুল ছাত্রই একই গ্রামের বাসিন্দা। তারা দুপুরের দিকে বাড়ির পাশে মাঠে ঘুড়ি উড়াতে ছিলো। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষনা করে। আরেক জন এখনো চিকিৎসাধীন আছেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়ে চিকিৎসাধীন আছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি।

মুরাদনগরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

মুরাদনগরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৪৫টি বিদ্যালয় থেকে চাঁদা নেওয়ার অভিযোগ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৪৫টি বিদ্যালয় থেকে চাঁদা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত এক সপ্তাহে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী অফিস কক্ষ সংস্কারের কথা বলে তার অধীনে থাকা ২টি ক্লাস্টারের ৪৫টি বিদ্যালয় থেকে ৫’শ টাকা করে চাঁদা নিয়েছেন। আর সেই চাঁদা সংগ্রহ করে দিয়েছে মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মীর।

জানা যায়, উপজেলার ২২টি ইউনিয়নে ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখান থেকে ৪টি ইউনিয়নের দুইটি ক্লাস্টারে ৪৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে আছেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী। গত এক সপ্তাহ আগে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পাজিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন মীর কে অফিস কক্ষ সংস্কারের বিষয়টি জানান। পরে শিক্ষক জাকির হোসেনের পরামর্শে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবীর অধীনে থাকা ২টি ক্লাস্টারের ৪৫ টি বিদ্যালয় থেকে ৫’শ টাকা করে মোট ২২ হাজার ৫’শ টাকা চাঁদা সংগ্রহ করা হয়।

পাজিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযুক্ত মোহাম্মদ জাকির হোসেন মীর কে মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান ৫’শ টাকা করে দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আগের স্যারেরাও অফিসের রুম সংস্কারের কথা বলে টাকা নিয়েছে এটা ভাই নতুন কিছু না। ঐদিনও হায়াতুন্নবী স্যার আমাদেরকে ডেকে উনার অফিস রুমটা দেখিয়ে বলল রুমটার অনেক দিক দিয়ে ফেটে গেছে কি করা যায়। তখন স্যারের মন রাখতে গিয়ে আমরা নিজেদের পকেট থেকে সবাই ৫’শ টাকা করে দিয়েছি।

ভাংগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মদ বলেন, আমরা আমাদের ব্যক্তিগত পকেট থেকে টাকাটা দিয়েছি বিদ্যালয়ের কোন ফান্ড থেকে না। আর এই টাকা আমাদের কাছ থেকে নিয়েছেন জাকির হোসেন মীর ও লুৎফুর রহমান।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, সহকারী শিক্ষা অফিসার কে শিক্ষকরা তাদের নিজ পকেট থেকে টাকা দেয়া এবং জাকির হোসেন টাকা সংগ্রহ করে দেয়ার মূল কারণ হচ্ছে? বিদ্যালয় ফাঁকি দেয়া! টাকা দেয়ার ফলে শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় শিক্ষকরা বিভিন্ন অজুহাতে বিদ্যালয় ফাঁকি দিতে পারবে।

শিক্ষকদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী বলেন, শিক্ষকদের কাছে আমার কোন ডিমান্ড ছিল না। তারা গত বছরও অফিসের একটি রুম সংস্কার করে দিয়েছে। এইবার টিচাররা বলছে স্যার আপনাদের একটা রুম আমরা সংস্কার করে দেব। ওই হিসাবে টিচাররা করছে। আর রুম সংস্কারের কাজও আমি করিনি। সেটা টিচাররাই দপ্তরিদের মাধ্যমে করেছে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমি দেখেছি রুমের কিছু একটা কাজ করছে তারা। আমি ভেবেছি হয়তো হায়াতুন্নবী সাহেব তার নিজের টাকা দিয়েই কাজ করছে। শিক্ষকদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি আমার জানা নেই। আর উনি টাকা চাইতে পারেন না, উনি কোনভাবেই টাকা কালেকশন করতে পারেন না। যদি এমন কিছু হয়ে থাকে অবশ্যই অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল বলেন, টাকা দেয়া এবং নেয়া দুইটাই তো অপরাধ। এখানে শিক্ষকরা হয়তো টাকা দিয়েছে সুবিধা নেয়ার জন্য। আর কর্মকর্তা টাকা নিয়েছে সুবিধা দেয়ার জন্য। অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতা কর্তৃক বিধবাকে শ্বাসরোধে

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতা কর্তৃক বিধবাকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, পরিবারকে এলাকা ছাড়ার হুমকি

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পরিচয়ে বিধবাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা ও এলাকা ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মারধরের ঘটনায় ভুক্তভোগী মাফিয়া বেগম বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের পরানপুর গ্রামের ছাত্রলীগ নেতা মহিন উদ্দিনের দীর্ঘদিন ধরে এমন কর্মকান্ডে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। রোববার মামলার স্বাক্ষীদেরও হুমকি-ধমকি দেয়ার অভিযোগ উঠেছে মহিন উদ্দিনের বিরুদ্ধে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বিধবা মাফিয়া বেগম ও ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন পরানপুর গ্রামে পাশাপাশি বাড়ির বাসিন্দা। মহিন উদ্দিন ও তার পিতা আবদুল বারেক মাফিয়া বেগমের স্বামী মরহুম মোসলেম মিয়ার রেখে যাওয়া সম্পত্তির লোভে দীর্ঘদিন যাবত জোরপূর্বক জবর দখলের পাঁয়তারা করছে।

মাফিয়া বেগমের দুই ছেলে প্রবাসে অবস্থান করায় এবং বাড়িতে উপযুক্ত পুরুষ লোক না থাকায় মহিন উদ্দিন গং মানসিক হয়রানীসহ জুলুম অত্যাচার করে আসছে। ইতোপূর্বে মহিন উদ্দিন গং মোসলেম মিয়ার জায়গা থেকে জোরপূর্বক অন্যায়ভাবে গাছ কেটে নেয়। এতে বাধা দেয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখে। স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক বসলেও মহিন উদ্দিন গং সিদ্ধান্ত মানে না।

গত ২২ মার্চ দুপুরে পূর্ব বিরোধের জের ধরে ও পরিকল্পিতভাবে মহিন উদ্দিন গং বাড়ির উঠানে পেয়ে মাফিয়া বেগমকে এলোপাতাড়িভাবে মারপিট ও গলা টিপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এছাড়াও তারা মাফিয়া বেগমের পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। পরে স্থানীয় লোকজন আহত মাফিয়া বেগমকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ৫ আগস্টের আগে মহিন উদ্দিন নিজেকে কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পরিচয় দিয়ে মানুষকে হুমকি-ধমকি, কাঁকড়ি নদীর মাটি বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এছাড়া মহিন উদ্দিনের দাদা মুক্তিযোদ্ধা ও চাচা পুলিশ হওয়ায় কাউকে পাত্তা দিতো না। তাকে আইনের আওতায় আনতে দাবি করেছে ভুক্তভোগী মাফিয়া বেগমসহ আরও অনেকে।

অভিযোগ অস্বীকার করে মহিন উদ্দিন বলেন, আমি কখনো ছাত্রলীগ করিনি। মাফিয়া বেগমের সাথে গাছ কাটা নিয়ে বিরোধ। আমাকে সামাজিকভাবে হেয় করতেই পাশের ঘরের দাদি মাফিয়া বেগম অপপ্রচার করছে।

রোববার বিকেলে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, ‘ভুক্তভোগী মাফিয়া বেগম আদালতে মামলা করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।