Tag Archives: চান্দিনা উপজেলা

ড্রেজারে সয়লাব চান্দিনা, অভিযানে ৬ ড্রেজার ধ্বংস

ড্রেজারে সয়লাব চান্দিনা, অভিযানে ৬ ড্রেজার ধ্বংস

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলা জুড়ে ড্রেজার। মাধাইয়া, মহিচাইল, সুহিলপুর, বাতাঘাসী, নবাবপুর, গল্লাই ইউনিয়ন থেকে শুরু করে প্রায় সর্বত্রই চলছে ড্রেজার। ভরা বর্ষায় পানি সরবরাহের সুবিধাকে কাজে লাগিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে চলছে কয়েকটি চক্র। দিনের পর দিন ড্রেজার চালিয়ে রাতারাতি নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করছে তারা। অভিযানে পাইপ ভাঙ্গা বা ড্রেজার মেশিন জব্দ করা ছাড়া ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় বেপরোয়া হয়ে উঠেছে ওই ড্রেজার ব্যবসায়ী চক্র।

মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন জানান- মুরাদপুর ব্রীজ সংলগ্ন এলাকায় দীর্ঘ প্রায় ৬ মাস যাবৎ একটি ড্রেজার চলছে। এমন জায়গায় ড্রেজার বসানো হয়েছে পানি অতিক্রম করে সেখানে যাওয়ার মতো কোন সুযোগ নেই। এমনকি ওই জলাশয়ে কোন নৌকার ব্যবস্থাও নেই। ড্রেজারের ব্যবসায় সিন্ডিকেট ভিত্তিক কয়েকজন জড়িত থাকে। রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে তারা ড্রেজার চালিয়ে ফসলি জমি ধ্বংস করে দিচ্ছে।

১৬ আগস্ট উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর, মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা ও বাগমারা গ্রামের পৃথক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। এসময় ৬টি ড্রেজার মেশিন ভাঙচুর, ৪ হাজার ফুট পাইপ ধ্বংস ও ২ হাজার ফুট পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর জানান- আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি। গত ৫ মাসে অন্তত ১শ ড্রেজার ধ্বংস করা হয়েছে। তারপরও থেমে নেই তাদের তৎপরতা। এখন বর্ষা মৌসুম, পানিতে টইটুম্বর থাকা ফসলি মাঠের মাঝে ড্রেজার বসানোর কারণে সেখানে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। তারপরও যতটুকু পারছি আমরা ধ্বংস করছি।

অভিযানে ড্রেজার মেশিন ভাঙচুর করা হলেও পরিচালনাকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না? এমন প্রশ্নে তিনি বলেন- আমরা যখন অভিযান যাই তখন ড্রেজারের আশপাশে কাউকে পাওয়া যায় না, এমনকি ওই ড্রেজার কে পরিচালনা করে এমন তথ্য পর্যন্ত কেউ দিতে চায় না। যে কারণে ড্রেজার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। তবে ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ রিপন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার (২ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল। এ সময় সাড়ে ৩৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

আটককৃত মাদক কারবারি কুমিল্লার চান্দিনা উপজেলার আরিপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার দোতলা এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়।

এসময় মাইক্রোবাস থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাইক্রোবাস যোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিত্বে মহাসড়কের ছয়ঘড়িয়া এলাকায় অবস্থান নেয় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন ও (এস.আই) সৈকত দাসের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম। কুমিল্লা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে ছয়ঘড়িয়া এলাকায় এলাকায় গতিরোধ করার চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি দেখে মাইক্রোবাসটি দ্রæত স্থান ত্যাগ করে দ্রুত গতিতে পালিয়ে যায়। চান্দিনা থানা পুলিশও সাথে সাথে পিছু নেয়। এক পর্যায়ে মহাসড়কের দোতলা এলাকায় মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় মাদককারবারীরা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দিনায় বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে চান্দিনা উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলায় পৌর একাদশ ১-০ গোলে কেরণখাল একাদশকে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. শওকত হোসেন ভ‚ইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভ‚ইয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক গৌতম কুমার দেব।

প্রসঙ্গত, টুর্ণামেন্টে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৪টি দল অংশ নেয়।

চান্দিনায় ৫ বছরের সাজা এড়াতে ১৮ বছর পলাতক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা কবির হোসেন কিশোর বয়সে ৩০ বছর আগে কর্মের তাগিদে চট্টগ্রামে যান। সেখানে একটি রিক্সা গ্যারেজে কাজ করা অবস্থায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে গ্রেফতার হন। জামিনে থাকাবস্থায় ওই মামলায় পাঁচ বছরের সাজা হওয়ায় ১৮ বছর যাবৎ পলাতক কবির হোসেন (৪৫) নামের ওই ব্যক্তি। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় চান্দিনা থানা পুলিশ।

আটক কবির হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামের মমতাজ উদ্দিন মিন্টু’র ছেলে।

বুধবার (১০ মে) দিবাগত রাত চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জহিরুল ইসলাম ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম। পরদিন বৃহস্পতিবার (১১ মে) দুপুরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ২০০১ সালে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনা মামলার আসামী কবির হোসেন ওই মামলায় কয়েকবার কারাগারে যাওয়ার পর ২০০৪ সালে ওই মামলায় তার পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করে চট্টগ্রামের বিচারিক আদালত। ওই মামলার ভয়ে পলাতক হয় কবির হোসেন। সাজাপ্রাপ্ত ওই আসামীর গ্রেফতারি পরোয়ানাটি চান্দিনা থানায় প্রায় দেড় যুগ পড়েছিল। খোঁজ নিয়ে জানা যায় ওই পলাতক আসামী চট্টগ্রামেই বসবাস করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রামের ভাড়া বাসা থেকে আটক করা হয়।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম জানান, গ্রেফতারী পরোয়ানাটি ২০০৪ সালেই চান্দিনা থানায় আসে। আসামী এলাকায় না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে অনেক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতারে সক্ষম হয়েছি।

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করে গণধোলাই

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ ও জনতা।এসময় স্থানীয় লোকজন দুই ডাকাতকে গণধূলাই দেয়।

শুক্রবার রাত দেড়টায় উপজেলার মোকাম ইউনিয়নের কেদারপুর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩টা রড, বড় একটা ছুড়ি, হাসুয়া ৩টা, চাইনিজ কুড়াল ১টা উদ্ধার করে।

দেবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব চৌধুরী, এএসআই সাইদুল ইসলাম চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এবং স্থানীয় লোকজন অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ডাকাতকে অস্ত্রসহ আটক করে গণধূলাই দেয়। পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।এসময় ১০-১২ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটককৃত ডাকাতরা হলেন, চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুল আলিম (২৪), কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়ং গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে নাজমুল হাসান (২৭)।

পুলিশ আরও জানান, আটক হওয়া ডাকাতদের জিজ্ঞেস করলে তাদের সঙ্গী ১০-১২ জন ডাকাতের নাম জানায়।

অন্য দিকে পালিয়ে যাওয়া ডাকাতরা হলেন, দেবিদ্ধার উপজেলার মাশিকাড়া গ্রামের ধনুমিয়ার ছেলে বাশার (৩০), একই উপজেলার ছোটনা গ্রামের জাকির হোসেনের ছেলে নাজমুল হাসান (২৩), চান্দিনা উপজেলার পিহর গ্রামের পিতা অঞ্জাত আবুল কাসেম (৩০), সদর উপজেলার পালপাড়া গ্রামের মফিজের ছেলে সাগর (২৭), বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পাচ কিত্তা গ্রামের আব্দুল জলিলের ছেলে রবিউল (২৮), একই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে কাউসার (২৭), একই গ্রামের হাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৬)।

এছাড়াও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বুড়িচং থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আটক দুই ডাকাতকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চান্দিনায় ৪০ কেজি গাঁজাসহ আটক সিহাব

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ সাহাদাত হোসেন সিহাব (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ মে) ভোরে উপজেলার বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃত যুবক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাবুপুর শ্রীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটক হওয়া যুবক দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

চান্দিনায় কৃষকের ধান কেটে দিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নির্দেশনা অনুযায়ী কৃষকের ধান কেটে দিলেন কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার ও সাধারণ সম্পাদক মো.লিটন সরকার এর নেতৃত্বে চান্দিনা পৌরসভার মহারং ফসলি মাঠে কৃষক মো. আলী আকবর ও মো.ইব্রাহিম খলিল এর ধান কাটার মধ্যে দিয়ে চলতি মৌসুমের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ধান কাটা কার্যক্রমটি কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সকল ইউনিয়নে মৌসুমের শেষ পর্যন্ত ধারাবাহিক থাকবে বলে জানিয়েছেন নেতারা।

ধান কাটায় অংশগ্রহণ করেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ফখরুল আলম সরকার, মনিরুল্লাহ শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক যাদব রায়, সাংগঠনিক সম্পাদক রায়হান মো.অনিক, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক দারুস সালাম শুভ, উপ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক শাহিন আলম, গন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রোবেল সরকার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো.আবদুল আলিম, সদস্য মোস্তফা কামাল মামুন, রেজাউল করিম,আবুল বাসার সবুজ, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, যুগ্ম-আহবায়ক আমির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুসা জনি, সহ সভাপতি আবুল বাসার প্রমুখ।

 

 

চান্দিনায় খালে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে মাটি পরিবহন, বিপাকে শতশত কৃষক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ইটভাটায় মাটি পরিবহনের জন্য ৩শ গজ ব্যবধানে একটি খালে দুইটি বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দিয়েছে স্বার্থন্বেসী ইটভাটার মালিক। দুই বছর যাবৎ খালটিতে মাটি ভরাট করে বাঁধ নির্মাণ করায় পানি নিস্কাশনে বিপাকে পড়েছে এলাকার শতশত কৃষক।

চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের ভাগুচি-কাশিমপুর এলাকার মাধাইয়া-নবাবপুর সড়কের পাশের খালে পরপর দুইটি বাঁধ দিয়ে পাশ্ববর্তী ‘মনোয়ারা ব্রিক্স ম্যানুফ্যাকচারার’ নামের একটি ইটভাটায় ওই মাটি সরবরাহ করা হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ওই সড়কের পূর্ব পাশে মাধাইয়া, কাশিমপুর, কলাগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের বিশাল ফসলী মাঠ। ওই ফসলী মাঠের পশ্চিম পাশে মাধাইয়া-নবাবপুর সড়ক সংলগ্ন রয়েছে খাল। কৃষকরা খালটিকে ওই ফসলী মাঠের পানি সরবরাহ এবং পানি নিস্কাশনে ব্যবহার করে আসছে। ব্যক্তিস্বার্থে মাটি খেকো একটি মহল ফসলী মাঠ থেকে ইটভাটায় মাটি সরবরাহ করতে মনগড়া ভাবে খালের মাঝে পরপর দুইটি বাঁধ দেয়। এতে মারাত্মক বিপাকে পড়েছে কয়েক গ্রামের কৃষক।

কাশিমপুর গ্রামের কৃষক মো. গিয়াস উদ্দিনসহ অনেকেই জানান, বর্ষাকালে বিশাল এই ফসলী মাঠের পানি দ্রুত ওই খাল দিয়ে সরে যেত। আবার ওই খালের পানি দিয়ে জমিতে সেচ করে ফসল ফসল করতাম। ইটভাটায় মাটি নেওয়ার জন্য বিশাল এই খালে পরপর দুইটি বাঁধ দেওয়ায় এখন বর্ষা কালে পানি সরছে না, এমকি খাল থেকে পানিও সেচ করতে পারছি না। দ্রুত খালের ওই বাঁধ অপসারণের দাবী জানান এলাকার কৃষক।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, বিষয়টি যেহেতু জেনেছি আমরা খুই শীঘ্রই ওই বাঁধ অপসারণ করবো।

বুড়িচংয়ে চুরি হওয়া সিএনজি পাবনা থেকে উদ্ধার, আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ের সদর বাজার আরাগ রোড এলাকার উজ্জল গ্যারেজ থেকে চুরি হওয়া সিএনজি পাবনা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই চোর মাহবুব ও কাউছারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) বিকেলে থানার এস আই আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান,আটকৃত দুই চোরকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত (৬ ডিসেম্বর) তারিখে রাত আনুমানিক ৩টা দিকে সদর বাজার আরাগ রোডের উজ্জল গ্যারেজ থেকে একটি চোরের দল গ্যারেজের সিসি ক্যামেরা বন্ধ করে কৌশলে নিয়ে যায়। পরে সিএনজি’র মালিক উপজেলার ষোলনল ইউনিয়নের ইন্দ্রবতী এলাকার লেচু মিয়ার ছেলে মোঃ রাসেল আহমেদ থানাতে একটি মামলা দায়ের করেন।২৬ ফেব্রুয়ারি রোববার থানার ওসি মোঃ ইসমাইল হোসেনের নির্দেশনা মামলার তদন্তকারী মো: আব্দুল জব্বার তথ্য প্রযুক্তি সহায়তায় ঢাকা ডিএমপি মোহাম্মদপুর থানা এলাকা থেকে অভিযুক্ত চোর মোঃ কাউছারকে গ্রেফতার করে এবং তার তথ্যমতে চোর মাহাবুবকে রামপুরা থানা এলাকা থেকে আটক করে।

আটককৃত দুই চোর, মাহবুব ময়নামতি ইউনিয়নের কিং বাজেহুড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। অপরজন মোঃ কাউছার চান্দিনা উপজেলার সাতবাড়িয়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

তাদের উভয়ের দেয়া তথ্য মতে এস আই আব্দুল জব্বার পাবনা জেলার বেড়া থানাধীন বেড়া দাস পাড়া চোর মাহবুবের বোন জামাই সালাউদ্দিনের বাড়ির উঠান থেকে চুরি হওয়া সিএনজি উদ্ধার করে।