All posts by jitu

রাত ১২ টার পর জানা যাবে কুবির বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল আজ রবিবার (২৭ এপ্রিল) রাত ১২টার পর প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল দেখতে পারবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে পাসের হার ৫০%। বিভাগের ভিত্তিতে কলা ও মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৬.২৫, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭২.৫০ এবং বিজ্ঞান বিভাগ থেকে ৭০.২৫। এছাড়া পরীক্ষার্থীরা আগামীকাল দুপুর থেকে অনলাইনে সাবজেক্ট চয়েস দিতে পারবেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২১টি কেন্দ্রে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ২৩,৭৯৩ জন, যার মধ্যে উপস্থিত ছিলেন ১৬,৭৫৮ জন এবং উত্তীর্ণ হয়েছেন ৮,৩৩২ জন। উত্তীর্ণদের মধ্যে কলা ও মানবিক বিভাগে ৬,৮৫৬ জন, বিজ্ঞান বিভাগে ১,০৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২৪ জন ছিলেন।

কুমিল্লা মহানগরীতে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে

কুমিল্লা মহানগরীতে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় গত ১২ ঘন্টায় একাধিক অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২ টা থেকে রবিবার বেলা বারোটা পর্যন্ত একাধিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক হওয়া ১৮ জনের মধ্যে ৪ জন যৌথ বাহিনীর অভিযানে এবং বাকি ১৪ জন কোতয়ালী থানা পুলিশের অভিযানে আটক করা হয়।

আটক হওয়া কিশোর গ্যাং সদস্যরা হলেন নগরীর বাগিচাগাঁও বড় মসজিদ এলাকার সোহেল মিয়ার ছেলে রাকিব হাসান শুভ (১৮), লালমাই উপজেলার বাগমারা মনোহরপুর এলাকার সাদেক মিয়ার ছেলে মিলন(১৭), একই এলাকার ফারুক মিয়ার ছেলে মোঃ ফাহিম হোসেন (১৭), কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাপাপুর গ্রামের আবুল কালাম আজাদ বাবুলের ছেলে নিবির ইনতেছার নিশান (১৯), নগরীর অশোকতলা এলাকার মোঃ সোহেল রানার ছেলে শাহাদাত হোসেন শান্ত (১৯), নগরীর ৯ নং ওয়ার্ডের নতুন চৌধুরীপাড়া এলাকার মৃত হেলাল আহাম্মেদের ছেলে মোঃ নেহাল আহাম্মেদ (২৬), নগীরর কান্দিরপাড় এলাকার সুন্দবন কুরিয়ার সার্ভিসের পাশের গলির ভাড়াটিয়া আলিমুদ্দিনের ছেলে সোহাগ (১৭), একই এলাকার ভাড়াটিয়া নিজামুদ্দিনের ছেলে সাইমন (১৭), একই এলাকার সফিকুল আলমের ছেলে সাব্বির (১৭), নগরীর চকবাজার এলাকার মৃত কালু মিয়ার ছেলে সহিদ (১৯), নগরীর সুজানগর এলাকার শুকুর মিয়ার ভাড়াটিয়া জাকিরের ছেলে হৃদয় (১৯), লালমাই উপজেলার দত্তপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইফতেখার হোসেন তাহসিন (১৭), নগরীর রানীর দিঘীর পাড়ের ডাঃ মাহবুব হাসানের ভাড়াটিয়া মৃত করিম উল্লাহর ছেলে শাহাদাত হোসেন টিপু (২৬), সদরের চম্পকনগর (সাতরা) এলাকার আমির হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২২), নগরীর রেইসকোর্স পুড়াতন পাসপোর্ট অফিসের গলির মৃত আক্তার হোসেনের ছেলে রাফিউল আহাম্মেদ রাফি (২০), নগরীর ঝাউতলা গ্রামীণ অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯), নগরীর দুই নাম্বার ওয়ার্ড ফৌজদারী মোড় ডিসি অফিস মসজিদ সংলগ্ন এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ইমরান হোসেন রতন (১৯), এবং সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া এলাকার কাজী মিজানুর রহমানের ছেলে শাহপরান (১৮)।

কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মহানগরীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ

কুমিল্লা মহানগরীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

 

স্টাফ রিপোর্টার:

সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা নগরী এবং সদর দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আজ রবিবার (২৭ এপ্রিল) ভোররাত পৌনে চারটায় সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র সরবরাহকারী মোঃ রুবেলকে (৩৫) আটক করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা নগরীতে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের নিকট অস্ত্র সরবরাহ করতেন।

পরে নগরীর রেসকোর্স (পলাশী গলি) এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোঃ আকিব হোসেন (২৯), মোঃ সাজ্জাদ হোসেন (৪৭) ও মোঃ শাহাদাত হোসেন (২৮) কে আটক করা হয়। অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আটকৃত ব্যক্তিদের তথ্যমতে, কিশোর গ্যাংয়ের আরও চার সদস্য — মোঃ সাইফুল ইসলাম (১৯), মোঃ ইমরান হোসেন রতন (১৯), মোঃ মোজাহিদ (২১) এবং মোঃ রাফিউল আলম শফি (২০) — কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন অপরাধীকে আটক করা হয়, যিনি এই চক্রের সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

টিকটক পরিচয়ে দুই নারীর প্রেম : সংসার করতে গোপালগঞ্জের তরুনী চাঁদপুরে

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর ও গোপালগঞ্জের দুই নারীর মধ্যে প্রেম। পরে দুই কিশোরীকে সমকামিতার অভিযোগে পুলিশের হাতে সোপর্দ করেছেন তাঁদের অভিভাবকরা। শনিবার (২৬ এপ্রিল) সকালে তাদেরকে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্র ও কিশোরীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনের ভাব বিনিময় হয়। এক পর্যায়ে কয়েকদিন আগে এক কিশোরী গোপালগঞ্জে অপর কিশোরীর কাছে ছুটে যায়। সেখানে গিয়ে শুক্রবার (২৫ এপ্রিল) সে অপরজনকে ফরিদগঞ্জ উপজেলায় তাদের বাড়িতে নিয়ে আসে। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হয়।

ওই দুই কিশোরী জানায়, ‘আমরা আবেগে নয়, মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছি। আমরা একজন আরেকজনকে মেসেঞ্জারে বিয়ে করেছি।’ তবে তারা বিবাহ বন্ধনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি। এদিকে ঘটনা প্রকাশের পর এক কিশোরীর পরিবার শনিবার (২৬ এপ্রিল) দুজনকেই ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, চাঁদপুর ও গোপালগঞ্জের দুই মেয়ের সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। পরে একে অপরের বাড়িতে আসা যাওয়া হতো। পরিবারের তথ্য মতে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। যার কারণে একজন ঘর ছেড়ে এখানে চলে আসে। উভয় পরিবার তাদের থানা হেফাজতে নিয়ে আসে। আমরা পরিবার ও দুই কিশোরীর সঙ্গে সমঝোতায় বসেছি। পরবর্তীতে একটি সিদ্ধান্ত নিয়ে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

কুমিল্লায় থামল আবাহনীর দাপট, শীর্ষে মোহামেডান

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর একটি হয়ে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম আবাহনী লিমিটেড। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই ‘ক্লাসিকো’র জন্য।

শনিবার(২৬ এপ্রিল) কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচেও দেখা গেলো সেই উত্তেজনার বহিঃপ্রকাশ।

দুই দলের মধ্যে শুরু থেকেই গড়ে ওঠে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। একদিকে মোহামেডানের দ্রুতগতির উইঙ্গারদের ড্রাইভিং রান, অন্যদিকে আবাহনীর মাঝমাঠে সংগঠিত পাসিং—সব মিলিয়ে দর্শকরা উপভোগ করেন এক জমজমাট ৯০ মিনিট।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঘটে সবচেয়ে বিতর্কিত ঘটনা। একটি ফাউলের জন্য মোহামেডানের ডিফেন্ডার মাহবুবুর রহমানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এই সিদ্ধান্তে পুরো গ্যালারিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দর্শকরা রেফারির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে খেলা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবার খেলা শুরু হয়।

একজন খেলোয়াড় কম নিয়েও মোহামেডান রক্ষণভাগে শক্ত অবস্থান নেয়। কোচের কৌশলগত পরিবর্তনে দলের ছন্দ কিছুটা পাল্টে গেলেও খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে সচেষ্ট থাকেন। মোহামেডানের গোলরক্ষক কয়েকটি দুর্দান্ত সেভ করে ম্যাচে নায়ক হয়ে ওঠেন।

মাঠে আধিপত্য বিস্তার করলেও আবাহনী একাধিক গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ফরোয়ার্ডদের ভুল পাস, নিখুঁত ফিনিশ lacking—সব মিলিয়ে গোলবঞ্চিত থাকতে হয় তাদের। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শেষভাগে দুটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয়, যা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।

যদিও ম্যাচটি গোলশূন্য ড্র, তবে কৌশলগত দিক থেকে জয়ী মোহামেডানই। এক ম্যাচ কম খেলে ও পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান ধরে রাখার পাশাপাশি প্রথম পর্বে আবাহনীকে পরাজিত করার আত্মবিশ্বাস তাদের এগিয়ে রাখছে শিরোপার দৌড়ে।

ম্যাচ শেষে দুই দলের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। মোহামেডান সমর্থকরা দলের সাহসী পারফরম্যান্সে খুশি, অন্যদিকে আবাহনী ভক্তরা হতাশ সুযোগ হাতছাড়া হওয়ায়। তবে সবাই একমত, এই ম্যাচ দেশের ফুটবলের গুণগত মান ও জনপ্রিয়তা দুই-ই বাড়িয়ে দিলো।

কুমিল্লায় আদালতে এসে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে পিতার ঘোষণাপত্র

কুমিল্লায় আদালতে এসে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে পিতার ঘোষণাপত্র

 

স্টাফ রিপোর্টার:

এ পৃথিবীতে সব চেয়ে সুন্দর মধুর সম্পর্ক হলো পিতা, মাতা ও সন্তানের সম্পর্ক। যে সম্পর্কের জন্য পৃথিবীর অন্য সব কিছুই ত্যাগ করতে পারে পিতা মাতা। কিন্তু সেই সম্পর্ক কতটা তিক্ত হলে একজন পিতা তার প্রিয় সন্তানের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করতে আদালতের দ্বারস্থ হয়। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কুমিল্লা আদালতে হাজির হন মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের মোঃ মফিজুল ইসলাম ও তাহমিনা বেগম দম্পতি।

তাদের সংসার ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে ভালোই চলছিলো। এর মধ্যে দীর্ঘদিন যাবত তাদের ছোট ছেলে নাঈম সরকারকে নিয়ে তারা খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আছে।
তাদের অভিযোগ ছোট ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা সহ নানা রকম মাদকসেবন করে। এবং প্রতিনিয়ত মা, বাবা সহ পরিবারের সবার সাথে খারাপ আচরন করে। তার এ আচরনে মা বাবা সহ পরিবারের সবাই অতিষ্ঠ।

এ অবস্থায় পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারা কুমিল্লা আদালতে এসে ওকিলের মাধ্যমে হলফনামা করে ছেলে নাঈম সরকারের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করে।

এ বিষয়ে মফিজুল ইসলাম বলেন, একজন জন্মদাতা বাবা কতটা নিরুপায় হলে তার আদরের সন্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন করে আপনারা তা বুঝে নেন। আমি মানুষিক ভাবে খুব বিধ্বস্ত, এর বেশি আর কিছু বলতে চাইনা।

নাঈম সরকারের বক্তব্য জানার জন্য তাকে কল দিলে পাওয়া যায়নি।

মুরাদনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মুরাদনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো: সবুজ মিয়া (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সবুজ মিয়া উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের খোষঘর গ্রামের বোরহান মিয়ার ছেলে।

শনিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর এলাকার কাজল চন্দ্র সরকারের একটি টিনের ঘরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকালে খোষঘর গ্রামের কাজল চন্দ্র সরকারের বাড়িতে বৈদ্যুতিক ও পাইপ ফিটিং এর কাজ করতে যান সবুজ মিয়া। কাজ করার এক পর্যায়ে পাইপ কাটতে গিয়ে বৈদ্যুতিক তার সহ কেটে ফেলেন সবুজ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায়। লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রামে কৃষি জমির মাটি কাটায় ভেকু জব্দ

চৌদ্দগ্রামে কৃষি জমির মাটি কাটায় ভেকু জব্দ, আটক ১

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে খালের পাড় ও কৃষি জমির মাটি কাটার অভিযোগে উপজেলার জুগিরকান্দি এলাকা থেকে সালেহ আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। এসময় মাটি খনন কাজে ব্যবহৃত একটি ভেকু ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।

আটককৃত সালেহ আহমেদ কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি পুর্বপাড়ার সালামত উল্লাহর ছেলে। শনিবার দুপুরে আটককৃত সালেহ আহমেদকে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃক চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন জানান, ২৫শে এপ্রিল রাতে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়, থানা পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে আটক ও একটি ভেকু জব্দ করে উপজেলা হেড কোয়ার্টারে নিয়ে আসা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, উপজেলার আইনশৃংখলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে। তবে এধরণের অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে গণমানুষের সচেতন হওয়ার পাশাপাশি জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

চুরির অভিযোগ স্বীকার কুবি শিক্ষার্থীর, ক্যামেরার লেন্স উদ্ধার

চুরির অভিযোগ স্বীকার কুবি শিক্ষার্থীর, ক্যামেরার লেন্স উদ্ধার

 

চাঁদনী আক্তার, কুবি:

ক্যামেরার লেন্স চুরির ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস আহমেদের বিরুদ্ধে ওঠা চুরির অভিযোগ স্বীকার করেন তিনি। অভিযোগ উঠেছে মাদকের টাকা জোগাড় করতে তিনি এই চুরির ঘটনা ঘটান।

২৫ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সামনে মারধরের ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা শহরের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান থেকে আনাস আহমেদ ও তার সহপাঠী শামীম ভুঁইয়া ফটো ও ভিডিওগ্রাফি এজেন্সি ‘নওয়াব’ এর একটি ক্যামেরার লেন্স চুরি করে নিয়ে আসেন। তাৎক্ষণিক সিসিটিভি ক্যামেরায় আনাস এবং শামীমকে সনাক্ত করে হোটেল কর্তৃপক্ষ।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, তারা কিছু সময় অনুষ্ঠানস্থলে ঘোরাঘুরি করেন এবং একপর্যায়ে আনাস স্টেজের পেছনে গিয়ে একটি ব্যাগের চেইন খুলে তল্লাশি চালান। পরে তিনি একটি ব্যাগে হাত দিয়ে পকেটে কিছু রাখার মতো আচরণ করেন এবং স্থান ত্যাগ করেন। সিসিটিভি ফুটেজটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখান থেকে আনাস এবং শামীমের পরিচয় উঠে আসে। এরপর রাত সাড়ে আটটার দিকে রাব্বি এলাহীর নেতৃত্বে ক্যাম্পাস এরিয়ায় ৫-৬টি বাইক নিয়ে কিছু যুবক এসে আনাসকে একটি দোকানে নিয়ে মারধর করে। মারধর শেষে তার থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে নেয়। হামলাকারীরা তাকে অপহরণেরও চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারধরকারী তিনজন যুবককে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। আর বাকীরা পালিয়ে যায়। পরবর্তীতে রেকর্ডকৃত স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। ফলে প্রক্টর অফিসে হট্টগোলের সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মাহমুদুল হাসান, মামুন চৌধুরী, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো: হারুন, হাউজ টিউটর খন্দকার ওলিউল্লাহ।

‘নওয়াব ফটোগ্রাফি’ টিমের সদস্য রাব্বি এলাহিকে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হামলার বিষয়ে জানতে চাইলে বলেন, আমার ব্যবহৃত VILTROX 85mm prime 1.8 লেন্সটি খোয়া গেলে সিসিটিভি ফুটেজ চেক করি সন্দেহভাজনদের শনাক্ত করা হয় এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আমি আসার আগে হয়তো মারধর করেছে। তবে আমি মারধর করিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আনাস আহমেদ তার বিরুদ্ধে ওঠা চুরির অভিযোগ স্বীকার করেন। চুরিরকৃত লেন্সের অবস্থানের কথা পুলিশকে জানান। তবে মারধর করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করে তার সম্মানহানির বিচার দাবি করেন।

জানা যায়, চুরির অভিযোগ স্বীকারের পর আনাসের দেয়া জবানবন্দির আলোকে তার সহপাঠী শামীমের বাসা থেকে পুলিশ ক্যামেরার লেন্সটি উদ্ধার করতে সামর্থ্য হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, যে লেন্সটি চুরি করা হয়েছে সেটি আমরা উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দিয়েছি। এরপর আমরা বসে আমাদের সিদ্ধান্ত নিবো এবং থানাও তাদের সিদ্ধান্ত নিবে।

এবিষয়ে সদর দক্ষিণ থাকার ওসির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আনাস ও শামীম দীর্ঘদিন ধরেই নেশা আসক্তিতে জড়িত। অভিযোগ রয়েছে, নেশার টাকা জোগাড় করতেই তারা এই চুরির পথ বেছে নিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৯ জানুয়ারী আইন বিভাগের শিক্ষার্থী আনাসকে গাঁজাসহ রাতের বেলা শহীদ মিনার থেকে আটক করে প্রক্টরিয়াল বড়ি। সে সময় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে আনাস নজরুল হলের কিছু শিক্ষার্থী নিয়ে নিয়মিত মাদক সেবন করেন।

মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

মুরাদনগর উপজেলায় একই রশিতে ঝুলন্ত মা ও ছেলের মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে বাঙ্গরা বাজার থানার নবিয়াবাদ গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, তাদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতরা হলো নবিয়াবাদ গ্রামের প্রবাসী আ. মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও তার ছেলে আব্দুল্লাহ (৩)।

রাবেয়ার বাবা ইদ্রিস মিয়া জানান, ‘আমার মেয়ের পা দুটো মাটিতে লাগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট যে মা-ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রেখে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি।’

স্থানীয় একটি সূত্র জানায়, রাবেয়ার স্বামী সৌদি আরব থাকেন। বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির সঙ্গে রাবেয়ার সম্পর্ক ভালোই ছিল।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সকালে মা ও ছেলেকে বসতঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরো জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। তার আগে কিছু বলা যাচ্ছে না।