Tag Archives: রাষ্ট্রপতি

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: পরিবেশ উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: পরিবেশ উপদেষ্টা

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইসিও সে প্রস্তুতি নিচ্ছে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে তিনি একনেক সভায় অংশ নেন।

নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলোর নিজস্ব হিসাব-নিকাশ বা কৌশল থাকতে পারে। তবে সরকারের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”

এসময় দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা আমাদের জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্কও নেই।”

এছাড়া সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে প্রশাসনের যোগসাজশ ছিল বা তারা নীরব থেকেছে। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সিদ্ধান্ত আসবে।”

আমি বহুবার শেখ হাসিনার পদত্যাগপত্র

আমি বহুবার শেখ হাসিনার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি: রাষ্ট্রপতি

আমি বহুবার শেখ হাসিনার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারটি গত শনিবার (১৯ অক্টোবর) পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’-এ প্রকাশিত হয়েছে।

সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটির অনুলিপি কারো না কারো কাছে থাকার কথা। কিন্তু তিন সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেনি তাকে। এমনকি মন্ত্রিপরিষদ বিভাগেও যোগাযোগ করা হয়েছে, যেখানে সাধারণত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র সংরক্ষিত থাকে। কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। তাই শেষমেষ রাষ্ট্রপতির কাছেই সরাসরি এর উত্তর জানার সুযোগ মেলে।

গত ৫ আগস্ট ছাত্র-আন্দোলন ও গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সংবিধানের ৫৭(ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছেন, তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট কোনো প্রমাণ পৌঁছায়নি।

রাষ্ট্রপতির ভাষ্যে, ‘আমি বহুবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। হয়ত তার সময় হয়নি।’

কথোপকথনের সময় রাষ্ট্রপতি বলেন, ‘৫ আগস্ট সকাল ১০:৩০ টায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বঙ্গভবনে ফোন আসে, যেখানে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য আসবেন। এরপরই বঙ্গভবনে প্রস্তুতি শুরু হয়। কিন্তু এক ঘণ্টার মধ্যে আরেকটি ফোন আসে যে তিনি [শেখ হাসিনা] আসছেন না। ’

তিনি বলেন, ‘চারদিকে অস্থিরতার খবর। কী হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না। তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছেও কোনো খবর নেই। আমরা অপেক্ষা করছি। টেলিভিশনের স্ক্রলও দেখছি। কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আমাকে কিছুই বলে গেলেন না।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না? একই জবাব। শুনেছি তিনি পদত্যাগ করেছেন। মনে হয় সে সময় পাননি জানানোর।’

তিনি বলেন, ‘সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম, আমিও খুঁজছি।’

মতিউর রহমান চৌধুরীর সাথে আলাপচারিতার এক পর্যায়ে রাষ্ট্রপতি বলেন, ‘এ বিষয়ে আর বিতর্কের সুযোগ নেই। প্রধানমন্ত্রী চলে গেছেন এবং এটাই সত্য। তবুও, এই প্রশ্নটি যাতে আর কখনো না ওঠে তা নিশ্চিত করতে আমি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছি।’

রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ৮ই আগস্ট এ সম্পর্কে তাদের মতামত দেন। এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীকে শপথবাক্য পাঠ করাতে পারবেন বলে আপিল বিভাগ মতামত দেন।

জাতীয় নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের জয় হয়েছে: সংসদে রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশ শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশ শুরু হয়।দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণের শুরুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সফলভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়েছে দেশের জনগণের, জয় হয়েছে গণতন্ত্রের।

সাহাবুদ্দিন বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। জনগণের রায় মেনে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্রের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন অত্যন্ত যুগান্তকারী ঘটনা, যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে।

নির্বাচন ঘিরে একটি মহল সহিংসতা ও সংঘাত সৃষ্টি করে গণতন্ত্রের শান্ত-স্নিগ্ধ যাত্রাপথে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তাদের গণতন্ত্রবিরোধী ও সহিংস কর্মকাণ্ড সাময়িকভাবে জনগণকে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রাখলেও ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতে পারেনি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের জন্যই সরকার ও নির্বাচন কমিশনের সব পদক্ষেপ সার্থক হয়েছে।

নির্বাচন বর্জনকারী দলগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, আমি আশা করি- ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলগুলো সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে। সরকারও এক্ষেত্রে সংযত আচরণ করবে- এটাই সবার প্রত্যাশা।

রাষ্ট্রপতি পঁচাত্তরের ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ড ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় উল্লেখ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। তিনি বলেন, ২০০১ সালের নির্বাচন পরবর্তী দেশে যে নৃশংস সহিংসতা হয়েছিল- তা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এর মাধ্যমে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। কিন্তু ২০০৮ সালের নির্বাচনসহ পরবর্তীতে অনুষ্ঠিত সব নির্বাচনে সহিংসতার পুনরাবৃত্তি থেকে মুক্তি পেয়েছি।

সাহাবুদ্দিন বলেন, গণতন্ত্র ও উন্নয়নের নিষ্কণ্টক পথচলার জন্য রাজনৈতিক দলগুলো উদার ও গঠনমূলক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়াবে- এটাই দেশবাসীর প্রত্যাশা।

নির্বাচনে প্রার্থীদের হলফনামায় নজর রাখছে দুদক: মাহবুব হোসেন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামার দিকে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাদের হলফনামায় অস্বাভাবিক সম্পদের তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুদক সচিব বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শিল্পকলার জাতীয় নাট্যশালায় কমিশনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতিকে তফশিল পেছানোর প্রস্তাব জাতীয় পার্টির রওশন এরশাদের

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘোষিত তফশিলের সময় বৃদ্ধি ও সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে রওশন এরশাদ জানায়, ঘোষিত তফশিলের সময় যথেষ্ট নয়। তফশিলের সময় আরও কিছুটা বাড়ানো প্রয়োজন।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওই সময়টা আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সম্যসা হবে। এ কারণেও তফশিল পিছিয়ে দেওয়া প্রয়োজন।

একই সঙ্গে সকল রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার বসার আহবান জানান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক।

এর আগে দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে বঙ্গভবন যান রওশন এরশাদ।

 

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন শেষে বঙ্গভবনে যান তিনি।

এর আগে গোপালগঞ্জ-৩ আসনের নেতারা শনিবার সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র কেনার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন দলীয় প্রধান।

দলীয় সূত্রে জানা যায়, ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম বিক্রির এ কার্যক্রম চলবে আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। এ বছর অনলাইনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এছাড়াও অনলাইনে ‘স্মার্ট নমিনেশন অ্যাপ’ নামে একটি অ্যাপ চালু করেছে ক্ষমতাসীন দলটি। গুগল প্লে স্টোর অথবা ওআইওএস অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি থেকে অনলাইনেই ফরম পূরণ করে জমা দিতে পারবেন মনোনয়নপ্রত্যাশীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৫টি উপকমিটি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার রাতে ক্ষমতাসীন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছে। গত বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফশিল ঘোষণা করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।

এডিসি হারুনের ওপর রাষ্ট্রপতির এপিএস আগে হামলা চালিয়েছে: ডিবি প্রধান

এডিসি হারুনের ওপর রাষ্ট্রপতির এপিএস আগে হামলা চালিয়েছে: ডিবি প্রধান

ডেস্ক রিপোর্ট:

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে থানায় মারধর করার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের ওপর রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন আগে হামলা চালান বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিবি প্রধান জানান, থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের যে ঘটনাটি ঘটেছে, তার সূত্রপাত হয় বারডেম হাসপাতালে। সেখানে রাষ্ট্রপতির এপিএস মামুন আগে বরখাস্ত এডিসি হারুনের ওপর হামলা চালান। এই বিষয়টিও তদন্তে আসা উচিত।

গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে। দুই ছাত্রলীগ নেতা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।

এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে মীমাংসা করেন।

ছাত্রলীগের একাধিক সূত্রে জানা যায়, এডিসি হারুন ৯ সেপ্টেম্বর রাতে এক নারীর সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। সেসময় ওই নারীর স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং তাদের দুজনকে একসঙ্গে পান। সেখানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে পুলিশ ফোর্স নিয়ে এসে ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম মারধর করেন এডিসি হারুন অর রশিদ।

এ ঘটনায় গত রোববার সেপ্টেম্বর বিকেলেই ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি দুইদিনের মধ্যে দ্রুত তদন্ত কাজ সম্পন্ন করে ডিএমপি পুলিশ কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এরপর হারুনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়। আবার ওইদিন বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে তাকে এপিবিএন-এ বদলি করা হয়।

তবে গতকাল সোমবার বদলি করা এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

‘প্রিয়তমা’ দেখার পরে শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

‘প্রিয়তমা’ দেখার পরে শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট:

প্রেক্ষাগৃহে হাজির হয়ে গেল ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা উপভোগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার রাত ৮টায় রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির সহধর্মিণী, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ, সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ, অভিনেত্রী তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমা সংশ্লিষ্ট আরও অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার রাতে একটি ভিডিও প্রকাশ করেছেন শাকিব খান। যেখানে প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমা দেখার পরে অভিনেতাকে জড়িয়ে ধরতে দেখা দেখা যায় রাষ্ট্রপতিকে। এসময় স্টার সিনেপ্লেক্সে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা হিমেল আশরাফ রাষ্ট্রপতি ও তার স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পরিবার নিয়ে সিনেমা হলে উপভোগ করলেন ‘প্রিয়তমা’।

এক জীবনে আমার আর কি চাওয়ার থাকতে পারে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার পরিবার নিয়ে বঙ্গভবন থেকে সিনেমা হলে এসে আমার সিনেমা উপভোগ করছেন, তার পাশে বসে আমি আমার সিনেমা দেখছি, বড় পর্দায় এত গণ্যমান্য মানুষের সাথে আমার নাম দেখছি, এক জীবনে পরিচালক হিসেবে আর কি চাইতে পারি!

ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া, ধন্যবাদ শাকিব খান ভাইয়া, ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ ‘প্রিয়তমা’ টিম। বিশেষ করে ধন্যবাদ সাধারণ দর্শক। অনেকেই বলবেন রাষ্ট্রপ্রতির ছেলের সিনেমা তাই তিনি দেখেছেন। কথাটা কিছুটা সত্য হলেও আসল কারন সাধারন দর্শক। দেশে এবং বিদেশে বাংলাদেশি সাধারন মানুষের প্রচণ্ড ভালোবাসাই আসলে তাদের উদ্বুদ্ধ করেছে সিনেমাটি উপভোগ করতে।

সাধারণ দর্শক, যারা প্রিয়তমা দেখেছেন, ভালোবেসেছেন আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। বিশ্বাস করেন, শুধুমাত্র আপনারাই আমার খুব সাধারণ জীবনটা অসাধারণ করে দিয়েছেন।

প্রসঙ্গত, নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

কুমেক হাসপাতালের নতুন পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

এর আগে তিনি কুমিল্লা সরকারি মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সার-২ অধিশাখার যুগ্ম সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডাঃ মোঃ আজিজুর রহমান ১৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি চট্রগ্রামের সিভিল ও স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন।

ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার গিলাতলী গ্রামের মোঃ আনোয়ারুল আজীম সিদ্দিকী ও কাজী খাদিজা বেগমের সন্তান।

তিনি বলেন, বাকী জীবন গ্রামের বাড়ি থেকে মানুষের সেবা করব। সিভিল সার্জন, লাইন ডাইরেক্টর, প্রজেক্ট ডাইরেক্টর, অধ্যক্ষ এর পর পরিচালক। নিজ গ্রামে থেকে মায়ের কবরের পাশে বাবার স্নেহ নিয়ে আত্বী-স্বজনদের ভালোবাসায় জীবন কাটাতে চান তিনি।

নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক, সন্ধ্যায় শপথ

 

ডেস্ক রিপোর্টঃ

নতুন ধর্ম প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের জন্য প্রস্তুতি চলছে বঙ্গভবনে। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের। এ শপথ পাঠ পর্বের মধ্য দিয়ে নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মৃত্যুবরণ করেন। ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।