Tag Archives: শেখ হাসিনার

ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল

ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল

ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল

ডেস্ক রিপোর্ট:

ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। বিচারপ্রক্রিয়ার জন্য তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও নয়াদিল্লি তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) এ বিষয়ে জানাশোনা আছে এমন ভারতীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

খবরে জানানো হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। তিনি বর্তমানে দিল্লির একটি সেফ হাউজে অবস্থান করছেন। তবে দেশ ছাড়ার পর থেকে তিনি জনসম্মুখে আসেননি।

ভারতের কয়েকজন সরকারি কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেখ হাসিনা যাতে আরও কিছুদিন ভারতে থাকতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, কারণ ভারতের আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস (এফআরআরও) শেখ হাসিনার ভিসা নবায়নের কাজটি সম্পন্ন করেছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারের কাছে একটি চিঠি পাঠায়। তবে চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এ বিষয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।

গত ৩ জানুয়ারি হিন্দুস্থান টাইমস জানায়, ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না বলেই ধারণা করা হচ্ছে। কারণ, বাংলাদেশ সরকার এখনো এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি গুম ও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৭ জানুয়ারি শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর।

এই পরিস্থিতিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

আমি বহুবার শেখ হাসিনার পদত্যাগপত্র

আমি বহুবার শেখ হাসিনার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি: রাষ্ট্রপতি

আমি বহুবার শেখ হাসিনার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারটি গত শনিবার (১৯ অক্টোবর) পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’-এ প্রকাশিত হয়েছে।

সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটির অনুলিপি কারো না কারো কাছে থাকার কথা। কিন্তু তিন সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেনি তাকে। এমনকি মন্ত্রিপরিষদ বিভাগেও যোগাযোগ করা হয়েছে, যেখানে সাধারণত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র সংরক্ষিত থাকে। কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। তাই শেষমেষ রাষ্ট্রপতির কাছেই সরাসরি এর উত্তর জানার সুযোগ মেলে।

গত ৫ আগস্ট ছাত্র-আন্দোলন ও গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সংবিধানের ৫৭(ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছেন, তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট কোনো প্রমাণ পৌঁছায়নি।

রাষ্ট্রপতির ভাষ্যে, ‘আমি বহুবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। হয়ত তার সময় হয়নি।’

কথোপকথনের সময় রাষ্ট্রপতি বলেন, ‘৫ আগস্ট সকাল ১০:৩০ টায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বঙ্গভবনে ফোন আসে, যেখানে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য আসবেন। এরপরই বঙ্গভবনে প্রস্তুতি শুরু হয়। কিন্তু এক ঘণ্টার মধ্যে আরেকটি ফোন আসে যে তিনি [শেখ হাসিনা] আসছেন না। ’

তিনি বলেন, ‘চারদিকে অস্থিরতার খবর। কী হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না। তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছেও কোনো খবর নেই। আমরা অপেক্ষা করছি। টেলিভিশনের স্ক্রলও দেখছি। কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আমাকে কিছুই বলে গেলেন না।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না? একই জবাব। শুনেছি তিনি পদত্যাগ করেছেন। মনে হয় সে সময় পাননি জানানোর।’

তিনি বলেন, ‘সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম, আমিও খুঁজছি।’

মতিউর রহমান চৌধুরীর সাথে আলাপচারিতার এক পর্যায়ে রাষ্ট্রপতি বলেন, ‘এ বিষয়ে আর বিতর্কের সুযোগ নেই। প্রধানমন্ত্রী চলে গেছেন এবং এটাই সত্য। তবুও, এই প্রশ্নটি যাতে আর কখনো না ওঠে তা নিশ্চিত করতে আমি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছি।’

রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ৮ই আগস্ট এ সম্পর্কে তাদের মতামত দেন। এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীকে শপথবাক্য পাঠ করাতে পারবেন বলে আপিল বিভাগ মতামত দেন।