All posts by jitu

টিকটকে পরিচয় থেকে ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণীকে বিয়ে, ৯ দিন পর উধাও স্বামী

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের এক তরুণের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণীর টিকটকে পরিচয়। সেই সূত্রে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, শেষে আদালতে গিয়ে বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের পরই নববধূর কাছ থেকে পালিয়ে যান স্বামী। পরে স্বামীর খোঁজে তার গ্রামের বাড়িতে গিয়েও তাকে পাননি ওই তরুণী।

সোমবার (২১ এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই গ্রামে এ ঘটনা ঘটে। তরুণীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়।

তরুণী জানান, তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রামে থাকেন। গত জানুয়ারিতে টিকটকে মৌলভীবাজার সদর উপজেলার কাটারাই গ্রামের ওয়াকিব আলীর (২১) সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩ এপ্রিল ওয়াকিব চট্টগ্রামে যান এবং ৬ এপ্রিল চট্টগ্রামের একটি আদালতে কাজীর মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা সদরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হলফনামা জমা দেন। এরপর থেকে তরুণীর পরিবারের সঙ্গেই থাকছিলেন ওয়াকিব। কিন্তু গত ১৫ এপ্রিল নামাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। তার ফোনও বন্ধ অবস্থায় ছিল।

স্বামীর সন্ধানে সোমবার তরুণী মৌলভীবাজারের কাটারাই গ্রামে যান। গ্রামবাসীর সাহায্যে ওয়াকিবের বাড়ি খুঁজে পেলেও সেখানে স্বামীকে পাননি। পরে তিনি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের সহায়তা নেন।

তরুণীর অভিযোগ, ওয়াকিবের পরিবার তাকে বাড়িতে ঢুকতে দেয়নি এবং স্বামীকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। এখন তিনি চেয়ারম্যানের বাড়িতে রয়েছেন এবং স্বামীর সন্ধান চাইছেন।

ওয়াকিবের বাবা আপ্তাব আলী বলেন, তার ছেলে ব্যবসার টাকা হারানোর পর গত ঈদের আগে বাড়ি থেকে পালিয়ে যায়। তার বর্তমান অবস্থান সম্পর্কে তিনি কিছু জানেন না।

অন্যদিকে, গ্রামের কয়েকজন স্থানীয় জানান, গত রোববার বিকেলেও ওয়াকিবকে এলাকায় দেখা গেছে।

খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, তরুণী তার বাড়িতে আছেন এবং তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

গত পাঁচ বছরে বিএসএফের হাতে নিহত ১৫১ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:

গত পাঁচ বছরে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) এর হাতে কমপক্ষে ১৫১ বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু রংপুর বিভাগেই নিহত হয়েছেন ৬১ জন। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেছে।

আসকের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের ছয়টি জেলার মধ্যে লালমনিরহাটে বিএসএফের হাতে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। এই জেলায় গত পাঁচ বছরে ১৯ জনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। সর্বশেষ, গত ১৭ এপ্রিল লালমনিরহাটের সিংগীমারী সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে হাসিবুল নামের এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

হাসিবুলের মা শোকাহত কণ্ঠে বলেন, “ওরা রাইফেলের বাঁট দিয়ে আমার ছেলের বুক ক্ষতবিক্ষত করেছে। তারপর তাকে আটার বস্তার মতো ফেলে গাড়িতে তুলে নিয়ে যায়।”

২০১১ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফেলানীকে হত্যার পর সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিবাদ হয়েছিল। কিন্তু ১৩ বছর পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফেলানীর পরিবার আজও ন্যায়বিচার পায়নি।

বিশ্লেষকদের মতে, সীমান্তে বাংলাদেশিদের নির্বিচার হত্যা বন্ধ করতে দুই দেশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ত্বহা হুসাইন বলেন, “সীমান্ত চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে, কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে আইনের আওতায় আনতে হবে, গুলি করে হত্যা করার কোনো অধিকার তাদের নেই।”

এ বিষয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর পক্ষ থেকে লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, “সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কেউ প্রবেশ না করে, সেই বিষয়ে নাগরিকদের সচেতন করতে আমরা নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছি।”

তবে, সীমান্তে বাংলাদেশিদের রক্তঝরা এই পরিসংখ্যান প্রশ্ন তুলছে—কোনো উন্নতি কি আদৌ সম্ভব? নাকি আবারও ফেলানী-হাসিবুলের মতো অসহায় মানুষের মৃত্যু ঠেকানো যাবে না?

সূত্র: ইত্তেফাক

 

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ভাঙচুর

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করেছে গণিত পরীক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে তারা এই ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও সেনাবাহিনী। তবে কেউ আটক বা আহত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানতে চাইলে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ কবির হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রটি ছিল রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা শেষে তারা কয়েকটি বেঞ্চ ও কিছু গ্লাস ভাঙচুর করেছে। কেউ আহত নেই। এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭২ জন।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা ভাঙচুর করেছে, তাদের শনাক্ত করে তাদের পরিবারকে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।

চৌদ্দগ্রামে দেয়াল টপকিয়ে নকল সরবরাহের অভিযোগ

চৌদ্দগ্রামে দেয়াল টপকিয়ে নকল সরবরাহের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি পরীক্ষার চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলছে নকল সরবরাহ। সোমবার বিদ্যালয়টিতে গণিত পরীক্ষা চলাকালিন কয়েকজন কিশোর তাঁর পরিচিত পরীক্ষার্থীকে দেয়াল টপকে নকল সরবরাহ করে।

সাংবাদিকদের গোপন ক্যামেরায় বিষয়টি ধরা পড়লেও অস্বীকার করছেন কেন্দ্র সচিব নালঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হোসেন। ওই কেন্দ্রে নালঘর উচ্চ বিদ্যালয়, চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয়, ভাটরা কালজয়ী বিদ্যানিকেতন ও বগৈড় উচ্চ বিদ্যালয়ের ২০৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

জানা গেছে, গত ১০ এপ্রিল চলতি বছরের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা শুরু হয়। ২১টি কেন্দ্রের মধ্যে প্রথম দিন থেকে চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করে কতিপয় কিশোর। অন্য সব কেন্দ্রে গত ১৫ বছরের চেয়ে সন্তোষজনক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার দ্বিতীয় দিন চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের দেয়াল টপকে নকল সরবরাহ করছে সন্দেহে দুই কিশোরকে ‘সামান্য’ শাস্তি দেয়া হয়।

সোমবার গণিত পরীক্ষার দিন সরেজমিন কেন্দ্র এলাকায় গিয়ে দেখা যায়, চৌমুহনী বাজারের রাইট টেলিকম এন্ড ফটোকপি দোকানে কয়েক কয়েকজন বহিরাগত কিশোর ফটোকপি করতে দেখা যায়। হল থেকে একজন পুলিশ বের হয়ে রাস্তায় পর্যবেক্ষণ করা শুরু করলে পিছন থেকে দুই কিশোর বলতে শোনা যায়, দ্রুত কম্পিউটার দোকানে ফোন কর। না হয় পুলিশ গিয়ে জরিমানা করবে। এর কিছুক্ষণ পরে শিক্ষক বাবুলের নেতৃত্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের মজুমদারসহ একটি টিম কেন্দ্র সংশ্লিষ্ট এলাকায় ফটোকপি দোকান বন্ধ রাখার জন্য অনুরোধ করে।

কেন্দ্র সচিব মামুন হোসেন বলেন, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে দেয়াল টপকিয়ে পার হওয়ার একটি স্থিরচিত্র দেখেছি। কেন্দ্রের পশ্চিম পাশে একটি পুকুর। দেয়াল টপকিয়ে নকল বিষয়টি সত্য নয়।

সচেতন অভিভাবকরা অভিযোগ করেন, গত ১৭ বছর পরীক্ষার যে হাল ছিল, মনে করেছিলাম এবার পরীক্ষা ভালো হবে। কিন্তু এখানে শর্ষের ভেতরেই ভূত। শিক্ষকরা এমসিকিউ’র অধিকাংশই বলে দেয়। তাছাড়া প্রায় সময় দেখা যায়, কতিপয় কিশোর দেয়াল টপকিয়ে নকল সরবরাহ করছে।

হল সুপার রফিকুল ইসলাম বিএসসিকে অঙ্কের শিক্ষক হয়ে কিভাবে কেন্দ্রে অবস্থান করছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি হল সুপারের দায়িত্ব পালন করেছি। অফিস কক্ষেই বসে ছিলাম। উপরের হলে যাইনি।

চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন বলেন, চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরীক্ষার অনিয়মের কিছু অভিযোগ পেয়েছি। সবে মাত্র তিনটি পরীক্ষা শেষ হয়েছে। আগামী পরীক্ষাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, ‘বিষয়টি জানার সাথে সাথে কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট পাঠানো হয়েছে। দেয়াল টপকিয়ে যে জায়গা দিয়ে নকল সরবরাহের কথা বলা হচ্ছে-ওই জায়গা দিয়ে নকল সরবরাহ সম্ভব না’।

শাসনগাছায় আ’লীগের ঝটিকা মিছিল, ৮ জন গ্রেফতার

শাসনগাছায় আ’লীগের ঝটিকা মিছিল, ৮ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় রবিবার মধ্যরাত দেড়টায় আওয়ামীলীগের পক্ষে ঝটিকা মিছিলে অংশ নেয়ার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ।

ঝটিকা মিছিলের পরে নগরীর বিভিন্ন এলাকায় রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদরের চানপুর (ইউনুস মেম্বারের বাড়ি) এলাকার মৃত. আলী আশরাফের ছেলে মোঃ আরিফ (৩০) , নগরীর মোগলটুলি এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি (৪২) , কালিরবাজার ইউনিয়নের রাইচৌ এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ কবির হোসেন (৩৮) , নগরীর ২ নং ওয়ার্ডের ছোটরা এলাকার মৃত. আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ কিশোর, বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বাসিন্দা বর্তমানে সদরের ধর্মপুর এলাকার মিরাজের ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, বুড়িচং উপজেলার বানতি গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বার উপজেলার চাপা নগরের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা ও সদরের আমড়াতলি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোস্তফা।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আরো জানান, ঝটিকা মিছিলের পরপরই তারা চারদিকে পালিয়ে যায়। সাথে সাথে খবর পেয়ে আমরা নগরীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করি। এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন এলাকায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া ৮ জনের মধ্যে ৩ জনের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পারভেজ হত্যা: কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

পারভেজ হত্যা: কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

স্টাফ রিপোর্টার:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার(২১এপ্রিল) সকাল ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে “পারভেজ হত্যার বিচার চাই”, “সন্ত্রাসীদের গ্রেপ্তার করো”, “আমরা ন্যায়ের পক্ষে”আমার ভাই মরলো কেন,প্রশাসন জবাব চাই,আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে—এই স্লোগানগুলোতে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেও বক্তৃতায় ক্ষোভ আর বেদনার মিশ্র প্রতিফলন ছিল স্পষ্ট।

কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আমির ফারুক বলেন, “পারভেজ ছিলো একজন প্রতিশ্রুতিশীল নেতা, মেধাবী শিক্ষার্থী। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন বলেন,“ছাত্র রাজনীতিতে ভিন্নমত থাকতেই পারে, কিন্তু এভাবে হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের উপর আঘাত। আমরা এর বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।”

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজ ছাএদলের যুগ্ম আহ্বায়ক,শাহাদাত হোসেন, রিয়াদ হোসেন,সদস্য রিমন,বাহার, সবুজ, ইব্রাহিম প্রমুখ।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ মিছিল বের করা হয়, যা কলেজ প্রাঙ্গণ ঘুরে মূল ফটকে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য,গত শনিবার(১৯ এপ্রিল) এ রাতে ঢাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন জাহিদুল ইসলাম পারভেজ। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত ক্ষোভ ও শোক ছড়িয়ে পড়ে।

ছাত্রদল নেতারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কুমিল্লার ৬ আইনজীবী কারাগারে

 

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লা নগরীর পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনসহ ছয় আইনজীবীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান শুনানি শেষে মামলার অন্যতম ৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তারমধ্যে এড. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ এবং এড. মইন পলাতক রয়েছেন।

আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিটন ছাড়াও ৩ আগস্টের এই মামলায় কারাগারে পাঠানো হয়েছে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাবেক এপিপি এএমএম মহিন, অ্যাডভোকেট জহুর হাসান চৌধুরী সোহাগ, এডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া ও অ্যাডভোকেট জাকির হোসেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন, কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইমুল হক রিংকু।

তিনি বলেন, এ মামলার সর্বমোট আসামি ২৬১ জন। গেল ১১ই আগস্ট কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২৪ জন আসামি শুনানিতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাদের মধ্যে পলাতক দুই আসামির ওয়ারেন্ট জারি হয়েছে।

রায়ের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব বলেন, ৩ আগস্ট কুমিল্লায় যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে- আদালতের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ৩ আগস্টের তাণ্ডবের সাথে অনেক আইনজীবী জড়িত রয়েছেন তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এই মামলায় আসামিদের বিচার নিশ্চিত করতে কোন আইনজীবী যদি অসহযোগিতা করে; তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।।

এদিকে মামলার শুনানি চলাকালে আদালত প্রাঙ্গনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা ও সাধারণ ছাত্র জনতা আসামিদের বিচার দাবিতে স্লোগান দিতে শুরু করেন। এছাড়া কারাগারে পাঠানোর সময় আসামিদের উপর ডিম নিক্ষেপ করা হয়।

শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র

শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র লক

ডেস্ক রিপোর্ট:

গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের অধীনস্থ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি চিঠির মাধ্যমে এই ১০ জনের এনআইডি বন্ধ করে দেওয়া হয়েছে। নথি অনুসারে, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশনা ছিল কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

এনআইডি লক করা হয়েছে এমন ব্যক্তিদের তালিকায় রয়েছেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকায় বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।

সূত্র: যুগান্তর

রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়: শাজাহান খান

ডেস্ক রিপোর্ট:

সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’ সোমবার (২১ এপ্রিল) সকালে আদালতের হাজতখানা থেকে এজলাসে নিয়ে যাওয়ার সময় তিনি একথা বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে এদিন শুনানির দিন ধার্য ছিল। এনিয়ে শাজাহান খানকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার মাইনুল ইসলাম খান পুলক গত ১৩ এপ্রিল শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ২১ এপ্রিল ধার্য করেন।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে এজলাসে তোলা হয় তাকে। ওই সময় শাজাহান খান বলেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে জানান, ‘অবশ্যই নির্বাচন করব।’

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর হাজতখানা নিয়ে যাওয়ার পথে শাজাহান খান সাংবাদিকদের জানান, ‘তোমরা কিছু বলো না। শুধু আমাকে দিয়ে বলাতে চাও।’ এ সময় আবারও বলেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’

গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সত্য বলেছি। যা ঘটেছে তাই বলেছি।’ তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলেও দাবি করেন শাজাহান খান।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

সূত্র: ইত্তেফাক

যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পুত্র ড. ফায়েজের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার (২০ এপ্রিল) লন্ডনের অভিজাত গ্রীনিচ এলাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতাদের উপস্থিতি চোখে পড়ে। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

ছবিগুলোতে দেখা যায়, সাবেক মন্ত্রী ও এমপিরা আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন এবং নেতাকর্মীদের সঙ্গে আলাপচারিতা করছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বেশ কয়েকজন শীর্ষ নেতা দেশ ত্যাগ করেন। এরপর থেকে বিভিন্ন সময়ে তাদের বিদেশে অবস্থানের খবর ও ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগেও কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপির বিদেশে রাজনৈতিক কর্মসূচি ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।