All posts by jitu

লাকসাম ও মনোহরগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিকে প্রত্যাখ্যান করেছে স্থানীয় ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা।

বুধবার (১২ মার্চ) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা জানান, ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, অছাত্র, বিবাহিত, গোশত ও মাছ বিক্রেতা, অটোরিকশা চালকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলীয় আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থী।

গত ১০ মার্চ কেন্দ্রীয় ছাত্রদল লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা ও নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কিন্তু স্থানীয় ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে গঠিত এই কমিটি স্বীকৃতি পেতে ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ঘোষিত কমিটিতে প্রয়োজনের অতিরিক্ত যুগ্ম-আহ্বায়ক রাখা হয়েছে, যাদের মধ্যে অনেকেই পূর্বে নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। এ ছাড়া অনেকে ছাত্র না হয়েও কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

নেতারা আরও অভিযোগ করেন, লাকসাম-মনোহরগঞ্জ ছাত্রদলের এই কমিটি গঠনের পেছনে একটি সিন্ডিকেট বড় অঙ্কের অর্থ লেনদেন করেছে এবং কেন্দ্রীয় ছাত্রদলকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। এ ধরনের কমিটি ছাত্রদলের আদর্শিক ভিত্তিকে দুর্বল করবে এবং প্রকৃত ছাত্রনেতাদের বঞ্চিত করবে।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আহ্বান জানান, যেন তিনি দ্রুত এই বিতর্কিত কমিটি বাতিল করে সকলের কাছে গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের নির্দেশনা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম (সভাপতি, ৭নং ওয়ার্ড ছাত্রদল), ফখরুল ইসলাম রাহাত (সদস্য, নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রদল), আলমগীর হোসেন (সদস্য, লাকসাম উপজেলা ছাত্রদল), রাকিবুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক), সুমাইয়া, ইমু, ইসান রাজিব, নাজিম (কলেজ ছাত্রদল), নাহিয়ান তানবির (যুগ্ম সাধারণ সম্পাদক) ও সাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

কুমিল্লায় প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনায় লুটহওয়া মালামাল সহ গ্রেফতার ৪

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, দেশীয় অস্ত্রশস্ত্র, লুন্ঠিত মালামাল ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আব্দুল হান্নান (৩৫), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা (বাহাদুর বাড়ি) গ্রামের মৃত সিরাজ মোল্লার ছেলে মো. শরীফ হোসেন (৪৫), কুমিল্লার চান্দিনা উপজেলার নুরপুর (দোলাই নবাবপুর) গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন (৩৫) এবং একই উপজেলার জোরপুকুরিয়া (জামিরাপাড়া ভূঁইয়া বাড়ি) গ্রামের মৃত হাজী রমিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬০)।

বুধবার (১২ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানঁ।

পুলিশ সুপার নাজির আহমেদ খানঁ সংবাদ সম্মেলনে বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে পরপর দুটি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। উভয় ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। পরে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, তিনটি ঘটনায় একই পিকআপ ব্যবহার করা হয়েছে এবং একই দল এসব ডাকাতির সঙ্গে জড়িত। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লার চান্দিনা ও পার্শ্ববর্তী চাঁদপুরের কচুয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, দুটি স্টিলের কিরিচ, দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় কুড়াল, একটি লোহার শাবল, দুটি লোহার রড, একটি মোটা রশি, ১৬ কুয়েতি দিনার, ৮০ মালয়েশিয়ান রিঙ্গিত, ৩,৫০০ টাকা বাংলাদেশি মুদ্রা, একটি বিদেশি কম্বল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরপর দুটি প্রবাসীবাহী গাড়ি থামিয়ে ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে জানা যায়, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রামের ২০-২৫ জনের একটি ডাকাত চক্র তিনটি গ্রুপে বিভক্ত হয়ে মহাসড়কে ডাকাতি করে। তারা বিমানবন্দর থেকে সোর্সের মাধ্যমে প্রবাসীদের গাড়ির তথ্য সংগ্রহ করে এবং মেঘনা টোল প্লাজা থেকে পিছু নেয়। নির্জন স্থানে পিকআপ দিয়ে ব্যারিকেড তৈরি করে ছয়-সাত জনের দল দেশীয় ধারালো অস্ত্রের মুখে প্রবাসীদের জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, আমরা হাইওয়েতে আমাদের ১০টি পেট্রোলিং টিম রেখেছে। প্রবাসীদের গাড়িগুলো একত্রিত করে আমরা তাদেরকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রাশেদ, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. আবদুল্লাহসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

দাউদকান্দিতে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ বিক্রির অভিযোগ

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে সরকারি জায়গার বড় বড় ৩টি রেন্টি গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে মারুকা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহ আলম মিয়ার বিরুদ্ধে।
বুধবার (১২ মার্চ) উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের সামনের গাছগুলো কেটে নিতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে সরকারি জায়গার ৩টি রেন্টি গাছ ইউপি সদস্য শাহ আলম মিয়া স্থানীয় গাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। পরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে উপজেলা প্রশাসনকে জানান।

এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্বপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে দুটি গাছ এবং পাশেই কৃষি বিভাগের জায়গায় ১টিসহ বড়-বড় তিনটি রেন্টি গাছ কেটে ফেলা হয়েছে। কালাম নামে এক গাছ ব্যবসায়ী গাছগুলো কেটে নিচ্ছেন। তিনি বলেন, স্থানীয় শাহ আলম মেম্বার, আল আমিন ও সুমনসহ কয়েকেজন মিলে গাছ চব্বিশ হাজার টাকায় আমার কাছে বিক্রী করেছে।

মারুকা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম বলেন, আমাদের জায়গার গাছ কাটার বিষয়ে সরেজমিনে গিয়ে জানতে পারি আল আমিন ও কালাম নামে ব্যাক্তিরা গাছ কেটে নিচ্ছে।

আল আমিন বলেন, তিনটি গাছ শাহ আলম মেম্বারের কাছ থেকে চব্বিশ হাজার টাকা দিয়ে গাছ ব্যবসায়ী কালাম কিনেছে।

গাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য শাহ আলম মিয়া মুঠোফোনে বলেন, গাছ গুলো আমি একা বিক্রি করিনি, এলাকার দরিদ্র সংগঠন আছে, সংগঠনের লোকজন মিলে এইগুলো বিক্রি করেছে। আর যেহেতু সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে আর গাছ গুলো সড়কের উপর এজন্য বিক্রি করা হয়েছে। গাছ কাটার অনুমতি দেওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, গাছগুলো কাটার জন্য ইউএনও অফিসে আমি বলেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থলে কৃষি বিভাগের লোক পাঠিয়েছি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুবি শিক্ষক আনিছের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্ন ফাঁসের অভিযোগ

 

চাঁদনী আক্তার,কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩য় বর্ষ ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি উড়ো মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, ওই বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তিনি তাকে একাধিকবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে সহযোগিতা করেছেন।

ওই ব্যাচের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, ৩য় বর্ষের ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা গত ২৪ শে ফেব্রুয়ারী শুরু হয়। এবং ৩ মার্চ ও ৬ মার্চ আরো দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং আগামী ১৩ মার্চ আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হাওয়ার কথা ছিল।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে আগামীকালের পরীক্ষা স্থগিত করেছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নরুল করিম চৌধুরী বলেন, “আমার কাছে একটি উড়ো চিঠি এসেছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তা বাস্তবায়ন করব।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের বিষয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, এবিষয়ে কাজী আনিছকে কল দিলেও পাওয়া যায়নি।

কুমিল্লায় নামাজ পড়তে বের হয়ে

কুমিল্লায় নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল সায়মন

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লালমাই উপজেলার দত্তপুরে সায়মন হোসেন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত পৌনে ১১টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর দক্ষিণ পাড়া গ্রামের ঢাকা-চট্টগ্রাম রেলপথের পূর্ব পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত সায়মন হোসেন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর মধ্যমপাড়ার আবদুল মতিনের ছোট ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কশপে সহকারী মিস্ত্রী হিসেবে কাজ করত।

পারিবারিক সূত্রে জানা যায়, সায়মন মঙ্গলবার তার পরিবারের সঙ্গে বাড়িতে ইফতার করেন। ইফতারের পর মাগরিবের নামাজ পড়ার কথা বলে মায়ের মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৮টায় স্থানীয়রা দত্তপুর দক্ষিণ পাড়া গ্রামের রেললাইনের পাশে তার মরদেহ দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে লালমাই আর্মি ক্যাম্প, লালমাই থানা ও লাকসাম রেলওয়ে থানার তিনটি টিম ঘটনাস্থলে যায়। রাত পৌনে ১১টায় সায়মনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের বড় ভাই ফয়সাল বলেন, “আমরা পাঁচ ভাই। সায়মন সবার ছোট। দুই ভাই প্রবাসে থাকে। আমি ও সায়মনসহ তিন ভাই মা-বাবার সঙ্গে একসঙ্গে ইফতার করেছি। ইফতারের পর মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়ার কথা বলে সায়মন মায়ের মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ৮টায় লোকমারফত জানতে পারি, আমার ভাইয়ের লাশ রেললাইনের পাশে পড়ে আছে।” তিনি আরও বলেন, “সায়মন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। তার কোনো শত্রু নেই, তবে শিমুল, আসিফ, রাসেল, সাব্বিরসহ তার কয়েকজন বন্ধু আছে।”

দত্তপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, “শুনেছি মঙ্গলবার দিনে নোয়াগাঁও গ্রামের খেলার মাঠে কিছু ছেলের সঙ্গে সায়মনের কথা কাটাকাটি হয়েছিল। ঘটনার কিছুক্ষণ আগেও সায়মনের সঙ্গে দুজন ব্যক্তি ছিলেন। তারা রেললাইনের পাশে বসে কথা বলছিলেন। পুলিশের উচিত তদন্ত করে ওই দুজন ব্যক্তির পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ বের করা।”

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, “নিহত কিশোরের মরদেহ মঙ্গলবার রাত পৌনে ১১টায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাবা আবদুল মতিন বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা রুজু করেছেন। সুরতহালের সময় সায়মনের ব্যবহৃত মোবাইল ও নগদ টাকাসহ মানিব্যাগ মরদেহের পাশেই পাওয়া গেছে। তার মাথা, মুখসহ বিভিন্ন স্থানে রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, চট্টগ্রামমুখী সুবর্না এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। তবে খুন হয়েছে কি-না, সেটাও আমরা তদন্ত করব।”

চৌদ্দগ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট: বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা ২৯ হাজার টাকা

 

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম, কুমিল্লা: নিরাপত্তা নিশ্চিত করতে চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্প থেকে চৌদ্দগ্রাম বাজার হাইওয়েতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট স্থাপন করা হয়।

উক্ত চেকপোস্টে আইন লঙ্ঘনকারী বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র জানায়, চেকপোস্ট পরিচালনার সময় ০৩টি মোটরবাইকের বিরুদ্ধে ৯ হাজার টাকা, ০৬টি সিএনজির বিরুদ্ধে ১৫ হাজার টাকা এবং ০১টি মাইক্রোবাসের বিরুদ্ধে ৫ হাজার টাকার মামলা দায়ের করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে সেনাবাহিনী

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে সেনাবাহিনী: কুমিল্লায় যৌথ চেকপোস্ট অভিযান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে। সোমবার আলেখারচর আর্মি ক্যাম্প থেকে কুমিল্লার সালাউদ্দিন মোড়ে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়, যা দুপুর ১২:০০টা থেকে ২:০০টা পর্যন্ত পরিচালিত হয়।

এই অভিযানে মোটরবাইক চলাচলের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘন এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে দুটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়, যার প্রতিটির জরিমানা ৩,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা। এছাড়া, আরও তিনটি মোটরসাইকেল প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সেগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পুলিশকে সহায়তা করে চলেছে, যা শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ উদ্যোগ প্রশংসিত হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে অপরাধপ্রবণতা কমানো এবং আইন-শৃঙ্খলা আরও সুসংহত করা যায়।

কুমিল্লায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

হাবিবুর রহমান মুন্না:

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সাংবাদিক ও বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) ১০ রমজান বিকেলে নগরীর কান্দিরপাড়ে ইয়াম্মি পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মহানগর শাখা সভাপতি মুহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া হোসাইন জাকির বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশ তাঁর জাতীয় জীবনে ভয়ংকর সময় অতিবাহিত করছে। যেখানে সংবাদ মাধ্যমের নূন্যতম কোন স্বাধীনতা ছিল-ন। প্রেস কনফারেন্সে পতিত স্বৈরচারারের তোষামোদ করা এবং উন্নয়নের গালগল্প লেখা-ই ছিল বিগত রেজিমে গণমাধ্যমের প্রধান কাজ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের পরিস্থিতির ইতিবাচক অগ্রগতি হয়েছে। তাই এখন থেকে সংবাদ মাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রধান অতিথি’র বক্তব্য তিনি আরও বলেন, গত ১৫ বছরে সন্ত্রাসী ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব করেছে। তাই ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে গত ১৫ বছরে। এজন্য ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংগঠনগুলোর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

বাংলালাদেশ ইসলামী ছাত্র মজলিসের কুমিল্লা মহানগরীর সভাপতি মুহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে সাংবাদিক ও বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।

মহানগর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি আব্দুল কাদের জামাল,সিনিয়র সহ সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাবেক কুমিল্লা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আশরাফী, খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডাঃ যোবায়ের হোসাইন মিয়াজি, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, সাবেক কুমিল্লা জেলা সভাপতি মাওলানা ইলিয়াস বিন হাশেম, খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি, মাওলানা মাসউদুর রহমান।

সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামূল হক ফারুক, সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, একুশে সংবাদের জুয়েল খন্দকার,মানব কন্ঠের তরিকুল ইসলাম তরুণ, আমার দেশের এম হাসান,দৈনিক আজকের কুমিল্লার হাবিবুর রহমান মুন্না,আমাদের কুমিল্লার জাহিদ হাসান নাইম,নয়া দিগন্তের (মাল্টিমিডিয়া) ফাহিম মুনতাছিম,কুমিল্লার জমিনের হৃদয় হাসান।

বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরী সভাপতি হাসান আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সদস্য সচিব রাশেদুল হাসান,ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা সেক্রেটারি, আজহারুল আমীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী প্রশিক্ষণ সম্পাদক মাহাদী হাসান।

এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সভাপতি মোঃ সাইফ উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আরিফুল ইসলাম কুমিল্লা মহানগর প্রশিক্ষণ সম্পাদক আবদুল্লাহ আল মাহাদী, বায়তুলমাল সম্পাদক তাহসিন উদ্দিন তাজবি, অফিস ও প্রচার সম্পাদক কাজী ইয়াসিন, সাইফুল ইসলাম তুহিন, নাজমুস সাকিব, নাইমুল ইসলাম, মাহমুদুল ইসলাম দিহান প্রমুখ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোজা রমজানের দিনে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে চাঁদপুর থেকে চিকিৎসা সেবা নিতে এসে বিপাকে পড়েছেন সাওার মিয়া।

মঙ্গলবার (১১ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি দেখতে পান, চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন, ফলে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। হাসপাতালের প্রধান দুইটি ফটকও বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের।

এদিন, ইন্টার্ন চিকিৎসক, প্রাইভেট ট্রেনিং চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন। জানা গেছে, গত শনিবার (৮ মার্চ) থেকে ১২ মার্চ পর্যন্ত সারাদেশে চিকিৎসকদের কর্মবিরতি ঘোষিত থাকলেও কুমিল্লা মেডিকেলে এ কর্মসূচি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

চিকিৎসকদের পাঁচটি মূল দাবি হচ্ছে: ১. এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ “ডাক্তার” উপাধি ব্যবহার করতে পারবে না। ২. ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করতে হবে। ৩. স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসন করতে হবে। ৪. ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। ৫. চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

রাজাপাড়া থেকে চিকিৎসা নিতে আসা রহিমা বেগম জানান, তার ছেলে খেলতে গিয়ে হাত ভেঙে ফেলেছে। চিকিৎসকের কাছে নিয়ে আসলেও কর্মবিরতির কারণে কোনো চিকিৎসা পাননি।

অন্যদিকে, আন্দোলনরত চিকিৎসকরা জানান, তারা রোগীদের ভবিষ্যৎ কল্যাণের কথা চিন্তা করেই এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, এই আন্দোলনের মাধ্যমে চিকিৎসা খাত আরো সুশৃঙ্খল ও উন্নত হবে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। যদিও এতে রোগীরা সাময়িক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তবে দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

কুবিতে অনুষ্ঠিত হলো ইংরেজি বিভাগের ইফতার মাহফিল

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের আয়োজনে দোয়া ও ইফতার সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিভাগের করিডোরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়াও লিবারেল মাইন্ডসের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার, সহযোগী অধ্যাপক মোঃ হারুন, সহকারী অধ্যাপক মোঃ আবুল হায়াত, প্রভাষক তারিন বিনতে এনাম, প্রভাষক সাহিদা আফরিন, প্রভাষক মো. বুলবুল আহমেদ, প্রভাষক মোঃ ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

কোরআন তিলাওয়াত, দোয়া ও ইফতারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।