All posts by jitu

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালক গ্রুপে তিতাস উপজেলা চ্যাম্পিয়ন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালক গ্রুপে তিতাস উপজেলা চ্যাম্পিয়ন

রাসেল সোহেল:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক গ্রুপের ফাইনালে কুমিল্লা সদর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে তিতাস উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে । ফাইনালে তিতাস উপজেলা দলের পক্ষে গোল দুটি করেন নাইম ও ফয়েজ। এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিতাস উপজেলা দলের নাঈম।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হয়। বিকেলে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মামুন, জেলা ফুটবল কোচ তুহিন, শাহীন প্রমুখ।

২৯ জানুয়ারি এ প্রতিযোগিতায় শুরু হয়। এ টুর্ণামেন্টে বালক গ্রুপে ১৬ টি দল অংশগ্রহণ করে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিকা গ্রুপে দেবিদ্বার চ্যাম্পিয়ন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিকা গ্রুপে দেবিদ্বার চ্যাম্পিয়ন

রাসেল সোহেল:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক গ্রুপের ফাইনালে বালিকা গ্রুপে বি-পাড়া উপজেলাকে ২-০ গোলে হারিয়ে দেবিদ্বার উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় দেবিদ্বার উপজেলার পক্ষে গোল দুটি করেন তানিয়া ও সুমাইয়া। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বি পাড়া উপজেলার নাহিদা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হয়। বিকেলে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ কুমার বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মামুন প্রমুখ।

২৯ জানুয়ারি এ প্রতিযোগিতা শুরু হয়। এ টুর্ণামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

টিকটকে ভিডিও করায় মেয়েকে গুলি

টিকটকে ভিডিও করায় মেয়েকে গুলি করে হত্যা করল বাবা

টিকটকে ভিডিও করায় মেয়েকে গুলি করে হত্যা করল বাবা

ডেস্ক রিপোর্ট:

টিকটকে ভিডিও তৈরি করার অপরাধে মেয়েকে গুলি করে হত্যা করেছে তার বাবা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায়। পুলিশের কাছে নিজেই এই হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিয়েছেন ওই বাবা।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোয়েটার একটি রাস্তায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত কিশোরীর জন্ম পাকিস্তানে হলেও সম্প্রতি সে তার পরিবারের সঙ্গে পাকিস্তানের বেলুচিস্তানে ফিরে এসেছিল।

পুলিশ কর্মকর্তা বাবর বালোচ জানান, নিহত কিশোরীর বাবা আনোয়ার উল-হক প্রথমে দাবি করেছিলেন যে অজ্ঞাত বন্দুকধারীরা তার ১৫ বছর বয়সি মেয়েকে গুলি করে হত্যা করেছে। তবে পরে তিনি নিজেই তার অপরাধ স্বীকার করেছেন।

আরেক তদন্তকারী পুলিশ কর্মকর্তা জোহাইব মহসিন বলেন, তদন্তে উঠে এসেছে যে ওই কিশোরীর পোশাক, জীবনযাত্রা এবং সামাজিক কার্যক্রম নিয়ে তার পরিবারের আপত্তি ছিল। তিনি আরও বলেন, নিহতের ফোন তাদের কাছে আছে এবং এটি বন্ধ রয়েছে। তারা অনার কিলিং (সম্মান রক্ষার্থে হত্যা)-সহ সব দিক তদন্ত করছেন।

বালোচ আরও জানান, পরিবারটি প্রায় ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিল। সম্প্রতি তারা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ফিরে এসেছে। আনোয়ার উল-হকের মার্কিন নাগরিকত্ব রয়েছে। তিনি বলেন, আনোয়ার উল-হক বলেছেন, তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকাকালীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ‘আপত্তিকর’ কন্টেন্ট তৈরি শুরু করেছিল। পাকিস্তানে ফিরে আসার পরও সে টিকটকে ভিডিও শেয়ার করতো।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনোয়ার উল-হকের শ্যালককেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তথ্যসূত্র: সিএনএন

হরতাল দিয়ে নাশকতার চেষ্টা কঠোর হস্তে

হরতাল দিয়ে নাশকতার চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: ডিএমপি কমিশনার

হরতাল দিয়ে নাশকতার চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী সতর্ক করে দিয়েছেন যে, হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও ‘অপশাসন-নির্যাতনের প্রতিবাদে’ আগামী ১৬ ফেব্রুয়ারি অবরোধ ও ১৮ ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের দেওয়া কর্মসূচিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিষিদ্ধ সংগঠনগুলোকে নজরদারিতে রাখা হয়েছে। হরতালসহ যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে, তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে।

বইমেলার নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, ডিএমপির পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থাও নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি ক্যাম্পাসের ভেতর দিয়ে মেলা চলাকালে এক মাস কোনো ভারী যানবাহন চলতে পারবে না।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, সে বিষয়ে বাংলা একাডেমিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন ইস্যুতে সড়কে আন্দোলন থেকে বিরত থাকতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলীর গাড়ি চুরির চেষ্টাকালে যুবক আটক

কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলীর গাড়ি চুরির চেষ্টাকালে যুবক আটক

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর গাড়ি অফিসের করিডোর পার্কিং থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় গাড়িসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এলজিইডি কার্যালয় থেকে এই গাড়ি চুরির ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মারুফ হোসেন। সে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকার গদার মা কলোনির মৃত নুরুল ইসলামের ছেলে। পরে তাকে কোতয়ালী থানা পুলিশকে সোপর্দ করেন অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানায়, আটক মারুফ গাড়ি চুরির পূর্বে এলজিইডি মসজিদে সবার সাথে মাগরিবের নামাজ আদায় করে – তারপরই সে গাড়িটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। লোকজন উত্তম মধ্যম দিলে সে তার নাম মারুফ বলে জানায়। এছাড়া সুমন নামে আরো একজন ব্যক্তি তার ওস্তাদ বলে সে জানিয়েছে।

সরকারি গাড়িটির চালক মো: রবিউল্লাহ বলেন, মাগরিবের নামাজের পর পর ঘটনা। এলজিডি নির্বাহী প্রকৌশলী স্যারের পাজারো স্পোর্টস গাড়িটি অফিস ভবনের করিডোরে রেখে আমি পাশেই চা খেতে গিয়েছিলাম। এরই মধ্যে ফোন পেয়ে থেকে দৌড়ে গিয়ে দেখি মুখোমুখি দুটো গাড়ি দাঁড় করানো। একজনের ঠিকাদারের গাড়িটি সামনে না পড়লে চোর গাড়িটি নিয়ে যেত।

চালক রবিউল্লাহ দাবি করেন, পাজেরো স্পোর্টস ঢাকা মেট্রো- ১৩- ৯৭৩০ গাড়ির চাবিটি তার সাথেই ছিল। চোর অন্য কোন কৌশলে গাড়িটি চুরি করে চালু করে।

প্রত্যক্ষদর্শী এলজিইডির ঠিকাদার মোঃ মাহবুবুল আলম সরকার জানান, এলজিইডি কার্যালয় একটি কাজে আসছিলাম। এলজিইডি সড়কে ঢুকতেই এক্সইএনের গাড়িটির মুখোমুখি হয় আমার গাড়ি। এর মধ্যেই কে যেন পেছন থেকে গাড়ি চোর বলে চিৎকার দেয়। তারপরই আমরা তাকে আটকাই।
মাহবুবুল আলম বলেন, এত নিরাপদ একটি জায়গা থেকে সরকারি দামি গাড়ি চুরি করে নিয়ে যাবার দুঃসাহস দেখে অবাক হচ্ছি।

এলজিইডি মসজিদে কর্মরত আবদুল আলীম জানান, আমি নামাজ পড়া ফাঁকে দেখেছি ওই ছেলে মসজিদের কোরআন শরীফে চুমু খেয়ে বের হচ্ছিলো।

এ সময় এলজিইডি কার্যালয়ে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা আনসার সদস্য রফিকুল জানান, সারাদিনই অনেক গাড়ি আসা-যাওয়া করে। আমরা কাউকে থামিয়ে জিজ্ঞাসাবাদ কিংবা চেক করি না। স্যারের গাড়িও বেশ কয়েকবার আসা যাওয়া। তাই স্যারের গাড়িও যখন যাচ্ছিলো তখনও জিজ্ঞাসা করা হয়নি।

সরকারি গাড়ি অফিস থেকে চুরির চেষ্টায় নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা এমন প্রশ্নে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিন জানান, আমি বৃহস্পতিবার সারাদিন কোথাও বের হইনি। গাড়ি অফিসেই ছিল। চোরকে পুলিশে দেওয়া হয়েছে তারা ব্যবস্থা নিবে।

কোতোয়ালি থানার ওসি মোঃ মহিনুল ইসলাম জানান, এলজিইডি অফিসের লোকজন এক গাড়ি চোরকে ধরে আমাদের কাছে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একুশে বই মেলায় দাউদকান্দির দুই তরুণ

একুশে বই মেলায় দাউদকান্দির দুই তরুণ লেখকের বই প্রকাশিত হচ্ছে

একুশে বই মেলায় দাউদকান্দির দুই তরুণ লেখকের বই প্রকাশিত হচ্ছে

জাকির হোসেন হাজারী:

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে দাউদকান্দির দুই তরুণ লেখক ও গণমাধ্যমকর্মী শরীফ প্রধান ও হোসাইন মোহাম্মদ দিদারের পৃথক দু’টি বই। সাংবাদিক শরীফ প্রধানের বই ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ।

সাংবাদিকতা বিষয়ক বইটির প্রচ্ছদ করেছেন শাহাদাত শিবলী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৪৫০ টাকা। বইটি শিক্ষানবিশ সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ বলে জানান লেখক।

সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদারের “বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি” কবিতার বইটি প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষের আঁকা নান্দনিক নজরকাড়া প্রচ্ছদে বিভাস প্রকাশনী থেকে অমর একুশে বইমেলা-২৫ এর প্রথম সপ্তাহে ৪০৬/৪০৭ নং স্টলে পাওয়া যাবে। এটি তাঁর ৭ম কবিতার বই।

উল্লেখ্য, শরীফ প্রধান দৈনিক ইত্তেফাক এবং হোসাইন মোহাম্মদ দিদার জাতীয় ইংরেজি দৈনিক দ্যা বাংলাদেশ টুডে’র দাউদকান্দি উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন।

বাটলার কোচ থাকলে খেলবেন না সাবিনারা

বাটলার কোচ থাকলে খেলবেন না সাবিনারা, সাফজয়ী ফুটবলারদের গণ অবসরের হুমকি

বাটলার কোচ থাকলে খেলবেন না সাবিনারা, সাফজয়ী ফুটবলারদের গণ অবসরের হুমকি

ডেস্ক রিপোর্ট:

কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। সাবিনা খাতুনসহ কয়েকজন নারী ফুটবলার জানিয়েছেন, পিটার বাটলারের অধীনে কোনো কার্যক্রমে তারা অংশ নেবেন না। এর আগে দলীয় মিটিং ও অনুশীলন বর্জনের পর এবার নারী ফুটবলাররা গণ অবসরের হুমকিও দিয়েছেন।

বৃহস্পতিবার বাফুফে ভবনে একত্রিত হয়ে নারী ফুটবলাররা গণমাধ্যমকে জানান, কোচ পিটার বাটলার থাকলে তারা সম্মান নিয়ে ফুটবল থেকে বিদায় নিতে চান। নেপালের কাঠমান্ডুতে সাফ টুর্নামেন্ট চলাকালীন সময়েই সিনিয়র ফুটবলার ও ব্রিটিশ কোচ পিটার বাটলারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। যদিও সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সেই সংকট তখন সামনে আসেনি।

বাফুফে পিটার বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই তিনি গত সোমবার রাতে ঢাকায় এসেছেন। এরপর থেকেই নতুন করে সংকট তৈরি হয়েছে। আগামী জুনে নারী এশিয়ান কাপ বাছাই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেই লক্ষ্যে নারী ফুটবলারদের প্রস্তুত রাখতে কাজ শুরু করেছে। কিন্তু শুরুতেই নারী ফুটবলারদের বিদ্রোহের মুখে পড়েছে বাফুফে।

সিনিয়র ফুটবলারদের সঙ্গে ব্রিটিশ কোচ পিটার বাটলারের দূরত্বের বিষয়টি বাফুফের জানা থাকলেও এতদিন এ নিয়ে কোনো উদ্যোগ নেয়নি ফেডারেশন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কয়েকজন নারী ফুটবলারের সঙ্গে বসেছিলেন। সংকট দূর করতে নারী ফুটবলারদের পাশাপাশি কোচকে নিয়ে আলাদা বৈঠক করেছে বাফুফে। সেই বৈঠকে বাফুফের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ফাহাদ করিম উপস্থিত ছিলেন। তবে কয়েক দফা বৈঠকেও সমস্যার সমাধান হয়নি।

শুক্রবার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা

 

রাসেল সোহেল:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত  স্টেডিয়ামে  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক-বালিকা) কুমিল্লা জেলা পর্যায়ের  দ্বিতীয়  দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন,  কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ  সাইফুল আলম বাবু, সাবেক ক্রিকেটার উল্লাহ, জেলা ফুটবল কোচ তুহিন, শাহীন প্রমুখ।

বালক গ্রুপে সেমিফাইনালে উঠেছেন আদর্শ সদর ও নাঙ্গলকোট উপজেলা। এদিকে বালিকা গ্রুপে সেমিফাইনালে উঠেছেন দাউদকান্দি ও দেবিদ্বার উপজেলা।

আগামীকাল সকালে সেমিফাইনাল ও বিকেলে ফাইনাল খেলার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হবে।

মানুষ আপনাদের শাস্তির জন্য

মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে: রুহুল কবির রিজভী

মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের ঘোষিত হরতাল কর্মসূচি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “হরতালের ডাক দিলেই মানুষ লাফিয়ে পড়বে, এমনটা হবে না। বরং মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে।”

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী এই মন্তব্য করেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবে নিহত ও আহতরা ন্যায়বিচার চায়। আহনাফের মতো নিরীহ ছেলেকে যারা গুলি করেছে, তাদের আত্মা রক্তপিপাসু নেকড়ের মতো। শেখ হাসিনার কাছে নারী-শিশুর কোনো মূল্য নেই, একটাই মূল্য—সিংহাসন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা কতজনকে সন্তানহারা করেছেন, তার কোনো হিসাব নেই। গুলি তার কাছে যেন একটা খেলা, ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী দলের মরদেহ দেখলে খুশি হতেন তিনি। এটা একজন মানসিকভাবে অসুস্থ নারীর আচরণ।”

ঢাকায় সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, “রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। আহনাফ, আবু সাঈদ, মুগ্ধকে হত্যাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তাহলে কারা তাদের রক্ষা করছে? এই অপরাধীদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রকেই বাদী হয়ে মামলা করা উচিত।”

রিজভী আরও বলেন, “কোনো প্রতারক যখন রাষ্ট্রক্ষমতায় থাকে, তখন সে নিজের সন্তানদেরও প্রতারক বানায়। শেখ হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে তিনি পূর্বাচলে নিজের সন্তান ও আত্মীয়দের প্লট বরাদ্দ দিয়েছেন।”

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বেড়েছে

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বেড়েছে রিটার্ন দাখিলের সময়

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বেড়েছে রিটার্ন দাখিলের সময়

ডেস্ক রিপোর্ট:

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে, কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ করা হয়েছে।

ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ নিশ্চিত করেছেন।

এটি তৃতীয়বারের মতো রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলো। এর আগে রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত অন্যান্য সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। গত আগস্ট মাসের পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দফায় সময়সীমা বাড়ানো হয়েছিল।

এনবিআর থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সব মোবাইল টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরতদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন জমা দেওয়া ও কর পরিশোধ সহজ করার লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন জমা দেওয়ার সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য উন্মুক্ত করে। এখন থেকে এই সিস্টেমের মাধ্যমে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা।