All posts by jitu

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে অপসারণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৮ জানুয়ারি) এ বিষয়ে দুদক থেকে চিঠি পাঠানো হয়। এর আগে, ১৫ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদে দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগে প্রাথমিক তদন্ত শুরুর সিদ্ধান্ত নেয় দুদক।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদকে যোগ্যতা না থাকা সত্ত্বেও আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে প্রভাব খাটিয়েছেন। এই অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে তদন্ত শুরু করা হয়েছে।

এ ছাড়া, পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মামলাও করেছে দুদক।

গত বছরের ৩০ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি মামলার কারণে বাংলাদেশ সরকার তার মাধ্যমে ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে ইচ্ছুক নয়। তাই ভবিষ্যতে সরাসরি ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করার জন্য সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য, সায়মা ওয়াজেদ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

সাবেক ডেপুটি গভর্নরের বাসায়

সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, সোয়া ১৭ লাখ টাকা উদ্ধার

সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, সোয়া ১৭ লাখ টাকা উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে তার বাসা থেকে নগদ সোয়া ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। অভিযানে নেতৃত্ব দিয়েছেন দুদক পরিচালক মো. সাইমুজ্জামান।

দুদক মহাপরিচালক জানান, ‘এসকে সুরের বাসায় অভিযান চালানো হয়েছে। এর বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।’

এর আগে, ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর এসকে সুরকে আদালতে হাজির করা হয়।

এছাড়াও, আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তার নাম জড়ানোর পর ২০২২ সালে দুদক এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। ওই বছরের মার্চে তাকে দুদকে তলব করা হয়। এসকে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে

আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না: উপদেষ্টা

আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ প্রবেশ করতে পারবে না।”

রোববার বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স (২০২৪-২৫) এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগের সরকার কিছুটা ছাড় দিত, তবে এখন আমরা আমাদের অধিকার রক্ষায় কোনো ছাড় দিচ্ছি না। এর ফলে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। তবে আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠক হবে, যেখানে এসব সমস্যার সমাধান আশা করছি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে বিরোধ চলছে, তা দুপক্ষের আলোচনা মাধ্যমে সমাধান হবে।”

সিভিল সার্ভিসের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের মধ্যে সেবামূলক মনোভাবের অভাব দেখা যায়। শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থাকত না।”

তিনি আরও বলেন, “দুর্নীতি কমানো না গেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয়স্বজন বেড়ে গেছে। কেউ আমাদের পরিচয় দিয়ে যদি সুবিধা নিতে চায়, তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “যদি আমরা দুর্নীতি করি, তবে তার সঠিক তথ্য প্রকাশ করুন।”

এ সময় তিনি জুলাই আন্দোলনে আহতদের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্বারোপ করেন।

সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে

সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে এবং এতে কোনো বাধা নেই: ফখরুল

সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে এবং এতে কোনো বাধা নেই: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে এবং এতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট জমা দিয়েছে, তা দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কারণ, ঐকমত্য ছাড়া কোনো সংস্কার কার্যকর করা সম্ভব নয়।

রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

জুলাই-আগস্টে নির্বাচন হওয়া নিয়ে সন্দেহের বিষয়ে তিনি বলেন, “সংস্কার চলবে, নির্বাচনও চলবে। নির্বাচনের পর যে সরকার দায়িত্ব নেবে, তারা সংস্কারের কাজ এগিয়ে নেবে। বিএনপির পক্ষ থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা প্রতিটি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলার ক্ষেত্রে কোনো বাধা নেই।”

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, “সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে জিয়াউর রহমান আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য বিভিন্ন ক্ষেত্রে সংস্কার শুরু করেন। তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনব্যবস্থা চালু করেন এবং বদ্ধ অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা করেন। তার হাত ধরে কৃষি ও শিল্পে বিপ্লব ঘটে।”

মির্জা ফখরুল আরও বলেন, “জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। সেই দল আজ বিভিন্ন বাধা অতিক্রম করে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে।”

তিনি বলেন, “জিয়াউর রহমানের পর তার স্ত্রী খালেদা জিয়া দলের দায়িত্ব নিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করেছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে লন্ডনে চিকিৎসাধীন। আমরা তার সুস্থতার জন্য প্রার্থনা করি। তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান এখন দেশকে হাসিনা-ফ্যাসিবাদ মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।”

‘প্রধান উপদেষ্টা ঘোষিত সময়

‘প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ীই ইসি কাজ করে যাচ্ছে’

‘প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ীই ইসি কাজ করে যাচ্ছে’

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি সরকারপ্রধান ঘোষণা করেছেন, সেই অনুযায়ীই ভোট আয়োজনের লক্ষ্যে ইসি কাজ করে যাচ্ছে।

সিইসি বলেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে ট্রাইমফ্রেম; ওইটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।’

রোববার সকালে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ কাজের জন্য অনুষ্ঠানে ইসির কাছে বিভিন্ন কারিগরি যন্ত্রপাতি হস্তান্তর করে ইউএনডিপি।

বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছিলেন, ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে, তার ওপর। মোটাদাগে এক থেকে দেড় বছরের মধ্যে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন।

এর মধ্যে গত ১৪ জানুয়ারি বিএনপির তরফে বলা হয়, আগামী জুলাই-অগাস্টের মধ্যে তারা সংসদ নির্বাচন চান।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি নাসির বলেন, ‘রাজনৈতিক বক্তব্যের মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধি-বিধান, সিস্টেমের মধ্যে থাকব।

আমরা চাই যে স্ট্রেইট, যাতে সবাই (আসতে পারে); ফ্রি ফেয়ার গেইম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দি রুলস অব দি গেইম- এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।’

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে ২০ জানুয়ারি, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার সাভারে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

এ হালনাগাদের কাজের জন্য ইউএনডিপির কাছ থেকে বিভিন্ন যন্ত্রপাতি হাতে পেয়ে সিইসি বলেন, ইউএনডিপি কারিগরি সহায়তার জন্য একটা ‘নিডস অ্যাসেসমেন্ট’ টিম পাঠিয়েছে। তারা ল্যাপটপ, ক্যামেরা, স্ক্যানার ও ব্যাগ (১৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার ও ৪৩০০টি ব্যাগ) হস্তান্তর করেছে।

‘৬৫ হাজার লোকবল কাজে নিয়োজিত থাকবে। ইউএনডিপির এ সহায়তায় আমরা কৃতজ্ঞ। ইলেকশন প্রসেসেও আমরা হয়ত তাদের সহায়তা চাইব। আশা করি, সাপোর্ট দিয়ে যাবে। এটা শুরু মাত্র, তা অব্যাহত থাকবে।’

মাস ছয়েকের মধ্যে বিএনপির তরফে ভোট চাওয়া হলেও ভোটার হালনাগাদেই ছয় মাসের কর্মপরিকল্পনা ঠিক করার কথা বলছেন সিইসি নাসির।

‘আমরা ছয় মাসের জন্য প্লান করেছি। কিছু কমবেশি হতে পারে। টার্গেট হচ্ছে- ছয় মাসের যাতে শেষ করতে পারি।’

এ হালনাগাদে নতুন করে ১৯ লাখ ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

ভিনিসিয়ুসের পর এবার

ভিনিসিয়ুসের পর এবার বর্ণবাদের শিকার বার্সা তারকা

ভিনিসিয়ুসের পর এবার বর্ণবাদের শিকার বার্সা তারকা

ডেস্ক রিপোর্ট:

লা লিগায় বর্ণবাদ নতুন কোনো বিষয় নয়। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মতো এবার এর শিকার হলেন বার্সেলোনার লেফটব্যাক আলেহান্দ্রো বালদে। শনিবার রাতে হেতাফের মাঠে ম্যাচ চলাকালীন এই অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন তিনি।

ম্যাচে বার্সেলোনা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়। তবে এই ম্যাচেই প্রথমার্ধে বর্ণবাদের শিকার হন বালদে। ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বর্ণবাদ আর অপমানের শিকার হয়েছি। এটি একেবারেই অগ্রহণযোগ্য। বিষয়টি এখানে উল্লেখ করা জরুরি ছিল বলে মনে করি।”

২০২১ সাল থেকে বার্সার হয়ে খেলছেন বালদে। তবে এটি তার জীবনে প্রথম বর্ণবাদী আক্রমণের অভিজ্ঞতা। ঘটনার পরই তিনি রেফারিকে বিষয়টি জানান।

স্পেনে বর্ণবাদের ঘটনা যে বিরল নয়, তার আরেকটি নজির মিলেছে দ্বিতীয় বিভাগের ম্যাচে। এলচের খেলোয়াড় বাম্বো দিয়াবি স্পোর্তিন গিহনের মাঠে বর্ণবাদের শিকার হয়েছেন। তারাও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।

বিগত কয়েক বছরে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদী আক্রমণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কৃষ্ণাঙ্গ তারকা ভিনিসিয়ুস জুনিয়র প্রায়শই এমন আক্রমণের শিকার হন, যা স্পেনের ফুটবলে বড় এক কলঙ্ক।

চৌদ্দগ্রাম মক্তবে কোরআন শিখে

চৌদ্দগ্রাম মক্তবে কোরআন শিখে বাইসাইকেল উপহার পেল ৫ শিশু

চৌদ্দগ্রাম মক্তবে কোরআন শিখে বাইসাইকেল উপহার পেল ৫ শিশু

স্টাফ রিপোর্টার:

গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের অংশ মক্তব শিক্ষা আজ হারিয়ে যাওয়ার পথে। একসময়ে কাক ঢাকা ভোরে ঘুম থেকে উঠে শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখন শিশুদের দিন শুরু হয় সকাল ৮-৯টায়।

হারিয়ে যাওয়া এ কোরআন শিক্ষাকে ফিরিরে আনার লক্ষ্যে কুমিল্লা চৌদ্দগ্রামে শনিবার সন্ধ্যায় দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে মক্তব পাঠদান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্থানীয় বুদ্ধিন সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা অংশগ্রহণকারী পাঁচ শিশুকে বাইসাইকেলসহ সর্বমোট ১০৯ টি পুরস্কার তুলে দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লাহ।

মাওলানা নূর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, প্যানেল চেয়ারম্যান মীর হোসেন মীরু, মাওলানা মাহবুবুল হক মিয়াজী, মাওলানা আতিক উল্লাহ, আইনজীবী শরিফ মজুমদার, হাফেজ সোলাইমান, মাওলানা আব্দুল মতিন, মাছুম।

এতে কোরআন তেলোয়াত, কোরআন হিফজ, মাসালা, দোয়া ও নামাজ শিক্ষা বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন ১০৯ জন শিশু।

স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করেছি

স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করেছি: কুমিল্লায় সংস্কার কমিশন বদিউল আলম

 

স্টাফ রিপোর্টার:

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই গণ-আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের কথা মাথায় রেখেই আমরা একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সংস্কার সুপারিশ করেছি।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার বার্ডে ময়নামতি মিলনায়তনে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এএইচকে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। পরে সাংবিদিকদের এসব বলেন।

সেমিনারে কার্যপত্রটি প্রণয়ন উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য, হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে। আর রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। ওই দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে , যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে। কোন রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে।

নির্বাচন সংস্কার কমিশন প্রধান আরও বলেন,  ১৫০টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি নির্বাচনে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, যে জালিয়াতির নির্বাচনে হয়েছে তার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছি। এ ছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে।

সভায় ড. বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশন একটি স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে যেন প্রয়োজনীয় আসন বিন্যাস হবে প্রস্তাব করেছি। এর মধ্যে কুমিল্লা-৯ নির্বাচনি এলাকাও হতে পারে। তিনি অত্র এলাকার শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের পরিবর্তন আনতে সেন্টার অব অ্যাক্সিলেন্স স্থাপনে প্রয়োজনীয়তা ও বাস্তবানের প্রস্তাব করেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রবীন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহা পরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,

এছাড়া কারিগরি মতামত দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহ-সভাপতি অ্যাড. কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি অ্যাড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাড. মোতালেব হোসেন মজুমদার।

কুমিল্লাবাসী বঞ্চনা প্রতিকারে ঐক্যবদ্ধ হউন-সোচ্চার হউন এই শ্লোগানে কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলার বিশিষ্টজনেরা সেমিনারে অংশ নেন। সেমিনারে আধুনিক কুমিল্লা সিটি করপোরেশনে এবং জেলার সামগ্রিক উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয়তা, পরিকল্পনা ও বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়।

দুই ট্রফি নিয়ে রংপুর আসছে রংপুর রাইডার্স

 

ডেস্ক রিপোর্ট:

দেশের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে গিয়ে ট্রফি নিয়ে ফিরেছিল। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স। এবার দলটা সেই চকচকে ট্রফি নিয়ে ঘুরতে যাবে নিজেদের ঢেরা রংপুরে। সাথে থাকবে আরেকটি ট্রফিও, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও একইসাথে নিয়ে যাবে রংপুর রাইডার্স।

২০ ডিসেম্বরের এই ট্রফি ট্যুরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটার ক্রিকেটাররা হেলিকপ্টারে এসে যোগ দেবে রংপুরে। সেখানে দুই ট্রফি (জিএসএল, বিপিএল) নিয়ে থাকছে নানান কার্যক্রমও।

দেড় হাজার জার্সি ফ্যানদের দেওয়া হবে পুরো রংপুরে। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট।

এমনকি ট্রফির সাথেও ছবি তোলার সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। বিকেল তিনটা থেকে কনসার্টও আয়োজন হচ্ছে। থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়ড রাফা’।

এর আগে ২০২৪ এর ৬ ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে রংপুর জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বে।

দুই ট্রফির বিশাল আয়োজনে প্রস্তুত রংপুর রাইডার্স। আপনি প্রস্তুত তো?

কুমিল্লায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টে কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ চ্যাম্পিয়ন

 

হাবিবুর রহমান মুন্না:
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা পর্যায়ে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বুড়িচংয়ের কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ ১-০ গোলে চান্দিনার শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনাল খেলা শুরু হয়।

মেহরাজের একমাত্র গোলে কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ ফাইনালে চ্যাম্পিয়ন হন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক পঙ্কজ বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আহসান উল্লাহ স্বপন ও কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু,  কুমিল্লা শিক্ষাবোর্ডের ক্রীড়া কর্মকর্তা সায়েম প্রমুখ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের খেলোয়াড় আলামিন এবং সর্বোচ্চ ৪ গোল করে সেরা গোলদাতা হয়েছেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের মেহরাজ।

এই টুর্নামেন্ট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করেছেন।