All posts by jitu

দেশে প্রথমবারের মতো

দেশে প্রথমবারের মতো এইচএমপি ভাইরাস শনাক্ত

দেশে প্রথমবারের মতো এইচএমপি ভাইরাস শনাক্ত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে এবার প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন নারী, যার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

রোববার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান।

ডা. হালিমুর রহমান জানান, ওই নারীর শরীরে এইচএমপিভি এবং ক্লেবসিয়েলা নিউমোনিয়া নামক একটি ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, “ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে মূলত ক্লেবসিয়েলা নিউমোনিয়া ব্যাকটেরিয়ার কারণে। তবে এইচএমপিভি তার শরীরে ততটা ক্ষতি করেনি।”

হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ফুসফুস এবং শ্বাসনালীর সংক্রমণ ঘটায়। ২০০১ সালে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় এবং এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত।

সম্প্রতি চীন ও ভারতের বিভিন্ন অঞ্চলে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি শিশু, বয়স্ক এবং যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তাদের ওপর বেশি প্রভাব ফেলে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এবং যেকোনো শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন।

সাকিব-লিটন ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির

সাকিব-লিটন ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের দল ঘোষণা

সাকিব-লিটন ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে বোলিং নিষেধাজ্ঞার কারণে দলে রাখা হয়নি, ফলে শুধুমাত্র ব্যাটার হিসেবে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল কম। শেষমেশ সেটাই সত্যি হয়ে গেল। সাকিবকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হলো।

অফফর্মের কারণে লিটন দাসও দলে জায়গা পাননি। ওপেনিংয়ের জন্য দলে রাখা হয়েছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম এবং তরুণ পারভেজ হোসেন ইমনকে।

দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল আগেই অবসর গ্রহণ করেছেন, সাকিবও নেই। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ আছেন।

স্পিন বোলিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ থাকবেন। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা রয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

‘বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানে

‘বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে’

‘বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে’

ডেস্ক রিপোর্ট:

বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি সীমান্তের পাঁচটি স্থানে ভারত বেড়া নির্মাণের কাজ শুরু করেছিল। তবে বিজিবি ও স্থানীয় জনগণের কঠোর অবস্থানের কারণে ভারত বাধ্য হয়েছে কাজ বন্ধ করতে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বিগত সরকারের সময়ে (২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত) ভারত কিছু অসম এবং অনৈতিক কাজ করেছে। তাদের সেই কর্মকাণ্ড বাংলাদেশের স্বার্থের পরিপন্থী ছিল। তবে আগের সরকারের নীরব ভূমিকার কারণে ভারত এসব সুযোগ নিতে পেরেছে।”

তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্তে কোনো অবৈধ কর্মকাণ্ড যাতে না ঘটে, সেদিকে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

ডেস্ক রিপোর্ট:

বড় আসরে স্কোয়াড ঘোষণায় বরাবরই ভিন্নধর্মী পন্থা অবলম্বন করে নিউজিল্যান্ড। এবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিউইরা সেই ঐতিহ্য ধরে রেখেছে। মিচেল স্যান্টনারের নেতৃত্বে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে নিউজিল্যান্ড দল। স্কোয়াডে রাখা হয়েছে বেশ কিছু নতুন মুখ, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তানের তিনটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, আর ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। আজ ১২ জানুয়ারি ছিল অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড ও অধিনায়ক মিচেল স্যান্টনার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন।

নিউজিল্যান্ড দলে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না হওয়া তরুণ পেসার বেন সিয়ার্সকে। এ ছাড়া সীমিত অভিজ্ঞতার পেসার উইল ও’রুর্ক এবং অলরাউন্ডার নাথান স্মিথও দলে জায়গা পেয়েছেন। কোচ গ্যারি স্টেড বলেন, ‘দলে প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দিতে পেরে আমরা খুশি। পাকিস্তান ও দুবাইয়ের ভিন্ন কন্ডিশনে সফল হওয়ার জন্য আমরা সর্বোচ্চ শক্তিশালী দল গঠন করেছি।’

দলে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। স্পিন বিভাগে মিচেল স্যান্টনারের সঙ্গে শক্তি বাড়াতে দলে রয়েছেন মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান এবং উইল ইয়াং। ব্যাটিং লাইনআপে মূল ভরসা হিসেবে থাকবেন ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। পেস বিভাগে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন ও ম্যাট হেনরি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ‘গ্রুপ বি’-তে রয়েছে। তাদের প্রতিপক্ষ দলগুলো হলো বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কিউইরা।

নিউজিল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়াং।

চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে

চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল শিশুর

চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল শিশুর

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর-জগৎপুর অংশে চলাচলকারী আইদি পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেনের ছোট ছেলে মো. তাহিম হাসান ফাহিম (১২) নিহত হয়েছে। এই দুর্ঘটনায় কাজী মনির হোসেন ও তার স্ত্রী, বড় ছেলে, বড় পুত্রবধূ এবং সিএনজি চালকসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং টোরাগড় এলাকার মজুমদার বাড়ির বাসিন্দা কাজী মনির হোসেন পরিবারসহ নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুরে আসেন। লঞ্চঘাট থেকে সিএনজিচালিত স্কুটারে করে হাজীগঞ্জের পথে রওনা দিলে চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের একটি দ্রুতগামী বাস সিএনজি স্কুটারটিকে সজোরে ধাক্কা দেয়।

এই সংঘর্ষে সিএনজি স্কুটারটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিএনজি থেকে তাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত কাজী মনির হোসেন, তার স্ত্রী ও বড় ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, তার পুত্রবধূ এবং সিএনজি চালককে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুত্রবধূকে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল বিভাগের সমন্বয়ক মো. জহিরুল ইসলাম মজুমদার বলেন, কাজী মনির হোসেন ও তার পরিবারের পাঁচজন সদস্য নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বাসের ধাক্কায় তাহিম ঘটনাস্থলেই মারা যান। কাজী মনিরের পরিবারের বাকি সদস্য এবং সিএনজি চালক আহত হয়েছেন। পুত্রবধূর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং বাস ও সিএনজিকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে নিহত তাহিমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সঙ্গে বিএনপির কোন বিরোধ নেই : চাঁদপুরে জামায়াতের নায়েবে আমির মু.তাহের

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের শাহরাস্তিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) শাহরাস্তি উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামির আয়োজনে মেহের কালীবাড়ি বাজার মাঠে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমীর বাংলাদেশ জামায়েত ইসলামী ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের সাবেক এমপি বলেন, আমি চার বছর জেলে ছিলাম। মুক্ত হয়ে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ পেয়েছি। খুনি হাসিনা পেয়েছিল বাংলার ১৮ কোটি মানুষকে জিম্মি করে আজীবন মসনদে থাকবে। কিন্তু আল্লাহপাকের ফয়সালার তার পতন শেষে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। তিনি আরো বলেন, জালিম সরকারের আন্দোলনের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন। আজ সবার ঐক্য থাকা সময়ের দাবি। তাহলে সকল পক্ষের অংশগ্রহণের একটি সরকার জাতি উপহার পাবে। এছাড়া তিনি বিগত সরকারকে ইঙ্গিত করে বলেন জালিম সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম, আর হয়ে গেছে দেশ ত্যাগ। তিনি বিএনপি প্রসঙ্গে বলেন, আমাদের সঙ্গে ওই দলের কোন বিরোধ নেই। আমরা ঐক্যের ভিত্তিতে আগামী দিনের রাজনীতি প্রতিষ্ঠিত করে একটি গরম মুখি সরকার জনগণকে উপহার দিতে চাই। তাহলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। সেজন্য তিনি আগামী দিনে জামায়াতে ইসলামকে ক্ষমতায় পাঠাবার জন্য জনগণকে অনুরোধ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মু. মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা জেলা জামায়াতের আমীর নেতা কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাও: বিল্লাল হোসেন মিয়াজি, চাঁদপুর জেলা জামায়াতে সাবেক আমীর মাওঃ আঃ রহিম পাটওয়ারী।

শাহরাস্তি শহর জামায়াতের আমীর মাও: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে অতিথি ও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা নায়েবে আমীর এড. মাসুদ ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওঃ বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এড. মো: শাহজাহান, যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ ওসমানী, চাঁদপুর জেলা সহকারী সাধারন সম্পাদক মাওঃ মোঃ আবুল হোসাইন, সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রদান, চাঁদপুর জেলা শহর আমীর মো: শাহ জাহান, শাহরাস্তি জামায়েতের আমীর মু. মোস্তফা কামাল, সাবেক শাহরাস্তি উপজেলা আমীর মাওঃ খলিলুর রহমান, শাহরাস্তি উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি মাঈনুল মিয়াজী, শাহরাস্তি জামায়াত নেতা মিডিয়া সেল বিভাগের প্রধান মোঃ শাহ আলম সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের কর্মী সমর্থকবৃন্দ।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সিএনজি স্ট্যান্ডে নেই কোন যাত্রী ছাউনি। এতে প্রতিদিন দুর্ভোগের সম্মুখীন হতে হয় হাজার হাজার যাত্রীদের। রোদ কিংবা বৃষ্টি হলে যানবাহনের জন্য অপেক্ষাকৃত যাত্রীরা সড়কের পাশে ব্যক্তি মালকাধীন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় অনেক দোকানিরা বিরক্ত বোধ করেন। বর্ষার সময় যাত্রীদের ভোগান্তির শেষ নেই। তখন যাত্রীরা বৃষ্টির পানিতে ভিজে গাড়িতে উঠতে হয়।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

উপজেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক কুমিল্লা-মিরপুর সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন স্থানে যাতায়ত করে। এছাড়া উপজেলা সদরে শিক্ষা প্রতিষ্ঠান বেশি থাকায় হাজার হাজার শিক্ষার্থীকে যাতায়ত করতে হয়। কিন্তু যাত্রী ছাউনির অভাবে শিক্ষার্থীদের পরতে হয় বিরম্বনায়। সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। তথন স্কুল, কলেজের মেয়েরা অস্বস্তিতে ভুগে।

এ সড়ক দিয়ে প্রতিদিন ব্রাহ্মণপাড়া থেকে মিরপুর হয়ে সিলেট রোড, বুড়িচং হয়ে কুমিল্লা জেলা সদরে, নাইঘর হয়ে হরিমঙ্গল ও দুলালপুর হয়ে দেবিদ্বারে যাতায়ত করে যাত্রীরা। যাত্রী ছাউনির অভাবে গ্রীষ্ম, বর্ষা ও শীতসহ প্রাকৃতিক দুর্যোগের সময় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্রচন্ড রোদে ও বর্ষায় সামান্য বৃষ্টি হলে যাত্রীগণ বিভিন্ন দোকানে আশ্রয় নেয়। এসময় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন নারী, শিশু, স্কুলের ও কলেজের নারী শিক্ষার্থীরা। কারণ বর্ষার সময় বৃষ্টি হলে লোকজনের ভিড়ে সবসময় দোকানে আশ্রয় নিতে পারেন না।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

যাত্রী মিজান মিয়া বলেন, যাত্রী ছাউনি না থাকায় প্রতিদিন মানুষের ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টি হলেতো ভোগান্তির শেষ নেই। পরিবার নিয়ে আসলে তাদেরকে রাস্তায় পাশে দাঁড়ায়ে রাখতে হয়।

মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যাল কলেজের শিক্ষার্থী নাঈশা বলেন, স্কুল ও কলেজ গুলো ছুটি হলে গাড়ির সংকট দেখা দেয়। এসময় রাস্তার পাশে দাড়িয়ে থাকলে বিভিন্ন সময় ইফটিজিং এর শিকার হতে হয়। একটা যাত্রী ছাউনি থাকলে আমরা নিরাপদ আশ্রয়ে থাকতে পারতাম।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন,জন সাধারণের সুবিধার্থে আমরা একটি জয়গা নির্ধারণ করে যাত্রী ছাউনির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব।

ফ্যাসিস্টরা জয়ী হলে ২ লাখ মানুষ জেলে যেত

ফ্যাসিস্টরা জয়ী হলে ২ লাখ মানুষ জেলে যেত: প্রেস সচিব

ফ্যাসিস্টরা জয়ী হলে ২ লাখ মানুষ জেলে যেত: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেওয়া হচ্ছিল যে, এই আন্দোলনকারীদের দমন করা উচিত। আন্দোলনে ২ হাজার মানুষ মারা গেছে। যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হত। আর তখন ন্যারেটিভ হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।

আজ শনিবার বেলা ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রেস সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকের কাজ হলো ক্ষমতাবানকে প্রশ্ন করা। সাংবাদিককে এই কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। ছাত্রদল বা শিবির যার বিরুদ্ধেই রিপোর্ট হয়, তাহলে প্রথমে দেখতে হবে রিপোর্টটা সত্যি কি না। সত্যি হলে তা মেনে নিতে হবে।

জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করে শফিকুল আলম বলেন, জুলাই আন্দোলনে সাংবাদিকরা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যে ভূমিকা পালন করেছে, তা ঐতিহাসিক। এই আন্দোলনে দেশের টিভি, অনলাইন ও প্রিন্ট মিডিয়া ছাড়াও অনেক সিটিজেন সাংবাদিক ভূমিকা রেখেছে। এর বিপরীতে গিয়ে এক পক্ষ কনসেন্ট তৈরির চেষ্টা করেছে যে, এই আন্দোলনকারী লোকেরা বিটিভিতে আক্রমণ করেছে, মেট্রোরেলে হামলা করেছে। এরা সন্ত্রাসী, দুষ্কৃতকারী, তাদেরকে হত্যা করা জায়েজ। এসব হল মিডিয়ার ভাষা। এখানে যারা সাংবাদিকতা করেন বা করেন না, আপনাদেরকেও মিডিয়ার এই ভাষা বুঝতে হবে। মিডিয়া তার ভাষা দিয়ে নির্দেশ করে দেয়, উনি সন্ত্রাসী, উনি দুর্বৃত্ত।

দেশের মধ্যে শেখ হাসিনা চোরতন্ত্র তৈরি করেছিলেন মন্তব্য করে প্রেস সচিব বলেন, ‘বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়া ছিল তার কাজ। সে সময় বিদেশে টাকা পাচারকারীরা এখন সেই টাকায় প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা প্রতিষ্ঠিত করতে চায় যে, এখানে এখন মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, কোনো গণ-অভ্যুত্থান হয়নি। পরাজিত শক্তি আবার আপনাদের জঙ্গি বানাতে চায়। জুলাই-আগস্টে কার কী ভূমিকা ছিল, তা নিয়ে আরও ভালো করে জানার কাজ চলছে।’

শফিকুল আলম আরও বলেন, ২০০৯ সালের ক্ষমতায় আসার পর প্রথম যে ন্যারেটিভ তৈরি করেছিল তা হলো, ‘স্বাধীনতাবিরোধী শক্তি’। এই পুরো সময়েই আওয়ামী বয়ানই বিদ্যমান ছিল। আন্দোলন করেছে ছাত্রদল, শিবির, বামপন্থীরা। কিন্তু এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, বৈশ্বিকভাবে সন্ত্রাসী ও তালেবান হিসেবে। যার মানে তাকে মারা জায়েজ।

আত্মগোপনে থাকা লাকসাম রেলওয়ে কর্মচারীর

আত্মগোপনে থাকা লাকসাম রেলওয়ে কর্মচারীর ভুতুড়ে হাজিরা

আত্মগোপনে থাকা লাকসাম রেলওয়ে কর্মচারীর ভুতুড়ে হাজিরা

সেলিম চৌধুরী হীরাঃ

চার মাস আত্মগোপনে থাকার পর হঠাৎ হাজিরা খাতায় দুই দিনের স্বাক্ষর দিয়ে সমালোচনায় এসেছেন পূর্বাঞ্চলীয় রেলওয়ে লাকসামের ট্রেন পরীক্ষক (টিএক্সআর) আরিফুল হায়দার চৌধুরী মান্না।

তিনি লাকসাম রেল অঙ্গন সহ বিভিন্ন মহলের এবং কর্মচারীদের জন্য ছিলেন আতংক।

তার পরম সহযোগী হিসেবে কাজ করতেন রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও লাকসাম হেড টিএক্সআর অফিসের ষ্টোর মুন্সী হাসান আহমেদ পলাশ।

সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলীর নাম ভাঙিয়ে প্লাটফর্মের মসজিদের পাশেই মাদক আখড়া বসানো, দখল ও টিকিট কালোবাজারি সহ বিভিন্ন ধরনের অপরাধের কারণে তারা সমালোচিত ছিলেন।

সামান্য ও তুচ্ছ কারণে রেলওয়ের কর্মচারী সহ সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন করতো তারা।
৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান তারা । ভুক্তভোগীরা তাদের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে স্টেশন এলাকায় পোস্টার ও ব্যনার সাটানোসহ মিছিল মিটিং করেছেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকাবস্থায় হঠাৎ এক ও দুই ডিসেম্বর ২০২৪ ইং হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েছে আরিফুল হায়দার চৌধুরী ওরফে মান্না ও অজ্ঞাত ইউনুস৷

হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়াকে কেন্দ্র করে তোলপাড় চলছে রেল অঙ্গনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট থেকে আত্মগোপনে চলে যায় লাকসাম রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও লাকসাম রেলওয়ে স্টেশন টিএক্সআর আরিফুল হায়দার চৌধুরী মান্না এবং রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও লাকসাম হেড টিএক্সআর দপ্তরের ষ্টোর মুন্সী হাসান আহমেদ পলাশ।

আত্মগোপনে থাকা আরিফুল হায়দার চৌধুরী মান্নার স্বাক্ষরটি হেড টিএক্সআর আক্তার হোসেন নিজে হাজিরা খাতায় স্বাক্ষর নিয়েছে বলে গুঞ্জন রয়েছে।খোঁজ নিয়ে হাজিরা খাতায় এই স্বাক্ষরের সত্যতা পাওয়া গেছে।

এদিকে অজ্ঞাত স্থান থেকে মান্নার হাজিরা খাতায় স্বাক্ষরের খবরে তার হাতে নির্যাতিত লাকসাম রেলওয়ে জংশনে কর্মরত শ্রমিক কর্মচারীদের মাঝে অসন্তোষ দেখা দেওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, অভিযুক্ত আরিফুল হকের কৈফিয়ৎ তলব করা হয়েছে। এখনো কোন জবাব পাওয়া যায়নি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জানাগেছে, টিএক্সআর মান্না ও ষ্টোর মুন্সী হাসান আহমেদ পলাশ তারা বিগত ১০ বছর চাকরি না করেই তুলতেন বেতন ভাতা এবং টিএ বিল।
সাবেক সরকারের এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলীর সঙ্গে চলাফেরা করার কারণে তাদের সঙ্গে ভয়ে কেউ কথা বলতে পারতোনা বলে অভিযোগ পাওয়া গেছে।

লাকসাম রেলওয়ে জংশনে সন্ত্রাসী কর্মকান্ড, প্রকাশ্যে মাদক সেবন, মাদক ব্যবসা, জিম্মি, হকারদের থেকে চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তারা। সারাক্ষণ ঘুরাফেরা আর নেতাগিরি করে বেড়াতেন। পলাশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চলতো। লাকসাম স্টেশনকে নিজের কব্জায় রেখে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদেরকে লাঞ্ছিত করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

শিক্ষকরা রাজনীতিতে

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে: ডা. বিধান রঞ্জন রায়

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে: ডা. বিধান রঞ্জন রায়

ডেস্ক রিপোর্টঃ

শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না। তারা যদি রাজনীতিতে জড়ান, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শিশুদের পড়াশোনার মান উন্নত করার পাশাপাশি অভিভাবকদের আর্থিক চাপ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। শিক্ষার গুণগত মান বাড়াতে সরকার কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছে।

তিনি আরও বলেন, শিশুদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে শুধু বইয়ের ওপর নির্ভরশীল হলে ফলাফল ভালো হয় না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে নেপের পরিচালক ফরিদ আহমেদ, উপ-পরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ডা. বিধান রঞ্জন রায় দশম গ্রেডের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।