All posts by jitu

অপরাধী যেই হোক

অপরাধী যেই হোক, যতো বড় প্রতাপশালী হোক ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধী যেই হোক, যতো বড় প্রতাপশালী হোক ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধী যেই হোক, যতো বড় প্রতাপশালী হোক, যেই দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেয়া হবে না। বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হলেও, এখনও আরও কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, চাঁদাবাজি কোনোভাবেই যেন না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোহাম্মদপুর একসময় একটি খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল, তবে বর্তমানে সেখানে পরিস্থিতি অনেকটা সহনীয় হয়ে উঠেছে। অন্যান্য এলাকাতেও মোহাম্মদপুর মডেল অনুসরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হবে। এছাড়া, রাস্তা থেকে অবৈধ দোকানপাট সরিয়ে দেয়ার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকায় মাঠ পর্যায়ে কাজ করা অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নতুন এসেছেন, তাদের জন্য শহরের অলিগলি চেনার সুযোগ সৃষ্টি করতে হবে। রিকশা যাতে মূল সড়কে প্রবেশ করতে না পারে, সে জন্য ব্যবস্থা নেয়া হবে। তাদের চার্জিং পয়েন্ট বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হবে।

হলিউডে প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডে প্রিয়াঙ্কা চোপড়া কেন ‘বি-গ্রেড’ সিনেমা করেছেন

হলিউডে প্রিয়াঙ্কা চোপড়া কেন ‘বি-গ্রেড’ সিনেমা করেছেন

ডেস্ক রিপোর্ট:

বলিউডে অভিনয়ের দক্ষতা দিয়ে শক্ত জায়গা তৈরি করার পর হলিউডে পাড়ি দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেও গান, টিভি সিরিজ় ও সিনেমায় কাজের পাশাপাশি রিয়্যালিটি শোতেও যোগ দিয়েছেন তিনি।

‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং ‘সিটাডেল’-এ তার কাজ দেখেই বোঝা যায়, হলিউডের প্রতিটি কাজে তিনি যথেষ্ট মনোযোগী ছিলেন।

তবে হলিউডে সফরের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয় করেছিলেন, তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে প্রিয়াঙ্কা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, “বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে আর কোনও ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।”

তিনি আরও বলেন, “এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখনই আমি বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।”

বলিউডের এত সাফল্য পিছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন, তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। আর তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয় করার জন্য! এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “যে কোনও ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি, কারণ ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ, অর্থাৎ ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হতো আমাকে।”

তিনি আরও যোগ করেন, “অনেকে, যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন, কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি। তাদের কাছে এটাই আমার উত্তর।”

হলিউডে ‘বি-গ্রেড’ সিনেমাতে অভিনয় করেও ডোয়েন জনসন এবং রিচার্ড ম্যাডেনের মতো নামজাদা হলিউড অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা।

আবারও ঘরের মাঠে বিধ্বস্ত

আবারও ঘরের মাঠে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

আবারও ঘরের মাঠে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

ডেস্ক রিপোর্ট:

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় গত সপ্তাহে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে চার গোল হজম করার পর এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও হার মানতে হলো রিয়ালকে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এসি মিলানের কাছে তারা হেরেছে ৩-১ ব্যবধানে।

ম্যাচের শুরুতে রিয়ালের জন্য বিপত্তি ঘটে। মাত্র ১২ মিনিটেই কর্নার থেকে হেডে গোল করে মিলানকে এগিয়ে দেন মালিক চিয়াও। পরের মিনিটেই সমতা ফেরানোর সুযোগ পায় রিয়াল, কিন্তু এমবাপ্পে ও ভিনিসিয়ুস সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।

তবে রিয়ালকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সমতা ফেরানোর জন্য। ভিনিসিয়ুস পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ১-১ সমতায় ফেরান।

কিন্তু বিরতির আগে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের ৩৯ মিনিটে রাফায়েল লিয়াওয়ের শট ঠেকানোর পরও দ্বিতীয় প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। এরপর ৪৩ মিনিটে এমবাপ্পের শট দারুণ দক্ষতায় আটকে দেন মিলানের গোলরক্ষক মাইক মানিয়াঁ, ফলে বিরতিতে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকতে হয় রিয়ালকে।

বিরতির পর রিয়াল দুটি পরিবর্তন আনে—অরেলিয়েঁ চুয়ামেনির জায়গায় ব্রাহিম দিয়াজ এবং ফেদে ভালভের্দের জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামানো হয়। তবে এই পরিবর্তন সত্ত্বেও গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেও সফল হয়নি রিয়াল।

মিলান বারবার প্রতি আক্রমণ চালিয়ে রিয়ালের রক্ষণে চাপ সৃষ্টি করে। অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে রেইনডার্সের গোলে মিলান ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের ৮১ মিনিটে আন্তোনিও রুদিগার একটি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত হতাশাজনকভাবে ম্যাচটি ৩-১ ব্যবধানে হেরে যায় রিয়াল।

প্রেসিডেন্ট নির্বাচনে

প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধান এগিয়ে ট্রাম্প, ধরার চেষ্টায় কমলা

প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধান এগিয়ে ট্রাম্প, ধরার চেষ্টায় কমলা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, এবং বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ ফলাফলের ভিত্তিতে, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন, আর ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ৯১টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কোনো প্রার্থীকে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। এই তথ্য দিয়েছে বিবিসি।

মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্য রিপাবলিকান এবং ডেমোক্রেটিক—এই দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণে বিশেষ ভূমিকা রাখবে বাকি সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্য, যেখানে কমলা এবং ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আগে থেকেই দেখা যাচ্ছিল।

এখানে উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বা পরাজিত হওয়ার বিষয়টি নির্ধারিত হয় প্রতিটি অঙ্গরাজ্যের পৃথক নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের যেকোনো একটিতে বিজয়ী হলে সেই প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ইলেকটোরাল ভোট পেয়ে যাবেন।

ইলেকটোরাল কলেজের মোট ভোট সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাস্কা অঙ্গরাজ্য বাদে বাকি সব রাজ্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, যেখানে যে প্রার্থী ২৭০ বা তার বেশি ভোট পাবেন, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, আর তার রানিং মেট হবেন ভাইস প্রেসিডেন্ট।

কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ

কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা

কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় মাদক কারবারীরা হামলা চালিয়ে সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০ টি বাড়ি ভাংচুর করেছেন। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পার্শ্ববর্তী কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে দেদারে মাদক ব্যবসা চলছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রোড হিসেবে ব্যবহার করত। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারীদের বাধা দেয়। এতে মাদক কারবারিরা দলবদ্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।

হামলাকারীরা এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ এর বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ সময় তোফায়েল আহমেদের ছেলে কলেজ পড়ুয়া রাহাত হোসেন জয় ঘর থেকে বেরিয়ে আসলে হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

স্থানীয়রা জানায়, মৌলভীপাড়া এলাকার জুম্মন এর নেতৃত্বে এ হামলা চালানো হয়। জুম্মন কুমিল্লা মহানগর যুবদলের কর্মী ও কুমিল্লা মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী বলে জানা যায়।

আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতরও দেখে ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি এই হামলার বিচার দাবি করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, জুম্মন যুবদল কর্মী, সে যদি কোন অপরাধ করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে।

চৌদ্দগ্রামে র‍্যাব পরিচয়ে

চৌদ্দগ্রামে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত গ্রেপ্তার

চৌদ্দগ্রামে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

গত ২৭ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম এলাকায় র‌্যাব পরিচয়ে বিকাশ পরিবেশকের ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য জানান।

সোমবার (৪ নভেম্বর) গভীর রাতে ডাকাতদের গ্রেপ্তার করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে। তবে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিকাশের লুণ্ঠিত কোনো টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃত ডাকাতদের নাম হলো: মো. সাইফুল ইসলাম (৩২), সাজু মিয়া (৩৩), মো. রিয়াদ (১৯), মো. রবিউল (২৬), মো. মানিক (৪০), মো. রিপন সর্দার (২৯), মো. সাজু (৪৪), মো. রিপন হাওলাদার (৪৫) এবং মো. সজিব (৩৫)। র‌্যাব জানিয়েছে, এই চক্রটি দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতিতে জড়িত।

র‌্যাবের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সাইফুলের নেতৃত্বে এই সংঘবদ্ধ ডাকাত দলটি গত সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় দুই ব্যক্তিকে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে পালানোর সময় র‌্যাব তাদের ধাওয়া করে। এরপর দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার ৩৫৮ টাকা, র‌্যাবের ৩টি জ্যাকেট, হ্যান্ডকাপ, নকল পিস্তল, ২টি ওয়াকিটকি, ওয়্যারলেস সেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা ২৭ অক্টোবর বিকালে চৌদ্দগ্রাম এলাকায় র‌্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা বহনকারী গাড়িটি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা বিকাশের দুই কর্মচারীকে হাত-পা বেঁধে ২৫ লাখ ৯২ হাজার টাকা লুটে নিয়ে মহাসড়কের চান্দিনা এলাকায় তাদের রাস্তার পাশে ফেলে দেয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, গ্রেপ্তার সাইফুলের নেতৃত্বে ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক-মহাসড়কে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম, চান্দিনাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, বিকাশের লুণ্ঠিত ওই টাকা উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

চান্দিনায় 'গ্রাম' ব্যবহার না করে

চান্দিনায় ‘গ্রাম’ ব্যবহার না করে ভরি,আনা, রতি তে স্বর্ণ বিক্রয় করায় ৫টি জুয়েলার্সকে জরিমান

শাহ ইমরান:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং চান্দিনা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আজ বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) অভিযানের সময় মেসার্স আরোহি জুয়েলার্সকে মেট্রিক পদ্ধতির একক ‘গ্রাম’ ব্যবহার না করে ভরি, আনা, রতি তে স্বর্ণ পরিমাপ ও বিক্রয় করায় ২,০০০/- (দুই হাজার টাকা) জরিমানা করা হয়। একই কারণে মেসার্স রাধিকা জুয়েলার্সকে ১,৫০০/- (এক হাজার পাঁচশত টাকা), মেসার্স সাহা জুয়েলার্সকে ২,০০০/- (দুই হাজার টাকা) এবং মেসার্স নিশিতা জুয়েলার্সকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয়।

এছাড়াও, মেসার্স আসাদ স্টোরকে ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ডিজিটাল স্কেল ব্যবহার করার অপরাধে ৫০০/- (পাঁচশত টাকা) জরিমানা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চান্দিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ও জনাব মো: আমিনুল ইসলাম শাকিল।

এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জাতিকে সুস্পষ্ট করে জানান

জাতিকে সুস্পষ্ট করে জানান কবে নির্বাচন করতে চান: মির্জা আব্বাস

জাতিকে সুস্পষ্ট করে জানান কবে নির্বাচন করতে চান: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো ধরনের কৌশল বা ছলচাতুরির প্রয়োজন নেই, জাতিকে স্পষ্টভাবে জানান কবে নির্বাচন করতে চান। জাতি জানতে চায়, তাদের অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া হবে, আর তারা বসে বসে তামাশা দেখবে—এটা ভাবার কোনো কারণ নেই।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের বর্তমান পরিস্থিতি কিছুটা ঘোলাটে, এবং তার ধারণা এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বর্তমান সরকার জাতির জন্য আশার আলো জ্বালাবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু করবেন না যাতে জাতি তার ওপর থেকে বিশ্বাস হারায়।

সরকারের বিরুদ্ধে সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, সরকার দাবি করছে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তবে আমরা বলি আপনারা নিজেরা ক্ষমতায় থাকার জন্যই মরিয়া হয়ে আছেন।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন, ‘জাতিকে বিভক্ত রেখে কোনো উন্নয়ন হয় না’। আমরাও বলছি, জাতিকে বিভক্ত করে দেশের উন্নয়ন সম্ভব নয়।

কমল এলপি গ্যাসের দাম

কমল এলপি গ্যাসের দাম

কমল এলপি গ্যাসের দাম

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ভোক্তাপর্যায়ে ১,৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে, অক্টোবর মাসে এলপিজির দাম ৩৫ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া, আগস্ট মাসে ১১ টাকা বৃদ্ধি করে ১,৩৭৭ টাকা নির্ধারণ করা হয়, যা জুলাই মাসের তুলনায় বেশি ছিল।

গত জুন ও মে মাসে মূল্য যথাক্রমে ৩০ এবং ৪৯ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৬৩ টাকা এবং ১,৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া এপ্রিল মাসেও দাম কমিয়ে ১,৪৪২ টাকা নির্ধারণ করা হয়। এর আগে টানা আট মাস ধরে এলপিজির দাম বৃদ্ধি পেয়ে আসছিল।

নভেম্বর ২০২৪ মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুসারে, এই দাম নির্ধারণে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের

দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ

দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা বিস্ফোরিত হয়, ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পেছন থেকে আসা একটি বাস কাভার্ডভ্যানে ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে উল্টে যায়, এবং এতে থাকা যাত্রীরা আহত হন। আহতদের সংখ্যা অন্তত ২০ জন বলে জানা গেছে।

এ দুর্ঘটনার পর মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যান আটকে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

দেবিদ্বার এলাকার মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন যে, বড় রেকার ছাড়া এই ট্রাক ও কাভার্ডভ্যান সরানো সম্ভব নয়। ময়নামতি থানা থেকে রেকার এসে এগুলো সরানোর পর সড়কে যান চলাচল পুনরায় শুরু হবে বলে তিনি জানান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।