All posts by jitu

বিপিএলে কোন দল কত টাকা

বিপিএলে কোন দল কত টাকা খরচ করল?

বিপিএলে কোন দল কত টাকা খরচ করল?

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ফ্র্যাঞ্চাইজিগুলো লটারির মাধ্যমে তাদের পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে।

দেশি খেলোয়াড়দের জন্য ছয়টি ক্যাটাগরি এবং বিদেশি খেলোয়াড়দের জন্য পাঁচটি ক্যাটাগরি ছিল প্লেয়ার্স ড্রাফটে। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বাধিক ৪ কোটি টাকা এবং বিদেশি খেলোয়াড়দের দলে টানতে ৩ কোটি টাকার সীমা নির্ধারণ করা হয়েছিল।

ড্রাফট শেষে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে। তারা মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনদের সাথে বিদেশিদের মধ্যে পাথুম নিশাঙ্কা এবং জেমস ফুলারদের দলে অন্তর্ভুক্ত করেছে। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি প্রায় ৫ কোটি ৪৮ লাখ টাকা খরচ করেছে।

সাবেক অধিনায়ক মাশরাফি এবং রনি তালুকদারদের সাথে বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতে রিস টপলি ও রাহকিম কর্নওয়ালকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তাদের খরচ হয়েছে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা। খুলনা টাইগার্স খরচের দিক থেকে তাদের পরের অবস্থানে রয়েছে, তারা নাঈম শেখ, লুইস গ্রেগরি, ইমরুল কায়েসদের দলে নিতে প্রায় ৩ কোটি ২৪ লাখ টাকা খরচ করেছে।

চিটাগং কিংস দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরে এসেছে। টুর্নামেন্টটির প্রথম দুই মৌসুমে অংশগ্রহণকারী দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আর্থিক সমঝোতা করে এবারের বিপিএলে ফিরছে। দীর্ঘ বিরতি কাটিয়ে একটি শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে তারা। ড্রাফট থেকে দেশি ও বিদেশি খেলোয়াড়দের দলে নিতে তারা খরচ করেছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।

নবাগত দুর্বার রাজশাহী তরুণদের প্রাধান্য দিয়ে দল গঠন করেছে। তারা জিসান আলম, আকবর আলীদের নিয়ে দল গড়তে প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা খরচ করেছে। অন্য নবাগত দল ঢাকা ক্যাপিটালস ড্রাফট থেকে লিটন দাস, হাবিবুর রহমান সোহান, সাইম আইয়ুবদের দলে নিয়েছে। তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা।

এদিকে, বিগ বাজেটের রংপুর রাইডার্স এবার সবচেয়ে কম খরচে দল গঠন করেছে, তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ১২ লাখ টাকা।

নাঙ্গলকোটে পুকুরে ডুবে

নাঙ্গলকোটে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই বোন

নাঙ্গলকোটে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই বোন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে মুনতাহা ও নাবিলা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার মৌকরা ইউনিয়নের পরকরা পশ্চিম পাড়া হাজিবাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

দুই শিশু হলো— পরকরা গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের মেয়ে মুনতাহা (৭) এবং মিজান উদ্দিনের মেয়ে নাবিলা (৮)। তারা দুজন চাচাতো ও জ্যাঠাতো বোন।

স্থানীয়রা জানান, দুই শিশু একসঙ্গে মাটিতে খেলছিল। তাদের শরীর ও পায়ে মাটি থাকায় পরিষ্কার করতে পুকুরে নামে। এরপর তারা আর ফিরে আসেনি। দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে জাল দিয়ে তল্লাশি চালানো হয়, যেখানে প্রথমে নাবিলার লাশ এবং পরে মুনতাহার লাশ উদ্ধার করা হয়।

নাবিলার বাবা মিজান উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে আমি আমার মেয়েকে নাস্তা খাওয়ালাম। পরে জানতে পারি, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে পুকুরে তল্লাশি শুরু করি। বিভিন্ন জায়গায় খোঁজার পর বাড়ির পাশে পুকুরে জাল দিয়ে তল্লাশি করে প্রথমে নাবিলার লাশ উদ্ধার করা হয়। পরে একই পুকুর থেকে মুনতাহার লাশও উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক কালবেলাকে জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন এবং এলাকার কেউ ঘটনা সম্পর্কে কিছু জানায়নি।

ইসরায়েলে হঠাৎ সেনা পাঠাচ্ছে

ইসরায়েলে হঠাৎ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ

ইসরায়েলে হঠাৎ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই-অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) মোতায়েন এবং তা পরিচালনার জন্য মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের নজিরবিহীন দুটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই পদক্ষেপ ইসরায়েলকে সুরক্ষিত রাখতে নেওয়া হয়েছে।

গত ১ অক্টোবর ইরান ইসরায়েলের দিকে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পর থেকেই ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলকে এই জবাব যথাযথভাবে সমন্বিত করতে অনুরোধ করছে, যাতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি না বাড়ে। বাইডেন প্রকাশ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের আক্রমণের বিরোধিতা করেছেন এবং ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, ইসরায়েলকে সহায়তা করা এবং ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণ থেকে মার্কিন সেনাদের রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের অংশ হিসেবে এই মোতায়েন করা হবে।

ইসরায়েলের নিজস্ব সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও, কোনো মহড়া ছাড়া মার্কিন সামরিক বাহিনী মোতায়েন করা খুবই বিরল ঘটনা। সম্প্রতি, মার্কিন সেনারা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান থেকে ইরানের আক্রমণের সময় ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করলেও, তাদের ইসরায়েলে মোতায়েন করা হয়নি।

থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য প্রায় ১০০ জন সেনার প্রয়োজন হয়। মার্কিন কর্মকর্তারা সেনা পাঠানোর সিদ্ধান্ত জানালেও, তারা কবে এবং কীভাবে তা করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি।

ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে  যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ কামরুল হাসান (৩২) নামে এক যুবক আটক  হয়েছে।

সোমবার ( ১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার সাজঘর এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি পিস্তল (চাইনিজ), ১ টি ম্যাগাজিন ও ১ টি পিস্তলের এ্যামোঃ উদ্ধার করা হয়।

আটক হওয়া কামরুল হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া  উপজেলার সবুজ পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।

পরবর্তীতে আটক হওয়া  ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রসহ বি-পাড়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান,  অস্ত্রধারী যুবকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় অনূর্ধ্ব ১৪,১৬,১৮ বছর বয়সী ক্রিকেট খেলোয়াড় বাছাই চলছে

হাবিবুর রহমান মুন্না:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট এর উদ্যোগে  আয়োজিত  জেলা পর্যায়ে অনূর্ধ্ব ১৪,১৬ ও ১৮ বছর বয়স ভিত্তিক  ক্রিকেট খেলোয়াড় বাছাই প্রক্রিয়া চলছে। আজ সকালে তাদের মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে কুমিল্লা  ধীরেন্দ্রনাথ দত্ত  স্টেডিয়াম মাঠে ক্রিকেট খেলোয়াড় বাছাই শুরু হয়।

কুমিল্লা জেলার ক্রিকেট  কোচ হাবীব মোহাম্মদ মোবাল্লেগ জেমস  উপস্থিত থেকে খেলোয়াড় বাছাই করেন। এসময় মেডিকেল অফিসারসহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন।

 

চৌদ্দগ্রামে এইচপিভি টিকাদান

চৌদ্দগ্রামে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সোমবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চার সপ্তাহ ধরে চলবে।

এ সময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রহমত উল্যাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আকতার উজ জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এন এম মাছুম হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার শাহিদুর রহমান, উপজেলা প্ল্যানিং অফিসার আহমেদ বিন সুলতান, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন, আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, সাংবাদিক বেলাল হোসাইন ও মোঃ শাহীন আলম প্রমুখ।

 

আগামীকাল এইচএসসির ফলাফল প্রকাশ

আগামীকাল এইচএসসির ফলাফল প্রকাশ, যেভাবে জানা যাবে

আগামীকাল এইচএসসির ফলাফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ডেস্ক রিপোর্ট:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হবে। এদিন সকাল ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে একযোগে পৃথকভাবে ফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ—HSC DHA 123456 2024 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।

এ ছাড়া, http://www.educationboardresults.gov.bd, http://www.eduboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করে ফলাফল শিট ডাউনলোড করা যাবে। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল টাঙানো হবে।

এদিকে, এবার সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। সেখানে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফলাফল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। সব প্রথা ভেঙে স্ব স্ব বোর্ড চেয়ারম্যানরা ফল ঘোষণা করবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, ‘এবার আগের সিস্টেমে ফল প্রকাশ হবে না। সম্পূর্ণ ভিন্নভাবে ফল প্রকাশ করা হবে। সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ফল প্রকাশের অনুষ্ঠান করবেন না। আমরাও কোনো বক্তব্য দেবো না।’

তিনি বলেন, ‘ঠিক সকাল ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গেলেও শিক্ষার্থীরা ফল পাবেন। আর ১১টি বোর্ডের সমন্বিত ফলের সারসংক্ষেপ ঢাকা বোর্ড থেকে দেওয়া হবে। কোনো সংবাদ সম্মেলন বা ব্রিফিং করবো না আমরা। শুধুমাত্র ফলাফলের সারসংক্ষেপটি আমরা সাংবাদিকদের জানাবো।’

বিগত বছরগুলোতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দিতেন। সেখান থেকে প্রধানমন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দিতেন। এরপর শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অথবা সচিবালয় থেকে এইচএসসির ফলাফল বিস্তারিতভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরতেন। এই প্রক্রিয়া এক ধরনের রীতি হয়ে উঠেছিল। এতে অনেক সময় ফল প্রকাশে দেরি হতো। এবার সেই ধারায় পরিবর্তন আনছে অন্তর্বর্তী সরকার।

মাশরাফিকে সিলেটে, লিটনকে ঢাকায়,

মাশরাফিকে সিলেটে, লিটনকে ঢাকায়, মাহমুদউল্লাহকে কিনল বরিশাল

মাশরাফিকে সিলেটে, লিটনকে ঢাকায়, মাহমুদউল্লাহকে কিনল বরিশাল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের ডামাডোল শুরু হয়ে গেছে অনেক আগেই। আজ অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার ড্রাফট। বিপিএলের সাতটি দলের মধ্যে তিনটি দলের ক্রিকেটার ধরে রাখার সুযোগ ছিল না,  বাকি চারটি দল পুরনো খেলোয়াড়দের মধ্যে একজন অথবা দু’জন ধরে রাখার সুযোগ পেয়েছে।

ড্রাফটের আগে প্রতিটি দল অন্তত দু’জন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে আবদ্ধ করার সুযোগ পেয়েছিল। এ কারণে ড্রাফটের আগেই উল্লেখযোগ্য কিছু ক্রিকেটার দল পেয়ে গিয়েছিলেন।

প্রতিটি ফ্রাঞ্চাইজি বাকি ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ পাচ্ছে প্লেয়ার্স ড্রাফট থেকে, যেখানে ক্যাটাগরি ভিত্তিক দেশি এবং বিদেশি ক্রিকেটারদের সাজিয়ে তোলা হয়েছে। এখান থেকে পছন্দমতো ক্রিকেটার বেছে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো।

সাকিব, তামিম, মুশফিক, মোস্তাফিজ, তানজিদ তামিমদের মতো ক্রিকেটারদের আগেই চুক্তিভূক্ত করে নিয়েছিলো দলগুলো। ড্রাফট থেকে সিলেট স্ট্রাইকার্স মাশরাফি বিন মর্তুজাকে দলে নিয়েছে। গত দুই মৌসুম এই দলেই খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

লিটন দাস গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিলেন। এবার তাকে ড্রাফট থেকে কিনে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। আর সদ্য টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ রিয়াদকে কিনে নিয়েছে ফরচুন বরিশাল। গত আসরেও এই দলটিতে ছিলেন রিয়াদ এবং বরিশালকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছিলেন।

ফরচুন বরিশালে গত আসরে ছিলেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমও। ফ্রাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে এই দু’জনকে দলে নিয়েছে। মেহেদী হাসান মিরাজ গতবার এই দলের অংশ ছিলেন, কিন্তু এবার সরাসরি চুক্তিতে তিনি খুলনা টাইগার্সে নাম লিখিয়েছেন।

বিপিএল ড্রাফটে প্রথমবারের মতো

বিপিএল ড্রাফটে প্রথমবারের মতো শাকিব খান

বিপিএল ড্রাফটে প্রথমবারের মতো শাকিব খান

ডেস্ক রিপোর্ট:

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই ড্রাফটের কার্যক্রম শুরু হয়। এর আগে দেশি ও বিদেশি খেলোয়াড়দের মূল্যতালিকা এবং ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। এবার প্রথমবারের মতো ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে বিপিএলের ড্রাফটে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান।

ড্রাফটকে রঙিন করতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন দলের অধিনায়ক বা আইকন ক্রিকেটাররা। এবার নতুন অভিজ্ঞতা হয়েছে বিসিবির জন্য, কারণ ড্রাফট মাতাতে ঢালিউডের কিং শাকিব খান হাজির হয়েছেন। তার সঙ্গী হিসেবে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা মামনুন হাসান ইমন।

ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান, আর এবারের বিপিএলে এই দলটি ‘ঢাকা ক্যাপিটালস’ নামে অংশ নিচ্ছে। এছাড়া ড্রাফটে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, খুলনার আফিফ হোসেন ধ্রুব এবং রংপুরের নুরুল হাসান সোহানও উপস্থিত ছিলেন।

পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এবার ড্রাফটের আগে একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তি এবং দুজনকে রিটেইন করার সুযোগ ছিল। নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো তিনজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ পেয়েছে। এরপর বাকি ক্রিকেটারদের ড্রাফট থেকে বেছে নিতে হবে।

এবারের ড্রাফটে ছয়টি ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। দেশি ক্রিকেটারদের জন্য ‘এ’ ক্যাটাগরির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ লাখ টাকা। পাশাপাশি, ড্রাফটে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে, যাদের মধ্যে ২০ জন ‘এ’ ক্যাটাগরিতে আছেন, এবং তাদের সর্বোচ্চ মূল্য ৭০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮৩ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরির দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ। অন্যান্য ক্যাটাগরিতেও দেশি ও বিদেশি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে।

গত আসরের তুলনায় এবার তিনটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে, এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই আসরে থাকছে না। নতুন সংযোজন হয়েছে দুর্বার রাজশাহী। এবার সাতটি দল বিপিএলে অংশ নিচ্ছে— ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম কিংস।

সদর দক্ষিণে কথা না শোনায়

সদর দক্ষিণে কথা না শোনায় মেয়েকে হত্যা করে মাটিচাপা দিলেন বাবা

সদর দক্ষিণে কথা না শোনায় মেয়েকে হত্যা করে মাটিচাপা দিলেন বাবা

স্টাফ রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। কথা না শোনায় তাজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি তার ৬ বছর বয়সী কন্যা, মারিয়া সুলতানা,কে কুপিয়ে হত্যা করেন এবং পরে মাটিতে চাপা দেন। পুলিশ এই ঘটনায় তাজুল ইসলামকে আটক করেছে।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার জোড়কানন পূর্ব ইউনিয়নের নির্ভয়পুর আদর্শ গ্রাম থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত তাজুল ইসলামকে আটক করা হয়। পরে তাজুলের দেওয়া তথ্যে আকাশীবাগান এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তিনি তার একমাত্র সন্তান মারিয়াকে নিয়ে ধানের জমিতে কাজ করতে যান। কাজের সময় মেয়েকে একটি নির্দেশ দেন, কিন্তু মারিয়া তা না শুনলে রাগে তিনি হাতে থাকা দা দিয়ে কুপিয়ে ফেলেন, যার ফলে ঘটনাস্থলেই মারিয়ার মৃত্যু হয়। এরপর তাজুল দ্রুত মেয়ের মরদেহ আকাশীবাগান গ্রামে নিয়ে মাটিচাপা দেন এবং বাড়ি ফিরে মেয়েকে নিখোঁজ বলে প্রচার করতে শুরু করেন। পরে তার ভাইয়ের মাধ্যমে ঘটনাটি এলাকার সবাই জানতে পারে।

সদর দক্ষিণ থানার ওসি আরও জানান, তাজুল ইসলাম এবং তার মেয়ের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাজুলকে আদালতে হাজির করা হবে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।