All posts by jitu

ভুয়া মুক্তিযোদ্ধা নামক ফেইসবুক আইডিতে আজাদের ছবি ব্যবহার, থানায় জিডি

সালাউদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর গ্রামের আমির আলীর ছেলে প্রবাসী আজাদের ছবি এবং মোবাইল নাম্বার ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া মুক্তিযোদ্ধা নামক একটি আইডি খুলে নানান অপকর্ম চালাচ্ছে একটি মহল।

বিষয়টি প্রবাসী আজাদ এবং তার পরিবারের নজরে আসলে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য গতকাল ১৮ ই সেপ্টেম্বর মঙ্গলবারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন আজাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস পিংকি।

এ বিষয়ে আজাদ বলেন, গত কয়েকদিন ধরেই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া মুক্তিযোদ্ধা নামক একটি ফেসবুক আইডিতে আমার নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন ধরনের দেশদ্রোহী, হয়রানি মূলক অপপ্রচার করে আসছে একটি কুচক্রী মহল। আমি প্রবাসে থাকায় আমার স্ত্রীকে দিয়ে ভবিষ্যৎ নিরাপত্তা এবং আইনি পদক্ষেপের জন্য সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করি।

প্রথম নারী ইউএনও

দাউদকান্দির প্রথম নারী ইউএনও নাঈমা ইসলাম

দাউদকান্দির প্রথম নারী ইউএনও নাঈমা ইসলাম

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় প্রথমবারের মতো নারী নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নাঈমা ইসলাম ।

বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সকালে দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা নাঈমা ইসলাম ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি ২০১৬ সালে চট্টগ্রাম জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করেন।

বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় দাউদকান্দি অফিসার্স ক্লাব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত দাউদকান্দি উপজেলার দায়িত্বভার গ্রহন করে ইউএনও নাঈমা ইসলাম বলেন, একজন সরকারি কর্মচারী হিসেবে নারী বা পুরুষ ভেদাভেদ করতে চাই না। নারী হিসেবে এখানে এসেছি এটা ব্যাতিক্রম হতে পারে, যেহেতু এখানে আগে কাউকে দেয়া হয়নি তাই। আর বর্তমান যুগে কিন্তু নারী পুরুষ ভেদাভেদ করা হয় না। নারী পুরুষ সবার জন্য কাজ করতে চাই। বাংলাদেশে পিছিয়ে পড়া অনেক নারীরা আছেন, সুযোগ পেলে তাদেরকে সহযোগিতা বা কর্মক্ষম করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায়

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায় ১৫৬টি সড়ক বিধ্বস্ত

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায় ১৫৬টি সড়ক বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে, পাঁচটি ইউনিয়নের প্রায় ১৬০ কিলোমিটার কাঁচা ও পাকা সড়ক বিধ্বস্ত হয়েছে। বন্যায় চারটি কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রায় শত কোটি টাকার সম্পদহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে যানচলাচল বন্ধ রয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা বিপদসংকুল পরিস্থিতিতে যাতায়াত করছেন। সামান্য বৃষ্টিতেও সড়কগুলোর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, যার ফলে অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ এবং শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক অসুবিধা পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বন্যার পানিতে বিভিন্ন সড়কের পিচ উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও ৫ থেকে ১০ ফুট পর্যন্ত মাটি সরে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানুয়ার বাজার-মহিষমারা-শিকারপুর বুরবুড়িয়া সড়কটি, যেখানে প্রায় এক কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, যাতায়াত সমস্যা কেবল আর্থিক নয়, সামাজিক এবং স্বাস্থ্যগত দিক থেকেও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছে না, অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা এবং শিক্ষাখাতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।

উপজেলার বিভিন্ন সড়কে চলমান সংকটের কারণে এলাকাবাসী নিজেদের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে মেরামত কাজ চালিয়ে গেলেও তা যথেষ্ট হচ্ছে না। প্রয়োজনীয় অর্থ এবং প্রকৌশল সহায়তা ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য দ্রুত ত্রাণ এবং পুনর্বাসনের পরিকল্পনা হাতে নিতে হবে। একইসঙ্গে, এলাকাবাসী দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার দাবি জানাচ্ছেন, যাতে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের যাতায়াত এবং জীবনযাত্রা ব্যাহত না হয়।

এলজিইডি বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের কাজ জরুরি ভিত্তিতে শুরু করা হয়েছে।

চলতি অর্থবছরেই বাংলাদেশকে

চলতি অর্থবছরেই বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: মার্টিন রেইজার

চলতি অর্থবছরেই বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: মার্টিন রেইজার

ডেস্ক রিপোর্ট:

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার আশা প্রকাশ করেছেন যে চলতি অর্থবছরেই বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মার্টিন রেইজার বলেন, “আমি আবার বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। উপদেষ্টার সঙ্গে ব্যাংক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সহযোগী হিসেবে কাজ করছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখতে চাই।”

অন্তর্বর্তী সরকারের জন্য কত পরিমাণ সহায়তা দেওয়া হবে, এ প্রশ্নে তিনি বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালকরা। এজন্য আমি কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আমি বলছি, আমরা বাংলাদেশের বিভিন্ন খাতে সহায়তা করতে চাই। চলতি অর্থবছরে দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেওয়া হবে বলে ধারণা করছি।”

তিনি আরও বলেন, এই অর্থের কিছু অংশ বাজেট সহায়তা হিসেবে, কিছু প্রকল্প এবং স্বাস্থ্য ও জ্বালানি খাতের জন্য ব্যয় করা হবে। বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর পাশাপাশি জরুরি সহায়তা হিসেবেও এই অর্থ ব্যয় করা হবে।

আনিসুল-সালমানের

আনিসুল-সালমানের আবারও ৫ দিনের রিমান্ড

আনিসুল-সালমানের আবারও ৫ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট:

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এটি নিয়ে চতুর্থবারের মতো তাদের রিমান্ডে দেওয়া হলো।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয়।

এদিন কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তিন দফায় তাদের ২৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

কুমিল্লায় পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বরখাস্ত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

ঢাকার পিলখানায় পরিকল্পিত হত্যাযজ্ঞের সুষ্ঠ তদন্ত ও চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরীতে পূর্নবহালের দাবীতে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী বিডিআর সদস্যরা।

বুধবার দুপুরে অর্ধশত বিডিআর সদস্য জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারী পিলখানায় পরিকল্পিত হত্যাযজ্ঞের সুষ্ঠ তদন্ত ও চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরীতে পূর্নবহাল দাবী তোলেন ভুক্তভোগী বিডিআর সদস্যরা। এ সময় তাঁরা বলেন, আমরা ২০০৯ সালে পিলখানা হত্যাকান্ডের ঘটনায় চাকুরীচ্যুত বিডিআর সদস্যগণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রভু দেশকে সন্তুষ্ট করতে, সেনাবাহিনীর সামর্থ ক্ষুন্ন করতে, বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য, প্রতিশোধ স্পৃহা থেকে তার ক্ষমতাকে সুদৃঢ় করতে নীল নকশার অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র পূর্বক পিলখানা হত্যাকান্ড সংগঠিত করেন। হত্যাকান্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শাহাদাৎ বরণ করেন। এ ঘটনার পরবর্তী ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকান্ডের ঘটনাকে তথাকথিত বিডিআর বিদ্রোহ সংজ্ঞায়িত করে ১৮৫২০ জন বিডিআরকে চাকুরীচ্যুতহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে।

এ সময় চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা কিছু দাবী তোলেন। দাবীগুলো হলো ২০০৯ ইং সালে ২৫-২৬ ফেব্রুয়ারী বিডিআর পিলখানা সংঘঠিত সুপরিকল্পিত হত্যাকান্ডকে তথা কথিত বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে আখ্যায়িত করতে হবে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল করতে হবে। চাকুরীচ্যুত সকল পদবীর বিডিআর সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকুরীতে পুর্নবহাল করতে হবে। হত্যাকান্ড মামলার মহামান্য হাইকোর্টের বিচারকগণের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানার হত্যাকান্ডের ঘটনার মোটিভ উদ্ধার ও কুশিলবদের সনাক্তকল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে।

পিলখানা হত্যাকান্ডে শাহাদৎ বরণকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা দিতে হবে। ২৫ ফেব্রুয়ারী দিনটিকে পিলখানার ট্র্যাজেডি দিবস হিসাবে ঘোষনা করতে হবে। পিলখানা হত্যাকান্ডের ঘটনা পরবর্তী তদন্ত এবং জিজ্ঞাসাবাদে নিরাপত্তা হেফাজতে যে সকল নিরীহ বিডিআর সদস্যদের নির্যাতনপূর্বক হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশ পূর্বক মৃত সকল পদবীর পরিবারকে ক্ষতিপূরণ ও পূর্নবার্সান করতে হবে।

তদন্ত এবং জিজ্ঞাসাবাদে নিযুক্ত জড়িত আইন -শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্ত পূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষকারী বিডিআর সদস্যগণ যারা প্রহসনের বিষ্ফোরক মামলায় দীর্ষ ১৬ বছর যাবত কারা অন্তরীন আছে, তাদেরকে আগামী ৩০ দিনের মধ্যে জামিন অথবা মামলা হতে অব্যাহতি পূর্বক মুক্ত করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া জানান, বুধবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসক মহোদয়ের কাছে জমা দিয়েছেন। স্মারকলিপিটা উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

ধার করা আংটি দিয়ে

ধার করা আংটি দিয়ে ঐশ্বরিয়াকে প্রেম প্রস্তাব করেন অভিষেক

ধার করা আংটি দিয়ে ঐশ্বরিয়াকে প্রেম প্রস্তাব করেন অভিষেক

ডেস্ক রিপোর্ট:

২৪ বছর আগের কথা। প্রথম দেখা হয়েছিল দুজনের। ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবির শুটিংয়ের সময়। এরপর ‘কুছ না কহো’ এবং ‘ধুম ২’-তে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। তবে মণিরত্নম পরিচালিত ‘গুরু’ ছবির সময় জীবন তাদের জন্য নতুন মোড় নেয়। ২০০৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া এই ছবির সময়ই তারা নিজেদের ভালোবাসার কথা প্রকাশ্যে আনেন।

ঐশ্বরিয়া রাই বচ্চন জানিয়েছেন, সেই সময় নিউইয়র্কের এক হোটেলে তাকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক বচ্চন। অভিষেকও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গুরু’ ছবির শুটিং চলার সময় থেকেই তিনি বারবার ভেবেছিলেন তার মনের কথা ঐশ্বরিয়াকে জানাবেন। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে সে কথাই কল্পনা করতেন। এরপর এক সন্ধ্যায়, হালকা বাতাস বইছিল, ঐশ্বরিয়াকে সেই বারান্দায় নিয়ে এসে প্রথা মেনে একটি আংটি দিয়ে তাকে বিয়ের প্রস্তাব করেন।

কিন্তু মজার বিষয় হলো, সেই আংটি আসলে নকল ছিল। ‘গুরু’ ছবিতে ঐশ্বরিয়ার আঙুলে যে আংটিটি দেখা যাচ্ছিল, সেটি ছিল প্রযোজনা সংস্থার। সেই নকল আংটিই অভিষেক ধার করে এনে ঐশ্বরিয়াকে দিয়েছিলেন।

এই ঘটনার কথা আজও মনে রেখেছেন ঐশ্বরিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এই মুহূর্ত থেকেই তাদের সম্পর্ক চিরকালের জন্য বাঁধা পড়ে। অভিষেকের সেই প্রস্তাব খুবই স্বতঃস্ফূর্ত এবং অর্থবহ ছিল। ঐশ্বরিয়া বলেন, “আমাদের জীবনে কোনো একঘেয়েমি নেই, সবকিছুই জীবন্ত এবং অনিশ্চিত। আমরা হয়তো কোনো দামী পাথরের আংটি কিনতে পারতাম, কিন্তু সত্যিই কি তার প্রয়োজন ছিল?”

উল্লেখ্য, ২০০৭ সালের এপ্রিলে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বিয়ে করেন এবং ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়।

সাবেক ৩ সিইসির বিরুদ্ধে

চট্টগ্রামে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

চট্টগ্রামে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

ডেস্ক রিপোর্ট:

সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রাকিবুদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ গত তিন মেয়াদের সংসদ সদস্যদের।

বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৬ কাজী শরিফুল হকের আদালতে এ মামলা দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

বাদীর আইনজীবী কফিল উদ্দিন জানান, গত তিনটি নির্বাচনে বিরোধী দল ও জনপ্রিয় নেতাদের অংশগ্রহণ না থাকায় সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যারা তখন কমিশনে দায়িত্বে ছিলেন, তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতমূলক আচরণ করেছে। বিপুল অর্থ ব্যয়ে সম্পন্ন হওয়া এ নির্বাচনগুলো সংবিধানবিরোধী ছিল এবং কমিশনারসহ প্রশাসনিক কর্মকর্তারা এতে জড়িত ছিলেন। এসব কারণেই রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার অভিযোগে মামলাটি করা হয়েছে।

একই সঙ্গে এসব নির্বাচনে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাঁদেরও এ মামলায় আসামি করা হয়েছে।

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী কী কী করতে পারবে

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী কী কী করতে পারবে

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকাসহ সারা দেশে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু’র স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাঁদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যা যা করতে পারেন—

ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা।

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তাঁর উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা, যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

ধারা ৮৩ ও ৮৪: ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা।

ধারা ৯৫(২): নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা।

ধারা ১০০ : ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা।

ধারা ১০৫ : সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তাঁর (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন।

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১০৯ : ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা।

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদানের ক্ষমতা।

ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩৩ : স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

ধারা ১৪২ : জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

এসব ক্ষমতা ছাড়াও, যেকোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।

এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁর উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তাঁর বা তাঁর সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি নয়।

টাইগার আইটির আধিপত্য

টাইগার আইটির আধিপত্য বিআরটিএতেও

টাইগার আইটির আধিপত্য বিআরটিএতেও

ডেস্ক রিপোর্ট:

শুধু এনটিএমসি নয়, বিআরটিএতেও টাইগার আইটির আধিপত্য। এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আরএফআইডি ভেহিক্যাল নম্বর প্লেট এবং ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রকল্প বাস্তবায়ন করছে টাইগার আইটি নামে এ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি জালিয়াতি ও অনিয়মের দায়ে বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত।

তারপরও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াবদুল কাদেরের প্রভাব খাটিয়ে বিআরটিএর এ প্রকল্পের কাজ করছে কোনো প্রকার টেন্ডার ও যাচাই-বাছাই ছাড়াই। এতে একদিকে সরকারি কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে। অন্যদিকে বিআরটিএর এ প্রকল্পকে কুক্ষিগত করে কোনো প্রতিযোগিতামূলক কার্যক্রম ছাড়াই বছরের পর বছর কাজ পেয়ে আসছে টাইগার আইটি।

জানা গেছে, আওয়ামী লীগ ২০০৯ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর এক যুগের বেশি সময় ধরে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই বিআরটিএতে বিভিন্ন প্রকল্পের কাজ পেয়ে আসছে এ প্রতিষ্ঠানটি। সক্ষমতা থাকলেও বিআরটিএর আরএফআইডি স্মার্টকার্ড প্রকল্পে টাইগার আইটির সঙ্গে প্রতিযোগিতা করার সাহস দেখায়নি কোনো দেশি প্রতিষ্ঠানই। কেননা সেখানে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে অন্য কোনো প্রতিষ্ঠান অংশ নিতে এলে সুকৌশলে সেটাকে অযোগ্য ঘোষণা করা হতো। যার ফলে দীর্ঘদিন ধরে কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই কাজ পেয়ে যায় টাইগার আইটি।

সূত্র জানায়, টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় ওরাকল, সিসকোর মতো মার্কিন প্রতিষ্ঠান টাইগার আইটির সঙ্গে কোনো কাজ করছে না। নিষেধাজ্ঞা এড়িয়ে কাজ করার জন্য ইউরোপে কয়েকটি শেল কোম্পানি (মূলত মুদ্রা পাচারের লক্ষ্যে) খুলেছেন জিয়াউর রহমান। নির্বাচন কমিশন, ঢাকা ওয়াসা, পাসপোর্ট অধিদপ্তর, এনআইডি অনুবিভাগের বিভিন্ন প্রকল্প থেকে বাংলাদেশে আইবিসিএস-প্রাইমেক্স নামে ছদ্মবেশী প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক শ কোটি টাকার কাজ করেছে টাইগার আইটি সবকিছুই অডিট ও মূল্যায়ন ছাড়াই।
সূত্র জানায়, নির্বাচন কমিশনের স্মার্টকার্ড মুদ্রণ-সংক্রান্ত বিশ্বব্যাংকের প্রকল্পেও দুর্নীতি প্রমাণিত হয়েছে টাইগার আইটির বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক বাংলাদেশি প্রতিষ্ঠান টাইগার আইটিকে ২০১৯ সালে সাড়ে ৯ বছরের জন্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়াউর রহমানকে সাড়ে ৬ বছরের জন্য কালো তালিকাভুক্ত করে। তারপরও বিআরটিএতে টাইগার আইটির আধিপত্য সামান্যতম কমেনি।

বর্তমানে বিআরটিএর স্মার্টকার্ডসহ অন্যান্য সরকারি প্রকল্পে নতুন করে যুক্ত হতে চেষ্টা অব্যাহত রাখেন তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহনাজ সিদ্দিক। বিভিন্ন কোম্পানির নামে পুরো প্রকল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন টাইগার আইটির জিয়াউর রহমান। কালো তালিকাভুক্ত হিসেবে ২০২৭ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের কোনো টেন্ডারে অংশ নিতে পারবে না টাইগার আইটি এবং চেয়ারম্যান জিয়াউর রহমান ২০২৫ সাল পর্যন্ত কোনো ধরনের আন্তর্জাতিক টেন্ডারে অংশ নেওয়ার যোগ্যতা নেই।

জানা গেছে, কালো তালিকাভুক্ত হলেও হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের ছায়ায় বিআরটিএর প্রকল্পে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে টাইগার আইটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অফিসের (পিএমও) দাপটে কোনো বিআরটিএ অফিসার মুখ খোলেননি ১৩ বছর ধরে। জাল, অবৈধ ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স ঠেকাতে ২০১১ সালে ইলেকট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রবর্তন করে। শুরু থেকেই বিআরটিএ প্রকল্পে যুক্ত টাইগার আইটি। বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত হওয়া ২০১৯ সালের আগস্টে ‘টাইগার আইটি’র সঙ্গে চুক্তি বাতিল করে বিআরটিএ। এটা এক ধরনের আইওয়াশ বলা যায়। নতুন টেন্ডার করে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সকে নিয়োগ দিলেও চুক্তির মেয়াদ ২০২১-এর জুন পর্যন্ত স্মার্টকার্ডের সার্ভার এবং ডেটাবেজ হস্তান্তরে গড়িমসি করে।

বিআরটিএর প্রকল্পে প্রতিযোগিতা ছাড়াই কাজ করা প্রসঙ্গে টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমানের মন্তব্য জানতে কয়েকবার হোয়াটসঅ্যাপে খুদে বার্তা ও ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়ে বর্তমানে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন বলে জানা গেছে। গত ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি টেন্ডার ছাড়াই ৪ লাখ ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স কিনতে ১৮ দশমিক ৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় হাসিনার মন্ত্রিসভা। প্রতিটি লাইসেন্স প্রায় ১০ গুণ বেশি দামে কেনা হয় উচ্চপর্যায়ের নির্দেশে। প্রতিটি স্মার্টকার্ডের বাজারমূল্য ৫০ টাকা হলেও প্রকল্পে প্রায় ৫০০ টাকা (৪৭২.৬০ টাকা) করে কেনা হয়। বিগত বছরগুলো ড্রাইভিং লাইসেন্স ইস্যুর পরিসংখ্যান ও সম্ভাব্য ভবিষ্যৎ চাহিদা বিবেচনা করে প্রতি বছর গড়ে ৩ লাখ স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়। এর পুরোটাই টাইগার আইটি সরবরাহ করে আসছে এক যুগেরও বেশি সময় ধরে।