All posts by jitu

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের গত ১৭ অক্টোবরের বৈঠকে অনুমোদন পাওয়া তালিকা অনুযায়ী, আগামী বছরে মোট ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে ৯টি ছুটি সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলেছে।

সাধারণ ছুটি

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ জুমাতুল বিদা, ৩১ মার্চ ঈদুল ফিতর, ১ মে মে দিবস, ২১ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ৭ জুন ঈদুল আজহা, ১৬ আগস্ট জন্মাষ্টমী, ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

নির্বাহী আদেশে ছুটি

১৫ ফেব্রুয়ারি শবে বরাত, ২৮ মার্চ শবে কদর, ২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরে দুই দিনসহ মোট চারদিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ৫ ও ৬ জুন দুই দিন এবং পরে ৮ থেকে ১০ জুনসহ মোট পাঁচ দিন, ৬ জুলাই আশুরা এবং ১ অক্টোবর দুর্গাপূজার মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

ঐচ্ছিক ছুটি

ঐচ্ছিক ছুটির মুসলিম পর্বের মধ্যে রয়েছে- ২৮ ফেব্রুয়ারি শবে মেরাজ, ৩ এপ্রিল ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন, ১১ জুন ঈদুল আজহার পরের চতুর্থ দিন, ২০ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা এবং ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম।

হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে- ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রী ব্রত, ১৪ মার্চ দোলযাত্রা, ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২১ সেপ্টেম্বর মহালয়া, ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী), ৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৩১ অক্টোবর শ্যামাপূজা।

এছাড়া ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ৫ মার্চ ভস্ম বুধবার, ১৭ এপ্রিল পূণ্য বৃহস্পতিবার, ১৮ এপ্রিল পূণ্য শুক্রবার, ১৯ এপ্রিল পূণ্য শনিবার, ২০ এপ্রিল ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি।

ঐচ্ছিক ছুটির বৌদ্ধ পর্বের মধ্যে রয়েছে- ১১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ১০ ও ১২ মে বুদ্ধ পূর্ণিমা (আগের ও পরের দিন), ৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে- ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ব্যারিস্টার সুমন গ্রেফতার

ব্যারিস্টার সুমন গ্রেফতার

ব্যারিস্টার সুমন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) গ্রেফতার হয়েছেন মিরপুর মডেল থানা পুলিশের হাতে।

তবে মিরপুর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে আপাতত কোনো আসামিকে সেখানে রাখা সম্ভব নয়। তাই ব্যারিস্টার সুমনকে গ্রেফতারের পর পল্লবী থানায় রাখা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতের দিকে মিরপুর মডেল থানা পুলিশ ব্যারিস্টার সুমনকে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করে। আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় যে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়, সেই কারণে সেখানে আসামি রাখার ব্যবস্থা নেই। তাই তাঁকে পল্লবী থানায় রাখা হয়েছে।

এর আগে, সোমবার (২১ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে ব্যারিস্টার সুমন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

চান্দিনায় মোটরসাইকেল দূর্ঘটনায়

চান্দিনায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারালো কিশোর, আহত ২

চান্দিনায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারালো কিশোর,আহত ২

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে ইয়াছিন আহমেদ নামের ১৩ বছরের এক কিশোর। ওই দূর্ঘটনায় আহত হয়েছে তার আরও ২ বন্ধু।

নিহত কিশোর চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের কৃষক শাহজাহান মিয়ার ছেলে।

ওই দূর্ঘটনায় আহত হয়েছে একই গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে মোশারফ (২৬), মেহবুব মিয়ার ছেলে অনিক (১৬)। গুরুতর আহত অবস্থায় তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা বাস স্টেশন সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ইয়াছিন শৈশব থেকেই চঞ্চল প্রকৃতির। তাকে মারধর করেও বিদ্যালয়ে পাঠানো সম্ভব হয়নি। শিক্ষা বিমুখ ইয়াছিন বন্ধুদের সাথে সে প্রায়ই মোটরসাইকেলে কোথাও না কোথাও ঘুরতে যেত। সোমবার দুপুরে তার চাচাতো ভাই মোবাইল রিচার্জ ও বিকাশ ব্যবসায়ী মোশারফের মোটরসাইকেলে করে ইয়াছিন ও তার বন্ধু অনিক সহ ঘুরতে বের হয়। নিজ বাড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লায় যাওয়ার পথে নূরীতলা এলাকায় দূর্ঘটনার শিকার হয় তারা।

প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, খুব দ্রুত গতিতে মোটরসাইকেলটি ছুটে আসছিল। এসময় একটি বাস তাদেরকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে এক পথচারীকে ধাক্কা দিয়ে মহাসড়কে আঁছড়ে পড়ে। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন নামের ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে কুমিল্লায় রেফার করেন।

এদিকে সোমবার সকালেই ইয়াছিনের বাবা শাহজাহান মিয়া ও মা জোৎস্না বেগমের চোখের অপারেশন কুমিল্লার আলেখার চরে অবস্থিত চক্ষু হাসপাতালে সম্পন্ন হয়। সন্তানের মৃত্যুর খবর শুনে তারা চোখে বেন্ডেজ লাগানো অবস্থায়ই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে পৌঁছায়। ইয়াছিন এই দম্পতির কনিষ্ঠ সন্তান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) দেওয়ান কৌশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর আমাদের পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু সেখানে কাউকে পায়নি।

 

১৯ দিনে দেশে এলো ১৮ হাজার কোটি

১৯ দিনে দেশে এলো ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে দেশে এলো ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট:

চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৫৩ কোটি ২৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যদি প্রতি ডলার ১২০ টাকা হিসাবে হিসাব করা হয়, তাহলে এটি বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৩৯১ কোটি টাকার সমান।

সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত সেপ্টেম্বরের একই সময়ে দেশে এসেছিল ১৪৭ কোটি ৮২ লাখ ডলার। সুতরাং, চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে বৃদ্ধি ঘটেছে।

প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, অক্টোবরের প্রথম ১৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ কোটি ৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

কোটাবিরোধী আন্দোলন ও শেখ হাসিনার পতনের সময়ে প্রবাসী আয় কমে গিয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকার গঠনের পর রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

সম্পূর্ণ নতুন “Alora 2in1”

সম্পূর্ণ নতুন “Alora 2in1” হেয়ার এন্ড বডি ওয়াশ নিয়ে এলো বসুন্ধরা টয়লেট্রিজ

সম্পূর্ণ নতুন “Alora 2in1” হেয়ার এন্ড বডি ওয়াশ নিয়ে এলো বসুন্ধরা টয়লেট্রিজ

ডেস্ক রিপোর্ট:

আপনাদের দৈনন্দিন ব্যবহারের সুবিধার কথা মাথায় রেখে, বসুন্ধরা টয়লেট্রিজ নিয়ে এলো বাংলাদেশের প্রথম “Alora 2in1” হেয়ার এন্ড বডি ওয়াশ!

নতুন এবং উদ্ভাবনী পণ্য “Alora 2in1” হেয়ার এন্ড বডি ওয়াশ যা একসাথে চুল এবং ত্বকের পরিচ্ছন্নতা নিশ্চিত করে । “Alora 2in1” ভিটামিন ই ও ময়েশ্চারাইজিং এজেন্ট এবং আর্গান অয়েল ও কন্ডিশনিং এজেন্ট সমৃদ্ধ দুটি ভিন্ন ফর্মুলায় তৈরি যার অনন্য মিশ্রণ চুলকে করে তোলে ঝলমলে, মসৃণ এবং মজবুত ও ত্বককে রাখে নরম ও কোমল।
“Alora 2in1” হেয়ার এন্ড বডি ওয়াশ এখন নিকটস্থ দোকান ও সুপার শপে ৫ মিলি ও ১০ মিলির দুটি ভিন্ন ফ্লেভারে পাওয়া যাবে, যার সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে ৩ টাকা এবং ৫ টাকা। এছাড়াও খুব শীঘ্রই পাওয়া যাবে আকর্ষণীয় কন্টেইনারে। “Alora” পরিবারের অংশ হতে আপনাকে স্বাগতম! প্রোডাক্ট সম্পর্কিত যেকোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বর ১৬৩৩৯ এ।

“Alora 2in1” কেন বেছে নেবেন?

ইউনিসেক্স ফর্মুলা : পুরুষ ও মহিলা উভয়ের জন্য উপযুক্ত, চুল ও ত্বকের যত্নে বিশেষভাবে কার্যকর
সাশ্রয়ী মূল্য: স্বল্প মূল্যে একটি প্রোডাক্টেই ডাবল সমাধান
সহজ ব্যবহার: এক প্রোডাক্টেই চুল ও ত্বকের যত্ন, ব্যস্ত সকাল, জিম, বা ভ্রমণে আদর্শ
উচ্চমানের উপাদান: আর্গান অয়েল ও কন্ডিশনিং এজেন্ট চুলকে মসৃণ ও মজবুত করে, ভিটামিন – ই ও ময়েশ্চারাইজিং এজেন্ট ত্বককে রাখে নরম ও কোমল
লাক্সারিয়াস উপাদান: প্রতিটি ড্রপে লাক্সারিয়াস অভিজ্ঞতা , যা সৌন্দর্যে দেয় আভিজাত্যের স্পর্শ

আর্গান অয়েল ও কন্ডিশনিং এজেন্ট

• আরগান অয়েল ত্বকের হাইড্রেশন নিশ্চিত করে
• ত্বকের ইরিটেশন কমায় এবং ত্বককে কোমল রাখে
• সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী
• ড্রাইনেস দূর করে ত্বককে ময়েশ্চারাইজড রাখে
• চুল এবং মাথার ত্বকের শুষ্কতা প্রতিরোধে সাহায্য করে
• চুলের ফ্রিজিনেস কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে
• আরগান অয়েল চুল ভেঙে যাওয়া কমায়
• হেয়ারফল কমিয়ে চুলকে ঘন করে তোলে

ভিটামিন-ই এবং ময়েশ্চারাইজিং এজেন্ট
• ভিটামিন ই সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করে
• নিস্তেজ ত্বককে কোমল ও ময়েশ্চারাইজড করে
• চুলের স্কাল্পের মাইক্রোসার্কুলেশন এবং অক্সিজেনেশন প্রক্রিয়া সক্রিয় রাখে
• রিবনডেড বা কালারড চুলের যত্নে ভিটামিন ই খুবই কার্যকর

আমি বহুবার শেখ হাসিনার পদত্যাগপত্র

আমি বহুবার শেখ হাসিনার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি: রাষ্ট্রপতি

আমি বহুবার শেখ হাসিনার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারটি গত শনিবার (১৯ অক্টোবর) পত্রিকার রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’-এ প্রকাশিত হয়েছে।

সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর মতে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটির অনুলিপি কারো না কারো কাছে থাকার কথা। কিন্তু তিন সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেনি তাকে। এমনকি মন্ত্রিপরিষদ বিভাগেও যোগাযোগ করা হয়েছে, যেখানে সাধারণত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র সংরক্ষিত থাকে। কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। তাই শেষমেষ রাষ্ট্রপতির কাছেই সরাসরি এর উত্তর জানার সুযোগ মেলে।

গত ৫ আগস্ট ছাত্র-আন্দোলন ও গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সংবিধানের ৫৭(ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছেন, তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট কোনো প্রমাণ পৌঁছায়নি।

রাষ্ট্রপতির ভাষ্যে, ‘আমি বহুবার পদত্যাগপত্র সংগ্রহের চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। হয়ত তার সময় হয়নি।’

কথোপকথনের সময় রাষ্ট্রপতি বলেন, ‘৫ আগস্ট সকাল ১০:৩০ টায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বঙ্গভবনে ফোন আসে, যেখানে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য আসবেন। এরপরই বঙ্গভবনে প্রস্তুতি শুরু হয়। কিন্তু এক ঘণ্টার মধ্যে আরেকটি ফোন আসে যে তিনি [শেখ হাসিনা] আসছেন না। ’

তিনি বলেন, ‘চারদিকে অস্থিরতার খবর। কী হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না। তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছেও কোনো খবর নেই। আমরা অপেক্ষা করছি। টেলিভিশনের স্ক্রলও দেখছি। কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আমাকে কিছুই বলে গেলেন না।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না? একই জবাব। শুনেছি তিনি পদত্যাগ করেছেন। মনে হয় সে সময় পাননি জানানোর।’

তিনি বলেন, ‘সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম, আমিও খুঁজছি।’

মতিউর রহমান চৌধুরীর সাথে আলাপচারিতার এক পর্যায়ে রাষ্ট্রপতি বলেন, ‘এ বিষয়ে আর বিতর্কের সুযোগ নেই। প্রধানমন্ত্রী চলে গেছেন এবং এটাই সত্য। তবুও, এই প্রশ্নটি যাতে আর কখনো না ওঠে তা নিশ্চিত করতে আমি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছি।’

রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ৮ই আগস্ট এ সম্পর্কে তাদের মতামত দেন। এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীকে শপথবাক্য পাঠ করাতে পারবেন বলে আপিল বিভাগ মতামত দেন।

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা সালমান খানের জীবনে চলতি বছরের এপ্রিল মাসে ঘটে যাওয়া এক গুরুতর ঘটনা তার জীবনকে আরও শঙ্কার মধ্যে ফেলে দেয়। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভোররাতে দুষ্কৃতকারীদের গুলির ঘটনা, তাকে ও তার বাবাকে করা একাধিক হত্যার হুমকি, এবং অক্টোবরের শুরুতে এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ড—সবকিছু মিলিয়ে সালমান খান এখন গভীর নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। বিশেষত, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হত্যার দায় স্বীকার করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের পুরোনো শত্রুতা কেন্দ্র করে বারবার তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

সালমান খান সম্প্রতি ‘বিগ বস ১৮’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনার সময় নিজের নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, তার জীবনে এখন চরম কঠিন সময় চলছে এবং তাকে প্রতিনিয়ত এই ঝুঁকি সামলে চলতে হচ্ছে। তিনি তার শুটিংয়ের প্রতিশ্রুতির কারণে কাজ থেকে বিরত না হওয়ার কথা বললেও, তার পরিবার বিশেষ করে মা-বাবা উদ্বিগ্ন হয়ে আছেন।

বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের শত্রুতার সূত্রপাত ১৯৯৮ সালের অক্টোবরে, যোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায়। বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে তাদের ধর্মীয় প্রতীক হিসেবে দেখে এবং এর সুরক্ষা তাদের ধর্মীয় দায়িত্ব। সেই থেকেই লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাং সালমানের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করে আসছে। এমনকি, ২০১৮ সালে পুলিশ হেফাজতে থাকাকালীন লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে সালমানকে হত্যার শপথ নেয়।

বর্তমান পরিস্থিতিতে সালমান তার নিরাপত্তা বাড়াতে বাধ্য হয়েছেন। কয়েক কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন এবং তার নিরাপত্তারক্ষীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। তবুও, প্রতিনিয়ত তার প্রতি আসা হুমকি ফোন ও মেসেজের ফলে তার জীবন এখন চরম সংকটে রয়েছে।

সালমান খান শুধু একজন অভিনেতা নন, তিনি বলিউডে এক বিশিষ্ট ব্যক্তিত্ব। কিন্তু তার জীবনের এই অন্ধকার অধ্যায় এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে চলমান শত্রুতা তার জন্য এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

আমাকে হত্যার চেষ্টার জন্য

আমাকে হত্যার চেষ্টার জন্য হিজবুল্লাকে বড় মূল্য দিতে হবে : নেতানিয়াহু

আমাকে হত্যার চেষ্টার জন্য হিজবুল্লাকে বড় মূল্য দিতে হবে : নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট:

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাকে এবং তার স্ত্রীকে হত্যার চেষ্টা করার জন্য হিজবুল্লাহকে বড় মূল্য দিতে হবে।

গত শনিবার ইসরায়েলের তেল আবিব শহরের উত্তরে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি ড্রোন। তবে সে সময় নেতানিয়াহু এবং তার স্ত্রী বাসভবনে উপস্থিত ছিলেন না।

নেতানিয়াহু বলেছেন, ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে এবং আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা বড় ভুল করেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে নেতানিয়াহু কখন এবং কোথায় এই মন্তব্য করেছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েল বিজয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, এই যুদ্ধে তাকে থামানো যাবে না।

গত বুধবার ইসরায়েলের হামলায় নিহত হন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। সেই ঘটনার প্রসঙ্গ তুলে নেতানিয়াহু ভিডিও বার্তায় বলেন, আমরা হত্যাকারী ইয়াহিয়া সিনওয়ারকে সরিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা নিজেদের পুনর্জাগরণের যুদ্ধ করছি, এবং শেষ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাব।

নেতানিয়াহুর বাসভবনে হামলার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস বলেছেন, এই হত্যাচেষ্টার মাধ্যমে ইরানের আসল চেহারা প্রকাশিত হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাবে হিজবুল্লাহও প্রায়ই ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপ করছে। নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলাকে ইসরায়েল গুরুতর নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখছে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে এই ড্রোন আঘাত হানতে পেরেছে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

নেতানিয়াহুর বাসভবন ছাড়াও শনিবার হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় প্রচুর রকেট ছুঁড়েছে। সেদিন সকাল থেকেই বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ অন্তত ১১৮টি রকেট নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়।