Tag Archives: অবশ্যই

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রুহুল কবির রিজভী

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে—এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গত ১৭ বছরে অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচনের যে ভয়াবহ পরিণতি আমরা দেখেছি, তা হওয়ার কথা ছিল না। ৯০-এর আন্দোলনের যে গতি ছিল, সেই গতি থেকে আবারও হোঁচট খেয়ে ব্রেকিং হবে—এটা কেউ প্রত্যাশা করেনি। শুধু ব্রেকিং নয়, গত ১৭ বছরে এমন সব দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যা সত্যিই বিস্ময়কর। এজন্য রাজনৈতিক বিজ্ঞানে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে। কীভাবে একতরফা ও এক ব্যক্তির নির্বাচনের জন্য রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের বেলায় ভোট রাতের বেলায় করা হয়েছে, ভোটারদের মাইকিং করে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে, ভোটকেন্দ্রের সামনে চতুষ্পদ জন্তুর পদচারণা দেখা গেছে—এ ধরনের নির্বাচন আমরা গত ১৬-১৭ বছরে প্রত্যক্ষ করেছি।

তিনি আরও বলেন, শুধু তাই নয়, যারা বিরোধী দলের মনোনয়ন পেয়েছেন, তাদের মনোনয়ন জমা দেওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছে। আর এ কাজটি করেছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। কেউ কেউ মনোনয়ন জমাও দিতে পারেনি। এসব ঘটনা স্থানীয় নির্বাচনের সময়ও ঘটেছে, জাতীয় নির্বাচনের সময়ও ঘটেছে।

বিএনপির এই নেতা আরও বলেন, একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে, তারা প্রতিপক্ষের ওপর কী ভয়াবহ অত্যাচার ও বাধার নজির সৃষ্টি করেছে, তা বলে শেষ করা যাবে না। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে, হামলা করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এহসানুল হক হুদা, ইথুন বাবু, আহসান উদ্দিন খান শিপন প্রমুখ।

আমি স্রষ্টায় বিশ্বাস করি

আমি স্রষ্টায় বিশ্বাস করি, অবশ্যই স্রষ্টা আমাদের সঙ্গে আছেন: পুতিন

আমি স্রষ্টায় বিশ্বাস করি, অবশ্যই স্রষ্টা আমাদের সঙ্গে আছেন: পুতিন

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, স্রষ্টা রাশিয়ার পাশে আছেন এবং ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে মস্কো বিজয়ী হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সেন্ট পিটার্সবার্গে সুপ্রিম ইউরেশিয়ান ইকোনমিক কাউন্সিল (এসইইসি) এর বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

২০২৫ সালে রাশিয়ার বিজয়ের মাধ্যমে ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তি হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, “আমি স্রষ্টায় বিশ্বাস করি। অবশ্যই স্রষ্টা আমাদের সঙ্গে আছেন।”

ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ বিলম্বিত হওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধের প্রস্তাব দেবে বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন জানান, ২০২১ সালে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বিলম্বিত করার প্রস্তাব দিয়েছিলেন। সে সময় রাশিয়া যুক্তরাষ্ট্রকে বলেছিল, এটি মস্কোর কাছে গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, ২০২৫ সালের জন্য রাশিয়ার “প্রথম লক্ষ্য” হচ্ছে যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন করা। পুতিন বলেন, “আমরা সংঘাতের সমাপ্তি ঘটানোরও চেষ্টা করছি।”

তিনি উল্লেখ করেন, “আমরা বিশ্বাস করি যে আমরা সামনের সারিতে সফল হব এবং আমাদের অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জন করব। পাশাপাশি সামাজিক এবং সামরিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব, যা বৃহত্তর নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব।”

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি তার প্রস্তাবের বিস্তারিত সম্পর্কে আলোচনা করতে অস্বীকার করেছেন। মিডিয়া সূত্রে বলা হয়েছে, এটি কেবল সংঘাতকে স্থগিত করার জন্য হতে পারে। মস্কো এবং কিয়েভ উভয়ই নিঃশর্ত যুদ্ধবিরতির ধারণা প্রত্যাখ্যান করেছে।

বিচারের মুখোমুখি করতে হাসিনাকে

বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে: প্রধান উপদেষ্টা

বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ক্ষমতা হারিয়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকারে ড. ইউনূস আলোচনায় তুলে এনেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না, সেই প্রশ্নও। সোমবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এখনো সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “হ্যাঁ, এটা সত্যি যে এখনো আমাদের সাক্ষাৎ হয়নি। আমি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছিলাম, তখন মোদি সেখানে ছিলেন না। বাকুতে জলবায়ু সম্মেলনে গিয়েছি, সেখানেও তিনি ছিলেন না। বিমসটেক সম্মেলন (থাইল্যান্ডে) বাতিল হয়েছে। এমনকি আমরা কেউই কমনওয়েলথ বৈঠকে যাইনি। তবে তার মানে এই নয় যে ভবিষ্যতেও দেখা হবে না। আমাদের সম্পর্ক ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক। প্রতিবেশী হওয়ার পাশাপাশি এসব যোগসূত্র আমাদের আরও ঘনিষ্ঠ করেছে।”

ড. ইউনূস আরও বলেন, “আমি প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী মোদিকে প্রস্তাব দিয়েছি, সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে। এটি অকার্যকর অবস্থায় রাখা ঠিক নয়। এমনকি আমি বলেছি, নিউইয়র্কে পাঁচ মিনিটের জন্য হলেও সার্ক নেতাদের বৈঠক করা উচিত।”

ভারত ও বাংলাদেশ এখন বিমসটেক ও বিবিআইএন-এ সহযোগিতা করছে। তাহলে সার্কের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠলে ড. ইউনূস বলেন, “কেন নয় সার্ক? যত বেশি বন্ধু এবং সম্পর্ক তৈরি করা যাবে, ততই ভালো। সার্ককে চালু রাখা উচিত। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কারণে গোটা অঞ্চলের অন্য দেশগুলো কেন ক্ষতিগ্রস্ত হবে? আমরা একটি রেজুলেশন পাস করে ভারত-পাকিস্তান ইস্যুগুলোকে এজেন্ডা থেকে বাদ দিতে পারি, কিন্তু সার্ক বন্ধ করে দেওয়া উচিত নয়।”

সন্ত্রাসবাদের ইস্যুতে ২০১৬ সালে ভারতকে সমর্থন করা বাংলাদেশের জন্য ভুল ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি আমরা এ ধরনের শর্ত দিয়ে সম্পর্ক স্থাপন করতে যাই, তাহলে কোনো সম্পর্কই টিকবে না। দুই দেশের দ্বন্দ্বের কারণে দক্ষিণ এশিয়ার সব দেশকে ভুগতে হবে কেন?”