বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৭, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

আইসিসির দুর্নীতি-বিরোধী কোড লঙ্ঘনের দায়ে দুই বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। অবশেষে এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষে তিনি আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে মোট ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নাসир সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন উদযাপন করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী নাসির হোসেন তাঁর শাস্তির মেয়াদ পূর্ণ করেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় এবং ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফলে গত দেড় বছর তিনি কোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারেননি। তবে শর্ত পূরণ করে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে তিনি আবার ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন।

নাসির হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে দুর্নীতিতে জড়িত থাকার। এ ঘটনায় আইসিসি তাঁকে ছয় মাসের স্থগিতাদেশসহ মোট দুই বছরের নিষেধাজ্ঞা দেয়। শাস্তির শর্ত হিসেবে তাঁকে বাধ্যতামূলক অ্যান্টি-করাপশন শিক্ষা কোর্স সম্পন্ন করতে হয়, যা তিনি সফলভাবে শেষ করেছেন।

নিষেধাজ্ঞা শেষে প্রথম ম্যাচেই রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বোলিং করেন নাসির। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তিনি অফ-স্পিনে ১০ ওভার বোলিং করে ৩১ রান খরচায় ১টি উইকেট তুলে নেন।

এভাবেই দীর্ঘ বিরতি শেষে আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন বাংলাদেশের এই জনপ্রিয় ক্রিকেটার। এখন তাঁর লক্ষ্য, নিয়মিত ভালো পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে ফেরার পথ প্রশস্ত করা।