All posts by jitu

কুমিল্লা গোমতী নদীর পানি কমলেও বিপদ কাটেনি

স্টাফ রিপোর্টার:

ভারত থেকে নেমে আসা ঢলে গোমতী নদীর পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা কুমিল্লার ইতিহাসে নজিরবিহীন। এর আগে কখনো গোমতী নদী এতটা পানি ধারণ করেনি। তবে গত শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে নদীর পানি কমতে শুরু করেছে। সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত পানি কমেছে ৯২ সেন্টিমিটার, তবুও এখনো বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপরে রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বুড়িচং এলাকায় গোমতীর বাঁধ ভাঙার ফলে শুক্রবার সকাল থেকে নদীতে পানি কমতে শুরু করেছে। বর্তমানে ৯২ সেন্টিমিটার কমে এখনো বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমার নিচে নেমে যাবে। তবে আমরা এখনো ঝুঁকিমুক্ত নই।’

তিনি আরও বলেন, বুড়বুড়িয়া এলাকায় ধসেপড়া গোমতী বাঁধ ক্রমেই প্রশস্ত হচ্ছে। বর্তমানে প্রায় ২০০ মিটার প্রশস্ত হয়ে নদী থেকে পানি বের হয়ে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় পানির পারিমাণ বাড়ছে।

এরআগে মধ্যরাতে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী বাঁধের একটি অংশ ধসে লোকালয়ে পানি ঢুকতে থাকে। এতে শনিবার সকাল পর্যন্ত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা হোসেন মামুন বলেন, ‘কয়েকদিন ধরে গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটছে। নদীর পানি বেড়ে যাওয়ায় শহররক্ষা বাঁধও নরম হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবেদ আলী জানান, ১৭টি উপজেলার মধ্যে চান্দিনা, হোমনা এবং মেঘনা উপজেলা বাদে বাকি ১৪টি উপজেলা তলিয়েছে বানের পানিতে। সরকারি হিসাবে জেলায় সাত লাখ ৯৩ হাজার ১৪২ জন ক্ষতিগ্রস্ত হলেও বেসরকারি হিসেবে তা ১০ লাখের কাছাকাছি। চলমান বন্যায় জেলায় মোট এক লাখ ৬৩ হাজার ৪২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারিভাবে এক হাজার ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি নগদ ৪৫ লাখ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলাজুড়ে ৭২৪টি আশ্রয়কেন্দ্রে ৫৫ হাজারের মতো বানভাসি মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ২০ হাজার ২৯২ জন পুরুষ, ২২ হাজার ১৯৭ জন নারী, ১২ হাজার ৫০৫ শিশু এবং ২৮১ প্রতিবন্ধী রয়েছেন।

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, এ পর্যন্ত ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে। এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৬ আগস্ট) জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর ধসে যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, নোয়াখালীতে গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় জেলার ৯ উপজেলার মধ্যে ৮ উপজেলা আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৮৭ ইউনিয়ন ও ৭ পৌরসভার ১৯ লাখ ৮১ হাজার ৭০০ মানুষ পানিবন্দি হয়ে আছে। জেলায় এক হাজার ৯৮টি আশ্রয়কেন্দ্র খুলে এক লাখ ৮২ হাজার ৩০৯ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।

এ পর্যন্ত সরকারিভাবে নগদ ৪৫ লাখ টাকা, ৮৮২ মেট্রিকটন চাল ও এক হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এখনো ৯১৮ মেট্রিকটন চাল মজুত রয়েছে। এ পর্যন্ত জেলায় বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ৮৮টি মেডিকেল টিম বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দায়িত্ব পালন করছে।

জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে।

খবর নিয়ে জানা গেছে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে ২০ লাখের বেশি মানুষ পানিবন্দি রয়েছে। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

এদিকে বন্যায় বেড়েছে সাপের উপদ্রব। গত তিন দিনে নোয়াখালীতে ৬৩ জনকে সাপে কেটেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাপে কেটেছে ২৮ জনকে। বন্যার কারণে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ১০৮ জন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, মেডিকেল টিম ছাড়াও হাসপাতালে সার্বিক চিকিৎসা সেবা অব্যাহত রাখা হয়েছে। চিকিৎসকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন।

সেনবাগ উপজেলার বাসিন্দা খোরশেদ আলম জানান, ফেনীর মুহুরী নদীর উজানের পানি প্রবেশ করায় জেলার সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ী উপজেলার আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব উপজেলায় গত দুদিন বৃষ্টি না হলেও উজানের পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়। অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। স্কুলে ঢুকে পড়েছে পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট।

কবিরহাটের বাসিন্দা মো. সফি উল্যাহ বলেন, বন্যা ও ভারী বর্ষণের কারণে কবিরহাটের সব রাস্তাঘাট পানিতে তলিয়ে বন্ধ রয়েছে।

বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেলার ৮টি উপজেলার প্রায় ৯০ ভাগ মানুষ পানিবন্দি হয়ে আছেন। প্রতিটি বাড়িতে ৩ থেকে ৫ ফুট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিচু এলাকাগুলোতে যার পরিমাণ ৬ থেকে ৭ ফুট। বসতঘরে পানি প্রবেশ করায় বাসিন্দারা নিকটস্থ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এলাকার সবগুলো প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। বসত ও রান্নাঘরে পানি ঢুকে পড়ায় খাবার সংকটে রয়েছে বেশিরভাগ মানুষ। জেলার প্রধান সড়কসহ প্রায় ৮০ ভাগ সড়ক কয়েক ফুট পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যার পানি ঢুকে পড়ায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সড়কগুলোতে যান চলাচল অনেকটাই কম।

এছাড়া সোমবার ভোরে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ২৩ ভেন্ট রেগুলেটরটি সম্পূর্ণ ভেঙে গেছে। এতে সাগর থেকে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করে সমগ্র এলাকা প্লাবিত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, রোববার গভীর রাতের দিকে রেগুলেটরে ফাটল ধরে। আজ ভোরে এটি মাঝ বরাবর দেবে গিয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় ব্যাপক বন্যাতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহার এবং ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, রেগুলেটরের আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে। এরআগে কোম্পানীগঞ্জের ৬৭ আশ্রয়কেন্দ্রে প্রায় ৫ হাজার আশ্রিত থাকলেও এর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন বলেন, রেগুলেটর ধসে গেলেও বন্যার পানি নিষ্কাশনে কোনো বাধা সৃষ্টি হবে না। তবে প্রতিদিনকার ৪ থেকে ৫ ফুট উচ্চতার জোয়ার আসলে আগে এ পানি লোকালয়ে প্রবেশ করতে পারতো না এখন তা লোকালয়ে প্রবেশ করবে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, এ মুহূর্তে বন্যা পরিস্থিতি আমি সরেজমিন পরিদর্শনে আছি। আমরা চেষ্টা করছি দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিমকে রেগুলেটর এলাকায় নিয়োজিত করা হচ্ছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না।

সোমবার (২৬ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এ বছরও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন। সৌদি সরকার আরও আগেই বাংলাদেশের জন্য এই কোটা ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এবছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা। ২০২৫ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেলে একরুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রী প্রেরণ করতে পারবে। হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bd এ পাওয়া যাবে। তাছাড়া, ১৬১৩৬ নম্বর ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যেকোনো তথ্য।

ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), e-Hajj BD মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস হতে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।

সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল ঢাকার সেল প্রসিডস অব হজ ডিপোজিট শীর্ষক হিসাবে ০০০২৬৩৩০০০৯০৮ হিসাব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে।

ক্যান্সার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষ্মা, ডিমেনশিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদেরকে হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

নোয়াখালীতে পানির চাপে ভেঙে গেছে স্লুইসগেট, এলাকাজুড়ে আতঙ্ক

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তীব্র পানির চাপে ভেঙে গেছে মুছাপুর স্লুইসগেট। এতে আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তাদের আশংকা, এতে নোয়াখালী ও ফেনীর কিছু কিছু জায়গায় জোয়ারের পানি ঢুকে পড়তে পারে।

সোমবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভারতের উজানের ঢল থেকে আসা পানি ফেনীর মুহুরী নদী হয়ে ও ভারী বর্ষণের ফলে কোম্পানীগঞ্জে জমে থাকা পানি মুছাপুর স্লুইসগেটের রেগুলেটরের ২৩টি গেইট দিয়ে বঙ্গোপসাগরে যায়। কিন্তু সোমবার সকালে তীব্র পানির চাপে সবকটি রেগুলেটর ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দা তাসিব বলেন, সকালে মুসাপুর ক্লোজারের স্লুইচগেট ভেঙে গেছে। এর আগে এতদিন ভাটার সময় গেট খুলে দিলে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি সাগরে নেমে যেতো আর জোয়ারের সময় আটকে দেওয়া হতো যাতে সাগরের পানি না ঢুকে। এখন এই গেট ভেঙে যাওয়ায় ফেনী-নোয়াখালীবাসির জন্য দুঃসংবাদ। কারণ, এখন জোয়ার আসলে পানি উল্টো ঢুকবে।

মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, তীব্র পানির চাপে রেগুলেটর ভেঙে গেছে। আমাদের মুছাপুর ক্লোজার শেষ। স্থানীয় মানুষজন কান্নাকাটি করছে। সবাই অসহায় হয়ে পড়েছে। জোয়ার হলে এখন পুরো কোম্পানীগঞ্জ ভেসে যাবে। আল্লাহ আমাদের রক্ষা করা ছাড়া আর উপায় নাই।

পানি উন্নয়ন বোর্ড (পাউবি) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরাও বিষয়টি জেনেছি। আসলে রেগুলেটরের ২৩টি গেইট দিয়ে প্রচুর পানি নেমেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

বন্যায় কুমিল্লা সদর দক্ষিণে খাবার ও বিশুদ্ধ পানির সংকট

সালাউদ্দিন সোহেল:
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির সাথে কুমিল্লা দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নেও দেখা দিয়েছে বন্যা ।

উপজেলার বারপাড়া ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন ও পূর্বজোড় কানন ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম তলিয়ে গেছে পানির নিচে। উপজেলার প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি। গ্রামগুলোর অনেকেই রয়েছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে। প্রতিদিন বেড়েই চলেছে এসব অঞ্চলের বন্যার পানি । ফলে নতুন করে আক্রান্ত হতে পারে আরো অনেক গ্রাম। এভাবে প্রতিদিন বন্যার পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরো অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ত্রান’ই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বন্যা কবলিত অঞ্চলের মানুষের একমাত্র ভরসা।
ইতিমধ্যে সদর দক্ষিণ উপজেলায় বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে তাদের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, ফেনী এবং বুড়িচং এর মত সদর দক্ষিণ উপজেলার বন্যা পরিস্থিতি বিভিন্ন মিডিয়াতে তেমন প্রচার প্রচারণা না হওয়াতে অনেক সংগঠনের নজরে আসছে না সদর দক্ষিণের বন্যা পরিস্থিতি। যার ফলেই বেশিরভাগ সংগঠনের লোক ফেনী এবং বুড়িচং উপজেলায় ত্রাণ সামগ্রী নিয়ে গেলেও ত্রাণ নিয়ে আসছে না সদর দক্ষিণে।

ব্যক্তিগত এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্দেগে গেল কয়েকদিন এ অঞ্চলে শুকনো খাবারও বিশুদ্ধ পানি বিতরণ করলেও পর্যাপ্ত হচ্ছে না বলে অভিযোগ করেন অনেক বন্যা কবলিত মানুষ।মেইন রোড থেকে দূরবর্তী গ্রামগুলোতে খাবার পৌঁছে না বলে অভিযোগ করেন অনেকে।

এ বিষয়ে অনেক স্বেচ্ছাসেবীরা বলেন রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পর্যাপ্ত নৌকার অভাবে মেইন রোড থেকে দুই তিন কিলোমিটার দূরের গ্রামগুলোতে খাবার পৌঁচাতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।
এভাবে আর কয়েকদিন চলতে থাকলে হয়তো বিশুদ্ধ পানি এবং পর্যাপ্ত খাবারের অভাবে মারা যাবে সদর দক্ষিণ উপজেলার বন্যা কবলিত মানুষগুলো।

কুমিল্লায় বন্যার ভয়াবহতা বাড়ছে, ৪ জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ১৪টি উপজেলা বন্যার কবলে পড়েছে। স্মরণকালের ভয়াবহতম বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে কুমিল্লা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হলো বুড়িচং, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম এবং ব্রাহ্মণপাড়া। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার অন্তত আড়াই শতাধিক গ্রাম গোমতী ও সালদা নদীর ভাঙনের কারণে পানির নিচে চলে গেছে। দেবিদ্বারও ডুবছে। লাকসাম, মনোহরগঞ্জ এবং তিতাস উপজেলাগুলোর বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

বন্যায় প্রাণহানি বাড়ছে। নদীর ভাঙনে বহু বাড়িঘর, কৃষি জমি ও মাছের প্রকল্প ধ্বংস হয়ে গেছে। হাঁটলে পানির নিচে রাস্তার ইট-সুরকি অনুভব করা যাচ্ছে। মাত্র এক সপ্তাহ আগে যাদের সবকিছু ছিল, তারা এখন অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। বহু মানুষ তাদের সাধের বাড়িঘর ছেড়ে উঁচু এলাকায়, আত্মীয়-স্বজনের বাড়িতে বা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন।

সরকারি তথ্যমতে, বন্যায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে এবং প্রায় সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৬৭ হাজার মানুষ। বেসরকারি হিসাব অনুযায়ী, এ সংখ্যা আরও বেশি হতে পারে। স্থাপনা ও সড়কের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ পানি নামার পর জানা যাবে, তবে যে কোনো সময়ের রেকর্ড ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

গত তিন দিনে বন্যাকবলিত এলাকায় একটাই চিত্র দেখা যাচ্ছে—দলে দলে মানুষ প্লাবিত এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। হাঁটু বা কোমরসমান পানিতে ভিজে তারা নিরাপদ স্থানে যাচ্ছেন। তবে যারা বাড়িঘরের মায়া ত্যাগ করতে পারছেন না, তারা জীবনকে ঝুঁকির মুখে ফেলছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

বিদ্যুৎ না থাকায় বিভিন্ন এলাকার মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে দুর্গত এলাকার খবর নেওয়াও কঠিন হয়ে পড়েছে। সময় যত গড়াচ্ছে, বাঁধের ভাঙনও তত বড় হচ্ছে। নদীর পানি উচ্চতা কমলেও প্রবল গতি নিয়ে লোকালয়ে প্রবেশ করছে। বিভিন্ন এলাকায় সর্বনিম্ন ৩ ফুট থেকে সর্বোচ্চ ১৫ ফুট পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছে। বুড়িচং উপজেলার দুর্গত এলাকার মানুষজন বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটে ভুগছেন। তারা নিরাপদ স্থানে যাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন। ব্রাহ্মণপাড়া উপজেলার পরিস্থিতিও একই রকম।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দুর্গত এলাকায় খাবারের অভাব নেই, তবে সুষম বণ্টন এবং খাবার বিতরণের সমস্যা রয়েছে। অনেক পরিবার পানিতে আটকে আছে। বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবীরা স্পিডবোট দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও তা পর্যাপ্ত নয়।

এদিকে, বুড়িচং উপজেলার গোপীনাথপুরের ৬০ বছর বয়সী ফরিদ মিয়া পানিতে আটকা পড়ে মারা গেছেন। বাড়িতে পানি উঠায় পার্শ্ববর্তী মেয়ের বাড়ি রামনগরে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।

রোববার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তার মরদেহ উদ্ধার করে। একই সময়ে আগানগর এলাকা থেকেও আরেকটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

তিতাস উপজেলার বাঘাইরামপুর গ্রামে দুই মাদ্রাসাছাত্রী সড়ক ভেঙে বন্যার স্রোতে ভেসে গিয়ে মারা গেছে। নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া, বক্সগঞ্জ, ঢালুয়া ইউনিয়নের বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এখানকার বেশিরভাগ মানুষ পানিবন্দি অবস্থায় অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। মনোহরগঞ্জ ও লাকসাম এলাকাতেও বন্যার্তদের ত্রাণ সহযোগিতা প্রয়োজন।

স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, যে সব এলাকা প্লাবিত হচ্ছে, সেখানে ত্রাণ সহায়তার জন্য আহ্বান জানানো হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী জানান, জেলার ১৭টি উপজেলায় সরকারিভাবে ৬০০ মেট্রিক টন চাল এবং ৩৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পারিপার্শ্বিক কারণে বুড়িচং উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে নৌযানের অভাবে ত্রাণ পৌঁছাতে সমস্যা হয়েছিল, এখন বিভিন্নভাবে নৌযানের ব্যবস্থা হচ্ছে। যে সেংকট তৈরি হয়েছে তা সমাধান হচ্ছে। এখন সবাই ত্রাণ পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানায়, গেল কয়েকদিন থেকে গোমতির পানি কমেছে। সর্বশেষ রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত গোমতি নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

লক্ষ্মীপুর ও ফরিদগঞ্জের বন্যার্তরা পেল প্রভাতের ত্রাণ সামগ্রী

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চাঁদপুরের একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা।

প্রথম ধাপে গত শনিবার (২৪ আগস্ট) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডে পানিবন্দি হয়ে পড়া শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। ত্রাণ সামগ্রীর মধ্যে- চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ, স্যানেটারী ন্যাপকিন, গ্যাসলাইট, মোমবাতি, কয়েল, কেক ইত্যাদি পৌঁছে দেয়া হয়। উক্ত বিতরণ কার্যক্রমে প্রভাত ফরিদগঞ্জ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, প্রভাত হাজীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সাকিব, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজদিদুর রহমান পাটওয়ারী সহ উভয় শাখার প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

এছাড়াও রবিবার (২৫ আগস্ট) ২য় ধাপে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার নদী তীরবর্তী পরগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রি বিতরণ করেন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থা। চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ছাত্র সমাজ, বিভিন্ন এলাকার রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক ও আর্থিক সহযোগিতায় ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, মুড়ি, চিনি, বিস্কিট, কেক, সুজি, গুড়ো দুধ, মিনারেল পানি, বাচ্চাদের জামাকাপড়, স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ, স্যানেটারী ন্যাপকিন, মোমবাতি, গ্যাসলাইট, কয়েল, ফিটকিরি ইত্যাদি।

নদী তীরবর্তী রামগতি উপজেলার অবহেলিত এই এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, প্রভাত ফরিদগঞ্জ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সহ উক্ত সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোহরগঞ্জে ভয়াবহ বন্যায় মানুষের হাহাকার, ত্রাণ ও সুপেয় পানির সংকট

 

স্টাফ রিপোর্টার:

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি সময়ে সময়ে অবনতি দিকে যাচ্ছে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা। রাতব্যাপী ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকলে গত সব বন্যার রেকর্ড ভেঙে যাবে।

উপজেলার গ্রামীণ রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠদানের কোনো সুযোগ নেই । পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ। মনোহরগঞ্জ উপজেলায় দেবপুর, পোমগাও, যাদবপুরসহ আরো অনেক গ্রামের প্রধান সড়কে হাটুর উপরে পানি।

বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। ত্রাণের জন্য বন্যা এলাকায় হাহাকার অন্যদিকে বাজারে খাদ্য সংকট ও সাপের উপদ্রবে নাকাল বন্যা দুর্গতরা। অনেকের কাটছে নির্ঘুম রাত।

ত্রাণ নিয়ে যাওয়া বিভিন্ন সংগঠন লাকসাম উপজেলায় বিতরণ করে চলে যাচ্ছে আসছে না পাশের উপজেলায় মনোহরগঞ্জে। প্রত্যন্ত অঞ্চলের গ্রামের বাসিন্দারা এখনো ক্ষুধা নিবারণের জন্য কোনো ধরনের সহায়তা পায়নি। যার ফলে সেখানে এখনো খাবার সংকট।

মনোহরগঞ্জ উপজেলায় দেবপুর গ্রামের সুমন হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লেখেন, ‘ভালো নেই আমাদের গ্রাম আমাদের দেবপুর, মানুষ চার দিকে বন্যা মানুষের হাহাকার, বন্যা পানি বেড়ে চলেছে আমাদের গ্রামের অধিকাংশ জাগা বন্যা কবলিত। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো।’

শিক্ষিকা ফয়েজুন্নেসা চামেলি বলেন, নলকুপ ও লাইন পানির নিচে হওয়ায় নিরাপদ পানির অভাব। মানুষ না বুঝে এই পানি পান করছে, ফলশ্রুতিতে সবাই অসুস্থ না হয়ে পড়ে।

ঘরে ঘরে ফিটকিরি ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট পৌঁছে দিতে পারলে ভালো হতো।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) উজালা রানী চাকমা বলেন, এখানে বন্যা পরিস্থিতি অবনতির দিকে। আজকে পানি কিছুটা বেড়েছে। মনোহরগঞ্জ উপজেলার অনেক দুর্গম এলাকা রয়েছে যেগুলোতে নৌকা ছাড়া যাওয়া একেবারেই অসম্ভব। আমাদের কাছে নৌকার প্রচুর সংকট রয়েছে।

বন্যা দুর্গত এলাকায় মানুষের জন্য কাজ করছে পুলিশ বাহিনী : কুমিল্লায় আইজিপি

 

স্টাফ রিপোর্টার:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়ার পরেই  বন্যা দুর্গত মানুষের পাশে থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা।

রোববার (২৫ আগস্ট) বিকালে কুমিল্লা জেলার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

বিকেলে কুমিল্লা নগরীর সার্কিট হাউসে আইজিপি বলেন,  পুলিশ সদর দফতর থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণ করছে। বন্যা দুর্গত মানুষের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি দুর্গত জেলাসমূহে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

পুলিশ প্রধান আরও বলেন,  বন্যা দুর্গত এলাকায় পুলিশের মেডিকেল টিম নিয়োজিত রয়েছে। নৌ পুলিশ ও জেলা পুলিশ স্পিডবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বানভাসীদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনেও বাংলাদেশ পুলিশ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে।

আইজিপি প্রথমে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ এবং পরে কুমিল্লা জিলা স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ কুমিল্লা জেলা প্রশাসক  খন্দকার মু: মুশফিকুর রহমান ও পুলিশ সুপার সাইদুল ইসলাম  উপস্থিত ছিলেন।

 

বন্যায় সম্পূর্ণ ধ্বংশ হয়েও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্টাফ রিপোর্টার:

কয়েক দিনের টানা বর্ষন ও ভারত থেকে আসা উজানের পানিতে কুমিল্লার চৌদ্দগ্রামের ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সম্পূর্ণ প্লাবিত হয়েছে। বন্যার পানি থেকে রক্ষা পায়নি উপজেলাবাসীর একমাত্র স্বাস্থ্যসেবার ঠিকানা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাতের বৃষ্টিতে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে পানি প্রবেশ করলেও বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা চালু ছিল।

কিন্তু বুধবার রাতের প্রবল বর্ষন ও বজ্রবৃষ্টির পাশাপাশি ভারতের উজানের পানি চাপ দেয়ায় দোতলা স্বাস্থ্য কমপ্লেক্সটির নিচতলা পরিপূর্ণভাবে ভেসে যায়। এতে করে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ষ্টাফ কোয়ার্টারের নিচতলায় পানি উঠে। গভীর রাতে পানিবন্ধি হয়ে পড়ে রোগী, ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীরা। রাত যতই গভীর হচ্ছিল পানি ততই বেড়ে চলছিল। বাচার আকুতি জানিয়ে ডাক্তার ও হাসপাতালের রোগীদের আতœচিৎকারে আকাশ বাতাশ ভারী হয়ে উঠে। পানি যখন হাসপাতালটির নিচতলা পরিপূর্ণ হয়ে পড়ে দোতলায় থাকা রোগীদের মধ্যে আরও আতংক বেড়ে যায়।

রবিবার (২৫শে আগর্ষ্ট) সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটির সবকিছু নষ্ট হয়ে গেছে। নতুন এক্স-রে মেশিন, ইপিআই টিকাদান ষ্টোররুম, হাসপাতালের নিজস্ব সার্ভার, ঔষধের ষ্টোর রুম ও ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, নষ্ট নকল আসবাবপত্রগুলো কর্মকর্তা-কর্মচারীরা একে একে বের করে আনছে। হাসপাতালের বহি:বিভাগ যেন ধ্বংশস্তুপে পরিণত হয়েছে। তারপরও বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটির একদল চিকিৎসক। সরেজমিনে পরিদর্শন করে আরও দেখা যায়, হাসপাতালের আন্ত:বিভাগ, বহি:বিভাগ ও জরুরী বিভাগে চিকিৎসা সেবা কার্যক্রম চলমান। জরুরী বিভাগ ও বহি:বিভাগে সাড়িবদ্ধভাবে রোগীদের অবস্থান দেখা যায়।

হাসপাতালের সিনিয়র নার্স খালেদা আক্তার বুধবার রাতকে বিভিষীকাময় তুলনা করে বলেন, এমন ঝড় বৃষ্টি এবং পানির পরিমাণ আমি কখনো দেখিনি। আমি বিগত ১৭বছর এ হাসপাতালে চাকুরী করে যাচ্ছি। এমন পরিস্থিতির মুখোমুখি কখনো পড়িনাই। বুধবার রাত যখন পানি বেড়েই চলছে হাসপাতালে রোগী ও ডাক্তারা পানিবন্ধি হয়ে পড়ে। হাসপাতালের নিচতলা সম্পূর্ণ পানিবন্ধি হয়ে পড়ে। হাসপাতালের ঔষধপত্রসহ সকল মালামাল পানিতে নষ্ট হয়ে যায়। তারপরও ধ্বংশস্তুপের নিচে দাঁড়িয়ে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তবে আশংকাজনক রোগীদের এখন ভর্তি করা হচ্ছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার হাসান মাহমুদ পাটোয়ারী বলেন, হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সকল আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। কম্পিউটারসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি, চিকিৎসা সামগ্রী দ্রæত না পেলে অনেক চিকিৎসা সেবা কার্যক্রম থেকে সেবাগ্রহীতারা বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম কিবরিয়া টিপু বলেন, অতীতে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু হাসপাতালের মুল ভবনের ভিতরে পানি প্রবেশ করেনি। হাসপাতালের সামনের ড্রেনগুলো অবৈধ দখলদাররা দখল করে দোকানপাট নির্মাণ করায় পানি নিষ্কাশন হতে পারেনা। যার কারণে সামান্য বৃষ্টিতেই হাসপাতালে পানি প্রবেশ করে। গত সপ্তাহের সোমবার থেকে হাসপাতালের বহি:বিভাগ ও জরুরী বিভাগে পানি প্রবেশ করলেও বুধবার রাতের প্রবল বর্ষনে হাসপাতালটির নিচতলা পরিপূর্ণভাবে প্লাবিত হয়। এতে করে হাসপাতালের ঔষধ, বিভিন্ন মেশিনসহ সকল মালামাল নষ্ট হয়ে যায়। বর্তমানে আমরা ধ্বংশস্তুপের নিচে দাড়িয়ে বন্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।