Tag Archives: আমরা

প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো

প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো তাই মানতে হবে’– কুবি শিক্ষার্থীকে সমন্বয়ক

প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো তাই মানতে হবে’– কুবি শিক্ষার্থীকে সমন্বয়ক

চাঁদনী আক্তার, কুবি:

“প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো, তাই মানতে হবে। তোকে এখন থেকে ৫ মিনিটের সময় বেঁধে দেওয়া হলো, এর মধ্যে ব্যাগ গুছিয়ে হল থেকে বের হয়ে যাবি।” এসব বলে এক শিক্ষার্থীকে হল থেকে বের হয়ে যেতে হুমকি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এমরান হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থানা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (২ ফেব্রুয়ারি) ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাহিম প্রক্টরিয়াল বডির কাছে এক লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে গত ১ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে ঘটে যাওয়া এসব ঘটনা উল্লেখ রয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

মোট তিনজন অভিযুক্ত হলেন, সমন্বয়ক এমরান হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব হাসান এবং আইন বিভাগের শিক্ষার্থী রাজু।

অভিযোগপত্রে রাহিম উল্লেখ করেন, তিন মাস ধরে তিনি একদল শিক্ষার্থীর মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। ১ ফেব্রুয়ারি রাত ১১টার পর একদল শিক্ষার্থী স্লোগান দিতে দিতে তার কক্ষের সামনে এসে দরজায় কড়া নাড়ে। দরজা খোলার পর তারা কক্ষে ঢুকে বলেন “১০ মিনিটের মধ্যে রুম খালি কর, নইলে রুম তালা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু না; আমরা যে সিদ্ধান্ত নেব, সেটাই চূড়ান্ত।

একপর্যায়ে, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব তাকে হুমকি দিয়ে বলেন “রুম না ছাড়লে ছাত্রলীগের মতো কইরা পিটামু, তোকে মারা ওয়ান-টু ব্যাপার।”

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এর আগে, ৩১ জানুয়ারি রাত ১২টা ৫০ মিনিটে, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব ও আইন বিভাগের শিক্ষার্থী রাজু মিয়াজি রাহিমকে ডাইনিং সংলগ্ন সিঁড়ির সামনে ডেকে নিয়ে প্রকাশ্যে হেনস্থা করেন। তারা বলেন “১ ফেব্রুয়ারির মধ্যে রুম না ছাড়লে সব জিনিসপত্র ফেলে দেবো। পারলে তোর কোনো বাপ আছে নিয়ে আসিস!”

রাহিম জানান, তিনি জুলাই আন্দোলনে সক্রিয় থাকার কারণে টিউশন হারিয়েছেন, ফলে তার থাকার বিকল্প কোনো জায়গা নেই। কিন্তু বারবার হুমকি ও মানসিক নির্যাতনের কারণে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রতিবেদকের হাতে আসা কিছু ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড অনুযায়ী, অভিযুক্ত সমন্বয়ক এমরান হোসেনকে বলতে শোনা যায় “প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো, তাই মানতে হবে। তোমাকে এখন থেকে ৫ মিনিটের সময় বেঁধে দেওয়া হলো, এর মধ্যে ব্যাগ গুছিয়ে হল থেকে বের হয়ে যাবা।”

অন্যদিকে, হাসিব বলেন “রুম ছাড়বি, না হলে ছাত্রলীগের মতো করে তোকে পিটামু। তোকে মারা ওয়ান-টু ব্যাপার।”

এছাড়াও, এমরান ও হাসিবের নেতৃত্বে আইন বিভাগের শিক্ষার্থী রাজু মিয়াজিসহ আরও ২০ জন শিক্ষার্থীকে হল ছাড়তে হুমকি দিতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষার্থী হাসিব বলেন, “হিট অব মোমেন্টে এই কথা বলেছি। ৫ই আগস্টের পর যারা হলে উঠবে, তারা সবাই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য হলে উঠবে। তাই হল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আন্দোলনের পর উঠা শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেওয়া হবে।”

একজন শিক্ষার্থী হয়ে আরেকজন শিক্ষার্থীকে ছাত্রলীগের মতো করে মারার হুমকি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিককে বলেন “আপনি আপনার সুবিধার্থে এই নিউজ করতেছেন।” বলে কল কেটে দেন।

অন্যদিকে, অভিযুক্ত এমরান হোসেন বলেন “হল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫ই আগস্টের পর হলে উঠেছে এ রকম শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেয়া হবে।”

ছাত্রলীগের মতো করে মারার হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন “হ্যাঁ! একথা বলা হয়েছে। তবে বলার সাথে সাথে আমি তাকে বলেছি এ ধরনের কথা না বলার জন্য।”

এ বিষয়ে নজরুল হলের প্রভোস্ট মো. হারুন বলেন “শিক্ষার্থীদের এরকম আচরণ কাম্য নয়। এ বিষয়ে শিক্ষার্থীরা আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমি চেষ্টা করবো এ বিষয়ে উদ্যোগ নিতে। আমার কাছে কোনো লিখিত কিংবা মৌখিক অভিযোগপত্র আসেনি। যেহেতু প্রক্টর স্যারের কাছে অভিযোগ করা হয়েছে, তাহলে এটি এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে।”

সহকারী প্রক্টর মাহমুদুল হাসান রাহাত বলেন “আমরা এ বিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছি। আমরা প্রক্টরিয়াল বডি বসে ব্যবস্থা গ্রহণ করবো। আমরা অভিযুক্ত শিক্ষার্থীদেরকে শো-কজ নোটিশ দেবো।”

আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায়

আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল- কুমিল্লায় জামায়াত আমীর শফিকুর রহমান

আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল- কুমিল্লায় জামায়াত আমীর শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার:

জামায়াত আমীর শফিকুর রহমান বলেন পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে ক্ষমতায় গেলে।

কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, “ক্ষমতায় গেলে আমরা পিলখানায় ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি জমিও কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো ধরনের আগ্রাসন মেনে নেওয়া হবে না। কিছু গোষ্ঠী ‘মাইনরিটি’ শব্দ ব্যবহার করে দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। কিন্তু আমরা এদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল।”

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নেবে কাকে নির্বাচিত করবে। দ্রুত যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানাই।”

কুমিল্লা বিভাগ গঠন প্রসঙ্গে তিনি বলেন, “যত দ্রুত সম্ভব কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন। ক্ষমতায় গেলে আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না। দুর্নীতির মৃত্যু হবে, সুনীতির জয় হবে।”
ধর্মীয় সহাবস্থান নিয়ে তিনি বলেন, “প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং নিরপেক্ষ সমাজ গড়ার অঙ্গীকার করছি।”

সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের বক্তব্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন এবং কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল।

১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের প্রকাশ্য কর্মী সম্মেলন২০০৫ সালের পর এই প্রথমবার কুমিল্লায় প্রকাশ্যে কর্মী সম্মেলন করল জামায়াত। তখন প্রধান অতিথি ছিলেন সাবেক আমীর ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। বিগত ১৯ বছরে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে কুমিল্লায় প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে পারেনি জামায়াত।

তবে এ বছরের ৫ জুলাই গণঅভ্যুত্থানের পর প্রকাশ্যে কর্মসূচি শুরু করে জামায়াত। তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লা টাউন হল ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টার আগেই টাউন হল প্রাঙ্গণ এবং তার আশপাশের সড়কগুলো জামায়াত কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লার মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

প্রয়োজনের চেয়ে একদিনও বেশি

প্রয়োজনের চেয়ে একদিনও বেশি আমরা থাকতে চাই না: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রয়োজনের চেয়ে একদিনও বেশি আমরা থাকতে চাই না: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণিসম্পদ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এ সরকারের জন্য প্রয়োজনীয় সময়টুকুই যথেষ্ট, এর বেশি থাকার কোনো ইচ্ছা নেই। তিনি বলেন, “পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, প্রয়োজনের চেয়ে একদিনও বেশি আমরা থাকতে চাই না। আগামী ডিসেম্বর মাস শেষ হতে দিন, কারণ এই সময়ের মধ্যে বেশ কিছু সংস্কারের প্রতিবেদন আসবে। তখন পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা সম্ভব হবে।”

রোববার (১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেটি যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। অতীতের অনিয়ম, দুর্নীতি এবং অন্যায়গুলো আমরা পুরোপুরি ঠিক করতে পারব না, তবে অন্তত কিছুটা পরিবর্তন আনতে পারি। আমাদের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে জনগণের ইচ্ছা অনুযায়ী সঠিকভাবে নির্বাচিত একটি সরকার আসতে পারে।”

ফরিদা আখতার বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত। এটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। আমরা হেলাফেলা করার সুযোগ নেই। আমাদের দায়িত্ব হলো একটি ভাল সরকারের জন্য পরিবেশ তৈরি করা, প্রয়োজনীয় সংস্কার করা এবং জনগণের প্রত্যাশা পূরণের পথ সুগম করা। নিজেদের ইচ্ছামতো কিছু করার জন্য আমরা এখানে নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি তৌফিকুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

বিজয় ঘোষণা করে ট্রাম্প বলেন

বিজয় ঘোষণা করে ট্রাম্প বলেন, আমরা নতুন ইতিহাস সৃষ্টি করেছি

বিজয় ঘোষণা করে ট্রাম্প বলেন, আমরা নতুন ইতিহাস সৃষ্টি করেছি

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ভূমিধস বিজয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে এক ভাষণে রেপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। ফক্স নিউজ তাদের পূর্বাভাসে জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট পেয়ে নিশ্চিত করেছেন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কমলার ঝুলিতে ২২৬ ইলেক্টোরাল ভোট রয়েছে।

ফক্স নিউজের এই পূর্বাভাস প্রকাশিত হওয়ার কিছু সময় পরেই ট্রাম্প বিজয় ঘোষণা করে ভাষণ শুরু করেন। তিনি বলেন, “এটা আমাদের জন্য একটি অসাধারণ মুহূর্ত। আমাদের দেশকে আবার সঠিক পথে নিয়ে যেতে হবে। আজ রাতে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। অনেকেই ভেবেছিল, আমরা এটি করতে পারব না। এটি আমাদের রাজনৈতিক জয়।”

এছাড়া ট্রাম্প বলেন, “প্রতিটি শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটা আমেরিকার নতুন স্বর্ণ যুগ সৃষ্টি করার সুযোগ।“ তিনি এ সময় তার পরিচিত স্লোগান “মেইক আমেরিকা গ্রেট এগেইন” বললে, সমর্থকরা একসঙ্গে স্লোগান দিতে থাকেন।

ট্রাম্প সুইং স্টেটগুলো নিয়ে বলেন, “নর্থ ক্যারোলিনা, আমি আপনাদের ভালোবাসি, মিশিগান, আমি আপনাদের ভালোবাসি। বিজয় ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না।”

ভাষণে তিনি আরও বলেন, “আমাদের অনুভূতি চমৎকার।” এছাড়া তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথাও উল্লেখ করেন এবং তাকে পাশে দাঁড়িয়ে থাকার জন্য ধন্যবাদ জানান। ট্রাম্প তার সন্তানদের কথাও এ সময় উল্লেখ করেন।