All posts by jitu

কুমিল্লায় পরিবেশ রক্ষায়

কুমিল্লায় পরিবেশ রক্ষায় তরুণদের ময়লার ভাগাড়ে মানববন্ধন

কুমিল্লায় পরিবেশ রক্ষায় তরুণদের ময়লার ভাগাড়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় পরিবেশ রক্ষা, বায়ু দূষণ প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক মানববন্ধন করেছে কুমিল্লার তিনটি যুব সংগঠনের সদস্যরা।

সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে “Turn the pollution into solution” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী এলাকার ময়লার ভাগাড় ও কোটবাড়ি এলাকায় এই মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কুমিল্লা জেলার সমন্বয়কারী মোহাম্মদ আল আমিন বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশে বেড়েই চলছে। পরিবেশ দূষণ বৃদ্ধির ফলে ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। তাই কুমিল্লা মহাসড়কে ময়লার ভাগাড়মুক্ত করতে আমাদের আজকের জলবায়ু আন্দোলন।”

ময়নামতি কারিগরি স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মো. আমিনুর রহমান বলেন, বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কুমিল্লা মহাসড়ক ও কোটবাড়ি এলাকা ময়লার ভাগাড়মুক্ত করতে কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ-কুমিল্লা জেলার এইচআরও জেরিন আফরোজ বলেন, কুমিল্লা মহাসড়কের পাশে ময়লা আর্বজনার কারণে একদিকে যেমন বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, অন্যদিকে সড়ক মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হতে মুক্ত ও নিয়ন্ত্রণের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষকে অনুরোধ করবো।

এ সময় ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ এর মিনিস্ট্রি রিপ্রেজেনটেটিভ তাহসিনুল ইসলাম সাব্বির বলেন, “একমাত্র সচেতনতাই প্রতিরোধ গড়তে পারে প্লাস্টিক ব্যবহার। যতক্ষণ পর্যন্ত আমরা প্লাস্টিক ব্যবহারে সচেতন হবো না, ততক্ষণ পর্যন্ত আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারবো না। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চান্দিনা, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লার ভাগাড় অপসারণের জন্য সিটি কর্পোরেশন এবং অন্যান্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

মানববন্ধনে যৌথভাবে অংশ নেওয়া তিনটি সংগঠন হলো ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা এবং ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ।

কুমিল্লায় ৩০ বোতল

কুমিল্লায় ৩০ বোতল ভারতীয় মদসহ ৩ জন আটক

কুমিল্লায় ৩০ বোতল ভারতীয় মদসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ৩০ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি

সোমবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সদর উপজেলাধীন বারাইপুর নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

আটককৃত মাদক কারবারিরা হলেন, আবুল কাসেম (৬৫), মোঃ তুহিন মিয়া (২২) ও মোঃ সাইফুল ইসলাম (২০)।

বিজিবি জানায়, আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় অবৈধ মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল।তাদেরকে গোলাবাড়ী পোষ্ট কর্তৃক কোতয়ালী মডেল থানায় মামলা করে জেল হাজতে হস্তান্তর করা হবে।

কুমিল্লাসহ ১১ জেলায়

কুমিল্লাসহ ১১ জেলায় রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস

কুমিল্লাসহ ১১ জেলায় রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট:

দেশের ১১টি জেলার ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৭ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, রাজশাহী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, আগামী তিন দিন দেশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও কিছু কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ব্রাজিলিয়ান তারকা নেইমার

ব্রাজিলিয়ান তারকা নেইমার আসছেন বাংলাদেশে

ব্রাজিলিয়ান তারকা নেইমার আসছেন বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট:

গত বছর বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, এরপর ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। এবার লাল-সবুজের দেশে আসছেন ব্রাজিলের বর্তমান ফুটবল সেনসেশন নেইমার। ধারণা করা হচ্ছে, আগামী বছরের (২০২৫) শুরুর দিকেই বাংলাদেশে পা রাখতে পারেন এই সময়ের অন্যতম সেরা ফুটবলার।

মার্টিনেজ ও রোনালদিনহোর বাংলাদেশ সফর নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তারা সেভাবে কাছ থেকে দেখতে পাননি তাদের প্রিয় খেলোয়াড়দের। তবে নেইমারকে ভক্তরা সরাসরি দেখতে পাবেন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এবং নেইমারের বন্ধু রবিন মিয়া। দীর্ঘদিন ধরে তিনি নেইমারের সঙ্গে কাজ করছেন এবং এই সফরের প্রধান সমন্বয়কও তিনি।

নেইমারের বাংলাদেশে আসার প্রসঙ্গে রবিন মিয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “নেইমারের আগমন নিয়ে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিত আলোচনা হয়েছে। আশা করছি, আগামী বছরের শুরুতে তাকে বাংলাদেশে আনতে পারব।”

মার্টিনেজ এবং রোনালদিনহোর সফরের মতো নেইমারের সফরেও যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখবেন বলে জানিয়েছেন রবিন। তিনি আরও বলেন, “আমি চাই, নেইমারের এই সফর দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যাক। আমরা একটি চ্যারিটি আয়োজনের পরিকল্পনা করছি। ১৬ কোটি মানুষকে তার সঙ্গে দেখা করানো সম্ভব নয়, তবে আমাদের সাধ্যমতো যা করা সম্ভব, তা করব।”

টিকটক বানানোর

টিকটক বানানোর কথা বলে কিশোরকে হাত-পা বেঁধে হত্যা

 

টিকটক বানানোর কথা বলে কিশোরকে হাত-পা বেঁধে হত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় টিকটক বানানোর কথা বলে এক কিশোরকে মুখে কসটেপ পেঁচিয়ে হাত-পা বেঁধে দীঘির পানিতে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ইয়াসিন আরাফাত (১৫) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামের ছোবু ভূঁঞা বাড়ির মোহাম্মদ সাহাবুদ্দিনের ছেলে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বঙ্গের দিঘী থেকে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুর দিকে তাকে মুখে কসটেপ পেঁচিয়ে, হাত-পা বেঁধে উপজেলার কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বঙ্গের দীঘিতে পেলে দিয়ে হত্যা করা হয়।

আটককৃত কিশোররা হলেন, উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামের মহিন উদ্দিনের ছেলে আমির হোসেন জিহাদ (১৫) ও কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অজি উল্যার ছেলে ইব্রাহীম খলিল আকিল (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আরাফাতকে কিছু ছেলের সাথে চলাফেরা করতে বারণ করে তার চাচাতো ভাই আমির হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত তাকে মারধর করে। পরে আমির আরফাতকে হত্যার কৌশল খুঁজতে থাকে। পরবর্তীতে আরেক বন্ধু আকিলের সাথে আমির পরামর্শ করে আরাফাতকে গত বৃহস্পতিবার সকালের দিকে টিকটিক বানানোর কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর উপজেলার কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বঙ্গের দিঘীর পাড়ে নিয়ে টিকটক বানানোর কথা বলে কৌশলে তার মুখে কসটেপ পেঁচিয়ে, হাত-পা বেঁধে দীঘির পানিতে পেলে দিয়ে হত্যা করে চলে যায়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ বলেন, নিখোঁজের তিনদিন পর এ ঘটনায় নিহত কিশোরের মা শাহানারা আক্তার কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির আলোকে ঘটনার ১১দিন পর পুলিশ অভিযুক্ত দুই কিশোরদের আটক করে। একপর্যায়ে তাদের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার এবং হত্যার রহস্য উদঘাটন করে।

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি শিউলি

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি শিউলি ৮ দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি শিউলি ৮ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশা চালক লিটন মিয়া হত্যা মামলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক স্বাগত সৌম্য তার রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক রহমান খান পাঠান জানান, রোববার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে ডিবি পুলিশ আটক করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। আটকের পর তাকে সরাইল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। ২৮ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিটন মিয়া নামের এক অটোরিকশা চালক। নিহত লিটন কাটানিসার গ্রামের মোজাম মিয়ার ছেলে।

এ হত্যা মামলাটি তৎকালীন সময়ে থানায় নিয়ে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর অটোরিকশাচালক লিটন হত্যার অভিযোগে সরাইলের রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

এতে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম-২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভাণ্ডারী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ ৬৭ জনের নাম উল্লেখ করে মামলায় আসামি করা হয়েছে।

গজারিয়া একতা ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

মোঃ শরিফ খান আকাশ:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন “গজারিয়া একতা ক্লাব” এর সদস্যের অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহায়তায় শিক্ষার মান উন্নয়ন ও কোমলমতি শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষে চান্দলা বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতদরিদ্র  শতাধিক ছাত্র ছাত্রীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত শিক্ষা সামগ্রীতে স্কুল ব্যাগ, খাতা, কলম,বাধাই খাতা,স্কেল,পেন্সিল সহ শিক্ষা বিভিন্ন উপকরণ অন্তর্ভুক্ত ছিল।

সোমবার (৭ অক্টোবর) ৩ নং চান্দলা ইউনিয়ন চান্দলা বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এই উপকরণ সামগ্রী প্রদান করা হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ খান আকাশের  পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন,ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের  সাংগঠনিক সম্পাদক ও চান্দলা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক অপু খান চৌধুরী,গজারিয়া একতা ক্লাবের উপদেষ্টা হাফিজুর রহমান সরকার কাউছার,বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোসাঃ রওশন আরা বেগম,সহকারী শিক্ষক মনিরুল হক,মোসাঃ মিনারা আক্তার, মোসাঃ হাবিবা আক্তার,ক্লাবের সদস্য সাইদুল ইসলাম নিরব, মোজাম্মেল বাবু,আব্দুল্লাহ ইকবাল,আশরাফুল,মেরাজ মোরশেদ ও এলাকায় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সময় প্রত্যেক ক্লাসের প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকারী প্রত্যেক শিক্ষার্থী ও অসচ্ছল দরিদ্র প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপকরণ তুলে দেওয়া হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষা,স্বাস্থ্য,বিনোদন ও সামাজিক কাজ করাই এই ক্লাবের মূল লক্ষ্য।

ক্লাবটির পক্ষ থেকে দীর্ঘদিন যাবত এইসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতা অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে আমরা বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। যাতে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীরা শিক্ষা থেকে ঝড়ে না পড়ে। বর্তমানে স্বল্প পরিমাণে শুরু করলে ভবিষ্যতে এর পরিধি বাড়ানো হবে।

এ অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা পাশে থাকার আশ্বাস প্রদান করেন।।

ব্রাহ্মণপাড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণ পাড়া উপজেলার শশীদল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে মো: হানিফ মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়েছে।  এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ৮৩ হাজার ৪৪০ টাকা, ১ টি অ্যান্ড্রয়েড ফোন, ১ টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

সোমবার ( ৭ অক্টোবর ) এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া মো: হানিফ মিয়া একই উপজেলার মৃত. আবুল খালেকের ছেলে।

আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে,  গত ০৪ সেপ্টেম্বর  হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

চৌদ্দগ্রামে এনাম ফাউন্ডেশনের

এনাম ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ২৫ লাখ টাকা হস্তান্তর

 

এনাম ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ২৫ লাখ টাকা হস্তান্তর

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর উদ্যোগে ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

প্রতি পরিবারকে ১০ হাজার টাকা হারে সমগ্র উপজেলার ২৫০টি পরিবারের মাঝে সর্বমোট ২৫ লাখ টাকা নগদ বিতরণ করা হয়েছে। কাজী এনাম ফাউন্ডেশন ও প্রবাসীদের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পেয়ে সুবিধাভোগি পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

সোমবার (০৭ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন গার্লস স্কুল রোডে কাজী রাজ্জাক টাওয়ারস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম আক্তার উজ জামান, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: মেহেদী হাসান।

কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর প্রতিষ্ঠাতা কাজী মো: এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও সাংবাদিক এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: কামাল হোসেন পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক মো: শাহজাহান, মো: শাহজালাল, স্বপ্নপূরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো. মোশাররফ হোসেন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পাটোয়ারী মুরাদ, সাংবাদিক আক্তারুজ্জামান, মো. এমদাদ উল্যাহ, মো. বেলাল হোসাইন, আবুল বাশার রানা, মুহা. ফখরুদ্দীন ইমন, মিজানুর রহমান মিনু, কামাল হোসেন নয়ন, আনিসুর রহমান, এম. এ আলম, মো: শাহীন আলম, কাজী সেলিম, মো: ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, মো: সাইদুল হক, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, পরিচালক রনি মজুমদার, স্বেচ্ছাসেবী মো: আবুল হাশেম ভূঁইয়া, মো. নেয়ামত উল্লাহ মাসুম, জসিম উদ্দিন হাসান, অনিক প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এমদাদুল হক।