All posts by jitu

এইচএসসির বাকি পরীক্ষা বাতিল ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো আর নেওয়া হবে না। পরীক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

কীভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তপন কুমার।

পরীক্ষার্থীরা নতুন করে আর পরীক্ষা না নিয়ে ইতিমধ্যে নেওয়া পরীক্ষা ও এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করার দাবিতে গত চারদিন ধরে আন্দোলন করছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে আন্দোলনকারী পরীক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকের গেট দিয়ে হুড়মুড় করে পুলিশে বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়েন। তারা সচিবালায়ে ঢুকে ৬ ও ১১ নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় বসে পড়ে বিক্ষোভ করতে থাকেন।

এরপর দাবি পূরণে তারা শিক্ষা মন্ত্রণালয়কে এক ঘণ্টা সময় বেঁধে দেন। এক ঘণ্টা পার হলে বিকেল ৪টার কিছু আগে পরীক্ষার্থীরা সবাই একযোগে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ২০ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভ করতে থাকেন।

পরীক্ষার্থীরা যখন শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যেতে থাকেন, তখন ৬ নম্বর ভবনের অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন।

এরপর শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক চলাকালে শিক্ষার্থীরা সচিবের কক্ষে সামনে দাঁড়িয়ে নানা স্লোগান দিতে থাকেন। বৈঠক শেষে ঢাকা বোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। এরপর তারা ধীরে ধীরে সচিবালয় ত্যাগ করতে থাকেন।

শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়লে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিপত্তিতে পড়েন। বিকেল ৫টার দিকেও কাউকে সচিবালয় থেকে বের হতে এবং সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।

আন্দোলনরতদের মধ্যে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা স্টেট কলেজ, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি কবি নজরুল কলেজসহ ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ছিলেন।

এর আগে সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সিজান আহমেদ বলেন, দীর্ঘদিন পার হয়ে গেল আমরা মাত্র ৭টি পরীক্ষা দিতে পেরেছি। নতুন করে রুটিন প্রকাশ করলে পরীক্ষা শেষ করতে আরও অনেক সময় লেগে যাবে। তখন আমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মোটেও সময় পাবো না।

তিনি বলেন, আমরা চাই যে সাতটি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাগুলো এবং এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এভাবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আমাদের ফল প্রকাশ করা হোক।

আরেক পরীক্ষার্থী নবদ্বীপ চৌধুরী বলেন, আমরা গত চারদিন ধরে আন্দোলন করছি। আমাদের অনেক ভাই বৈষম্যবিরোধী আন্দোলনের আহত হয়ে এখনো হাসপাতালে। এখন পরীক্ষা নিলে তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। আর মূল মেধাটা যাচাই হয় অনার্সে ভর্তি পরীক্ষার মাধ্যমে, নতুন করে আর পরীক্ষা না নিয়ে আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিচ্ছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সূচি অনুযায়ী, এখনো ১৩ দিনের মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি রয়েছে।

কুমিল্লায় সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনাসহ ২২৫ জনের নামে আরেকটি মামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর-৬ আসনের সাবেক এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা সহ ২২৫ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি ফিরোজ হোসেন। এর আগে সোমবার রাতে কুমিল্লার দক্ষিণ চর্থা তাল তলা এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকাল সাড়ে তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার লক্ষ্যে ছাত্র-জনতা মিছিল সহকারে কান্দিরপাড় মোড়ে যাওয়ার জন্য দক্ষিন চর্থা তালতলা চৌমুহনী সৈয়দ বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় সমবেত হয়। এসময় এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনার হুকুমে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ আগ্নেয়াস্ত্র নিয়ে দাঙ্গা সৃষ্টি করে নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা করে। হামলায় গুলিবিদ্ধ সহ অনেকেই গুরুতর আহত হয়।

মামলার এজাহারনামীয় অন্য আসামিরা হলেন- কুমিল্লা সদর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান আমিনুর ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, সোনালী ব্যাংকের সাবেক সিবিএ নেতা হাসান খসরু, কুমিল্লা সিটি কর্পোরেশন কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদী , সরকার মাহমুদ জাবেদ, মনজুর কাদের মনি, সৈয়দ রায়হান, আবদুস সাত্তার, কাউসারা বেগম সূমি, আজাদ হোসেন, আবুল হাসান, আবুল হাসেম, কাজী গোলাম সারওয়ার শিপন, আমিনুল ইসলাম ইকরাম, আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, আমড়াতলীর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুল হক শিহানুক, আওয়ামীলীগ নেতা সালেহীন শায়ের, ছাত্রলীগ নেতা সালেহ আহম্মেদ রাসেল, সাবেক কাউন্সিলর শাহ আলম খান, কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সোহেল, দক্ষিন চর্থার কাউসার আহমেদ খন্দকারসহ আরও অনেকে।

মুদি দোকানি হত্যা: দীপু মনি ৪ ও জয় ৫ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির চার দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। পরবর্তী সময়ে আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন। সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেছেন বলে জানান এই ব্যবসায়ী।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার।

মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল-সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন। গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

মামলার আরজিতে বলা হয়, নিহত সায়েদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এ জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মামলা করেছি।

মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীন পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলায় ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে মারা যান।

আরও দুই সপ্তাহ পেছাবে স্থগিত এইচএসসি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট:

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো আরও দুই সপ্তাহ বা তার বেশি সময় পিছিয়ে দেওয়া হবে। ফলে ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার জন্য যে সময়সূচি প্রকাশ করা হয়েছিল, তা আর থাকছে না।

একই সঙ্গে স্থগিত বিষয়গুলো পরীক্ষায় অর্ধেক প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের। কোনো বিষয়ে যদি আগে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো, তাহলে এখন দিতে হবে চারটির। এজন্য তারা পূর্ণ সময়ই পাবেন।

মঙ্গলবার (২০ আগসাত) শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রামে কলেজের নাম পরিবর্তন, সভাপতি কর্তৃক দুর্নীতির বিচার ও কমিটি বিলুপ্ত করার দাবি এলাকাবাসীর

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তন, পরিচালনা কমিটি বিলুপ্ত ও সকল আয়-ব্যয়ের হিসাব উথ্যাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে কলেজ অধ্যক্ষ শাহ মোঃ আরিফুল ইসলাম লতিফীর সাথে সাক্ষাত করে এলাকাবাসী এ দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে মুন্সিরহাট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে ‘মুন্সিরহাট ডিগ্রি কলেজ’ প্রতিষ্ঠিত হয়। এলজিইডি’র সাবেক প্রধান প্রকৌশলী ও গত বাছাই কমিটিতে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত ওয়াহিদুর রহমান পনের বছর ক্ষমতার দাপট দেখিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ‘মুন্সিরহাট ডিগ্রি কলেজ’ কে মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ হিসেবে কাগজপত্র তৈরি করে। এছাড়া কলেজের প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম উল্লেখ করে। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে নিজ ইচ্ছেমতো সব কিছু করেছেন।

অভিযোগ উঠেছে, ওয়াহিদুর রহমান বিভিন্নভাবে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। গত ৫ আগস্ট সরকারের পটপরির্তনের পর ওয়াহিদুর রহমানকে এলাকায় দেখা যাচ্ছে না। বন্ধ রয়েছে তার মুঠোফোনও। এদিকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্থানীয় এলাকাবাসী কলেজের নাম পরিবর্তন করে ‘মুন্সিরহাট ডিগ্রি কলেজ’, পরিচালনা কমিটি বিলুপ্ত ও সকল আয়-ব্যয়ের হিসাব উথ্যাপনের দাবি জানিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মাসুম, স্বপন মজুমদার, রতন মজুমদার, জালাল আহমেদ, তাজুল ইসলাম মেম্বার, ফিরোজ মিয়া, কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব ও ছাত্রসমাজ।

এদিকে নিয়মতান্ত্রিকভাবে এলাকাবাসীর দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন কলেজ অধ্যক্ষ শাহ মোঃ আরিফুল ইসলাম লতিফী।

কুমিল্লায় এমপি বাহারের বিরুদ্ধে সাংবাদিক বাহার রায়হানের মামলা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাংবাদিক বাহার উদ্দিন রায়হান৷ তিনি সময় টেলিভিশনের সাংবাদিক।

মঙ্গলবার (২০ আগস্ট) কুমিল্লার চিফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন তিনি। পরে মামলাটি গ্রহণ করে বিচারক মো. আব্বাস উদ্দিন।

মামলার আসামিরা হলেন, কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহা উদ্দিন বাহর, স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা মহানগর শাখার সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সংসদ সদস্য বাহারের দেহরক্ষী দুলালসহ ১৫০ জন।

মামলার আইনজীবী কাইমুল হক রিংকু ও বাদী বাহার উদ্দিন রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালে ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচিতে হামলা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় হামলায় উপস্থিত থেকে নেতৃত্ব দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় তারা বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে উপস্থিত হন সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার উদ্দিন রায়হান। ভিডিও ধারণ করা ও ছবি তোলা অবস্থায় তাকে দেখে হামলা করে সাবেক এমপি বাহার ও আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ সময় বেদম মারধরে তিনি গুরুতর আহত হন। এবং তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও বাধা দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন সময় তাকে হামলা ও সংবাদপ্রকাশের জেরে ফোনে হুমকি দেয় বাহাউদ্দিন বাহার ও তার নেতাকর্মীরা। এসব অভিযোগের ভিত্তিতে আজ মামলা দায়ের করেন সাংবাদিক বাহার উদ্দিন রায়হান। বিচারক মো. আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন।

সাংবাদিক বাহার রায়হান আরো জানান, এমপি বাহার কুমিল্লার সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে কণ্ঠরোধ করেছেন। পেশাদার সাংবাদিকরা তার কাছে জিম্মি ছিল।

এক হাজার টাকার নোট বাতিলের খবর গুজব: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে-এ খবর রটানো হলেও এটি গুজব। এ ধরনের সিন্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।

মঙ্গলবার চীন এবং কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি আরও বলেন, চীনের ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠকের আগে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমরা চলমান প্রকল্পে সহায়তা অব্যাহত রাখব।

সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক শেষে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আরও বলেন, ১৮ লাখ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে কাজ শুরু করছি। এটি চ্যালেঞ্জ বটে। এখন থেকে ঋণের অর্থের ব্যবহারের গুণগত মান নিশ্চিত করা হবে।

ভারত গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটিতে নবনিযুক্ত মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্য আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, এ দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। সে জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার।

মির্জা ফখরুল বলেন, ভারতের কাছে অনুরোধ করব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকার ছাত্র জনতার গণঅভ্যুত্থানের একটি সরকার। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গিয়েছে সেটাকে পরিষ্কার করতে একটু সময় লাগবে। সেই জন্য যে সময় প্রয়োজন সেই সময় এই দেশের জনগণ দিবে।

সরকার পতনের পর সারাদেশে মামলা হয়েছে সেই বিচার কার্যক্রম নিয়ে ফখরুল বলেন, এই সরকারের মেয়াদ হয়েছে মাত্র ১১ দিন। এই কয়েকদিনে তারা যে কাজ করেছে তা প্রশংসনীয়।

অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ: গুতেরেস

ডেস্ক রিপোর্ট:

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারও বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার (১৯ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে। চিঠিতে জাতিসংঘ প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান।

চিঠিতে জাতিসংঘ মহাসচিব চিঠিতে লেখেন, বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এই ক্রান্তিকালে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিত, আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড. ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই।

গুতেরেস লেখেন, জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ও অনুরোধ পেলে যেকোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে।

তিনি আরও বলেন, আমি আশা করি, যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কণ্ঠস্বরও বিবেচনায় নেওয়াসহ আপনার (ইউনূস) সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি বেছে নেবে। পাশাপাশি, রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিতেও আমি আপনাকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি।

মেসিকে ছাড়াই আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে খেলবে

ডেস্ক রিপোর্ট:

কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর আর মাঠে ফিরতে পারেননি। তার ফেরার পথটা যেন ক্রমশই দীর্ঘ হচ্ছে। এখনও জানা যায়নি ঠিক কবে ফিরতে পারবেন এই আর্জেন্টাইন গ্রেট। যে কারণে আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দু’টি ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি মেসির। ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।

৬ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি এবং পাঁচ দিন পর কলম্বিয়ার মাঠে ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইয়ে ছয় ম্যাচে পাঁচটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসি ছাড়াও স্কোয়াডে জায়গা পাননি মার্কোস আকুইনা ও ফ্রাংকো আরমানি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে।
তবে এবারও সুযোগ মেলেনি পাওলো দিবালার।