All posts by jitu

শিক্ষককে প্রক্টরের ঘুষি, বিচার মেলেনি দুই মাসেও

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

গত ২৮ এপ্রিল উপাচার্যের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে শিক্ষকদের উপর হামলার সময় প্রক্টর কর্তৃক হামলার শিকার হন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোকাদ্দেস-উল-ইসলাম। সেসময় এই শিক্ষকের মুখে ঘুষি মারেন উপাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। পরবর্তীতে বিচার চেয়ে প্রথমে প্রশাসন বরারব লিখিত আবেদন এবং চার বার একক অবস্থান কর্মসূচী পালন করেন তিনি। কিন্তু দুই মাস পার হলেও এনিয়ে এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে এই উপাচার্য বিশ্ববিদ্যালয়ে একধরনের বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

এছাড়াও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ৯৫তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে ক্যাম্পাস খোলার পরপরই প্রক্টরের অপসারণের কথা থাকলেও সেটি বাস্তবায়নেও কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা বলে অভিযোগ কুবি শিক্ষক সমিতির।

রবিবার (৩০ জুন) বেলা ১ টা থেকে ২ টা পর্যন্ত বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে চতুর্থবারের মতো অবস্থান কর্মসূচী পালন করেন ড. মোহাম্মদ মোকাদ্দেস-উল-ইসলাম। এসময় শিক্ষক সমিতির সদস্যরাও এসে তার সাথে একাত্মতা পোষণ করেন।

শিক্ষকদের অভিযোগ, ভিসির সকল অপকর্মে সহযোগিতা করতে প্রক্টর বহিরাগতদের নিয়ে বলয় তৈরি করেছেন। এই জন্য ভিসি পুরষ্কার হিসেবে তাকে ৮৭ তম সিন্ডিকেটে যাচাই-বাছাই কমিটি সুপারিশ না করলেও উপাচার্যের নির্দেশে তার পিএইচডি নথিভুক্ত করা হয় এবং বিভাগে জুনিয়র হওয়ার পরও সিনিয়রকে পদোন্নতি না দিয়ে প্রক্টরকে পদোন্নতি দেওয়া হয়।

এসময় ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, চতুর্থ বারের মত আমাকে এখানে দাঁড়াতে হলো। যা দুঃখজনক। বারবার দাঁড়িয়েও আমার উপর হামলাকারী এই প্রক্টরের বিরুদ্ধে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা। যার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আইন শৃঙ্খলা নিশ্চিত করা, তিনিই শিক্ষকের গায়ে হাত তুলছেন। তার ইন্ধনে আমাদের অন্যান্য সহকর্মীদের গায়ে হাত তুলেছে বহিরাগত ছাত্ররা। এর কোনো কোনো বিচারও এখনও হয়নি।

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উপর সন্ত্রাসী হামলার ব্যাপারে এখনো কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। উপাচার্য ও প্রক্টর যাদের দায়িত্ব ক্যাম্পাসের নিরাপত্তা বিধান করা কিন্তু এই রক্ষক এখন ভক্ষক হয়েছে। আমি মনে করি প্রশাসন বিগতদিনের কর্মকাণ্ডে তার সকল যোগ্যতা হারিয়েছে। আমি প্রক্টরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার দ্রুত অপসারণ চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এই কলংকজনক অধ্যায়ের অবসান চাই।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, গত ৫ জুন যে সিন্ডিকেট সভা হয় সেখানে আমরা একাধিক সূত্র থেকে জানতে পারি প্রক্টরের অপসারণের বিষয়ে সিন্ধান্ত হয়। যদিও সেটা সিন্ডিকেটের কার্যবিবরণীতে লেখা হয়নি, তবে উপাচার্য বলেছেন বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে তাকে অপসারণ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত উপাচার্য তাকে সরাচ্ছেন না এবং আমরা যখন উপাচার্যের নিকট অপসারণের দাবি নিয়ে গেলাম তখন তিনি তালবাহানা করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষকদেরকে আঘাত করা হচ্ছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে, বহিরাগত অস্ত্রধারী এবং মামলার আসামীদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে অনিরাপদ করে তুলছে। তার সকল অপরাধ স্পষ্ট হওয়ার পরও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নিচ্ছেন না এই উপাচার্য। যা খুবই দুঃখজনক।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বঙ্গবন্ধু হল ও নজরুল হলের ৩০-৩৫ জন ছাত্রলীগ কর্মী আহত হয়। এতেও কোন ভূমিকা পালন করতে দেখা যায়নি প্রক্টরকে। একই বছরের পহেলা অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হলে সাবেক সাধারণ সম্পাদক রেজা ই এলাহীর নেতৃত্বে মোটরবাইক শোডাউন, ককটল বিস্ফোরণ, ফাঁকাগুলি ছুঁড়ে বহিরাগতরা। এতে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলেও নিরবতা পালন করতে দেখা প্রক্টরকে।

এছাড়া গত বছরের ৩ অক্টোবর ফুটবল খেলার ফাইনাল ম্যাচ শেষে উপাচার্যের সামনে আইন বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন হৃদয়কে চড়থাপ্পড় দেন প্রক্টর।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারী শিক্ষক সমিতির জয়ী প্রার্থীরা উপাচার্যের সাথে দেখা করতে গেলে সেখানে প্রক্টরের নেতৃত্বে কর্মচারী ও চাকরিপ্রার্থীরা শিক্ষকদের লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন মাহমুদুল হাসান রাহাত ও কামরুল হাসান শিখন।

পূর্বের সিদ্ধান্তের আলোকে প্রক্টরের অপসারণ এবং প্রক্টর কর্তৃক শিক্ষকের উপর হামলার বিচারের অগ্রগতি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি প্রতিবেদকের কল কেটে দেন। এবং পরবর্তীতে কল দিয়ে আর পাওয়া যায়নি তাকে।

আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের। রবিবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এবিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কার্যক্রম এমনকি বিভাগের একাডেমিক কোনো সভাও অনুষ্ঠিত হবে না৷ আমরা সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছি ফেডারেশন যে সিদ্ধান্ত নিবে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করবো। একারণেই আগামীকাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়েও সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত শিক্ষকদের পেনশন-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মবিরতির ঘোষণার পর দাবি আদায়ের জন্য গত ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধদিবস এবং ৩০ জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়৷ এবং আগামী ১ জুলাই অনির্দিষ্টকালের জন্য থেকে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়৷

হত্যার হুমকি, পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

ডেস্ক রিপোর্ট:

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসাদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমি থানায় জিডি করার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা।’

রোববার (৩০ জুন) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি। এখন দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। মৃত্যুর ভয় আমি করি না। কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, সম্প্রতি আমার থানার ওসি আমাকে ফোন দেন। আমি তার সঙ্গে দেখা করি। দেখা হলে তিনি আমাকে তার মোবাইলে থাকা একটি ক্ষুদে বার্তা দেখান।

এরপর ওই বার্তায় থাকা একটি নম্বরে কল দেন। কল দিয়ে আমার সঙ্গে কথা বলিয়ে দেন। যার সঙ্গে কথা বলিয়ে দেন তিনি একজন পেশাদার খুনি। ওই পেশাদার খুনি আমাকে বলেন আমার বাড়ি সিলেটে। আমি আপনার সম্পর্কে জানি। আপনাকে খুনের পক্ষে আমি না।

সুমন আরও বলেন, যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে খুনের পক্ষে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাকে খুনের নীলনকশা পুলিশ জানলেও তারা ব্যবস্থা নিলো না কেন? আমাকে কেন জিডি করতে হলো। পুলিশ কি করে। তাদের কি কোনো দায়িত্ব নাই। আমি তো আর সাধারণ কোনো মানুষ না। একজন সংসদ সদস্য। আমাকে হত্যার হুমকির পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিলো না। আমাকেই জিডি করতে হলো।

এর আগে শনিবার রাতে ‘অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে’ জেনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় সংসদের সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শেরেবাংলা নগর থানা করা সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনি এলাকার চুনারুঘাট থানার ওসি তার সরকারির মোবাইল ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’

তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।

সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন, এই পদ থেকে তিনি ২০১২ সালের ১৩ নভেম্বর পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন ব্যারিস্টার সুমন।

২২ কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক ভবন নির্মাণে চাঁদপুর জেলা পরিষদের উচ্ছেদ অভিযান

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর শহরতলীর বাবুরহাট বাজারে জেলা পরিষদের নিজস্ব সম্পত্তিতে বাণিজ্যিকভাবে ভবন নির্মাণ করার জন্য ৮৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ভবনের আংশিক উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান। অভিযানে বিভিন্ন ধরনের ৮৫টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

অভিযানে উপস্থিত চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, তিনি জানান, নিজস্ব ভূমিতে বাণিজ্যিক ভবন নির্মাণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় । দীর্ঘদিন ধরে এখানে বাৎসরিক লীজে ব্যবসা পরিচালনা করছিলেন ব্যবসায়ীরা। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। ভবন নির্মাণ হলে অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দেয়া হবে।

তিনি আরো জানান, ২২ কোটি টাকা ব্যয়ে চারতলা বাণিজ্যিক ভবন নির্মাণের প্রকল্প প্রস্তুত করেছে জেলা পরিষদ। নির্মাণকাজের জন্য সময় লাগবে দুই বছর। ঈদুল আজহার আগে এসব ব্যবসায়ীকে উচ্ছেদের লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় সব ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের সময় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন সহ জেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি বিশেষ দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।

উল্লেখ্য, গত ১০ জুন উচ্ছেদকৃত সকল দোকানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দীর্ঘ ৭ বছর ব্যবসায়ীদের সাথে হাইকোর্টে মামলা নিষ্পত্তির পর জেলা পরিষদের এই সম্পত্তি উদ্ধার করা হয়। জানা যায়, সাত বছর পূর্বে জেলা পরিষদ মার্কেট নির্মানের লক্ষে দোকান বরাদ্দের জন্য লীজকৃত দোকানী সহ সকলের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। তখন লীজকৃত দোকানীদের মধ্যে কয়েকজন মার্কেট নির্মানের বিপক্ষে অবস্থান নিয়ে হাইকোর্টে রিট পিটিশান দায়ের করেন। উক্ত রিট পিটিশান খারিজের পর এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় বলে প্রাথমিক ভাবে জানা যায়।

সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে : ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অসুস্থ বেগম খালেদা জিয়া ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। তাকে অন্যায়ভাবে ৬ বছর কারাগারে বন্দি অবস্থায় রাখা হয়েছে। তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয়ে মরা নয়, সাহস করে লড়াই করুন। পরিবর্তন করতে হলে তরুণ-যুবকদের এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ দখলদার সরকার। তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। দেশের গণতন্ত্র, স্বাধীনতাকে ধ্বংস করছে। কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
এদিকে, সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২টার আগেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায়। কার্যালয়ের সামনের দু’পাশের সড়ক বন্ধ হয়ে যায়।

মির্জা ফখরুল বলেন, আজকে খেটে খাওয়া শ্রমিকরা চাল-ডাল, তেল কিনতে হিমশিম খাচ্ছেন। কেউ চিকিৎসা পায় না। লুট করে বিদেশে টাকা পাচার করেছেন। সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সঙ্গে জড়িত। আমরা চিন্তা করতে পারি না। তিনি দেশের গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত। আজকে পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত। এনবিআরের কর্মকর্তা জড়িত। এমন আরও অনেকেই আছে। কিন্তু রাঘব-বোয়ালদের ধরা হয় না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদীন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ বক্তব্য দেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ উপলক্ষে সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ডসহ ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক বিএনপিও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এসময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্লেকার্ড ও নিজ সংগঠনের ব্যানার নিয়ে সমবেত হন তারা। সমাবেশ শুরুর আগেই নয়াপল্টন প্রধান সড়ক, ফকিরাপুল ও কাকরাইল এলাকা ছিল লোকে লোকারণ্য হয়ে উঠে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে মহানগর উত্তরের আওতাধীন সকল থানাও ওয়ার্ড, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা যোগ দেন। ঢাকা মহানগর বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, ইউনুস মৃধা, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, হাজী মোস্তফা জামান, আখতার হোসেন, আনম সাইফুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, শ্রমিক দল উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা সদস্য সচিব কামরুজ্জামান, ঢাকা মহানগর বিএনপির সদ্য সাবেক সদস্য অ্যাড মকবুল হোসেন সরদার, শহিদুল ইসলাম বাবুল, আলাউদ্দিন সরকার টিপু, এবিএমএ রাজ্জাক, মাহফুজুর রহমান, কাউন্সিলর আলী আকবর, মকবুল ইসলাম খান টিপু, শাহ আলম, জামশেদুল আলম শ্যামল, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মেতালেব হোসেন রতন, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএস আহমাদ আলী, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এসএম ফজলুল হক যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার, আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান যুগ্ম আহ্বায়ক আশরাফ গাজী, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, অলিউল হাসনাত তুহীন, খায়রুল আলম নয়ন, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, শেরে বাংলা নগর থানা বিএনপির যুগ্ম শাহজালাল সিকদার, সবুজবাগ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল রহিম, ডেমরা থানা বিএনপির নেতা আনিসুজ্জামান ও সেলিম রেজা, যাত্রাবাড়ী থানা বিএনপির ৪৮নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং ঢাকার আশেপাশের মহানগরগুলোর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এছাড়া সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনসহ এর আশেপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

ক্ষমতার লোভে বিএনপি যে কোনো দেশের দাসত্ব করতে পারে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ক্ষমতার লোভে যে কোনো দেশের দাসত্ব করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, লন্ডন থেকে দেওয়া আন্দোলন-সংগ্রামের ডাকে কেউ সাড়া দেবে না।

শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলে- এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার লোভে যে কোনো দেশের দাসত্ব করতে পারে।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব চাই না: গয়েশ্বর

ডেস্ক রিপোর্ট:

আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কোনো দাসত্ব চাই না এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, আমরা যদি খালেদা জিয়াকে মুক্তি করতে না পারি তাহলে এ দেশের অস্তিত্ব থাকবে না। ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তার মাধ্যমে দেশ দাসত্বে পরিণত হবে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কোনো দাসত্ব চাই না। আমরা ভারত বিদ্বেষী নই। আমাদের নেত্রীর মুক্তি লড়াই কোনো দেশের বিরুদ্ধে নয়।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আমার নেত্রী ৭ বছর ধরে কোনো বক্তৃতা দেয় না। আমাদের একটি দাবি, সে দাবি আমাদের নেত্রীর মুক্তি। এ দাবিতে এখন থেকে আন্দোলন শুরু হবে। শেখ হাসিনা বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন। যে মামলায় তাকে বন্দি করা হয়েছে এটা কোনো মামলাই না। এমন মামলায় বহু লোক জামিন ও মুক্তি পেয়েছেন। বক্তৃতা করে কখনো কোনো আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল করতে রাজপথে কঠোর অবস্থান থাকতে হবে।

সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য নেতারা।

মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে মোটেই উচ্চাভিলাষী মনে করেন না প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না।

একটা লক্ষ্য আমরা স্থির করি। শতভাগ কখনো পূরণ হয় না। চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। চ্যালেঞ্জ নিয়েই তো আমরা চলতে চাই, চ্যালেঞ্জ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, তারপরও আমাদের সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব। সেটা আমরা যেতে পেরেছি। কোথায় ৬২ হাজার কোটি টাকার বাজেট, আর কোথায় ৭ লাখ কোটি টাকার বাজেট! আমরা তো এই জায়গায় আসতে পেরেছি।

শনিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ নিয়েছি বলেই (বড় বাজেট বাস্তবায়ন) সম্ভব হয়েছে। আমাদের ইচ্ছাটা কী? দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। সেজন্যই তো উন্নয়নটা হয়। আমাদের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সে লক্ষ্যেই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি। এখানে কমানোর কিছু নেই।

তিনি বলেন, এই বাজেটের মধ্যে আগামী দিনে আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছি ২০২১ থেকে ২০৪১ সাল, সেটি বাস্তবায়নে সক্ষম হবো। সে ধারাবাহিকতা আমাদের আছে। আমরা একটা রাজনৈতিক দল করি বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের কিন্তু নিজেদের ঘোষণাপত্র আছে, আমরা কিন্তু নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করি। এই ইশতেহার আমরা কখনো ভুলে যাই না। জাতির কাছে যে ওয়াদা দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় এসেছি, তা পালন করি। এই বাজেট প্রণয়নকালীন আমাদের যে নির্বাচনি ইশতেহার, সেটির অগ্রাধিকার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে দিকনির্দেশনা- সেটিও বাজেটে উঠে এসেছে।

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাস সর্ববৃহৎ বাজেট আমরা দিয়েছি। বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭৫ শতাংশ। বাজেটের ওপর এ পর্যন্ত বিরোধীদলীয় নেতাসহ ২৩৪ জন সংসদ সদস্য বক্তব্য রেখেছেন। তারা বাজেটের ওপর আলোকপাত করেছেন ও পরামর্শ দিয়েছেন। এর বাইরে অনেকেই বাজেট নিয়ে আলোচনা করেছেন।

বাজেট নিয়ে আলোচনা-সমালোচনা যে যাই করুন তাদের ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান বলেন, কেউ কেউ বাজেটকে উচ্চাভিলাষী বলেছেন, কেউ বলেছেন ঘাটতি বাজেট। কিছুক্ষণ আগে বিরোধীদলীয় নেতা বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়, আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে… ইত্যাদি। এই চ্যালেঞ্জ নেওয়ার মতো সক্ষমতা আছে কি না। চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। চ্যালেঞ্জ নিয়েই তো আমরা চলতে চাই, চ্যালেঞ্জ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা আরও বলেন, আজ বাংলাদেশ সারাবিশ্বে মর্যাদার আসনে আসতে পেরেছে। আজকের বাংলাদেশ হাত পেতে ভিক্ষা চাওয়ার বাংলাদেশ নয়। আমরা উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলো দেখেন না তাদের বলব- গ্রামে যান। গ্রামের মানুষের যে ভাগ্যের পরিবর্তন হয়েছে, উত্তরবঙ্গে যে মঙ্গা নেই, সেটাও দেখবেন। কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধাসহ বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ লেগেই থাকত। সেখানে ছুটে গেছি, মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। গ্রামের পর গ্রামে গিয়েছি, মানুষের শরীরে মাংস ছিল না চামড়া আর হাড় ছাড়া। এখন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছি।

কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কের ৭টি ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন

 

শাহ ইমরান:

কুমিল্লায় ট্রাফিকিং ব্যবস্থার সুষ্ঠ ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ৭টি ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন করা হয়েছে।

শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন করেন কুমিল্লা সিটি মেয়র ডাক্তার তাহসীন বাহার সূচনা।

এসময় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পলিশ সুপার মংনেথোয়াই মারমা, মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আব্দুল মান্নান এর পরিকল্পনা ও বাস্তবায়নে নগরীর আলোখারচর, শাসনগাছা, কান্দিরপাড়, ঈদগাহ মোড়, চকবাজার, টমছমব্রীজ, পদুয়ারবাজার এলাকায় ৭টি ট্রাফিক পুলিশ স্থাপন করা হয়। ট্রাফিকিং ব্যবস্থার সুষ্ঠ ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করণ, ট্রাফিক সদস্যদের কল্যান নিশ্চিতপূর্বক ট্রাফিক সেবার মান বৃদ্ধিকরন ও ট্রাফিক পুলিশ ও সেবাগ্রহীতার মধ্যকার পারস্পরিক মেলবন্ধন বৃদ্ধিকরনের জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান জেলা পুলিশ।

টিসিবির জন্য সরকার ৪৯৩ কোটি টাকার তেল কিনছে

ডেস্ক রিপোর্ট:

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৪৯৩ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার সয়াবিন তেল ও রাইস ব্রান অয়েল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩৩১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকার সয়াবিন তেল এবং ১৬২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার রাইস ব্রান অয়েল রয়েছে।

এই তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

শনিবার (২৯ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

প্রতি লিডার সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১৫০ টাকা ৪৮ পয়সা। এতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে মোট খরচ হবে ৩৩১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা। সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে এই সয়াবিন তেল কেনা হবে।

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত পুনঃদরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার ১৪৭ টাকা ৩৫ পয়সা হিসাবে এই রাইস ব্রান তেল কিনতে মোট খরচ হবে ১৬২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।