All posts by jitu

দীপাবলীতে মুখোমুখি দুটি হিট সিনেমা সিংগাম ও মঞ্জুলিকা

ডেস্ক রিপোর্ট:

‘সিংগাম’ ও ‘মঞ্জুলিকা’-বলিউডের দুটি হিট সিনেমার দুই চরিত্র। ‘সিংগাম’ চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলেন অজয় দেবগন। চরিত্রের নামই সিনেমার নাম। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ সিনেমার তিনটি কিস্তি এর আগে মুক্তি পেয়েছে। তিনটিই হিটের তালিকায় নাম লেখাতে সক্ষম হয়েছে। সবগুলোই নির্মাণ করেছেন রোহিত শেঠি।

এবার আসছে এ সিরিজের চতুর্থ সিনেমা। নাম ‘সিংগাম এগেইন’। এরইমধ্যে সিনেমার শুটিং প্রায় শেষ। চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। যথারীতি এবারও সিংগাম হয়ে পুলিশের বেশে পর্দায় আওয়াজ তুলবেন অজয়। সিনেমাটি সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় আয়োজন এবারের দীপাবলীতে মুক্তির সম্ভাবনার কথা জানা গেছে।

এদিকে একই সময় মুক্তি পাবে বলিউডেরই আরেক ফ্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি। ‘মঞ্জুলিকা’ মুলত এ সিনেমার কেন্দ্রিয় বা ভুমিকা চরিত্রের নাম। কমেডি হরর ঘরানার এই সিরিজটির এ চরিত্রে শুরুতে অভিনয় করেছেন বিদ্যা বালান। এরপর দেখা গেছে টাবুকে। তৃতীয় কিস্তিতে আবারও ফিরছেন বিদ্যা। সঙ্গে যথারীতি রয়েছেন কার্তিক আরিয়ান। তবে এবারের কিস্তিতে মাধুরী দীক্ষিতেরও থাকার কথা শোনা যাচ্ছে।

বর্তমানে এ সিনেমার শুটিং চলছে ভারতের বিভিন্ন প্রদেশে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আনিস বাজমি। ‘ভুল ভুলাইয়া-২’ও তিনি বানিয়েছিলেন। এই সিরিজটিও দর্শকপ্রিয়। ফলে একই সময়ে (দীপাবলীতে) দুই দর্শকপ্রিয় ফ্র্যাঞ্চাইজির মুক্তি বক্স অফিসে একটা সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

অবশ্য ‘সিংহাম এগেইন’র এর চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি। নির্মাতা রোহিত শেঠি শুধু সম্ভাব্য তারিখের কথা বলেছেন। তবে ভক্তরা যে তাদের প্রিয় চরিত্রকে আবার পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সেটা রোহিত কিংবা অজয়ের ইনস্টাগ্রাম আইডি ফলো করলেই বোঝা যায়।

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৩৭

ডেস্ক রিপোর্ট:

ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবারের এসব হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর এমন একযোগে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে কিয়েভ। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিয়েভের একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে। হাসপাতালের কর্মী, উদ্ধারকর্মীসহ কয়েক ডজন স্বেচ্ছাসেবক ওখমাদিত পেডিয়াট্রিক হাসপাতালের ধ্বংসাবশেষ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছেন। একসঙ্গে একাধিক স্থানে এমন ভয়াবহ হামলার ঘটনা এর আগে ঘটেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাজধানী কিয়েভ এবং দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের পাঁচটি শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

তিনি বলেন, কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। এর মধ্যে তিনজন শিশুও রয়েছে। এছাড়া আরও ১৭০ জন আহত হয়েছে বলেও জানা গেছে।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার একযোগে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু স্কুল এবং একটি প্রসূতি হাসপাতালসহ প্রায় শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩০টি প্রজেক্টাইল মিসাইল ভূপাতিত করেছে।

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে জেলেনস্কি জোর দিয়ে বললেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করা প্রয়োজন। রুশ যুদ্ধবিমান ধ্বংস করা প্রয়োজন। নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না এমন দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আরও সহায়তা দেওয়ার বিষয়টি ন্যাটোর আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাইডেন বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে, তাদের শহর এবং বেসামরিক নাগরিকদের রাশিয়ার হামলা থেকে রক্ষা করতে সাহায্য করার জন্য নতুন ব্যবস্থা ঘোষণা করব আমরা।

মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক ছাত্রনেতা অনিক

স্টাফ রিপোর্টার:
ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতি পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক। একই সাথে অনিকসহ আরো ১০ জনকে মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত।

আলোচিত কুমিল্লার দেবিদ্বারের শান্ত হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন তারা। সর্বশেষ সিআইডি’র তদন্তে বেড়িয়ে আসে হত্যাকাণ্ডের চমকপ্রদ তথ্য। বন্ধুকে হত্যা করে সাজিদ পালিয়ে যান যুক্তরাষ্ট্রে৷ রাজনৈতিক ফায়দা নিতে এসব মামলায় কৌশলে জড়ানো হয় সাবেক ছাত্রলীগ নেতা অনিকসহ দশজনকে।

মূল হত্যাকারী সাজিদ হয়ে পড়েন মামলার অন্যতম সাক্ষী! গত ১ জুলাই ৪নং আমলী আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন মূল আসামী সাজিদকে গ্রেফতার আদেশ ও অনিকসহ বাকি দশজনকে মামলা থেকে অব্যহতি দেন। মামলার তদন্ত প্রতিবেদন সুত্রে জানা যায়, ‘২০২২ সালের ৯জুলাই স্থানীয় বিরোধের জের ধরে দ্বন্দ্ব হয় দেবিদ্বার নুরপুর গ্রামের দুই পক্ষের মাঝে। এসময় পকেটে থাকা সুইস গিয়ার দিয়ে বন্ধু মেহেদী হাসান শান্তকে পেটে আঘাত করে সাজিদ। শান্তর মৃত্যু নিশ্চিত হওয়ার পর পালিয়ে যায় সাজিদ। ঘটনার ধামাচাপা দিতে ছাত্রলীগ নেতা আবু কাউছার অনিকসহ নিরপরাধ ১১ জনকে ফাঁসানো হয় ৷ কৌশলে সেই মামলার ৫নং সাক্ষী হয় হত্যাকারী সাজিদ। পরে নিজেকে বাঁচাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় সে। সিআইডির দীর্ঘ তদন্তে বেড়িয়ে আসে হত্যার মূল রহস্য।

করোনাকালীন সময়ে বিএনপি নেতার লাশ দাফন ও হ্যালো ছাত্রলীগের মাধ্যমে করোনা রোগীর পাশে দাঁড়িয়ে আলোচনায় আসা কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক জানান, ‘ছাত্রলীগের রাজনীতি করে মানুষের সেবা করেছি। জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সেবা ও মৃত মানুষের দাফন করেছি৷ আমাদের ভালো কাজে ঈর্শান্বিত হয়ে মিথ্যা মামলায় জড়িয়েছে কিছু রাজনৈতিক ব্যক্তি। আমাদের হয়রানি করাই ছিলো এই মিথ্যা মামলায় জড়ানোর উদ্দেশ্য।’

আসামী পক্ষের আইনজীবী সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল বলেন, ‘প্রকৃত আসামীকে আড়াল করতে হত্যাকারীকে মামলায় সাক্ষী করা হয়। নিরপরাধ মানুষকে আসামী করে মামলার মোড় অন্য দিকে ঘুরিয়ে দিতে চেয়েছে। আদালত পিবিআই ও সিআইডি’র দীর্ঘ তদন্ত পর্যবেক্ষণ করে অনিকসহ বাকি দশজনকে অব্যহতি দিয়েছে। একই সাথে সাজিদকে গ্রেফতারের আদেশ দিয়েছে’।

প্রসঙ্গত, ২০২২ সালে ৯ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে আমেরিকা প্রবাসী সাজিবের চাকুর আঘাতে শান্ত হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরো চারজন। নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে। অভিযুক্ত সাজিব যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন।

দেবিদ্বার পৌরসভার ৫৭ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা

 

দেবিদ্বার প্রতি‌নি‌ধি :
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার কোন রকম কর বৃদ্ধি না করেই প্রথমবারের মত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

চলতি অর্থ বছরে এ পৌরসভায় আয়-ব্যয় সমান রেখে ৫৭ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ২৩২ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন প্রথম নির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম।

সোমবার (৮ জুলাই) দুপুরে পৌর কার্যাল‌য়ে সর্বস্ত‌রের গন‌্যমান‌্য ব‌্যা‌ক্তিব‌র্গের উপ‌স্থি‌তি‌তে এ বাজেট ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান ও দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া।

দেবিদ্বার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে মোট প্রস্তাবিত রাজস্ব আয় ধরা হয়েছে ১২ কোটি ৩৮লাখ ৯ হাজার ৭৯৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ২৩ লাখ ২২ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৪৮ লাখ, ৭৭ হাজার ৯৪ টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৫ কোটি ১৭ লাখ, ৪৩ হাজার ৪৩৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি,৩৪ লাখ,২৫ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৮৩ লাখ, ১৮ হাজার ৪৩৮ টাকা। রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ৫৭ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ২৩২টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মরা নদীতে ৭ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল পৌরপার্ক নির্মাণ, ৭ কোটি টাকা ব্যয়ে ফতেহাবাদ এলাকায় ১ একর জমিতে ময়লা ডাম্পিং স্টেশন নির্মাণ ও ৩০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ ব‌্যাবস্থা স্থাপন, রাস্তাঘাট, ড্রেন, সোলার স্ট্রিট লাইট ও বৈদ্যুতিক বাতি স্থাপন, মশক নিধন, স্যানিটেশনসহ নানা উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে শহর আলোকিত ও সবুজ নগরায়ন হয়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। এছাড়াও বাজেট বক্তব্যে তিনি যানজট নিরসন ও অবৈধ ফুটপাত দখল মুক্ত করন‌কে গুরুত্ব দেন। এক্ষেত্রে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন তি‌নি।

পৌরকর আদায়কারী মোহাম্মদ রকিবুল ইসলামের সঞ্চালানায় বাজেট আলোচনায় আরও বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপ‌জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. লুৎফর রহমান বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবদুস সামাদ, দেবিদ্বার পৌরসভার কাউন্সিলর মো. মজিবুর রহমান, সৈয়দ নাইমুল ইসলাম, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার, দে‌বিদ্বার উপজেলা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মো. কাউছার হায়দার, দেবিদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুবেল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার পারভেজ খান। এছাড়াও বাজেট পেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও কর্মী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নাগরিকগণ। উল্লেখ্য, ১৮ দশমিক ৬২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ২০০২ সালে ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌর এলাকার নয়টি ওয়ার্ডে বসবাস করেন ৭১হাজার ৮৮৬ জন মানুষ।

চান্দিনায় চার কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে ৩টি সড়ক উন্নয়ন ও মেরামত কাজের উদ্বোধন করলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

রবিবার (৭ জুলাই) সকালে উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ ও পটনই এলাকায় ওই ৩টি সড়ক উদ্বোধন করেন তিনি।

সড়কগুলোর মধ্যে ২ কোটি ৩৯ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে ফাঐ উচ্চ বিদ্যালয় থেকে এওয়াজবন্দ গ্রামের প্রায় সোয়া দুই কিলোমিটার সড়ক উন্নয়ন, ১ কোটি ১২ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে ফাঐ-বদরপুর মোড় থেকে করতলা গ্রামের প্রায় তিন কিলোমিটার সড়ক মেরামত এবং ২৩ লক্ষ টাকা ব্যয়ে পটনই গ্রামের তৈয়ারবাড়ি সড়কের সলিং কাজের উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সড়কগুলো উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন, ঠিকাদার জালাল উদ্দিন কালা চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভবিষ্যতের প্রতিটি শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব নিতে হবে

স্টাফ রিপোর্টার:

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) কুমিল্লার আয়োজনে মাধ্যমিক স্কুল শির্ক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে একই সঙ্গে অনুষ্ঠানের পুরো সময় জুড়ে ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় দেশের গান ও কবিতা আবৃত্তি।

কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ও প্রধান আলোচক ছিলেন দুদক, সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার উপ পরিচালক মোঃ ফজলুল হক। দুপ্রক কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোঃ আলমগীর খানের সভাপতিত্বে এতে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, দুপ্রক সদস্য বদরুল হুদা জেনু, রোকেয়া বেগম শেফালি, ইনিঞ্জনিয়ার আবুল বাশার ফরিদ ও অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়।

দুপ্রক সাধারণ সম্পাদক আলী আকবর মাসুমের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম বলেন, নতুন শিক্ষা ক্যারিকুলামে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের যে গুরুত্ব রয়েছে, তার দিক থেকে দুদক ও দুপ্রক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেসব কার্যক্রম পরিচালনা করছে তারও প্রয়োজনীয়তা রয়েছে। তিনি শিক্ষার্থী ও শিক্ষক, অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যদি নিয়মিত ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পায় তাহলে তারা চিন্তা, চেতনায় সত্যিকার শিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। দুদক এর উপ পরিচালক মোঃ ফজলুল হক শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের আরো বেশি আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, আমাদের দেশে শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ ক্রমেই বাড়য়ে। তাসত্ত্বেও সুশিক্ষার অভাব ও দায়িত্ব পালনে সর্বক্ষেত্রে যেরকম বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে তা থেকে উত্তরণে প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতেই হবে। স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় একের পর এক দেশের গান ও কবিতা আবৃত্তিতে উপভোগ্য ও আনন্দময় হয়ে উঠে পুরো অনুষ্ঠান। তার শেষে ঘোষণা করা হয় রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের নাম।

প্রতিযোগিতায় প্রথম হন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মেহজাবিন পাশা, দ্বিতীয় হন কুমিল্লা জিলা স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী সায়মন ইসলাম ও তৃতীয় হন বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের ছাত্র রাহাতুল ইসলাম। এছাড়া বিশেষ পুরষ্কার লাভ করেন কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র অনুপ কর্মকার, মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান মাইশা, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের ৯ম শ্রেণির ছাত্রী সামিহা মাহজাবিন ও কুমিল্লা হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মাহিন রহমান। অনুষ্ঠানের অতিথি ও শিক্ষার্থীরা ভবিষ্যতেও এধরনের কার্যক্রম ও আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চাঁদপুরে লঞ্চঘাট থেকে মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর লঞ্চঘাটে ৪ কেজি গাঁজাসহ মো. মামুন হোসেন (২৬) নামে কারবারিকে নৌ-পুলিশ গ্রেফতার করেছে। রবিবার মাঝরাতে লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে কুমিল্লা সীমান্তর্বর্তী এলাকা থেকে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে।

মামুন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষীপুর গ্রামের মৃত: মফিজুর রহমান মিয়ার ছেলে।

সোমবার তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি মো: মনিরুজ্জামান মনির।

তিনি বলেন, রাতে থানার এসআই মো: ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুন থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় ২৪ কেজি গাঁজাসহ মো. এরশাদ মিয়া (৩৬) ও নূরুল হক ওরফে নূরু মিয়া (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত এরশাদ মিয়া কসবা উপজেলার শিমরাইল সাতপাড়া গ্রামের হাছন মিয়ার ছেলে ও নূরুল হক একই এলাকার ফয়েজ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কসবা পৌর শহরের দক্ষিন কসবা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের সাথে থাকা বস্তা তল্লাশী করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সানা প্রসাদ কর্মকার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় কাজী বাপ্পী নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত সানা প্রসাদ কর্মকার ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মৃত সদানন্দ কর্মকার এর ছেলে। সোমবার (০৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে দশটায় উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মিয়াবাজারস্থ হোটেল টাইম স্কয়ার সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সানা প্রসাদ কর্মকার নিহত হন।

এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী চৌদ্দগ্রাম পৌরসভাধিন নাটাপাড়া এলাকার কাজী বাপ্পী গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। এ সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল সহ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল সহ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত অপর ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’