All posts by jitu

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৫, আহত ৫৭

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের উপকূলীয় শহর ইজমিরে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (৩০ জুন) ইজমিরে প্রবল বিস্ফোরণে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণে বাড়ির সামনে থাকা কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার মানুষদের দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়েছিল।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।

বিস্ফোরণে নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি গত শনিবার গ্যাসের ট্যাংক বদল করে নতুন লাগিয়েছিলেন।

সমঝোতা স্মারক নি‌য়ে মির্জা ফখরুল ডাহা মিথ্যা ব‌লে‌ছেন: তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের সই হওয়া সমঝোতা স্মারক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাহা মিথ্যা কথা বলেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদকিদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে ভারত সফর করেন। সেখানে বেশ কিছু সমঝোতা স্মারক সই করেন। সেগুলো নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মূলধারার গণমাধ্যমে বেশ কিছু ভুল তথ্য এসেছে। এসব বিষয় নিয়ে বিএনপি-জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে।’

তিনি বলেন, ‘সর্বশেষ গত রবিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামও সেই অপপ্রচারে লিপ্ত হয়েছেন। এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, তা একেবারে অসত্য ও ডাহা মিথ্যা। সমঝোতা স্মারকের সব ধারা তিনি হয়তো পড়েননি। তিনি সব ধারা না পড়ে, না বুঝে, খণ্ডিতভাবে পড়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন।’

মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। কিন্তু এ সমঝোতা স্মারকে এটিও বলা আছে, ভারতের ওপর দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল ও ভুটানে যাবে। নেপাল ও ভুটান থেকে বাংলাদেশের ট্রেন ও তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মোংলা কিংবা চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে। তারা এখন কলকাতা বন্দর ব্যবহার করে। অর্থাৎ আমাদের বন্দরগুলোকে আমরা লাভজনক করব। তাহলে আপনি বলবেন-ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল? তারা নিজেদের কলকাতা বন্দর ব্যবহার করে বাংলাদেশের বন্দর লাভজনক করে দিচ্ছে? বিষয়টি হচ্ছে আঞ্চলিক সহযোগিতার।’

তিনি বলেন, ‘সমঝোতা স্মারকে একটা বিশাল অর্জন আছে। নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন, সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে নেপাল থেকে ৪০ মেগাওয়াট আমদানি করা হবে। শীতে বিদ্যুতের চাহিদা কম থাকে, তখন অতিরিক্ত উৎপাদন করে রপ্তানিও করতে করা যাবে।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এখন কী বলবেন ভারতের বুক চীরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রপ্তানি করবে? এখানে তো পুরোটাই আমরা লাভবান হব। সে জন্য এই সমঝোতা স্মারকের বিষয়গুলো একেবারে উল্লেখ না করে, এটি যে দুই দেশের জন্য লাভজনক সেটি উল্লেখ না করে, খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে মিথ্যাচার করছে।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুলসহ অনেকে বলছেন- দেশের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। কীভাবে? ভারতের ট্রেন যে যাবে, বাংলাদেশের ভেতর দিয়ে সেখানে নাকি আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র নিয়ে যেতে পারে। তাতে জিওপলিটিক্যাল ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ এই সমঝোতা স্মারকের তিন নম্বরে বলা আছে- গুডস উইদাউট রেড ট্রাফিক। সেখানে সংজ্ঞা দেওয়া আছে-ডেঞ্জারাস এবং অফেন্সিভ গুডস, ইনক্লুডিং আর্মস অ্যান্ড এক্সক্লুসিভস। অর্থাৎ এগুলো নেওয়া যাবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে রিজিওনাল কানেকটিভিটির মাধ্যমে। আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দিইনি। সেটিকে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে। এটা কীভাবে নতজানু পররাষ্ট্রনীতি হলো? মূলত বিএনপির চিন্তা নতজানু।’

একই ‘অপরাধে’ চার আর্জেন্টাইন কোচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকায় সবচেয়ে বেশি দলের ডাগআউটে দেখা যাচ্ছে আর্জেন্টিনা কোচদের। আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, কলম্বিয়া, ভেনেজুয়েলা, উরুগুয়ে এবং কোস্টারিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আর্জেন্টাইনরা।

কিন্তু এদের মধ্যে চারজন কোচ গ্রুপপর্বের কোনো না কোনো পর্যায়ে অন্তত এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। কেন আর্জেন্টাইন কোচদের এমন ‘নিষিদ্ধ’ হওয়ার হিড়িক পড়েছে? জানলে অবাক হবেন, চার কোচের নিষিদ্ধ হওয়ার একটাই কারণ।

তাদের প্রত্যেকের দলই দেরি করে মাঠে নেমেছে। আর এই অপরাধেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়েছে সেই চার কোচকে।

এছাড়া চার দেশের ফেডারেশনকে এজন্য জরিমানাও দিতে হয়েছে। মাঠে দেরি করে নামার এই ‘চল’টা শুরু করেছিলেন আর্জেন্টিনাকে কোপা ও বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া কোচ লিওনেল স্কালোনি।

কোপার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধে প্রায় ১৫ মিনিট দেরি করে মাঠে নামে আর্জেন্টিনা দল। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে অভিযোগ করেন কানাডা কোচ জেসে মার্শ।

পরে কনমেবল কর্তৃপক্ষ স্কালোনিকে পেরুর বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ করে। একই অপরাধে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া অন্য তিন আর্জেন্টাইন কোচ হচ্ছেন চিলির রিকার্ডো গারেচা, ভেনেজুয়েলার ফার্নান্দো বাতিস্তা এবং উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।

সবশেষ এই নিষেধাজ্ঞার মুখে পড়া বিয়েলসার দল গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে পানামা ও বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে দেরি করে।

তাই কনমেবল কর্তৃপক্ষ তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে, যার ফলে মঙ্গলবার (২ জুলাই) গ্রুপপর্বের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারবেন না এই বর্ষীয়ান কোচ।

পর্তুগালকে চমকে দেওয়া জর্জিয়াকে ধসিয়ে স্পেন কোয়ার্টারে

ডেস্ক রিপোর্ট:

প্রথমবারের মতো ইউরো খেলতে নেমেই গ্রুপপর্বে বড় অঘটনের জন্ম দিয়েছিল জর্জিয়া। রোনালদোর পর্তুগালকে হারিয়ে দিয়েছিল ২-০ গোলে। এরপর টিকিট কেটেছিল ইউরোর শেষ ষোলোর। তবে সেই যাত্রাটা আর এগোয়নি তাদের। স্পেনের বিপক্ষে বিধ্বস্ত হয়ে ইউরো থেকে বিদায় নিতে হয়েছে জর্জিয়াকে। ৪-১ গোলে তাদের উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে স্পেন।

এমন দাপুটে জয়ের ম্যাচে প্রথম গোলটা অবশ্য হজম করতে হয়েছে স্পেনকেই। ম্যাচের ১৮ মিনিটে জর্জিয়ার আক্রমণে তালগোল পাকিয়ে নিজেই নিজেদের জালে বল জড়িয়ে ফেলে রবিন লে নরমান্দে। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্পেন। এরপর যেন গোলের নেশায় পেয়ে বসে দলটিকে। প্রথমার্ধেই সেই গোল শোধ দিয়ে সমতায় ফেরার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দলটি। ম্যাচের ৩৯ মিনিটে রুদ্রির গোলে সমতায় ফেরে স্পেন।

প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে আর জর্জিয়াকে পাত্তা দেয়নি স্পেন। ম্যাচের ৫১ মিনিটে ইয়ামালের ক্রস থেকে স্পেনকে এগিয়ে দেওয়া গোলটা করেন রুইস। এরপর ৭৫ মিনিটে স্পেনের রুইস গোল করান উইলিয়ামসকে দিয়ে। আর ম্যাচের ৮৩ মিনিটে মিকেল ওইয়ারসাবালের পাস থেকে ব্যবধান ৪-১ করেন দানি ওলমো। গোলের হালি পূরণ হয় স্পেনের। শেষ পর্যন্ত দাপুটে এক জয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখে দলটি। থামে জর্জিয়ার স্বপ্নের ইউরো যাত্রা।

আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে স্পেন মাঠে নামবে স্বাগতিক জার্মানির বিপক্ষে। যেখানে জয়ী দল এগিয়ে যাবে ফাইনালের পথে।

ডিজেল ও কেরোসিনের দাম কমলো লিটারে ১ টাকা

ডেস্ক রিপোর্ট:

নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে আজ (সোমবার) থেকে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা কমলো। তবে অকটেন ও পেট্রোলের দাম আগের মতোই রয়েছে।

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে রোববার (৩০ জুন) রাতে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৭ টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে এক টাকা কমেছে।

আগের মতোই লিটার প্রতি অকটেনের দাম ১৩১ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা রয়েছে।

সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। এরপর থেকে এই নির্দেশিকা অনুযায়ী প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়েছে। মূল্য সমন্বয়ের পরেও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ দশমিক ৭৬ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১২৫ টাকা ৭০ পয়সা এবং পেট্রোল ১০৩ দশমিক ৯৪ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৪৩ দশমিক ৯৬ পয়সায় বিক্রি হচ্ছে যা বাংলাদেশ থেকে যথাক্রমে প্রায় ১৮ টাকা ৯৫ পয়সা ও ১৬ টাকা ৯৬ পয়সা বেশি।

বছরে সৌদি আরব ৩ কোটি মানুষকে ওমরার সুযোগ দেবে

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠনিকতা ইতোমধ্যেই শেষ হয়েছে। দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। এরপরই ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করছে সৌদি আরব। আগামী ১৯ জুলাই থেকে সৌদি আরবে যেতে পারবেন ওমরাযাত্রীরা।

এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পবিত্র ওমরা পালনকারীর সংখ্যা তিন গুণ করতে চায় সৌদি আরব। অর্থাৎ বছরে ৩ কোটি উমরা পালনকারীতে উন্নীত করতে চায় দেশটি। সৌদি আরবের ওমরা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আবদুর রহমান বিন ফাহদ স্থানীয় টেলিভিশন আল আখবারিয়াকে এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২৯ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

আবদুল রহমান বিন ফাহদ বলেন, ‘প্রতি বছরই ওমরা পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমন বাস্তবতায় উমরাযাত্রীর সংখ্যা চলতি বছর এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে রিয়াদ সরকারের।’

গত বছর দেশটিতে ৪৫ লাখের বেশি মানুষ পবিত্র ওমরা পালন করেছেন। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। নতুন হিজরি বর্ষ শুরুর প্রথম ছয় মাসে হজের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে সৌদি আরবে যান ৪৫ লাখের বেশি মানুষ।

নতুন হিজরি বর্ষ শুরুর পর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৫০ লাখ উমরা ভিসা চালু করা হয়। এর মধ্যে ৪০ লাখের বেশি মানুষ উড়োজাহাজে এবং প্রায় ৫ লাখ বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে ও ৩ লাখ ৬ হাজার ৭৫ জন সমুদ্রপথে উমরা পালনের জন্য সৌদি আরবে যান।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সবচেয়ে বেশি উমরাযাত্রী এসেছেন ইন্দোনেশিয়া থেকে, যা ১০ লাখ ৫ হাজার ৬৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির উমরা পালনকারীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন। পাশাপাশি তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটি থেকে উমরা যাত্রীর সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন।

চতুর্থ অবস্থানে আছে মিশর। দেশটি থেকে ৩ লাখ ৬ হাজার ৪৮০ জন উমরা পালন করেন। এরপর পঞ্চম অবস্থানে রয়েছে ইরাক, দেশটির উমরা পালনকারীর সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬৪০ জন। আর ষষ্ঠ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে গত বছর উমরা পালন করেছেন ২ লাখ ৩১ হাজার ৯২ জন।

চাঁদপুরে বিয়ের দুই বছরের মাথায় গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদরে সোনিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৯ জুন) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লোধেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সোনিয়া আক্তার একই এলাকার ওহিদ মল্লিকের ছেলে মো. মাহবুব মল্লিক এর স্ত্রী। হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে রয়েছে দুই পরিবারের পাল্টা অভিযোগ।

নিহত সোনিয়া আক্তারের শাশুড়ী সালেহা বেগম জানান, তার ছেলে মাহবুব মল্লিক (২০) ও তার স্ত্রী সোনিয়া আক্তার শনিবার সন্ধ্যায় তারা তাদের ঘরে একত্রে নাস্তা করেন। পরে মাহবুব তার কর্মস্থল বাড়ির পাশেই একটি মুরগীর ফার্মের উদ্দেশ্যে বেড়িয়ে যান। কিছুক্ষণ পর রাতে বাড়িতে এসে খাবার খাওয়া শেষ হলে ১১টার দিকে ফার্মের মালিক কল দিলে আবারও চলে যায় ফার্মে। মাহবুবকে না যেতে অনুরোধ করেন তার স্ত্রী। কিন্তু ফার্ম থেকে মুরগী নামাতে হবে বিধায় চলে যেতে হয় তাকে। রাত ১২টার দিকে বাড়ি এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে আটকানো। অনেক ডাকাডাকির পর লাথি দিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে সোনিয়া ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। তখন ডাক চিৎকার করে তাকে নামিয়ে দেখেন সোনিয়া আর নেই। পরে ৯৯৯ নম্বরে কল দিলে এদিন রাতেই পুলিশ এসে লাশ থানায় নিয়ে যান। কি কারনে এ ঘটনা ঘটতে পারে এমন প্রশ্নের উত্তরে সালেহা বেগম বলেন, সোনিয়ার বাবার বাড়ির লোকজন গত কয়েকমাস তার সাথে যোগাযোগ রাখেনি। এমনকি তার একটি ভাই গত কিছুদিন আগে বিদেশে গিয়েছে, সেটি তার বোনকেও জানায়নি। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা কোনভাবেই বুঝতে পারিনি। কারন সন্ধ্যা ও রাতে স্বামী-স্ত্রীর মধ্যে খুবই হাসাহাসির শব্দ শুনেছি।

এদিকে সোনিয়া আক্তারের নানি ও মামানিরা সাংবাদিকদের বলেন, তারা দুজনেই গত ২ বছর পূর্বে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। পরবর্তীতে পারিবারিকভাবে মেনে নিয়ে অনুষ্ঠান করে তাদের মেয়েকে তুলে দেন। এরপর থেকেই সোনিয়ার উপর শশুরবাড়ির অত্যাচার হতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ঝগরা হতো। একসময় আমরা তাকে কয়েক মাস যেতে দেইনি শশুর বাড়িতে। দীর্ঘদিন সোনিয়া তার বাবার বাড়িতে থাকার পর মাহবুব এসে নিয়ে যায়। কিন্তু গতকাল শনিবার রাতে আমাদের মেয়েটির মৃত্যুর খবর পর্যন্ত আমরা পাইনি। পরে পুলিশ ও ইউপি মেম্বার এসে আমাদের জানালে আমরা ঐ বাড়িতে যাই। গিয়ে দেখি ঘরের আড়া ও খাটের দূরত্ব খুব কাছাকাছি। এটি আত্মহত্যা হওয়ার কথা না। রবিবার সকালে দুই পক্ষ থানায় গিয়েছে। এদিকে নিহত সোনিয়ার স্বামী ও মা দুজনেই থানায় থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

হত্যা নাকি আত্মহত্যা, বিষয়টির তদন্ত করতে রবিবার (৩০ জুন) সকালে ঘটনাস্থলে আসেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মহসিন আলম। তিনি বলেন, নিহত সোনিয়া ও তার স্বামীর বাড়ি একই এলাকায় কাছাকাছি। নিহতের স্বামী মাহবুব মল্লিকের বিরুদ্ধে ভরনপোষণের একটি মামলা রয়েছে। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং তদন্ত কার্যক্রম শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগামী বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে

ডেস্ক রিপোর্ট:

বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে আগামী বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রোববার (৩০ জুন) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা রোববার (৩০ জুন) থেকে শুরু হয়েছে। কিন্তু বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে আগামী ৯ জুলাই পর্যন্ত অগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে।

অন্যদিকে, জুলাইয়ে আবারও বন্যা হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড চলতি এইচএসসি পরীক্ষা জরুরি প্রয়োজনে আধাঘণ্টা বা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশনা দিয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে আগের নিয়মে যথারীতি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

করোনার আগে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতো।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি।

নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারিতে নেওয়ার টার্গেট রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

বাজেটে বিদেশ নির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নয়নমূলক বাজেটে বিদেশ নির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে। দেশ ও বৈশ্বিক অর্থনীতির নানা দিক বিবেচনায় কিছু বৈদেশিক ঋণ নিতে হয়। এখন আমাদের দেশের উপযোগী বা পছন্দ মতো না হলে অনেক বিদেশি ঋণ প্রস্তাব আমরা ফিরিয়ে দেই। প্রধানমন্ত্রীর নেতৃ‌ত্বে সেই সক্ষমতা অর্জিত হ‌য়ে‌ছে।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হ‌য়ে এ কথা ব‌লেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, এক সময় বিএনপির আমলে বাজেটের আগে অর্থমন্ত্রীকে ভিক্ষার ঝুলি নিয়ে প্যারিস কনসোর্টিয়ামে যেতে হতো। তাদের সময় বিশেষ করে উন্নয়ন বাজেটে বিদেশ নির্ভরতা ছিল ৫০ শতাংশের বেশি। আজকে এটি ১৫-২০ শতাংশে নেমে এসেছে। এবং আমরা বিশ্বব্যাংক থেকে শুরু করে অনেকের ঋণ প্রস্তাব ফিরিয়ে দিয়েছি… ফিরিয়ে দেই।

তি‌নি বলেন, সামগ্রিক ও বৈশ্বিক অর্থনীতির স্বার্থে কিছু বৈদেশিক ঋণ নিতে হয়। যেমন আমরা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের পার্টনার। সেখানে আমাদের জন্য বরাদ্দ থাকে। সেটি না নিলে ল্যাপস হয়ে যায়, এজন্য ক্ষেত্রবিশেষে নিতেও হয়।

বাজেটের সমালোচনাকে গতানুগতিক আখ্যা দিয়ে হাছান মাহমুদ বলেন, প্রতিবারই বাজেট প্রস্তাব ও পাসের পর একটি মহল বলে বাজেট উচ্চাভিলাষী, বাস্তবায়নযোগ্য নয়। অথচ গত ১৫ বছরে আমাদের প্রণীত বাজেট বাস্তবায়নের হার ৯২ থেকে ৯৬ শতাংশ। দেশ এগিয়ে গেছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র্য ৪১ থেকে ১৮.৫ শতাংশে এবং অতি দারিদ্র্য ২৫.৫ থেকে মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। গড় জিডিপি ভারতকে ছাড়িয়েছে এবং অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছে।

সৌদি আরবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ‘পলিটিক্যাল কনসালটেশন’-এ যোগ দিতে সোমবার (১ জুলাই) ভোরে রিয়াদের উদ্দেশে যাত্রা করছেন পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে প্রশ্নে তিনি বলেন, সৌদি আরব আমাদের বড় উন্নয়ন সহযোগী। সেখানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস করে এবং দেশে রেমিট্যান্স পাঠায়। গ্রিন এনার্জি, সৌরশক্তি ও বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আমাদের সাথে সৌদি সহযোগিতা রয়েছে। শিল্প ক্ষেত্রে বিনিয়োগের জন্য আমরা তাদের বলব।

মন্ত্রী ব‌লেন, পাশাপাশি সৌদিরা যেহেতু বিভিন্ন দেশের ব্যাংকে অর্থ রাখে, আমাদের দেশের ব্যাংকগুলোর অফশোর অ্যাকাউন্টে অর্থ রাখার প্রস্তাব তাদেরকে দিতে পারি। তারা নিয়মানুযায়ী লাভ পাবে এবং সেই অ্যাকাউন্ট থেকে তারা তাদের মুদ্রায় লেনদেন করতে পারবে। বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশিদের জন্য অফশোর অ্যাকাউন্ট সুবিধার জানালা আমরা উন্মুক্ত করেছি, এটি আমরা তুলে ধরতে চাই।