All posts by jitu

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ

সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে।

সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে সৌদিকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরব শর্ত দিয়েছে যদি ইসরায়েল তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে-পশ্চিমতীর এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে, গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করে দিতে হবে।

বৃহস্পতিবার (২ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকায় লেখা একটি কলামে এ তথ্য জানিয়েছেন কলামিস্ট থমাস ফ্রাইডম্যান।

তিনি লিখেছেন, ‘ইসরায়েল-সৌদি সম্পর্ক স্থাপন হবে যদি শুধুমাত্র সৌদির শর্ত মেনে নেওয়া হয়। তাদের শর্ত হলো: গাজা থেকে সরে যেতে হবে, বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।’

তবে এই কলামিস্ট জানিয়েছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যখনই সৌদির শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরায়েলে আসবে তখনই চুক্তিটি হবে।

চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও তারা তাদের সহায়তা করবে।

উল্লেখ্য, সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি এবং মার্কিন মধ্যস্থতায় ২০২০ সালের আব্রাহাম এ্যাকর্ডেও যোগ দেয়নি। যদিও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

কুমিল্লা নাভানা হসপিটালে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

কুমিল্লা প্রতিনিধি :

রোগীর সেবাতেই নিহিত রয়েছে জীবনের সত্যিকারের সুখ।জীবনে সুখ পাওয়ার জন্য আমরা সমগ্র জীবন সংগ্রাম করে চলছি। কিন্তু সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন। তবে চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারী, ক্লিনার সকলেই রোগীকে সেবা প্রদানের মাধ্যমে সহজেই সে সুখ খুঁজে পেতে পারেন।

কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর পরিচালনা পর্ষদের উদ্যোগে স্টাফদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ মে) সকালে কুমিল্লা মহানগরীর ঝাউতলায় জামান’স ওয়ালিদাহ প্যালেসে” কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ” এর ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন শিমুলের সভাপতিত্বে নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ,
প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসা প্রযুক্তিবিদ ও সহকারী চিকিৎসক মোঃ আবদুল আউয়াল সরকার, নির্বাহী পরিচালক মোঃ কবির আহমদ,মোঃ হাবিবুর রহমান,মোঃ জহিরুল ইসলাম।

এসময় বক্তারা আরো বলেন,দেশ ও জাতির প্রতি একটা সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। তাই চিকিৎসা পেশার সাথে যারাই জড়িত তাদের বুকের ভেতর যত কষ্টই থাক, হাসি মুখে রোগীকে সেবা দিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে প্রেসক্লাবের সামনে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ করা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক দম্পতি সাগর রুনি ও নোয়াখালী মুজাক্কিরের খুনিদের বিচারের দাবিতে ফেস্টুন প্রদর্শণ ও শ্লোগান দেন সাংবাকিরা।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য “ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মাসুদ পারভেজ, সহ সভাপতি শাহ এমরান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোযারুল হায়দার, দৈনিক চলতিধারা সম্পাদক এমবি আলম, হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম বিপ্লব।

বক্তাগণ বলেন, আমাদের পৃথিবী মানবীয় কর্মকাণ্ড ও পরিবেশগত অন্যান্য পরিবর্তনের কারণে মানুষসহ অন্যান্য জীবের বসবাসের জন্য ক্রমাগত অনুপোযোগী হয়ে পড়ছে। এই পরি তাই ধরিত্রীকে রক্ষা করতে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড রোধ করতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এজন্য পরিবেশের ক্ষতি করে এবং জলবায়ু পরিবর্তনসহ সব ধরনের দূষণ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নীতি নির্ধারণী মহলের দৃষ্টিতে আনতে কাজ করবে সাংবাদিকরা।

কুবিতে এক টেবিলে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ১৮ জন!

কুবি প্রতিনিধি:

দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ (৩ মে)। এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্তর্গত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দেখা যায় বেশ কয়েকটি ডিপার্টমেন্টের সেমিনার লাইব্রেরি কক্ষে পরীক্ষার্থীরা গাদাগাদি করে বসে পরীক্ষা দিচ্ছেন। তবে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের অভিযোগ, উপাচার্য ইন্টেনশনালি অনভিজ্ঞ এবং মোস্ট জুনিয়র শিক্ষকদেরকে এই দায়িত্ব দিয়ে ভর্তি পরীক্ষার মতো একটি আয়োজনকে প্রশ্নবিদ্ধ করেছেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সব সেমিনার লাইব্রেরিতেই ভর্তি পরীক্ষা নেয়া হয় আজ। এসময় সেখানে একেক টেবিলে ১৮ থেকে ২০জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন বলেও দেখা যায়। এছাড়া প্রশাসনিক ভবনের হল রুমেও এবার ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে বলে জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, পূর্বের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও এভাবে সেমিনার লাইব্রেরিগুলোতে আসন বিন্যাস করা হয়েছে।

সেমিনার লাইব্রেরিতে পরীক্ষা দেয়া এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় সেমিনার কক্ষে তাদের কোন সিট প্ল্যান বসানো হয়নি। শিক্ষকরা যাকে যেখানে বসতে বলেছেন তারা সেখানেই বসে পরীক্ষা দেন। একসাথে এক টেবিলে এতোজন গাদাগাদি করে পরীক্ষা দেয়াতে মনোযোগেও সমস্যা হচ্ছিলো বারবার। আরও বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে আসলেও এভাবে ঠাসাঠাসি ভাবে বসে পরীক্ষা দেয়ার অভিজ্ঞতা এখানেই প্রথম।

এনিয়ে বিজ্ঞান অনুষদের ৫ম তলার হল পরিদর্শক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে প্রশ্ন করা হলে তিনি কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ককে প্রশ্ন করতে বলেন।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, আমি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক। কিন্তু সিট প্ল্যানের জন্য ‘কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি’ নামে আলাদা একটি কমিটি রয়েছে। সেই কমিটিই আসন বিন্যাসের ব্যপারে ভালো বলতে পারবে।

বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, আমার অনুষদের প্রতিটি বিভাগের সেমিনার লাইব্রেরিতেই পরীক্ষা হয়েছে। এভাবে এক টেবিলে ১৮-২০ জন পরীক্ষা দিলে সেটার স্বচ্ছতা কতটুকু থাকবে? এমন প্রশ্নে তিনি বলেন এটা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটিই বলতে পারবে।

শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. কাজী মো. কামাল উদ্দিন বলেন, পূর্বে যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে সেগুলো আমরা খুব ইমেজের সাথে শেষ করেছি। কিন্তু এই উপাচার্য এবার আসন বন্টনের যে কমিটি করেছেন সেখানে তিনি তার আস্থাভাজন একেবারে অনভিজ্ঞ, জুনিয়র শিক্ষকদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন। যার ফলে এরা ল্যাব, সেমিনারের মতো রুম গুলোতেও এবার পরীক্ষা নিয়েছে। যেখানে ৫জন বসতে পারবে সেখানে ১০জন বসিয়েছে। এটা আসলে এদের অনভিজ্ঞতার ফল। আর এই দায়ভার সম্পূর্ণ উপাচার্যের। তিনি ভর্তি পরীক্ষার মতো একটি আয়োজনকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন। দেশবাসীর কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হাস্যকর করে তুলছেন।

কেন্দ্র ব্যবস্থা কমিটির সদস্য সচিব আবু উবায়দা রাহিদের কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এমন অদ্ভুত আসন বিন্যাসের দায়ভার তিনি নিবেন কিনা, সেই প্রশ্ন করা হলে তিনি নিজে কোন দায় না নিয়ে কমিটির আহ্বায়কের সাথে কথা বলার পরামর্শ দেন।

কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ বলেন, এবার আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নিতে। সেজন্যই সেমিনার লাইব্রেরি গুলোতেও পরীক্ষা নেয়া হয়েছে। এছাড়া এই অল্প সংখ্যক পরীক্ষার্থীর জন্য আরেকটা কেন্দ্র ব্যবস্থা করা কঠিন ছিল।

এক টেবিলে ১৮ থেকে ২০ জন একসাথে পরীক্ষা দিলে সেখানে স্বচ্ছতা থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সেখানে আমাদের শিক্ষকেরা দায়িত্বে ছিলেন। তারা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছেন। এখন যদি কোনো অভিযোগ থাকে তাহলে পরবর্তীতে এভাবে সেমিনার লাইব্রেরিগুলোতে আমরা আর পরীক্ষা নেবোনা।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এবার ৪ হাজার ২৯২ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়। এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা টিচার্স ট্রেনিং সেন্টার এই দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ মে (শুক্রবার) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই পরীক্ষা নেয়া হয়।

মিজানুর রহমান হাওলাদার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগরীর বাড্ডা শিক্ষা থানায় (ভাটারা রামপুরা বাড্ডা এবং হাতিরঝিল থানার অংশবিশেষ) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ থানা পর্যায়ে মোঃ মিজানুর রহমান হাওলাদার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বিগত ২৯ এপ্রিল ২০২৪ তারিখ রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের হল রুমে থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে থানা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ আব্দুল মোমেন এবং সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র নম দাস। অনুষ্ঠানে শিক্ষার্থী দের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার ভিত্তিতে, শিক্ষকবৃন্দের বিভিন্ন ক্যাটাগরিতে, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ১৫ টি ক্রাইটেরিয়ায় মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয়। এতে রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান হাওলাদার থানা পর্যায়ে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি টানা ষষ্ঠবারের মতো রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক) নির্বাচিত হয়েছে।

থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম বলেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর বিচারক বৃন্দ নির্ধারিত ক্যাটাগরির ভিত্তিতে (স্কুল কলেজ ও মাদ্রাসা) থানা পর্যায়ে মোঃ মিজানুর রহমান হাওলাদারকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত করেছেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান হাওলাদার সাংবাদিকদের সাথে আলাপকালে তার শ্রেষ্ঠত্বের বিষয়ে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জড়িত।

পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার মান, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল, প্রতিষ্ঠানের অবকাঠাম উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, জাতীয় দিবস সমূহ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ও কর্মদক্ষতা শ্রেষ্ঠত্ব অর্জনের মূল নিয়ামক।

তিনি তার পেশাগত অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের সুনাম এবং খ্যাতি অক্ষুন্ন রাখার প্রত্যায় ব্যক্ত করেন। প্রাচীন ও খ্যাতনামা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের সাফল্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লায় সম্মাননা পেলেন ৭ সংবাদকর্মী

স্টাফ রিপোর্টার:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লায় সম্মাননা পেলেন ৭ জন প্রবীণ ও নবীন সংবাদকর্মী।

শুক্রবার (৩ মে) কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত  ৭  সংবাদকর্মী হলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, জিটিভির প্রতিনিধি  সেলিম রেজা মুন্সি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন  ও সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন। এই ৭ জন সংবাদকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান  সংবাদকর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি লুৎফুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ। এছাড়া আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন। কুরআন তেলওয়াত করেন আব্দুল আউয়াল।

সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন , সদস্য জামাল উদ্দিন দামাল, যুগান্তরের বুড়িচং প্রতিনিধি  সৌরভ মাহমুদ হারুন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার , কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার,  রবিউল বাশার , সাফি, শ্যামল বড়ুয়া, আলমগীর,  দৈনিক রুপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, হাবিবুর রহমান মুন্না, মোস্তাফিজ, সোহাগ মিয়াজী, ওমর শরীফ বিধানসহ আরো অনেকে।

কুমিল্লার চার উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চার উপজেলায় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকাল ও সন্ধ্যায় পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

জেলার চান্দিনা, সদর দক্ষিণ, বুড়িচং ও দেবিদ্বারে উপজেলায় এ চার জনের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন– চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে দৌলতুর রহমান (৪৭), সদর দক্ষিণ উপজেলার গলিয়ার ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম (৫০), দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছুর রহমান (৫৮) এবং বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোরা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আলম হোসেন।

কুবিতে গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

 

চাঁদনী আক্তার, কুবি :

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (৩ মে  শুক্রবার ) বেলা ১১টায় পরিক্ষা শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্য ড. এএফএম আব্দুল মঈন বলেন, কয়েকটি কক্ষ পরিদর্শণ করেছি। অন্যদিনের চেয়ে আজ পরিক্ষার্থী উপস্থিতি বেশি। আর সর্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ মে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

চান্দিনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

চান্দিনা  প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বজ্রপাতে দৌলতুর রহমান (৪৭) নামে এক কৃষকের মৃ-ত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টায় উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।

নি-হ-ত দৌলতুর রহমান ওই গ্রামের সুন্দর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা মন্দির মিয়া জানান, ধান ক্ষেতে ওষুধ ছিটানোর সময় হঠাৎ বৃষ্টি নামলে ওষুধ ছিটানোর মেশিন জমির কাছে রেখে বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর ওই মেশিনটি আনতে গেলে বজ্রপাতে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে ফোন করে ঘটনাটি জানিয়েছেন।