All posts by jitu

অর্ধশতাব্দী পর চাঁদে অবতরণ করল যুক্তরাষ্ট্রের মহাকাশযান

ডেস্ক রিপোর্ট:

অর্ধশতাব্দী পর আবারও চাঁদে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের একটি মহাকাশযান। দেশটির টেক্সাস-ভিত্তিক কোম্পানি ইনটুইটিভ মেশিনস-এর নির্মিত এবং তাদের পরিচালিত উড্ডয়নে একটি মহাকাশযান স্থানীয় সময় বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে।

গত অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই চন্দ্র পৃষ্ঠে প্রথম মার্কিন স্পর্শ। এছাড়া এটি আরেকটি কারণেও ঐতিহাসিক। আর তা হচ্ছে- এই প্রথম কোনও বেসরকারি সংস্থার তৈরি মহাকাশযান অবতরণ করল চাঁদের মাটিতে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘অডিসিয়াস’ নামে পরিচিত ছয় পায়ের এই রোবট ল্যান্ডারটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬:২৩ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ২৩ মিনিট) চাঁদে অবতরণ করে।

অডিসিয়াস মহাকাশযানটি তৈরি করেছে ‘ইনটুইটিভ মেশিনস’ নামে এক বাণিজ্যিক মহাকাশ সংস্থা। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ অলটেমাস বলেছেন, ‘আমরা এখন চন্দ্রপৃষ্ঠে এবং সেখান থেকে তথ্য পাঠাচ্ছি। চাঁদে আপনাদের স্বাগত।’

অবশ্য ল্যান্ডারটি ঠিক কী অবস্থায় আছে, তা এখনও বিস্তারিত জানায়নি সংস্থাটি। তবে চাঁদে যে সেটি নেমেছে, তা নিশ্চিত করা হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর কাছে মালাপের্ট নামে এক খাতের কাছে অবতরণ করেছে এই মার্কিন মহাকাশযান।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল অত্যন্ত উঁচু-নিচু। বড় বড় গর্তের পাশাপাশি সেখানে উচ্চভূমিও রয়েছে। দক্ষিণ মেরু থেকে কিছুটা দূরেই নেমেছে অডিসিয়াস। এলাকাটি তুলনামূলকভাবে সমতল এবং নিরাপদ বলে জানিয়েছে নাসা।

মূলত চাঁদের পরিবেশ সম্পর্কে আরও জানতে এই জায়গাটিকেই অবতরণের জন্য বেছে নেওয়া হয়েছে। এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা কীভাবে কাজ করে, দক্ষিণ মেরু অঞ্চলের পরিবেশ ইত্যাদি বিষয়ে গবেষণা করা হবে।

এদিকে মহাকাশযানটি অবতরণের ঠিক আগের মুহূর্তে অবশ্য যোগাযোগ নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ফলে, যে সময়ে অবতরণের কথা ছিল, তার থেকে দেরিতে অবতরণ করে যানটি। ইনটুইটিভ মেশিনস-এর ফ্লাইট কন্ট্রোলার বিভাগ জানিয়েছে, অবতরণের পর ল্যান্ডারটি থেকে ফের সংকেত আসছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স সংস্থার তৈরি ফ্যালকন-৯ রকেটে চড়ে চাঁদের উদ্দেশে রওনা হয় অডিসিয়াস। মহাকাশে প্রবেশ করার কয়েক মিনিট পর, রকেটটি থেকে মহাকাশযানটি বিচ্ছিন্ন হয়ে যায়।

মূলত অ্যাপোলো অভিযানের সময় মার্কিনিরা যে পথে চাঁদে যেত, সেই একই পথে এগিয়ে যায় অডিসিয়াসও। আর এর মাধ্যমে মাত্র আট দিনে চাঁদে পৌঁছে গেল অডিসিয়াস।

কুমিল্লা শহর আজ ভয়ের শহরে পরিণত হয়েছে, কথা বলার স্বাধীনতা নেই : মেয়র প্রার্থী তানিম

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের মেয়র প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিম বলেছেন – ঐতিহ্যের শহর, শান্তির শহর, সংস্কৃতির শহর কুমিল্লার এখন কি অবস্থা আপনারা সবাই জানেন।এই শহর আজ ভয়ের শহরে পরিণত হয়েছে, কথা বলার স্বাধীনতা নেই। ন্যায্য কথা বললে কিংবা গঠনমূলক সমালোচনা করলে তাকে নানাভাবে হেনস্তা হতে হয়। পরিকল্পিতভাবে সিভিল সোসাইটি গড়ে উঠতে দেয়া হয়নি। তার পরিবর্তে পরিকল্পনাবিহীন উন্নয়ন কর্মকাণ্ড মানুষের জীবনে অভিশাপ হয়ে দেখা দিয়েছে। কতৃত্ববাদী নেতৃত্বের থাবায় ভিন্ন মতের সহাবস্থান আজ কল্পনাবিলাস মাত্র। সে যাইহোক অতীত নিয়ে কিছু বলতে চাইনা।আমি বিশ্বাস করি আপনি আচরি ধর্ম।

বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটু রেস্টুরেন্টে সংবাদকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তানিম আরো বলেন, আপনাদের সহযোগিতা এবং কুমিল্লার জনগণের সমর্থনে মহান আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন আমি এইটুকু বলতে পারি কুমিল্লা হবে ভালোবাসার শহর। এই শহরে ঘৃণার রাজনীতি, বিভেদের রাজনীতি থাকবেনা।আমরা এক সহনশীল পরমতসহিষ্ণু কুমিল্লা গড়বো ইনশাআল্লাহ। আমার সমালোচনা যে করবে আমি হাসিমুখে তার যুক্তি শুনবো, তার সাথে বসে চা খাবো।

তিনি বলেন, কিশোর অপরাধী এবং তাদের আশ্রয় দাতাদের চিহ্নিত করে তাদের সমূলে উৎপাটন করা হবে। সিটি কর্পোরেশন হবে সবার। এই নগর নিয়ে আমার অনেক স্বপ্ন, পরিকল্পনা আছে। আজকে স্বল্প সময়ে বিস্তারিত বলা সম্ভব নয়। কেউ বিভ্রান্ত হবেননা। এই নির্বাচন লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে জনতার অধিকার আদায়ের নির্বাচন। এই নির্বাচন সামন্তবাদী মানসিকতার বিরুদ্ধে রাজনৈতিক নেতাকর্মীদের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। এই নির্বাচন গণতান্ত্রিক পক্রিয়ায় তৃণমূল থেকে তিল তিল করে গড়ে উঠা রাজনৈতিক কর্মীদের রক্ষার নির্বাচন। এই নির্বাচন মানুষকে ভালোবাসার নির্বাচন। এই নির্বাচনে আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

রাশিয়ার বিরুদ্ধে আসছে ইইউর ১৩তম নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ার ওপর ১৩তম নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলো। মস্কোকে অস্ত্র সংগ্রহে সহায়তা করা এবং ইউক্রেনের শিশুদের অপহরণে জড়িত প্রায় ২০০ প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি রাশিয়ার বিরুদ্ধে আমাদের ১৩তম নিষেধাজ্ঞা প্যাকেজের চুক্তিকে স্বাগত জানাই। আমাদের অবশ্যই পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে ২০০ জন ব্যক্তি ও সংস্থা যুক্ত হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মোট সংখ্যা ২ হাজারে পৌঁছেছে।

বোরেল এক্সে (টুইটারে) লিখেছেন, এই প্যাকেজের মাধ্যমে আমরা গোয়েন্দা, প্রতিরক্ষা এবং সামরিক খাতে জড়িত সংস্থাগুলোর বিরুদ্ধে আরও ব্যবস্থা নিচ্ছি।

ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি চীন, উজবেকিস্তান, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। যেগুলো ইইউয়ের নিষেধাজ্ঞা অমান্য করছে বলে অভিযোগ রয়েছে।

ইইউর বর্তমান প্রেসিডেন্ট দেশ বেলজিয়াম। স্যোশাল মিডিয়া এক্সে বেলজিয়াম বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কর্মকাঠামোর আওতায় ১৩তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে ইইউ রাষ্ট্রদূতরা নীতিগতভাবে সম্মত হয়েছে।

ইইউ কূটনৈতিক কয়েকটি সূত্র বলেছে, ইইউ দেশগুলোতে কাজ করা কিংবা ভ্রমণ নিষিদ্ধ হওয়া ১৯৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় যোগ হবে নতুন নিষেধাজ্ঞায় পড়া প্রতিষ্ঠান ও ব্যক্তিরা।

রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান এবং ইউক্রেনের শিশু অপহরণ কিংবা পাচারে জড়িতদের বিষয়টি নজরে রেখে নতুন নিষেধাজ্ঞার তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকায় আরও আছে উত্তর কোরিয়ার একটি ফার্ম এবং বেলারুশের একটি ফার্মও।

২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় বর্ষপূর্তির সময়ের মধ্যে এই নিষেধাজ্ঞা প্যাকেজটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে।

চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার বালিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে মো: ছালা উদ্দিন (২৪), হবিগঞ্জ জেলার সদর থানার কাশিপুর গ্রামের মো: আব্দুল মজিদের ছেলে মো: সাদেক মিয়া (২০) এবং একই গ্রামের সালেক মিয়ার ছেলে বিজয় (১৮)। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাতটায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক হারুন অর রশিদ ও এমরান ভূঁইয়া এবং সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সাকিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তাকিয়া আমগাছ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ছালা উদ্দিন, সাদেক মিয়া ও বিজয়কে আটক করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি আরটিআর-৪ভি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে৷ এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের জেল দানি আলভেসের

স্পোর্টস ডেস্ক:

ধর্ষণের দায়ে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার দানি আলভসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৪০ বছর বয়সী আলভেসের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে স্পেনের বার্সেলোনার একটি আদালত।

কারাদণ্ড ছাড়াও নির্যাতিত নারীকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দিতেও আলভেসকে নির্দেশ দেন তিন সদস্যের বিচারক প্যানেল। বার্সেলোনার আদালতের রায়ে বলা হয়েছে, ‘ভুক্তভোগী যে সম্মতি দিয়েছেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

২০২২ সালের ডিসেম্বরে একটি পানশালায় কুড়ি বছর বয়সী এক মেয়েকে যৌন হয়রানি করেন আলভেজ। এর পর গত বছরের ১০ জানুয়ারি তদন্ত শুরু হয়। তবে এসব অভিযোগ তখন অস্বীকার করেন আলভেজ। এ বিষয়ে কথা বলতে ন্যু কাম্পের (বার্সেলোনার মাঠ) কাছেই থানায় গিয়েছিলেন আলভেজ। সেখানেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্পেনের শীর্ষস্থানীয় ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয় নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই নারী। পরে পানশালার বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করেন আলভেজ। এ বিষয়ে বার্সা ইউনিভার্সাল তাদের টুইটারে এক পোস্টে দাবি করে ভুক্তভোগী নারীকে শারীরিকভাবেও নির্যাতন করেছেন ব্রাজিলিয়ান তারকা। অভিযোগ অবশ্য একেবারে উড়িয়ে দেওয়ার মতো ছিল না। কারণ ওই দিন সেই নারীর সঙ্গে পানশালায় উপস্থিত ছিলেন আলভেজও। তবে অভিযোগ অস্বীকার করেন তিনি।

আন্তর্জাতিক ও ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ৪৩টি শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী আলভেজ। ক্লাব ফুটবলে তার সেরা সময়টা কেটেছে বার্সেলোনায়। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে বার্সা ছাড়ার পর পুমাসের সঙ্গে চুক্তি করেন আলভেজ। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় সেই চুক্তি বাতিল করে মেক্সিকান ক্লাব।

বুড়িচংয়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় বহিরাগতকে ২ বছরের কারাদন্ড ও জরিমানা

কুমিল্লা প্রতিনিধি:

বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী ১২ টার সময় কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর শাহ ইসরাইল কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে মো: তাজুল ইসলাম সিফাত (২০) নামে একজন বহিরাগত উক্ত মাদ্রাসার ২য় তলার জানালার কার্নিশে উঠে দাখিল পরীক্ষার্থীদের নকল স্বরুপ লিখিত কাগজ সরবরাহ করে।

তাৎক্ষনিক বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম সেখানে কর্তব্যরত পুলিশকে নকল সরবরাহকারী মো: তাজুল ইসলাম সিফাত কে আটকের নির্দেশ দিলে তাকে পুলিশ আটক করে। সে স্বেচ্ছায় দোষস্বীকার করায় মোবাইল কোর্ট আইনের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী তাকে ০২ ( দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম। এছাড়া কাকিয়ারচর মাদ্রাসায় নকল করার দায়ে এক শিক্ষার্থী কে বহিষ্কার করা হয়েছে।

একাজে সহযোগিতা করেন কেন্দ্র সচিব মো: হাফেজ আহমেদ মজুমদার, ট্যাগ অফিসার এ টি ই ও মো: আব্দুল খালেক এবং দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য গণ।

নোয়াখালীতে ৮ শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল পরিক্ষায় দায়িত্বে অবহেলা ও নকলে সহযোগিতা করার অপরাধে আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া আট শিক্ষক হলেন, উপজেলার থানার হাট দাখিল মাদরাসার দেলওয়ার হোসেন, আমকি মহিলা মাদরাসার আমিরুল হোসেন, পিতাম্বরপুর দাখিল মাদরাসার সাইফুল ইসলাম, শাকতলা আলিম মাদরাসার সুমি আক্তার ও আবুল হোসেন, নান্দিয়া পাড়া আলিম মাদরাসার শরিফ মোহাম্মদ ইকবাল এবং সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার মেজবা উদ্দিন ও ইউনুস শরিফ।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও হামেদীয়া কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির। তিনি বলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা হামেদীয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়ে এই আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা বলেন, শিক্ষার্থীরা গণিত পরীক্ষা চলাকালে শিক্ষকদের সহযোগিতা নিয়ে সেট-কোড পূরণ করছিল। কেন্দ্র পরিদর্শনের সময় বিষয়টি আমার নজরে আসে। পরে তাৎক্ষণিক ৮ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট কাওমিয়া ফাজিল মাদরাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ফিরোজ কবির (২৩) দিনাজপুর জেলার নবাবগঞ্জের বাদুরিয়া গ্রামের আহমদুল হাছানের ছেলে এবং একই মাদরাসার একাদশ শ্রেণির ছাত্র ছিল।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে সে মাদরাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ মরদেহ উদ্ধার করতে এসে মৃত ফিরোজের বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলে। কিছুদিন আগে ফিরোজ বিয়ে করেছে। ফিরোজের স্ত্রী তাকে চাটখিলে নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক চাপ ও মানসিক হতাশা থেকে ফিরোজ আত্মহত্যা করেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য ২৫০ জন্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

ডা. রওনাক আহমেদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

তিতাস প্রতিনিধি:

চিরনিদ্রায় শায়িত হলেন কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, চিকিৎসক ও দানবীর ডা. রওনাক আহমেদ। বুধবার (২১শে ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

বরেণ্য এই সমাজসেবক ও চিকিৎসককে শ্রদ্ধা জানাতে জানাজার নামাজের হাজার হাজার মানুষের ঢল নামে।

এসময় উক্ত জানাজায় ডা. রওনাক আহমেদ এর স্মৃতিচারন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান, সাবেক কর কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূইয়া, কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়া, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহমেদ ও নিহতের বড় ছেলে ডা. ইফরান বিনতে রওনাক।

এছাড়াও ইঞ্জিনিয়ার শাহআলম আজাদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জগতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, আব্দুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু, মঙ্গলকান্দি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.নুরুল আমিন ও গাজীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা শহিদুল্লাহ।

ডা. রওনাক আহমেদ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে গভীর শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ।

এদিকে এপিএস মতিন খানসহ অনেকেই স্মৃতিচারণ করে বলেন, ডা. রওনাক আহমেদ ছিলেন এক ক্ষণজন্মা কীর্তিমান পুরুষ, আলোর দিশারি ও আলোকিত মানুষ। তিনি জীবদ্দশায় মানুষের কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু। শিক্ষা,স্বাস্থ্য তথা আর্তমানবতার সেবায় ডা: রওনাক আহমেদ ছিলেন এলাকার অতন্দ্র প্রহরী ও সদাজাগ্রত।

এছাড়াও তারা বলেন, রওনাক আহমেদ সবসময় এলাকার উন্নয়নে স্বপ্ন দেখতেন, মানুষকে স্বপ্ন দেখাতেন এবং সেই স্বপ্ন পূরণও করেছেন। তাঁর মৃত্যুতে সত্যিই আমরা গভীরভাবে শোকাহত ও বিমূর্ষ। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং উনার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।

তিতাসে মাতৃভাষা দিবস উপলক্ষে বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

তিতাস প্রতিনিধি:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলার বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজে দিনব্যাপী আয়োজন করা হয়েছে পিঠা উৎসব। বুধবার (২১শে ফেব্রুয়ারী) বিদ্যালয়ের আঙ্গিনায় গ্রাম-বাংলার ঐতিহ্যকে স্মরণ করতেই শিক্ষক-শিক্ষার্থীরা মিলে এ উৎসবের আয়োজন করা হয়।

এতে কেক কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন উপজেলার নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ। এছাড়াও পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: রুমেন মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক কামাল পারভেজ, নাসির উদ্দীন মাসুম ও শাহজাহান মুন্সিসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পিঠা উৎসব ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের আঙিনায় ৮টি স্টল সাজানো হয়েছে নানা রকমের পিঠা দিয়ে। এতে অংশগ্রহণ করেন ঐ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। পরে অতিথি ও শিক্ষকদের বিচার বিশ্লেষণে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী পিঠা ঘর অষ্টম শ্রেণি, দ্বিতীয় স্থান অর্জন করেন খুলনা পিঠা ঘর একাদশ শ্রেণি ও তৃতীয় স্থান অর্জন করেন পার্বত্য চট্টগ্রাম সপ্তম শ্রেণি।

শিক্ষার্থী বলেন, ‘বাহারি রকমের এতো পিঠা একসঙ্গে কখনো দেখা হয়নি। আজ পিঠা উৎসবে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পিঠা খাচ্ছি এবং বিক্রি করছি। এতে আমাদের খুব আনন্দ হচ্ছে।’

এদিকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুমেন মিয়া বলেন, ‘পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। শহর কেন্দ্রীয় জীবন জীবিকার কারণে এই দেশজ উৎসব কমে গেছে। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির নানা রকমের পিঠার সঙ্গে পরিচিত হতে পারে।’