All posts by jitu

চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি:

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের চান্দিনার বেলা শহর এলাকায় ডেনিম প্রসেসিং প্লান্টের শ্রমিকরা অবরোধ করেন।

শ্রমিকরা জানায়, গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতনসহ ওভারটাইমের টাকা না দেওয়ায় বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

নিলুফা আক্তার নামে এক শ্রমিক জানান, আমরা পেটের দায়ে গার্মেন্টসে কাজ করি। মাস শেষে যদি বেতন না পাই সংসার চালাব কী দিয়ে, খাব কী? আজ আমাদের বেতন না দিলে আমরা মহাসড়ক থেকে যাব না। যতবার আমাদের বেতন বকেয়া পড়েছিল, ততবার আমাদের মহাসড়কে অবস্থান নিতে হয়েছে।

এদিকে প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী ও অন্যান্য যানবাহনের যাত্রী ও চালকদের।

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, জেলা প্রশাসনসহ আমরা শ্রমিকদের বুঝিয়েছি। শিগগিরই এ বিষয়ে সমাধান হবে।

সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি

ডেস্ক রিপোর্ট:

যদি কোনো কারণে সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে ধারাবাহিক প্রশিক্ষণের শেষ দিনে আজ প্রধান অতিথি ছিলেন তিনি।

মো. আনিছুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু না হলে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছন্ন হয়ে যাবে বাংলাদেশ। তাই কোনোভাবেই নির্বাচনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যা করার আপনাদের তাই করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জানায়, নির্বাচন কমিশনের একটিই নির্দেশনা সেটি হলো অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং দলমতের ঊর্দ্ধে উঠে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। একটি জোট ও রাজনৈতিক দল নির্বাচনবিরোধী কর্মসূচি পালন করছে।

তারা জানিয়েছে, সহিংস কোনো ঘটনা ঘটাবেন না। এর পরও ২০১৪ সালের নির্বাচনে ব্যাপক সহিংস ঘটনার উদাহরণ আছে। তাই সতর্ক থাকতে হবে। ম্যাজিস্ট্রেটদের ভুল করা যাবে না। কেননা ম্যাজিষ্ট্রেটদের ভুল হলে সমালোচনা হবে।

তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে গণপরিবহণ যেমন বিভিন্ন লাইনের বাস, সিএনজি এবং ব্যক্তিগত কার চলাচল করবে। তবে মোটর সাইকেল ও মাইক্রোস চলাচলে নিষেধাজ্ঞা আছে। বিচারকদের ফোনে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। গণমাধ্যরমের সঙ্গে কোনো কথা বলবেন না। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে সহযোগিতা দিতে হবে। দায়িত্বপালনকালে কোনো প্রকার গুজবে কান দেবেন না।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আসাদুজ্জামান।

বস্তুনিষ্ট সাংবাদিকতা আমাকে চলার পথে উৎসাহ যোগাবে : ইঞ্জিঃ আব্দুস সবুর

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার কদমতলি নিজ বাসভবনে দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নৌকা প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে সারাদেশো উৎসব মুখরভাবে নির্বাচন হবে। ইতি মধ্যে পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি দাউদকান্দি তিতাসের সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ নৌকাকে বিজয়ী করার লক্ষে তারা মাঠে কাজ করছেন। বিগত বছরে জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্প আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে এবং সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। পাশাপাশি এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের অর্থনৈতিক উন্নয়নও তুলনামূলক ভাবে বেড়েছে।

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে আব্দুস সবুর বলেন, বস্তুনিষ্ট সাংবাদিকতা আমাকে চলার পথে উৎসাহ যোগাবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দাউদকান্দি তিতাসকে স্মার্ট উপজেলা হিসেবে গড়তে সকলের সহযোগিতা চাই। সাংবাদিকরা জাতির দর্পন, সমাজ ও দেশ বিনির্মাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার গুরুত্বপূর্ণ কাজ ও দায়িত্ব। বিগত দিনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেছেন সাংবাদিকরা। আগামীর দিনগুলোতেও আশাকরি পাশে থাকবেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী জাগরণ ও ক্ষমতায়নের রোল মডেল। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেতায় পরিণিত হয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার।

নির্বাচনের দিন চলবে প্রাইভেটকার ও গণপরিবহন : জননিরাপত্তা সচিব

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন, রেগুলার লাইনের বাস ও প্রাইভেটকারের ওপর নিষেধাজ্ঞা থাকবে না। অন্যান্য বছরের তুলনায় এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে।

তবে মোটরসাইকেল, স্পিডবোটসহ বেশকিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২য় পর্যায়ে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এর আগে ৩১ ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল— ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

বছরের শুরুতেই ডানকির ধাক্কা, উতরে গেল সালার!

ডেস্ক রিপোর্ট:

এখনও সিনেমা হলে একচেটিয়া ব্যবসা করছে শাহরুখ খানের ডানকি আর প্রভাসের সালার। আপাতত এই দুই ছবির ব্যবসার পথে বাধা দেওয়ারও কেউ নেই। তবে নতুন বছরের শুরুতে ব্যবসার অঙ্কে হিসাব যেন অনেকখানিই ফিকে।

সোমবার নতুন বছরকে স্বাগত জানাল গোটা দেশ। স্বভাবতই ছুটির মুডে সিনেমা হলেও ভিড় হলো ভালোই। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, ডানকি নতুন বছরের শুরুর দিনে ব্যবসা করল ৯.২৫ কোটি। আর অন্য দিকে, প্রভাসের সালারের আয় ১৫ কোটির বেশি।

যদিও বছরশেষে আরও বেশি আয় করেছিল ডানকি ৩১ ডিসেম্বর ভারতে কিং খানের সিনেমা ব্যবসা করে ১১.৫ কোটির। অন্য দিকে, সালারের ব্যবসার অঙ্কে সেরকম ওঠাপড়া নেই। ৩১ ডিসেম্বর আর ১ জানুয়ারি, দু দিনেই সালারের আয় ১৫ কোটির আশেপাশেই।

ডানকি বক্স অফিস কালেকশন
পঞ্জাব-গুজরাটে এখনও বয়স্করা এলাকার তরুণদের পরামর্শ দিয়ে থাকেন, ‘কাভি ডানকি রুট (ভিসা বা পাসপোর্ট ছাড়া, কাঁটাতার পেরিয়ে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা যাওয়াকে বলা হয় ডানকি মারা) লেনা নেহি’। আর তা নিয়েই সিনেমা রাজকুমার হিরানির। যদিও অভিবাসন সমস্যা, বেআইনি পথে লন্ডনে প্রবেশের সঙ্গে রাজকুমার হিরানির সিনেমা গল্প দেখায় চার বন্ধুর। স্বপ্নপূরণের যাত্রাই হয়ে ওঠে ছবির গল্প। তবে শাহরুখের আগের দুই অ্যাকশন ফিল্ম পাঠান আর জওয়ানের মতো, সেভাবে বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি ডানকি। ১২ দিনে মাত্র ১৯৬ কোটির ব্যবসা করেছে ভারতের বাজারে।

সালার বক্স অফিস কালেকশন
অন্যদিকে, প্রভাসের সালার বানিয়েছেন কেজিএফ-খ্যাত প্রশান্ত নীল। খানসার নামের এক কাল্পনিক সাম্রাজ্য দখলের লড়াই নিয়ে এই সিনেমা। খানসারের রাজা মান্নার, যে চরিত্রে দেখা মিলেছে জগপতি বাবুর। আর রাজার ছেলে বরদরাজার চরিত্রে সুকুমারণ। আর বরদরাজার বন্ধু হলো দেবা অর্থাৎ প্রভাস। মান্নার উত্তরসূরি হিসেবে ছেলেকে। কিন্তু সিংহাসন দখল নিয়ে শুরু হয় ষড়যন্ত্র। তখনই বন্ধুর পাশে ঢাল হয়ে দাঁড়ায় দেবা।

ডানকির একদিন পর বক্স অফিসে এসেছিল সালার। তবে প্রথম থেকেই চুটিয়ে ব্যবসা এই সিনেমার। ১১ দিনে মোট আয় হলো ৩৬০ কোটি।

আসছে ফাইটার
যদিও আপাতত সিনেপ্রেমীদের নজর রয়েছে ফাইটার সিনেমায়। যাতে একসঙ্গে দেখা যাবে হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোনকে। পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছিলেন এই সিনেমার দায়িত্বে। ট্রেলারে ঝড় তুলেছে ফাইটার ইতোমধ্যেই। ছবিতে আরও রয়েছেন অনিল কাপুর।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে : ডা. দীপু মনি

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপনারা আমাকে ভোটের মাধ্যমে গত ১৫ বছর আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ন্যায় এই চাঁদপুরেও ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

সোমবার (১ জানুয়ারী) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় তিনি আরো বলেন, বিগত ১৫ বছরে সারা দেশের ন্যায় এই চাঁদপুরের মৈশাদীতেও ব্যাপক উন্নয়ন হয়ছে, আরো উন্নয়ন হবে। মৈশাদী ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো করার জন্য দপ্তরে দপ্তরে কাজ চলছে, তারপরও আমাকে পূণরায় আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করলে সেই কাজগুলোও সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। সেজন্য আগে আপনাদের নেতা ঠিক করতে হবে। নেতা ঠিক থাকলে কাজ হয়।

এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে নেতা বানানোয় বাংলাদেশ স্বাধীন হয়েছে। তদ্রূপ শেখ হাসিনাকে নেতা বানানোয় স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে। নৌকা এ দেশকে স্বাধীনতা দিয়েছে, উন্নয়ন করেছে। তাই আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেশ আরো এগিয়ে যাবে।

দীপু মনি আরো বলেন, আমি আমার নেত্রী শেখ হাসিনার কাছে এই চাঁদপুরের জন্য অনেকগুলো প্রস্তাব রেখেছি। প্রস্তাবগুলোর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, মেডিকেল কলেজ হাসপাতাল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তিনি এই চাঁদপুরবাসীকে উপহার দিয়েছেন। হাইমচরবাসী এখন নদী ভাঙন রোধ থেকে অনেকটাই রক্ষা পেয়েছেন। তারা এখন নিরাপদে ঘুমাতে পারেন। নদীর পাড় দিয়ে রাস্তা নির্মাণ হওয়ায় সেখান দিয়ে এখন ইজিবাইক, ভ্যানগাড়ী সহ ছোটখাটো বিভিন্ন যানবাহন চলাচল করছে। চরের মধ্যে যাদের বাড়িঘর রয়েছে সেখানেও সাব মেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের বড় বড় ভবন নির্মান, কমিউনিটি ক্লিনিক, রাস্তাঘাট, মসজিদ মন্দির, ঘরে ঘরে বিদ্যুৎ, এসবই হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে।

মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম মিজির পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক সচিব বীর প্রতীক মমিন উল্লাহ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী সহ আরো অনেকে।

এছাড়াও এদিন ডা. দীপু মনি মৈশাদী ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্লাহ একাডেমি মাঠে ও দক্ষিণ মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য রাখেন। সেই সাথে ইউনিয়নের প্রয়াত বিশিষ্টজনদের জন্য দোয়া কামনা ও গণসংযোগ করেন। পরে ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খানের বাড়িতে দুপুরের খাবার শেষে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সফরসঙ্গী সহ ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক শত শত নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে দুপুরে খাবার খান আজাদ খানের বাড়িতে।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য জুয়েল ঢালী, চাঁদপুর জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল আজিজ খান বাদল, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাফর ইকবাল মুন্না, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন সুষ্ঠু করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: আইজিপি

ডেস্ক রিপোর্ট:

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় মাঠে থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। নাশকতামূলক কার্যক্রম বা নির্বাচনবিরোধী যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ার মতো সামর্থ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।

সোমবার সকালে রংপুরে বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। কেউ যদি ভোটারদের কেন্দ্রে যেতে বা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরে আইজিপি রংপুর বিভাগের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নতুন বছরে নতুন পরিকল্পনা অপু বিশ্বাসের

ডেস্ক রিপোর্ট:

নতুন বছরে নতুন পরিকল্পনা করেন অনেকেই। তারকারাও এর বাইরে নয়। ২০২৪ সালে ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস তার ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন অনেক সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।’

কিন্তু নতুন ব্যবসার পরিকল্পনার বিষয়ে মুখ খুলতে নারাজ এই অভিনেত্রী। অপু বলেন, ‘এটি এখনই বলা যাবে না। সবকিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এ ঘোষণা খুব শিগগিরই আসবে।’

অপু বিশ্বাসের কথা উঠলেই চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে উঠে আসে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রসঙ্গও। রোববার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন বুবলী। সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বুবলী তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য।

ওই পোস্টে সবার দোয়া চেয়ে চিত্রনায়িকা আরও লিখেছেন, ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভোটের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছে

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠের নিরাপত্তা ও নির্বাচনী মালামাল কীভাবে কেন্দ্রে পৌঁছাচ্ছে এই বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধি দল।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচনী পর্যবেক্ষক দল আইআরআই ও এনডিআই-এর ৫ সদস্যের ইসির সঙ্গে বৈঠক হয় কমিশনের। বৈঠকে এ বিষয়ে জানতে চেয়েছে দুই প্রতিনিধি দল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত থাকা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর সদস্যরা হলেন-মিসেস নাতাশা রথচাইল্ড, ইভো পেন্টচেভ, মারিয়াম তাবাতাদজে, ক্রিস্পিন কাহেরু এবং নিনাদ মারিনোভিক। তবে প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দলের কেউ গণমাধ্যমে কথা বলেননি।

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, উ. কোরিয়া-রাশিয়ায় সুনামি সতর্কতা

ডেস্ক রিপোর্ট:

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় একাধিক এলাকায় সুনামি আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকেলে দেশটিতে ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের উপকূল সংলগ্ন এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে উত্তর কোরিয়া ও রাশিয়ার কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাসিন্দাদের পশ্চিম উপকূলের কিছু এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্প কবলিত অঞ্চলে বিমান ও রেল চলাচল ব্যাহত হয়েছে।

জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে বলেছে, ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে জাপান সাগরের উপকূলীয় এলাকার কিছু অংশে প্রায় ১ মিটার (ফুট) উচ্চতার সুনামি হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও বড় ঢেউ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, জাপানে আঘাত হানা ভূমিকম্পের জেরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ২ দমমিক ০৮ মিটার (৬.৮ ফুট) পর্যন্ত সুনামি হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তীরে জাপানের কাছাকাছি অবস্থিত রাশিয়ার দূরপ্রাচ্যের সাখালিন দ্বীপের পশ্চিম উপকূলের কিছু অংশ, প্রিমরস্ক এবং খাবারোভস্ক অঞ্চলে সুনামি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির সুনামি সংস্থা। রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ সংবাদমাধ্যম প্রিমরস্ক অঞ্চলের বন্দরনগরী ভ্লাদিভোস্টকের কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেছে, উত্তাল সমুদ্রে মাছ শিকারে যাওয়া জেলেদের ‘‘জরুরি-ভিত্তিতে তীরে ফিরে আসার’’ নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে জাপানে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির মধ্যাঞ্চলীয় হোনশু দ্বীপের ইশিকাওয়া জেলা। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সোমবার জাপানে ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে। এসব ভূমিকম্পের মাঝে সবচেয়ে ছোটটির মাত্রা ছিল ৪ দশমিক ৬ এবং সবচেয়ে বড়টির ৭ দশমিক ৫।

ভূগর্ভস্থ ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে জাপানে প্রায় প্রতিদিনই গড়ে ১০টি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে, ২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ সেই ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামিতে দেশটিতে মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার ৫০০ মানুষের।