All posts by jitu

মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধী গ্রুপের হামলায় একজন নিহত

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গায় হুমায়ুন চেয়ারম্যান গ্রুপের হামলায় কাইয়ুম গ্রুপের নেতা কামরুল নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত কামরুল উপজেলার চালিভাঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, হুমায়ুন চেয়ারম্যানের ভাই খুন হওয়ার পর কাইয়ুম গ্রুপের নেতাকর্মীরা দীর্ঘদিন বাড়ি ছাড়া । এদিকে জেলা পুলিশ গতকাল একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করে একজন এসআইসহ ১০ জনের। আজ জেলা পরিষদ সদস্য কাইয়ুম এর নেতৃত্বে তারা যখন বাড়ি ফিরছিলো তখনই হুমায়ুন চেয়ারম্যান গ্রুপ হামলা করে। তখন এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এ নিয়ে ১৯৯৮ থেকে অদ্য পর্যন্ত ১৯ টি মামলা হয়েছে চালিভাঙ্গা বালু,ড্রেজার আর নৌযান থেকে চাঁদাবাজির ঘটনায়।

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, আটক ৩

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর সদর উপজেলার বাঁধেরহাট এলাকায় কিশোর গ্যাং সদস্যদের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে পথচারি রাকিবসহ আরও ৫ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত মো. সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩ নম্বর রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো. সবুজের ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই ইউনিয়নের তিন গ্রামের মানুষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুত্তাহিন বিল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

আওয়ামী লীগ ভারতের গোলামি করলেও দেশের মানুষ ভারতের গোলামি করবে না: রিজভী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ এখন একটি ভারতীয় পণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের কথায় স্পষ্ট যে, দলটির ক্ষমতার উৎস জনগণ নয়। ক্ষমতার উৎস ভারত। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ভোটের প্রতি আস্থা ও বিশ্বাস নেই। ভারত সরকারের ক্ষমতার জোরে শেখ হাসিনা ক্ষমতায় আছে। আওয়ামী লীগ এখন একটি ভারতীয় পণ্যে পরিণত হয়েছে। যা স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ভারতের গোলামি করলেও দেশের মানুষ ভারতের গোলামি করবে না। ঐতিহাসিকভাবেই যেকোনো ধরণের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সাহসী জনগণের সর্বশক্তি দিয়ে প্রতিরোধের বীরত্বগাঁথা ঐতিহ্য রয়েছে। ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তবে আমাদের আপত্তি ভারতের শাসকদের পলিসি, নীতি নিয়ে। তাই দলমত নির্বিশেষে ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক মুখে দুই কথা বলেন। কিন্তু তার এই দ্বৈততার মধ্যেই প্রকৃত সত্যটি বের হয়ে আসে। তিনি আওয়ামী লীগের এক সমাবেশে বলেছেন,‘‘আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি বসায়নি।” একই সভায় তার বক্তব্যের আর এক জায়গায় তিনি বলেছেন, ‘‘নির্বাচনে ভারত জোরালোভাবে পাশে দাঁড়িয়েছে, এটি জরুরি ছিল।” তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, ‘‘শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সব অবিশ্বাসের দেয়াল ভেঙ্গে দিয়েছে।” ওবায়দুল কাদেরের বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় ভারতের সহযোগিতায় বিনা ভোটে তামাশার নির্বাচনের মাধ্যমে তারা আবারও ক্ষমতা দখল করেছে।’

তিনি আরও বলেন, ‘ভারতের প্রতিভূ হয়ে শেখ হাসিনা বাংলাদেশকে সর্বনাশায় পরিণত করেছে। জনসমর্থনহীন শেখ হাসিনার একনায়কতন্ত্রের দৌরাত্ম্য এক উদ্ভট, দৃষ্টান্তহীন এবং নিষ্ঠুর খামখেয়ালি রাজার মতো ভারতকে খুশি করতেই ব্যস্ত রয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্প্রসারণের আওতার মধ্যে ক্রমাগতভাবে ঠেলে দিচ্ছেন। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বল করে একটি ডামি রাষ্ট্র বানানোর সুদূরপ্রসারী পরিকল্পনা কার্যকর করছেন তিনি। বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য তারা পুরো দেশটাকেই ডামি রাষ্ট্র বানিয়ে ফেলেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভারত বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে বাকশালী শাসনের পক্ষে সহযোগিতা করছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আজ অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। তিনি বারবার বলেছেন, ‘‘শেখ হাসিনার ক্ষমতার উৎস জনগণ নয়। বিদেশি প্রভু। তারা দেশকে প্রতিবেশী রাষ্ট্রের অঙ্গরাজ্য বানিয়েছে। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই”।’

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা দহগ্রাম সীমান্তে বাংলাদেশি রাফিউল ইসলাম টুকলুকে গত রবিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে হত্যা করেছে উল্লেখ করে রিজভী বলেন, ‘আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাত্র ছয় দিন আগে গত ২২ জানুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীনকে বিনা উস্কানিতে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করে বিএসএফ। এই হত্যার পর বিএসএফের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় তা অভিসন্ধিপ্রসূত, উপহাসমূলক এবং নির্জলা মিথ্যাচার। কিন্তু আওয়ামী ডামি সরকার সীমান্তে অব্যাহত এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত প্রতিবাদ তো দূরের কথা টু শব্দ পর্যন্ত করার সাহস দেখাতে পারেনি। উল্টো ভারতের তোষামোদিতে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রীরা।’

রিজভী বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে রাফিউল ইসলাম টুকলুসহ সীমান্তে বিএসএফের উপুর্যপুরি সকল বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত রাফিউল ইসলাম টুকুলু আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘নতুন পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, “এই বিষয়ে আমরা এখন কথা বলতে চাই না।” নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “এসব বিচ্ছিন্ন ঘটনা! এ নিয়ে আলোচনার কি আছে ?” অন্য এক মন্ত্রী বলেছেন, “নো কমেন্টস”।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএসএফের সীমান্তে হত্যাকে কিভাবে একজন মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলেন। সীমান্তে ভারত দখল, হত্যাযজ্ঞ চালালেও আমরা কিছু বলতে পারব না। কয়েক বছর আগে এক আওয়ামী মন্ত্রী বলেছিলেন, ‘‘ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না।” এই হচ্ছে তাবেদার আওয়ামী ডামি সরকারের নতজানু নীতি। ক্ষমতার জন্য এরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিতে কুণ্ঠিত নন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসেবে গতবছর বিএসএফ ৩০ জন বাংলাদেশিকে হত্যা করেছে। প্রাণহানি ছাড়াও ৩১ জন বাংলাদেশিকে মারাত্মক শারীরিক নির্যাতন করে পঙ্গু করে দিয়েছে বিএসএফ। কেবল সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা নয়, বাংলাদেশের ভেতর ঢুকে লুটপাট, হামলা, ভাঙচুর, এমনকি ধর্ষণের ঘটনা ঘটালেও কোনো প্রতিবাদ করেন না শেখ হাসিনার নতজানু সরকার। ক্ষমতার জন্য একান্ত বাধ্যগতভাবে গোলামি করছেন তিনি। এটাই কি স্বামী-স্ত্রীর ভালোবাসার নমুনা।

ভারতের সঙ্গে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে। সমুদ্র সীমান্ত রয়েছে শ্রীলংকার সঙ্গে। আমরা জানি, এই সব দেশের সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী মোতায়েন আছে। বাংলাদেশ ছাড়া অন্য ৫টি দেশের সীমান্তে বিএসএফের গুলিতে নিরীহ কোনো লোক নিহত হওয়ার কোনো খবর খুব একটা চোখে পড়ে না।’

রুহুল কবির রিজভী বলেন,‘আন্তর্জাতিক সীমান্ত আইনে কোনো দেশ অন্য দেশের নিরস্ত্র নাগরিককে হত্যা করতে পারে না। কেউ যদি অন্যায় করে তাহলে তাকে গ্রেপ্তার করে সে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও বিএসএফ তার কোনো তোয়াক্কাই করে না।’

পরিবারের শখ পূরণেই হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই

 

মো: জুয়েল রানা, তিতাস :
পরিবারকে খুশি করতে এবং নিজেদের শখ মেটাতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরছেন ফ্রান্স প্রবাসী দুই ভাই বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ।

ফ্রান্স থেকে বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (২৯ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে অবতরণ করেন প্রবাসী এই দুই ভাই। পরে দুপুর দেড়টা দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে কুমিল্লা তিতাস উপজেলার দ্বিতীয় সাতানী গ্রামের মাঠে অবতরণ করেন। এ সময় ফ্রান্স প্রবাসী দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।

বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ ঐ গ্রামের মোঃ জায়েদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১৩ বছর আগে তারা দুই ভাই পরিবারে সচ্ছলতা ফেরাতে ফ্রান্সে পাড়ি জমান। সেখানে গিয়ে বিভিন্ন কাজ করে উপার্জন করে পরিবারের পাশাপাশি এলাকার মসজিদ, মাদ্রাসা ও অসহায় পরিবারকে সহযোগিতা করেন। এর আগে কয়েকবার বাড়িতেও এসেছেন তারা। কিন্তু পরিবারের ইচ্ছা ও নিজেরদের শখ ছিল একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে আসবেন। সেই শখ পুরণেই সোমবার দুপুরে দ্বিতীয় সাতানী গ্রামের মাঠে হেলিকপ্টার নিয়ে নামেন। এ সময় তাদের দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন।

দুই ভাইকে দেখতে আসা মো. দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ওরা দুই ভাই খুব ভালো মানুষ। গ্রামের কারও বিপদ আপদে তাদের শরণাপন্ন হলে সাধ্য মতো চেষ্টা করে সহযোগিতা করতে। তারা হেলিকপ্টারে আসছে এমন খবরে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন।

এ বিষয়ে প্রবাসী বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন বাইরে আছি। পরিবারের ইচ্ছার কারণে হেলিকপ্টার ভাড়া করি। এটা অনেকটা আনন্দই বলা যায়।

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে নূরে মদিনা মাদরাসা

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে নূরে মদিনা মাদরাসা।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কোরআনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সারা বিশ্বের হাফেজরা। তার পূর্বে বিজয় অর্জন করতে হয় । বিভিন্ন ফাউন্ডেশন ও উপজেলা , জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা গুলোতে ।এ জাতীয় প্রতিযোগিতার প্রধান লক্ষ্য হলো কোরআন মুখস্থকরণ, বিশুদ্ধ উচ্চারণ, শাব্দিক অর্থ ও আয়াতের ব্যাখ্যা জানার প্রতি মানুষকে অনুপ্রাণিত করা। গত অর্ধ শতাব্দীকাল ধরে কয়েকটি মুসলিম দেশ কোরআন প্রতিযোগিতার আয়োজন করে আসছে।এই সব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে কুমিল্লা চকবাজার নূরে মদিনা মাদরাসা।

এর  ধারাবাহিকতায় গত ২৬ জানুয়ারি অত্র মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এই সময় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত হাফেজ ক্বারী মোহাম্মদ আবু রায়হান ।

কচুয়া উপজেলার শ্রেষ্ঠ ক্বারী হাফেজ মুহাম্মদ আশিক এলাহী নূরে মদিনা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা গোলাম মোহাম্মদ শাহজালাল নূরে মদিনা মাদরাসা শিক্ষক হাফেজ মুহাম্মদ আব্দুল কাদের পরিচালক মোহাম্মদ মাজেদ সারোয়ার চৌধুরী ।

তিনটি গ্রুপে প্রতিযোগিতা হয়েছে। ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন  কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকার মোহাম্মদ জাকির হোসেনের ছেলে  মোহাম্মদ ইব্রাহিম হোসেন,  ১০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ ফাহিম হোসেন। সে চান্দিনা উপজেলার চাঁদসার গ্রামের মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার ছেলে । দ্বিতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ নূরুজ্জামান। তৃতীয় স্থান অর্জন করেন মোঃ মাহবুব আলম।  ৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন  মোহাম্মদ সায়মন হোসেন । দ্বিতীয় স্থান অর্জন করেন মোঃ সিহাব হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ রিফাত হোসেন।

গণসংযোগ শুরু করেছেন তানিম

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের  মেয়র পদে উপ-নির্বাচনের  তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সেই ধারাবাহিকতায়  সম্ভাব্য মেয়র প্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি  নুর উর রহমান মাহমুদ তানিম  নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) নগরীর কান্দিরপাড়  এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সাথে  আওয়ামী লীগ নেতা আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আগামী ৯ মার্চ মেয়র পদে উপ-নির্বাচনের ভোট ইভিএমে অনুষ্ঠিত হবে।

চালসহ ৪ পণ্যের ওপর শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

রমজানে দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

ভারতের উত্তরাখণ্ডের মাদ্রাসায় পড়ানো হবে রামায়ণ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলোতে রামায়ণ পড়ানো হবে। চলতি বছর নতুন এই সিলেবাস সেখানকার চারটি মাদ্রাসায় যুক্ত করা হচ্ছে। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড জানিয়েছে, পর্যায়ক্রমে তাদের ১১৭টি মাদ্রাসার পাঠ্যসূচিতেই যুক্ত হবে রামায়ণ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডের দেহরাদুন, হরিদ্বার, নাইনিতল ও উধম সিং নগর মাদ্রাসার পাঠ্যসূচিতে রামায়ণ যুক্ত করা হচ্ছে। রামায়ণ পাঠদানের জন্য নতুন শিক্ষকও নিয়োগ দেওয়া হবে।

উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কোরআন শিক্ষার পাশাপাশি রামায়ণও পড়াবো। আমরা যদি লক্ষ্মণের কাহিনী থেকে তাদের শেখাতে পারি যে বড় ভাইয়ের জন্য তিনি কত ত্যাগ করেছিলেন, তাহলে ক্ষমতার লালসে আওরঙ্গজেবের ভাই হত্যার কাহিনী শেখানোর দরকার কি?’

এই চার মাদ্রাসায় ড্রেসকোডও নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। ওয়াকফ বোর্ড থেকে এই চার মাদ্রাসায় রামায়ণ জানা চারজন প্রিন্সিপালকে নিয়োগ দেওয়া হবে। নতুন সিলেবাস তৈরির জন্য আরও বড় পরিকল্পনা রয়েছে তাদের।

শামস বলেন, ‘এই চারটি মাদ্রাসাই হবে স্মার্ট ক্লাসের মডেল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থা আধুনিক করা খুবই প্রয়োজন। আমরা জাতীয় শিক্ষাক্রমের বইও যুক্ত করতে চাই।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘মাদ্রাসার আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে রামের গল্প যুক্ত করা হচ্ছে। রাজত্ব ত্যাগ করে রাম বাবার ওয়াদা রক্ষায় বনবাসে গিয়েছেন। শ্রী রামের মতো ছেলেই তো সবাই চাইবেন বলেও মন্তব্য করেন মাদ্রাসা বোর্ডের প্রধান।

পুতিনের নির্বাচন দেখতে ৮ দিনের সফরে যাচ্ছেন সিইসি

ডেস্ক রিপোর্ট:

ভোট দেখতে ৮ দিনের সফরে রাশিয়ায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। সিইসির সফরসঙ্গী হিসেবে থাকবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। তারা ১৯ মার্চ দেশে ফিরবেন।

এই সফর সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. শাহ আলম।

চিঠিতে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের প্রেসিডেন্টের নির্বাচন পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনী সার্বভৌমত্ব অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়ান ফেডারেশন সফর করবেন। আগামী ১৪ থেকে ১৮ মার্চ সিইসিসহ তার একান্ত সচিব কিছু শর্তসাপেক্ষে রাশিয়া সফর করবেন।’

এতে আরও জানানো হয়, ‘আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করবেন এবং ১৯ মার্চ ঢাকায় ফিরবেন। এই সফরের সময়কাল, ভ্রমণ এবং ট্রানজিটের জন্য ব্যয় করা সময়কে দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। তারা তাদের বেতন-ভাতা স্থানীয় মুদ্রায় নেবেন এবং এর কোনো অংশ বৈদেশিক মুদ্রায় নেওয়া যাবে না। সফরের সময় তারা দুজন অংশগ্রহণকারী পাঁচ রাতের হোটেলে থাকার ব্যবস্থা এবং স্থানীয় আতিথেয়তা গ্রহণ করবেন। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্য আনুষঙ্গিক খরচ বহন করবে।’