All posts by jitu

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন

স্টাফ রিপোটার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

২৪ ঘণ্টায় অবরোধে চার যানবাহনে আগুন

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধে সারা দেশে গত ২৪ ঘণ্টায় চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানান মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত চারটি অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দুটি বাস, একটি ট্রাক ও একটি পিকআপভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ও ৩৫ জন কাজ করেছে বলেও জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা।

গত ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে—বাস ১৭০টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৮টি।

চার দিনে ২১৪ জন প্রার্থিতা ফিরে পেলেন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে চতুর্থদিনে ৪৫ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। সেই সাথে গত চারদিনের আপিল শুনানিতে মোট ২১৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখা এই তথ্য জানা যায়।

ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, চতুর্থ দিনে মোট ৯৯ জনের আপিল শুনানি করেছে ইসি। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৫ জন, বাতিল হয়েছে ৫২ জনের এবং সিদ্ধান্ত হয়নি ২ জন প্রার্থীর। প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পায়, ৩২ জনের নামঞ্জুর ও ৬টির সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। নামঞ্জুর হয়েছে ৪১ জনের। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পায় ৬১ জন। বাতিল হয়েছে ৩৫ জনের। সিদ্ধান্ত হয়নি ৪ জনের।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

রেলযাত্রা নির্বিঘ্ন করতে রেল পুলিশের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

রেলপথে যাত্রীদের শতভাগ সুরক্ষা দিতে এবং রেলযাত্রা আরও নির্বিঘ্ন করতে রেল মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী প্রয়োজন অনুসারে রেল পুলিশের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নিরাপত্তার জন্য রেল মন্ত্রণালয় থেকে আপনার কাছে ২ হাজার ৭০০ রেল পুলিশ চাওয়া হয়েছে। আর গাজীপুরের রেললাইন উপড়ে ফেলার ঘটনার আপডেট কী? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন ওই জায়গাটি এমন এলাকা যেখানে জনমানুষ থাকে না, জনবসতিও নেই। গতকাল একটা কুয়াশার রাত ছিল। দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে দুইটি তদন্ত টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা কাজ করছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশে হাজার-হাজার কিলোমিটার রেললাইন রয়েছে। যেখানে মানুষ থাকে না, সেই জায়গায় টার্গেট করে লোকচক্ষুর অন্তরালে এই ঘটনা ঘটানো হয়েছে। রেল মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি দিয়ে আরও রেল পুলিশ চাওয়া হয়েছে। আলোচনা করে রেল পুলিশে লোকবল বৃদ্ধির ব্যাপারে যা প্রয়োজন নিশ্চয়ই করা হবে।’

গাজীপুরের ঘটনায় এখন পর্যন্ত কি কেউ গ্রেপ্তার হয়েছে? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ ঘটনার মাস্টারপ্ল্যানার যারা, সবাইকেই আমরা আইডেন্টিফাই করব। তাদের শিগগিরই আমরা ধরতে পারব বলে আমরা বিশ্বাস করি। যারা দেশকে ভালোবাসে তারা এ কাজটি করতে পারে না।

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘২০১৪ সালে আপনারা অগ্নিসন্ত্রাস দেখেছেন। তখনও রেললাইন উপড়ে ফেলা হয়েছিল। সেটিও দেখেছেন। জানমালের ক্ষতি তো হয়েছে, নিরীহ মানুষকেও হত্যা করা হয়েছে। সেসব দৃশ্য দেখেছেন। এবারও আমরা সেটি লক্ষ্য করছি। তারা শুধু গাড়িতে অগ্নিসংযোগ করছে না, রেললাইনও উপড়ে ফেলছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে ও সাতজন গুরুতর আহত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অসাংবিধানিক পথে আবার ষড়যন্ত্র করে অগ্নিসংযোগের মাধ্যমে সরকারের পতন ঘটানো যায় কি না, সেটির প্রচেষ্টা হিসেবে তারা এগুলো করছে। এ দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা তারা স্পষ্ট জেনেছে। সেজন্যই নির্বাচন না করে তারা এসব ঘটনা ঘটাচ্ছে। আমরা মনে করি দেশের জনগণ এসবের সঠিক জবাব দেবে ইনশাআল্লাহ।’

‘যতগুলো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে সেসব ঘটনায় সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে। এখন অগ্নিসংযোগের একটা নতুন মাত্রা তারা শুরু করেছে। রাস্তার টোকাইদের সঙ্গে তারা দুই হাজার, তিন হাজার বা পাঁচ হাজার টাকায় চুক্তি করে। যারা এসব চুক্তি করছে টোকাইরা আমাদের কাছে তাদের নাম বলেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ইতোমধ্যে ব্যবস্থা শুরু হয়ে গেছে। যারাই বাসে অগ্নিসংযোগ করছে…. হয় আমাদের জনতার কাছে ধরা পড়ছে, কিংবা আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

পাইকগাছায় গভীর রাতে আদালতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এক্ষেত্রে কারো গাফিলতি আছে কি না, আমরা তা খতিয়ে দেখছি। যারা এ ঘটনা ঘটিয়েছে আমরা নিশ্চয়ই আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তাদের ধরে ফেলতে পারব।’

বিভিন্ন কার্যক্রমের জন্য পুলিশের প্রশংসা করেন মন্ত্রী বলেন, ‘আমরা মনে করি নির্বাচনের জন্য পুলিশ নিজেদের অবস্থান থেকে বেশ তৎপর রয়েছে। আমি মনে করি ১৫ বছর আগের পুলিশ এবং বর্তমান পুলিশের মধ্যে অনেক পার্থক্য। বর্তমানের এরা দেশপ্রেমিক পুলিশ, এরা দেশের জন্য জীবন উৎসর্গ করছে। আমরা মনে করি এরা প্রফেশনাল ও অনেক দক্ষ। কাজেই এরা সুন্দরভাবে জানমাল রক্ষা করে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

শাহবাগে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাজধানীর শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। ওই খবরে দুপুর ২টা ৪২ মিনিটে পলাশী ফায়ার স্টেশনের দুটি ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কেউ হতাহত হয়নি।

এর আগে সকালে ধানমন্ডি ১৫ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৩ : চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা সেনানিবাস এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং
(জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া।

এ প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়াও প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ৫৫ পদাতিক ডিভিশনের ইউপি লেন্স কর্পোরাল খাইরুল এনাম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ৩৩ পদাতিক ডিভিশনের সৈনিক সোহরাব আলী দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, গত ০৯ ডিসেম্বর তারিখ হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।

ইরফানকে অর্থ সহায়তা দিল ‘থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন ‘থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইরফান কে অর্থ সহযোগিতা করা হয়েছে। এছাড়াও ক্যান্সার আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানদার সেলিম মুন্সিকে এ সহায়তা দেওয়া হয়। এসময় দুইজনকে ৬৮ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের উপস্থিতিতে পরিসংখ্যান বিভাগের ছাত্র উপদেষ্টা কুলসুম আক্তার স্বপ্নার হাতে এ টাকা তুলে দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এনএম রবিউল আউয়াল চৌধুরী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমানসহ সংগঠনটির সদস্যরা।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময়ই মানবিক কাজে অগ্রসর ভূমিকা পালনে সচেষ্ট থাকে। যখনই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী চিকিৎসায় অর্থাভাবে পড়ে, তখনই আমরা, ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ উদ্যোগ গ্রহণ করি এবং যথাসম্ভব তাদের পাশে দাঁড়াই। এর আগে বিভিন্ন সময় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময় সরকার, তানিন মেহেদী, অন্তর সাহা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উর্মী আচার্যের বাবাকে চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করি এবং তাদের চিকিৎসার কাজে সহায়তা করি।

তিনি আরও বলেন, ‘কুমিল্লার শহরের বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করি। সংগ্রহকৃত অর্থ সড়ক দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মো. ইরফান উল্লাহকে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘সেলিম মুন্সি স্টোর এন্ড কনফেকশনারি’ এর ব্যবসায়ী ক্যান্সার আক্রান্ত মো. সেলিম মিয়াকে আজ হস্তান্তর করা হয়। ভবিষ্যতেও আমরা এই ধরনের যেকোনো প্রয়োজনে যথাসম্ভব সচেষ্ট থাকব বলে আশাবাদী।’

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, ১ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। এর পরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আসলাম। তিনি একজন মুরগী ব্যবসায়ী ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোররাত ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। একটু দূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা শুনেছি দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কুমিল্লায় চালককে হত্যা : চাঁদপুরে কোটি টাকার মালামাল সহ ১ ডাকাত আটক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালককে হত্যা করে এক কোটি টাকার মালামাল সহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চাঁদপুরে মোঃ রুবেল (২৭) নামে এক ডাকাতকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

আটকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত সোমবার (১১ ডিসেম্বর) রাতের যেকোন সময় অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিন থানা এলাকার বাতাবাড়িয়া নামকস্থানে কাভার্ডভ্যান গাড়ীর চালক মোঃ আব্দুল কাদের (৫৩) কে পরিকল্পিতভাবে হত্যা করে তার মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে কাভার্ডভ্যান ভর্তি এক কোটি টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী ছিনতাই করে চাঁদপুর নিয়ে আসে।

পরে সোমবার (১১ ডিসেম্বর) দুপুর প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম এর নির্দেশনায় এসআই মোঃ আবদুছ ছামাদ আজাদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড পূর্ব শ্রীরামদী দাসপাড়া চাঁদপুর নুরীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে সেলিম চৌধুরীর অটো গ্যারেজের সামনে রাস্তার উপর চোরাই গার্মেন্টস পণ্য আনলোড করাকালে ঢাকা মেট্রো-ট-১৭-০৫৩৫ নম্বরের একটি কাভার্ডভ্যান এবং ছিনতাইকৃত গার্মেন্টস পণ্যের মালিক হিসাবে উপস্থিত মোঃ রুবেল (২৭) কে পেয়ে কাভার্ডভ্যানে থাকা গার্মেন্টস পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদকালে সে সন্তোষ জনক জবাব দিতে না পারায় তাকে আটক করে।

জব্দকৃত ৩২৮ কার্টুন গার্মেন্টস পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা এবং কাভার্ডভ্যানের মূল্য ৪৫ লক্ষ টাকা। আটকৃত আসামী রুবেল নোয়াখালী জেলার সুধারাম থানার বন্দেরহাট আলী একাব্বর মাস্টার বাড়ীর হুমায়ুন কবিরের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর থানার ৩৭নং ওয়ার্ডের নিমতলা এলাকায় বসবাস করছেন। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামীদের শনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।

পরবতীর্তে ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে জানা যায়, জব্দকৃত কভার্ডভ্যান গাড়ী চালক নিহত মোঃ আব্দুল কাদের (৫৩) গাজীপুর সদর উপজেলার বালিয়ারা এলাকার মৃত হামেদ শেখ এর ছেলে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায়, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/আবদুছ ছামাদ আজাদ এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত অভিযান পরিচালনা করেন।

দুই দিনে পেঁয়াজের দাম কমেছে ৪০-৫০ টাকা

ডেস্ক রিপোর্ট:

নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করায় এবং ক্রেতারা পেঁয়াজ কেনা কমিয়ে দেওয়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে পেঁয়াজের দাম কমেছে ৩০-৫০ টাকা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানী কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজের বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি মুড়িকাটা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা, পুরান পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকা, রাজশাহীর পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে।

এই একই বাজারে গত দুই দিন আগে প্রতি কেজি নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৪০ টাকা, পাবনার পেঁয়াজ বিক্রি হয়েছিল ২০০ টাকা, রাজশাহীর পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৯৬ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৮০ টাকা দরে।

পেঁয়াজের দাম কমার কারণ জানতে চাইলে আব্দুল মান্নান নামের এক বিক্রেতা বলেন, বাজারে মুড়িকাটা পেঁয়াজ আসতে শুরু করেছে। নতুন এই পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এছাড়া পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারাও পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছিলেন। পেঁয়াজ যেহেতু পচে যায়, বেশিদিন রাখা যায় না। পেঁয়াজের দাম কমার এটিও একটি কারণ।

পেঁয়াজের দাম কমায় ব্যবসায়ীদের লোকসান হচ্ছে বলেও জানান তিনি।

আব্দুল মান্নান বলেন, দাম যখন বেশি ছিল তখন পেঁয়াজ কিনেছি। ক্রেতা না থাকায় সব বিক্রি করতে পারিনি। এখন দাম কমায় লোকসানে বিক্রি করতে হচ্ছে। ১৮০ টাকা কেজিতে পেঁয়াজ কিনে ১৫০-১৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে। লেবার খরচ দেওয়ার পর প্রতি কেজিতে লোকসান হচ্ছে ৩০-৩২ টাকা।

একই কথা বলেন আনিস নামের আরেক বিক্রেতা। তিনি বলেন, ১৮৮ টাকা করে পেঁয়াজ কিনে ১৭০ টাকায় বিক্রি করতে হচ্ছে। লোকসান হলেও বিক্রি করতে হবে৷ নইলে নষ্ট হয়ে যাবে। মুড়িকাটা পেঁয়াজ আসায় বাজারে দাম কমছে।

পেঁয়াজের দাম কমায় স্বস্তি প্রকাশ করলেও সন্তুষ্ট নন ক্রেতারা। তারা জানান, প্রতি কেজি পেঁয়াজ ৩০-৪০ টাকা হলে ভালো হতো। বাজারে প্রতিটি জিনিসেরই দাম বেশি৷

এদিকে পেঁয়াজের নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযান পরিচালনা করতে দেখা যায়। মঙ্গলবার সকালেও কারওয়ান বাজারে অভিযান চালায় একটি টিম। এ সময় বাড়তি দামে পেঁয়াজ বিক্রি, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ দেখাতে না পারা ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম বলেন, পেঁয়াজের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আজ ঢাকা মহানগরে ভোক্তা অধিদপ্তরের তিনটি টিম কাজ করছে। তারই অংশ হিসেবে আমি কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করলাম। এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দেখলাম, তারা পেঁয়াজ কোথা থেকে নিয়ে আসছেন, কোথায় বিক্রি করছেন এ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য সংরক্ষণ করছেন না। মূল্য তালিকাও দৃশ্যমান স্থানে প্রদর্শন করছেন না। এজন্য তিনজন ব্যবসায়ীকে ১৫ হাজার করো মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়েছে জানিয়ে তিনি আরো বলেন, যখন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো, তখন কোনো লেবার খরচ বাড়েনি। তারপরও অতি মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী এর দাম বাড়িয়ে দিয়েছে। তাদের আমরা মনিটরিং করছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় তিনি আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সরবরাহও বেড়েছে। আশা করি বাজার স্বাভাবিক হয়ে যাবে।

পেঁয়াজের বাজার অস্বাভাবিক বৃদ্ধির পর প্রতিদিন সারাদেশের বাজারে অভিযান পরিচালনা করে আসছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১১০ টাকার পেঁয়াজ বেড়ে দাঁড়িয়েছে ২৫০ টাকা। এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকায় হতাশ প্রকাশ করেছে ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।