All posts by jitu

আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন: নির্বাচন কমিশন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে যারা আপিল করছেন, তারা শতভাগ ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আপিল কার্যক্রমের চতুর্থ দিনে সাংবাদিকদের এ কথা বলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ছোটখাটো ভুলত্রুটি সমাধান করে প্রার্থিতা ফেরত পাওয়ার আবেদন করলে কমিশন বিবেচনা করবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, সেটা কমিশন বিবেচনা করবে, অ্যাডভান্স তো বলতে পারি না। কমিশন অবশ্যই ন্যায়বিচার করে তাদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে কিছু আপিল হয়েছে, সেগুলোর বিরুদ্ধে যদি প্রমাণ পান, তাহলে বাতিল করবেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই। আইনে আছে দেখেন, এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে আপিল।

আরপিওতে আছে, শুধু রিটার্নিং অফিসারের রিজেকশন না, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করা যাবে। সেটা অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধেও আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধেও আপিল হবে। যেহেতু আইনে আছে, কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়মতো হাজির হয়ে যদি তারা মনোনয়ন জমা দিতে না পারেন, তারা তো হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট যদি নির্দেশনা দেন, তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান, সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।

আচরণবিধি মেনে নিজ নির্বাচনী এলাকায় গেলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই নিজ নির্বাচনী এলাকায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া গেছেন তিনি।

গোপালগঞ্জে দুইদিনের সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া যান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌ আজ সকালে সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া যান।

জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে সড়কপথে গোপালগঞ্জ যান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টার কিছু আগে সীমিত গাড়িবহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় পৌঁছান। স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে আজ বিকেলেই সড়কপথে তার ঢাকা ফেরার কথা রয়েছে।

বলিউডে আজ জয়া আহসানের অভিষেক

ডেস্ক রিপোর্ট:

ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে অবস্থান করছেন ভারতে। আজ শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জিফাইভে মুক্তি পাবে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’।

গতকাল বৃহস্পতিবার দিল্লিতে তার প্রথম অভিনীত হিন্দি সিনেমা ‘কড়ক সিংয়ের প্রিমিয়ারে অংশ নিয়েছেন। সেখান থেকে মুম্বাই গেছেন দ্বিতীয় প্রিমিয়ার শোতে অংশ নিতে। আজ কলকাতায় এই সিনেমার প্রিমিয়ারেও অংশ নেবেন জয়া।

কড়ক সিং সিনেমায় জয়ার চরিত্রের নাম নয়না। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, আমি সবসময় ভিন্ন চরিত্রের সন্ধানে থাকি, বিশেষ করে যে চরিত্রগুলো আমার জন্য কমফোর্ট জোনে নয়। যেহেতু আমি হিন্দিভাষী অভিনেত্রী নই, তাই অবশ্যই এ সিনেমা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে কাজ করার ইচ্ছা আমার বরাবরই ছিল। তিনি তার সিনেমার গল্প এমনভাবে করেন যেটা আমাদের ভাবতে বাধ্য করে। সিনেমাটিতে যখন তিনি আমাকে সিলেক্ট করলেন, তখন একটা মিটিংয়ে সবাইকে নিয়ে বসলেন। আমাকে স্ক্রিপ্ট দেওয়া হলো। আমার চরিত্রের চ্যালেঞ্জগুলো ওই সময় আমি স্পষ্টভাবেই বুঝতে পারছিলাম। এ চ্যালেঞ্জের কারণেই আমি সিনেমাটা না বলতে পারিনি।

বলিউড অভিষেকের অভিজ্ঞতা নিয়ে জয়া আহসান বলেন, কড়ক সিং আমার প্রথম বলিউড প্রজেক্ট। আমি সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে এখানে এসেছি। একেবারেই নতুন আমি। সব মিলিয়ে বলা যায়, নবাগত ছিলাম আমি। কিন্তু এটা আমি কখনই অনুভব করতে পারিনি। সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কাজ করেছি।

কড়ক সিং সিনেমার গল্পটা মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে। মনস্তাত্ত্বিক জটিলতার সঙ্গে বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নির্মাণ করা হচ্ছে। সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার আবেগধর্মী গল্প দেখা যাবে এ সিনেমায়। এর গল্প লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। অনিরুদ্ধর অন্যান্য সিনেমার মতো এতেও থাকবে মানসিক দূরত্ব, জটিলতা, ব্যক্তিজীবনের গল্প ইত্যাদি।

হাইকোর্টে প্রতিকার না পেলে নির্বাচন কমিশনের কিছু করার নেই

ডেস্ক রিপোর্ট:

কেউ হাইকোর্টে প্রতিকার না পেলে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেছেন, সময়মতো হাজির হয়ে যদি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারেন, সেক্ষেত্রে হাইকোর্ট যদি সিদ্ধান্ত দেন, তবে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অশোক কুমার দেবনাথ বলেন, আগামীকাল (শনিবার-৯ ডিসেম্বর) আমাদের আপিল প্রক্রিয়া শেষ হয়ে যাবে। যারা আপিল করেছেন তারা এখান থেকে শতভাগ ন্যায়বিচার পাবেন।

তিনি বলেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিল করা মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

গার্মেন্টস সেক্টর নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গার্মেন্টস সেক্টর নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। নিজেদের বাণিজ্যিক স্বার্থে একটি মহল শ্রমিকদের ব্যবহারের পাঁয়তারা করছে। আমাদের অর্থনৈতিক স্বার্থে গার্মেন্টসের শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা সবার পুরোপুরি সহযোগিতা চাইছি। প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি মেনে ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্বাচনী এলাকায় গেছেন।

তিনি বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করতে ডিসি ও ওসিদের বদলি করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন থেকে আমাদের অনেক এমপি-মন্ত্রী কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। যা বিরল।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে দুই মাদক সেবীর কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় দুই মাদক সেবীকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের একশত টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত আবুল হোসেন (৬১) সদর উপজেলার ধর্মপুর গ্রামের সেকান্দার মিয়ার ছেলে ও মো.মোহন (২৬) নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার ছেলে।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.বায়েজীদ বিন আখন্দ
ও এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আব্দুল হামিদের নেতৃত্বে সদর উপজেলার ধর্মপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক সেবী আবুল হোসেন ও মোহনকে (২৬) আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কোটিপতি স্ত্রীর সম্পদের তথ্য গোপন করলেন একরামুল করিম চৌধুরী

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নগদ টাকা কিংবা বৈদেশিক মুদ্রা নেই। স্ত্রীর নামেও নেই স্থাবর-অস্থাবর সম্পত্তি কিংবা কোনও টাকা-পয়সা। অথচ চার বছর আগে কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার সময়ে তার স্ত্রী কামরুন নাহার শিউলী হলফনামায় উল্লেখ করেছিলেন, তিন কোটি টাকার বেশি সম্পদ রয়েছে তার।

এবার নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় স্ত্রীর সেই সম্পদের তথ্য গোপন করেছেন একরামুল করিম। তবুও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামায় দেওয়া এসব তথ্যের কথা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান।

হলফনামায় একরামুল করিম উল্লেখ করেন, তার আয়ের প্রধান উৎস ব্যবসা। বছরে কৃষিখাত থেকে আয় দুই লাখ ৮০ হাজার টাকা, বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান ও অন্যান্য ভাড়া বাবদ পান ২০ লাখ ৩১ হাজার টাকা, ব্যবসা থেকে আয় এক কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ৫৮৭ টাকা এবং সংসদ সদস্য হিসেবে ছয় লাখ ৬০ হাজার টাকা বেতন-ভাতা পান।

অস্থাবর সম্পদের মধ্যে নিজের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে দুই কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৬৮৮ টাকা। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ ৮৩ লাখ ১৪ হাজার টাকা। বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেল রয়েছে এক কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ২০২ টাকার।

এছাড়া ৯৩ হাজার ৬০০ টাকার স্বর্ণালঙ্কার, তিন লাখ টাকার ইলেকট্রনিকস সামগ্রী, চার লাখ ১৫ হাজার টাকার আসবাবপত্র ও তিন কোটি এক লাখ ৪৮ হাজার ৬৮৮ টাকার অন্যান্য সম্পদ রয়েছে তার।

স্থাবর সম্পদের মধ্যে নিজের নামে এক কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৮০ টাকার কৃষিজমি, ১১ লাখ ২৯ হাজার টাকার অকৃষি জমি, ১০ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৩১০ টাকার দালান, ১৩ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৮৩৫ টাকার বাড়ি ও অন্যান্য সম্পদ রয়েছে ১১ হাজার টাকার।

তবে হলফনামায় একরামুল করিম চৌধুরীর ওপর নির্ভরশীল ও স্ত্রীর নামে কোনও স্থাবর-অস্থাবর সম্পদের কথা উল্লেখ করেননি। তার স্ত্রী কামরুন নাহার শিউলী বর্তমানে কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা পরিষদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করেছিলেন।

২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহার শিউলী হলফনামায় উল্লেখ করেছিলেন, তিনি শিপিং এজেন্ট, বার্থ অপারেটর ও ট্রান্সপোর্টের ব্যবসায় জড়িত। ব্যবসা থেকে তার বছরে আয় ৮৭ লাখ ৫০ হাজার ৯২৮ টাকা। এছাড়া শেয়ার/সঞ্চয়পত্র/আমানত থেকে বছরে আয় এক লাখ ৩০ হাজার ৭০৩ টাকা, নিজের পেশা থেকে আয় চার লাখ ৮০ হাজার টাকা ও অন্যান্য খাতে আয় ৯ লাখ ৪ হাজার ৬৬ টাকা। নিজের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে তিন কোটি টাকার ওপরে সম্পদ রয়েছে তার।

হলফনামায় স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদের তথ্য না থাকার বিষয়ে জানতে চাইলে একরামুল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‌এটি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমি সাংবাদিককে কেন এই তথ্য দেবো? এ বিষয়ে কোনও কথা বলতে চাই না। হলফনামা নির্বাচন কমিশন দেখবে।

নৈশ প্রহরীকে হত্যা করে ২ স্বর্ণ দোকানে ডাকাতি, ৩ কোটি টাকার স্বর্ণ লুট

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারে ২টি স্বর্ণের দোকানে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল শহীদ উল্যাহ (৫০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর রাতের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারে এ ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে।

নিহত শহীদ উল্যাহ ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের আব্দুল হকের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী মা-মনি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ জানান, শুক্রবার ভোর রাতের দিকে ৪০-৫০ জনের একদল ডাকাত ভোর ৩ থেকে ৪টার মধ্যে পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতি করতে আসে। ওই সময় তারা নূর জুয়েলার্স, মা-মনি জুয়েলার্স গ্রীল কেটে ডাকাতি করে। ডাকাত দল মা-মনি জুয়েলার্সর স্বর্ণের লকার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কেটে ২৫০ ভরি স্বর্ণ,১৫০ ভরি রুপা ও নগদ আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

মেসার্স নূর জুয়েলার্সের মালিক নুর আলম জানান, একই সময়ে নূর জুয়েলার্স থেকে ৭ ভরি স্বর্ণ, আড়াইশ ভরি রুপা লুট করে নিয়ে যায়। জানা যায়, শরীফ ক্লথ স্টোরের মালিক চালানে যাওয়ার সময় ডাকাত দল তার থেকে নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন রবেন্স জানায়, ডাকাতির সময় বিষয়টি টের পেয়ে ডাকাতদের প্রতিহত করতে চেষ্টা নৈশ প্রহরী শহীদ উল্যাহ। ডাকাত দল তাকে মাথায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ডাকাত দল নৈশ প্রহরীকে মাথায় আঘাত করে। পরে অতিরক্তি রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

অপর এক প্রশ্নের জবাবে ওসি রফিকুল ইসরাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ডাকাত দল ডাকাতি করার সময় নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। তাদের ডাকাত দলে এক ইউপি সদস্যও ছিল বলে ধারণা করা হচ্ছে।

দেবিদ্বারে নৌকা প্রতীকের সমর্থনকারীদের উদ্দেশ্যে এমপি রাজি ফখরুলের বিবৃতি

স্টাফ রিপোর্টার :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেবিদ্বারের নৌকা প্রতীকের সমর্থনকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে দেবিদ্বারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেই সুন্দর পরিবেশ নষ্ট করতে একটি মহল তৎপর।

আমার সকল নেতাকর্মীদের প্রতি কোন প্রার্থীকে নিয়ে বিরুপ মন্তব্য কিংবা কাউকে উদ্দেশ্য করে কোন হুমকি না দেওয়ার আহবান করা হলো। এগুলো স্পষ্টত নির্বাচনী আইনের লঙ্ঘন।

পরিস্থিতি অবনতি হয় এমন কোন সাংঘর্ষিক কাজে তথা নির্বাচনী আইন ভঙ্গ হয় এমন কোন কাজে কেউ জড়াবেন না। সকলের সহনশীল ভূমিকা প্রত্যাশা করছি। আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। নোংরা ও কুটকৌশল অবলম্বন করে প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতিকে আমি ঘৃণা করি। আমার বিশ্বাস দেবিদ্বারবাসি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে আমাকে পুনরায় নির্বাচিত করবেন।

প্রতিপক্ষ যদি কোন বিশৃঙ্খলা কিংবা অনৈতিক কাজে জড়িত হয় তাহলে তথ্যপ্রমাণ সংগ্রহ করবেন, যেন নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়।

আবারও সকলকে সংযত ও নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

মাস্টারকার্ডের মধ্যে ইলেক্ট্রনিক ডিভাইসসহ আটক ৩৫

ডেস্ক রিপোর্ট:

প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অভিনব উপায়ে তৈরি মাস্টারকার্ডের মধ্যে ইলেক্ট্রনিক ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় চক্রের পাঁচ মূলহোতা ও ৩০ পরীক্ষার্থীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

শুক্রবার (৮ ডিসেম্বর) গাইবান্ধা সদরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র নিয়োগ পরীক্ষা চলাকালীন থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২২টি ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ১৯টি ব্লুটুথ ডিভাইস ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন অভিনব উপায়ে তৈরি মাস্টারকার্ডের মধ্যে ইলেক্ট্রনিক ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় চক্রের পাঁচ হোতা ও ৩০ পরীক্ষার্থীসহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এক ঘণ্টার এ পরীক্ষা (এমসিকিউ) চলে বেলা ১১টা পর্যন্ত। প্রথম ধাপে রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ১৮ জেলায় একযোগে পরীক্ষার হলে বসেন চাকরিপ্রার্থীরা।

জেলাগুলো হলো, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। এসব জেলায় মোট কেন্দ্র ৫৩৫টি আর পরীক্ষার কক্ষ ছিল আট হাজার ১৮৬টি।

প্রথম ধাপের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। এ ধাপে বরিশাল, রংপুর ও সিলেট বিভাগের ৭২ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী- ৩ বিভাগের সরকারি প্রাথমিকে শূন্য পদ রয়েছে দুই হাজার ৭৭২টি। সেই হিসাবে প্রতি পদের বিপরীতে লড়ছেন ১৩০ জন। তবে কোটা সুবিধার কারণে নারী প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে এগিয়ে থাকবেন।