All posts by jitu

রাজধানীর গুলিস্তানে ভিক্টর পরিবহণে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় ভিক্টর পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আমরা দুপুর ২টা ৫২ মিনিটে খবর পেয়েছি ফুলবাড়িয়া বাস টার্মিনালের পাশে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। কাছের ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর হাতে ‘এশিয়া ক্লাইমেট মবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ অ্যাওয়ার্ড

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘এশিয়া ক্লাইমেট মবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি এ অ্যাওয়ার্ড তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জলবায়ু বিষয়ে কর্মকাণ্ডে নেতৃত্বের কণ্ঠস্বর হিসেবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিযুক্ত মানুষের পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে আইওএম এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা।

গত শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলন-কপ ২৮ এর সাইডলাইনে একটি উচ্চস্তরের প্যানেল অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন-আইওএম মহাপরিচালক অ্যামি পোপের কাছ থেকে ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।

কপ-২৮ এ বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান তথ্যমন্ত্রী ও পরিবেশবিদ ড. হাছান মাহমুদ এ সময় ‘অভিযোজন এবং সহনশীলতার জন্য জলবায়ু গতিশীলতাকে বাগে আনা’ শীর্ষক উচ্চ-স্তরের এ প্যানেল অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

জলবায়ু গতিশীলতার বিষয়টিকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনার মূলধারায় আনার এখনই উপযুক্ত সময় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ক্লাইমেট মোবিলিটি সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুজনিত কারণে বাধ্য হয়ে অভিবাসন এবং বাস্তুচ্যুতির দিকটি বিশ্ব নেতৃবৃন্দের তীক্ষ্ণ দৃষ্টিতে নিয়ে আসেন।

এর আগেও বাংলাদেশ গত কয়েক বছর ধরে ঢাকায় আইওএমের সহযোগিতায় আয়োজিত দুটি সংলাপ এবং গত বছর মিসরের শার্ম এল শাইখে কপ ২৭ এ বিষয়টি তুলে ধরেছে বলে জানান হাছান মাহমুদ।

কুমিল্লার ৫ আসনে ২৮ জনের মনোনয়ন বৈধ, ২৬ জনের বাতিল ও ৯ জনের স্থগিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ১১ টি আসনের মধ্যে  রবিবার ০৫ টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। মোট ৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাইয়ে মনোনয়ন বৈধতা পেয়েছে ২৮ জন। বিভিন্ন কারণ দেখিয়ে মোট ২৬ জনের মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। স্থগিত রাখা হয়েছে ৯ জনের মনোনয়ন পত্র ।

বাতিলের তালিকায় এসব আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রয়েছে। এর মধ্যে ১০ জন আওয়ামী লীগের হেভি ওয়েট স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানা গেছে,  কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র  প্রার্থী ব্যারিষ্টার নাইম হাসানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সবুর সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-০২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র আবদুল মজিদ, শাহ আলম খন্দকার ও জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলামসহ ০৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আওয়ামীলীগ স্বতন্ত্র শফিকুল আলমের মনোনয়ন যাচাই বাছাইয়ের ফল স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমদ মেরি সহ ০৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, রফিকুল ইসলাম ও রুহুল আমিন সহ ০৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়েছে ০৩ জনের মনোনয়ন পত্র। বৈধতা পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন সহ ০৩ জন।

কুমিল্লা- ০৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খন্দকারের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগের স্বতন্ত্র আবুল কালাম আজাদসহ ০৫ জন মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফলাফল স্থগিত রাখা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলসহ ০৮ জন বৈধতা পেয়েছেন।

কুমিল্লা-০৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবু জাহের, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর খান চৌধুরী সহ ০৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেমসহ ০৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

নোয়াখালী-৪ বিকল্পধারার আবদুল মান্নান ও নোয়াখালী-৩, এ মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে ঋণ খেলাপির দায়ে বিকল্পধারার মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে নোয়াখালী-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মেজর (অবঃ) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

অপরদিকে, দুপুর ২টার দিকে নোয়াখালী-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে অবরোধ-সমর্থকদের হামলা, আহত-৫

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একুশে পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে অবরোধ-সমর্থকেরা। এতে বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়।

রোববার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন একুশে পরিবহনের চেয়ারম্যান অহিদ উদ্দিন মুকুল। তিনি বলেন, অবরোধ -সমর্থকদের হামলায় বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে একই গাড়িতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সোনাপুর বাস টার্মিনাল থেকে ২৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে একুশে পরিবহনের একটি বাস রওয়ানা দেয়। যাত্রা পথে বাসটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দত্ত বাড়ির মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে আকস্মিক বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে অবরোধের সমর্থকেরা। ওই সময় বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়।

অপরদিকে, জেলার সদর উপজেলার রশীদ কলোনী, গোদার মসজিদ, কর ভবন, নোয়া কনভেনশন হলের সামনে অবরোধের সমর্থনে ছোট ছোট বিক্ষোভ মিছিল করে অবরোধের-সমর্থকেরা। এ ছাড়াও বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ব্যাংক রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ নিয়মিত মামলা ও ওয়ারেন্টমূলে ১০জনকে গ্রেপ্তার করেছে।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন,দুর্বৃত্তরা সড়কের পাশের একটি গলি থেকে চলন্ত বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে।এতে বাসের ৩-৪টি গ্লাস ভেঙ্গে থাকা একজন যাত্রী আহত হয়।

কবিতা: তুমি আছ তাই

ইয়াছিন আরাফাত:

তুমি আছ তাই
ভালোবাসা চাই।
তুমি না থাকিলে
কেমন করে পাই।

তোমারই জন‍্য
আমারই জন্ম,
সুন্দর এই পৃথিবীতে।

তুমি ভালো আছ
তোমার ঐ পুরনো পরিবারে।
আমারই পরিবারে আসলে হবে
এক নতুন সংসার গড়ে।

সংসার যদি হয় ভালো
সংসার হবে আরো।
তাইতো মনে প্রাণে বেসেছি তোমায় ভালো।
যাতে আলোকিত ঘরে
সংসার গড়তে পারি আরো।

একথা যদি হয় ভালো
তাহলে বিয়ে করার সময় দেখবেন না, মেয়ে সুন্দর না কালো।
যদি হয় চরিত্র ভালো
তবে সেই কালো হলেও আধার ঘরের আলো।
তাই দেখে শুনে করবেন বিয়ে
যাতে মেয়ে পান ভালো।

কবিতা: প্রকাশের জন‍্য

ইয়াছিন আরাফাত:

নারী তুমি হও না কেন লজ্জাবতী কাটার মতো?
স্পর্শ করার দরকার নাই তো হাজার লক্ষ কোটি শত,
একটুখানি স্পর্শ লাগলেই গুটিয়ে নিবে নিজেকে নিজের মত।

নারী তুমি ভেবে দেখ, ব‍্যভিচার করতেছ কত?
পাপাচার করেই চলেছ অবিরত।

আল্লাহর কাছে কেন করতেছ না মাথা নথ?
এভাবে করে যাবে কি নিজেই নিজের ক্ষত?
হে নারী সময় থাকতেই মেনে চল ইসলামের ব্রত।

যে কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন নায়িকা ববি

ডেস্ক রিপোর্ট:

এক যুগেরও বেশি দীর্ঘ ক্যারিয়ার ঢাকাই ছবির নায়িকা ইয়ামিন হক ববির। তার সময়ের অন্য নায়িকারা প্রায় সবাই বিয়ে করলেও এখনো সিঙ্গেল ববি। তবে বিয়ের কথা ভাবতেই নাকি তার ভয় লাগে।

বিয়ের বিষয়ে ববি বলেন, বিয়ের কথা ভাবলে ভয় লাগে। আমার পরিবার বেশ রক্ষণশীল। মা আমাকে খুব শক্তভাবে বলেছেন যে, বিয়ে একবারই হয়। আর একবার হয়ে গেলে তা যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। তাই আমার খুব ভয় লাগে যদি জীবনসঙ্গী হিসাবে এমন কেউ আসে যে আমাকে দাবিয়ে রাখছে, তখন কী করব। এ ভয়ের কারণেই আমি বিয়ে এড়িয়ে যাচ্ছি।

তিনি বলেন, মা ও বোন আমার বিয়ে দেওয়ার জন্য একদম প্রস্তুত। এমনকি সুযোগ পেলে পাত্রের খবরও দিতে চায় তারা। কিন্তু আমি কাজের প্রতিই নিবেদিত।

নতুন ছবির শুটিং নিয়ে তিনি বলেন, সব সময় তো আর শুটিং নিয়ে থাকি না। মাঝে মাঝে নিজেকে আর পরিবারকেও সময় দিই। পরিবারকে সময় দিতেই অস্ট্রেলিয়া যাচ্ছি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফিরব। ফেরার পর দুটি সিনেমার কাজ শুরু হবে। একটির নাম ‘ইনসান’। এ সিনেমার বাকি তথ্য শুটিং শুরুর পর জানাব। অন্য সিনেমার নাম ‘খোয়াব’। মার্চে সৈকত নাসিরের পরিচালিত ‘মাস্টারমাইন্ড’ নামে একটি সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা আছে। তবে আগের মতো এখন বছরে ছয়-সাতটি সিনেমা করতে চাই না। দুই-তিনটি কাজ করব। মূল কথা এখন কাজের মানের দিকেই বেশি নজর দেব। ভিন্নধর্মী গল্প, অন্যরকম চরিত্র, যেগুলোতে আমার দর্শক আমাকে দেখতে চায়, সেগুলোই প্রাধান্য দেব।

ট্রেনের ধাক্কা পুলিশ ভ্যান চুরমার, কনস্টেবল নিহত

ডেস্ক রিপোর্ট:

জামালপুরে রেলক্রসিং অতিক্রম করার সময় পুলিশের একটি ভ্যানে ট্রেনের ধাক্কায় আহসান হাবিব নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।

রোববার ভোর ৫টার দিকে শহরের শেখেরভিটা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশের ওসি মাহাবুর রহমান।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন রোববার (আজ) ভোর ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকা অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অপর পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রোববার সকাল পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দাউদকান্দিতে এক ব্যক্তিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে পূর্বশত্রুতার জেরে মো: দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকাল আনুমানিক ৫ টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের একটি গল্লিতে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে।

আহতের বড় ভাই মো: আক্তার হোসেন জানান, পশ্চিশ বাজারে একটি গলিতে বসে চা খাচ্ছিলেন ছোট ভাই দেলোয়ার হোসেন। ৮-১০ জন এসে তার উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আসাদুজ্জামান জানান,পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।