All posts by jitu

ইসরাইলের সমালোচনা করে তোপের মুখে আমেরিকান মডেল গিগি

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনি-আমেরিকান সুপার মডেল গিগি হাদিদ বলেছেন, ইসরাইলই একমাত্র দেশ যারা শিশুদের যুদ্ধবন্দি করে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

তবে ইসরাইল-হামাসের সংঘাতের প্রেক্ষাপটে এমন মন্তব্যের জেরে ক্ষোভের মুখে পড়েছেন গিগি হাদিদ। যদিও পরে পোস্টটি তিনি মুছে ফেলেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সি ফিলিস্তিনি-আমেরিকান সুপার মডেল বরাবরই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে সোচ্চার। গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের আগে তিনি ওই পোস্টে বলেন, ফিলিস্তিনিদের হত্যা, নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও নিপীড়ন করে আসছে ইসরাইল।

তিনি লেখেন, ইসরাইল বিশ্বের একমাত্র দেশ যারা শিশুদের যুদ্ধবন্দি করে রাখে। সেখানে আহমেদ আলমানসরা নামের ১৩ বছরের ফিলিস্তিনি সম্পর্কে এমন কথা বলা হয়।

মার্কিন সংবাদমাধ্যম অনুসারে, আলমানসরা ও তার ভাই ২০ বছর বয়সি এক নিরাপত্তারক্ষী ও ১৩ বছর বয়সি ছেলেকে ছুরিকাঘাত করার পর ইসরাইলি পুলিশ গ্রেফতার করে। তার ১২ কারাদণ্ড হয় এবং পরে তা কমিয়ে সাড়ে ৯ বছর করা হয়।

তবে গিগি হাদিদের দাবি, গুরুতর স্বাস্থ্য সমস্যার মাঝেও দখলদার ইসরাইল আলমানাসরাকে অপহরণ করেছে ও নির্জন কারাবাসের রেখেছে। এভাবে শত শত ফিলিস্তিনি শিশুবন্দি ইসরাইলি কারাগারে ভুগছে।

গিগি হাদিদের রিপোস্ট করা এক ভিডিওতে দাবি করা হয়, স্বাস্থ্য কর্মকর্তারা স্বীকার করেছেন যে, ইসরাইলি কর্তৃপক্ষ সম্মতি ছাড়াই বছরের পর বছর ধরে মৃত ফিলিস্তিনিদের অঙ্গ সংগ্রহ করছে।

হাদিদের অবস্থান সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সৃষ্টি করেছে। বেশ কয়েকজন ব্যবহারকারী মডেলিং এজেন্সি আইএমজি-কে এ সুপার মডেলের সঙ্গে চুক্তি বাতিলের দাবি তুলেছেন।

চট্টগ্রাম অনূর্ধ্ব -১৮ জেলা দলকে হারিয়ে কুমিল্লা জেলা ফাইনালে

সালাহ উদ্দিন সোহেল:

শেখ কামাল জেলা ভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্টের  সেমিফাইনালে  চট্টগ্রাম অনূর্ধ্ব -১৮ জেলা দলকে  ৩৩ রানে পরাজিত করে কুমিল্লা অনূর্ধ্ব ১৮ জেলা দল ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলার পক্ষে মোঃ হোসেন ৫৩ রান  করেন ও হাদিদ হোসেন মনির  চার উইকেট  পেয়েছেন। কুমিল্লা জেলা দল প্রথমে ব্যাট করে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম জেলা দল ১২৬ রানে অলআউট হন।

খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির ,কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন , সহ-সাধারণ সম্পাদক সোহাগ ,  গায়ক আসিফ আকবর, কোচ ফয়সাল হোসেন ডিকেন্স , কোচ ওয়াসেল উদ্দিন আহমেদ, কোচ জাহান , শামীম , রাসেল, কোচ টিপু, কোচ পিন্টু, কোচ আতিক উপস্থিত থেকে  খেলা উপভোগ করেন।

চান্দিনায় ৫শ টাকার জন্য বৃদ্ধ হত্যার ঘটনায় আটক ২

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় হাঁস বিক্রির ৫শ টাকা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে আলী হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা মহানগরীর চৌধুরীপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মঞ্জুর আলম।

আটককৃতরা হলেন- চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামের জামাল হোসেন এর ছেলে মোকতার হোসেন (৩৩) ও একই গ্রামের আমান আলীর ছেলে মো. ইদ্রিস (২৪)।

জানা যায়, ২৭ নভেম্বর (সোমবার) হাঁস বিক্রির ৫শ টাকা দালালির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের হামলায় হাঁস বিক্রিতা আলী হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটে। ওই ঘটনায় নিহতের ছেলে হানিফ বাদী হয়ে ৪জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা কান্ডের পর অভিযুক্তরা আত্মগোপন করে। পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে ২ আসামীকে আটক করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই) মঞ্জুর আলম জানান, ঘটনার পরপর আসামীদের গ্রেফতারে আমরা তৎপর থাকি। ২৪ ঘন্টার মধ্যেই দুইজনকে কুমিল্লা থেকে আটক করিছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছি। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নির্বাচন আচরণবিধি না মেনে শোডাউন করে নির্বাচনী এলাকায় আসলেন এমপি প্রাণ গোপাল !

 

স্টাফ রিপোর্টার:
নির্বাচন আচরণবিধি না মানার অভিযোগ উঠেছে  অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপির বিরুদ্ধে।

ঢাকা থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর শোডাউন করে নিজ নির্বাচনী এলাকায় আসলেন  অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। পরে দলীয় নেতা-কর্মী নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। যদিও প্রতীক বরাদ্দের পূর্বে শোডাউন, সভা-সমাবেশ নিষিদ্ধ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে সহস্রাধিক মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।

বেলা ১২ টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার তাপস শীল এর হাত থেকে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র মফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইঞ্জি. আব্দুল আউয়াল, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, মাধাইয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।

এ বিষয়ে কুমিল্লা জেলার  সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান  আজকের কুমিল্লাকে  জানান,  প্রতিক বরাদ্দের পূর্বে  শোডাউন-প্রচারণা নিষেধ রয়েছে। কেউ অভিযোগ করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।

কুমিল্লা-১ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুরের সাথে জনপ্রতিনিধি ও তৃণমূল নেতাকর্মীরা মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় দাউদকান্দি ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঘরোয়া ভাবে ‘জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীদের মুখোমুখি আওয়ামী লীগের প্রার্থী’ সভায় ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জনপ্রতিনিধিরা তৃণমূলের প্রাণ ও অন্যতম শক্তি। তাঁরাই সরকারের উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দেয়। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়েছেন শুধু তা বহন করে আপনাদের কাছে নিয়ে আসার জন্য। এই নৌকা জনতার। জনগণই সত্যিকারের ক্ষমতার মালিক। আপনাদের সাথে নিয়েই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এক ক্ষুদ্র কর্মী হিসেবে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

সভায় কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজি বলেন, জনপ্রতিনিধিদের আজকের এই উপস্থিতি প্রমাণ করে জনপ্রতিনিধিরা তাঁদের আস্থা, বিশ্বাস, ভালবাসা এবং কাঙ্ক্ষিত জননেতা পেয়েছেন। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থীকেই বাছাই করেছেন।

দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন বলেন, আওয়ামী লীগের কর্মী বা নেতা কখনোই স্বতন্ত্র প্রার্থী হতে পারে না। নৌকা মার্কার বিপরীতে নির্বাচন করা মানেই বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যাওয়া। সবাইকে আহবান করবো আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সাথে কাজ করতে।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও সাংবাদিক নেতা জাকির হাজারী বলেন, দীর্ঘদিন দাউদকান্দি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝিমিয়ে ছিল। ইঞ্জিনিয়ার আবদুস সবুর আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ঝিমিয়ে পড়া তৃণমূল কর্মীরা আজ উচ্ছ্বাসিত ও উজ্জীবিত।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম কেরামত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল,সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক ছাত্তার তালুকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির নেওয়াজ সোহেল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার,দাউদকান্দি পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, জিংলাতলী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল আহমেদ, গোয়ালমারী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান প্রধান, সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম মিয়াজি, মারকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিল তালুকদারসহ দাউদকান্দির বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং পৌরসভার কাউন্সিলবৃন্দ।

তারেক রহমানকে অপছন্দকারীরা নির্বাচনে আসতে নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না তারা নির্বাচনে আসতে নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি নির্বাচনে না এলে তো নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে না। সাংবাদিকদের এ কথার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে তথ্য আছে যে, তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছে না এবং তারেকের নেতৃত্ব মানতে যাদের কষ্ট হচ্ছে, তারা নির্বাচনে আসবে বলে আমরা জানি। নির্বাচনে আসার জন্য তারা এরইমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মও তৈরি করেছে। আপনারা দেখেছেন, বিএনপির যে নেতৃত্ব, তা দলটির অনেকের পছন্দ না। যে কারণে তারা নতুন দল করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে। আবার বিএনপিরও অনেকেই প্রার্থী হওয়ার চেষ্টা করছে বলে জেনেছি।’

তিনি বলেন, ‘বিএনপির কথিত চেয়ারপারসন তারেক রহমান রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছিলেন। এখন আবার তিনি রাজনীতির মাঠ গরম করছেন। তিনি একেক সময় একেক ঘোষণা দিচ্ছেন। ২৮ অক্টোবর সরকার পরিবর্তন হবে, তারপর বিএনপি যেভাবে চাইবে সেভাবেই দেশ চলবে— এমন ঘোষণাও দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘মানুষ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন তারা নিশ্চিত যে কোনোদিন নির্বাচনে আসতে পারবে না। যে কারণে তারা কুৎসা রটাচ্ছে ও অবান্তর কথা বলে যাচ্ছে। একটা কথা জোর দিয়ে বলতে পারি, নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী সঠিক সময়ই নির্বাচন হবে। দেশের মানুষের মধ্যে উৎসবের আমেজ চলে এসেছে। সবাই নিজেদের প্রার্থীকে কীভাবে বিজয়ী করা যায়, সেগুলো নিয়ে চিন্তা করছে। কে নির্বাচনে আসল না, বা কে কী বলল, তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই।’

নির্বাচনে লেভেল-প্লেয়িং ফিল্ড আছে কি না, জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারা দেখবেন, সেটি আছে কি না। রাজনৈতিক দলগুলো তো প্রচার-প্রচারণা চালাবেই। সবাই প্রচারণায় নামবে। তারা নিজেদের প্রার্থী নিয়ে আনন্দ করবে, উৎসব করবে।’

কিন্তু বিএনপি নেতারা তো কারাগারে, এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তাদের যতগুলো নেতা কারাগারে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তারা ভাঙচুর করেছে। বাস জ্বালিয়েছে ও মানুষ পুড়িয়েছে। এসব ঘটনা আমরা শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করেছি ও তারা গ্রেপ্তার হয়েছে। এছাড়া, তারা বিভিন্ন সময়ে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

নির্বাচনকে ঘিরে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পাইনি। আর নাশকতা কেবল বাংলাদেশের মানুষ না, বিশ্বের কোনো সভ্য দেশের মানুষ পছন্দ করেন না। যতই নাশকতা করবে, ততই জনবিচ্ছিন্ন হবে। এতে তাদের ভাগ্যে জনসমর্থনের চেয়ে ধিক্কার জুটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষ সেটিই চাচ্ছে। সেই আলোকিত বাংলাদেশ থেকে কেউ আর অন্ধকারে ফিরে যেতে চাচ্ছে না। নির্বাচনে নিজেদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে মানুষ তৈরি হয়ে আছে।’

হরতাল-অবরোধ স্বাভাবিক হয়ে গেছে। বিএনপি এখন কঠোর আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে। এ বিষয়ে মতামত জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই কঠোর আন্দোলন কী আমি জানি না। আমরা তো দেখলাম তারা ট্রেনের লাইন কাটার জন্য গিয়েছিল। পরে জনগণ তাদের ধরিয়ে দিয়েছে। বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে জনগণ তাদের ধরে পুলিশে দিয়েছে। এতে প্রমাণ হয় যে, দেশের মানুষ সহিংসতা পছন্দ করে না। যেখানে জনসমর্থন নেই, সেখানে এ ধরনের চিন্তা কাম্য নয়।’

নির্বাচনে সহিংসতার হলে আগাম প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘আমি আগেই বলেছি, নির্বাচনে পরাজিত হবে জেনেই তারা আসছে না। ২০০৮ সালে তারা ৩০টি আসন পেয়েছিল। ২০১৪ সালে তারা নির্বাচনে আসেনি। তারপরে জ্বালাও-পোড়াও করল। তারা সারা বাংলাদেশে অগ্নিসন্ত্রাস করেছে।’

দেবিদ্বারে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

মোঃ জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বারে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. ময়নাল হোসেন (৩০) নামে এক পথচা‌রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চ‌লিক মহাসড়কের চাঁপানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নাল হো‌সেন দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে একটি লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পথচারী ময়নাল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পা‌শে ছিটকে পড়েন। এসময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গে‌লে চালক ও অপর দুই যাত্রী আহত হন।

সাইলচর গ্রামের স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, প্রতিদিনের মতো ময়নাল হোসেন বাড়ি থেকে বের হয়ে ট্রাক্টরের কাজে যাচ্ছিলেন। তিনি সড়কের এক পাশে দাঁড়ালে কুমিল্লা থেকে আসা লাশ বহন করা একটি অ্যাম্বুলেন্স ময়নাল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থ‌লেই মারা যান। অ্যাম্বুলেন্সটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা যাওয়ার পথে চাঁপানগর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বেনু দাশ বলেন, ভোর সাড়ে ৫টায় দিকে কসবাগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ময়নাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।

দাউদকান্দিতে বিনামূল্যে সার ও বীজ পেলো ৩ হাজার কৃষক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিনুল হাসান । এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানান, ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৩হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপিসহ জনপ্রতি ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।

চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজা সহ আটক ২, মিনি কাভার্ডভ্যান জব্দ

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো,কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার উজিরপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত অলি উল্লাহর ছেলে মো: শফিক প্রকাশ মনা (৪২) ও নোয়াখালী জেলার সদর (সুধারাম) থানার পৌরসভাধিন ওয়াবদা কলোনীর পাশের ছোট শ্রীরামপুর গ্রামের মৃত এমরান হোসেনের ছেলে মো: দেলোয়ার হোসেন টিটু (৪৫)। বর্তমানে তারা উভয়ই চট্টগ্রামের শহরের পাঁচলাইশ ও বায়েজীদ থানা এলাকায় বসবাস করছে বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দসের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক বল্লভ মজুমদার ও সঙ্গীয় ফোর্স সহ সোমবার রাত আনুমানিক পৌঁনে নয়টায় উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা সহ চিহৃত মাদক ব্যবসায়ী মনা ও টিটুকে আটক করে।

এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-০৮৪৩) জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আটককৃত ২নং আসামী মো: দেলোয়ার হোসেন টিটুর বিরুদ্ধে এর আগেও ১টি মাদক ও ১টি প্রতারণার মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের অভিযানে আলকরার সোনাইছা এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও একটি মিনি কাভার্ডভ্যান সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান হিসেবে এবিএম এ বাহার এর দায়িত্ব গ্রহণ

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপজেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবদায়িত্বপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এবিএম এ বাহারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, বাতিসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শুভপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো: সেলিম মেম্বার, বাতিসা ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আলী আজগর কিরণ প্রমুখ।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার বলেন, ‘চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়নের রূপকার, চৌদ্দগ্রামের আপামর জনতার প্রাণের স্পন্দন, সাবেক সফল রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয় নেতা মুজিবুল হক মুজিব এর কাছে আমি চিরকৃতজ্ঞ। প্রিয় নেতা মুজিবুল হক মুজিব এর বদৌলতে চৌদ্দগ্রামবাসীর ভালোবাসা পেয়ে আজ আমি ধন্য। উপজেলা পরিষদের সকল দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারি এবং একটি উন্নত-সমৃদ্ধ চৌদ্দগ্রাম গঠনে ভূমিকা রাখতে পারি সেজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।’ এ সময় তিনি আগামী ৭ জানুয়ারি অুনষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মো: মুজিবুল হক মুজিব এর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এর আগে এবিএম এ বাহার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও বেশ সুনামের সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ কর্মী ও সদালাপী মানুষ হিসেবে সমগ্র উপজেলায় সমাদৃত ও সর্বজন স্বীকৃত।