All posts by jitu

আরও ৩৩ বন্দির মুক্তি দিলো ইসরায়েল, ১১ জনকে ছাড়ল হামাস

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি বন্দি। হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া চারদিনের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে চতুর্থ দফায় এই ৩৯ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে হামাস গাজা থেকে আরও ১১ বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে বন্দিদের ফিরিয়ে আনার জন্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে আরও ৩৩ ফিলিস্তিনি বন্দিকে ‘রাতে’ মুক্তি দেওয়া হয়েছে বলে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ মঙ্গলবার ভোরে জানিয়েছে।

সর্বশেষ এই বন্দি মুক্তির ফলে যুদ্ধবিরতির চার দিনে ইসরায়েলের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোট ফিলিস্তিনি বন্দির সংখ্যা ১৫০ জনে পৌঁছেছে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজা উপত্যকা থেকে ১১ জন বন্দিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস মুক্তি দিয়েছে। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘রেড ক্রসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুক্তি পাওয়া ওই ১১ জন বন্দি বর্তমানে ইসরায়েলি ভূখণ্ডের পথে রয়েছেন।’

এর কিছুক্ষণ পরই মুক্তি পাওয়া বন্দিরা ইসরায়েলে পৌঁছান। ইসরায়েলি সামরিক মুখপাত্র পরে জানান, মুক্তি পাওয়া বন্দিদের মেডিকেল পরীক্ষা করা হবে এবং তারপরে তাদের পরিবারের সাথে তারা পুনরায় মিলিত হবে।

চলমান সংঘাতে মধ্যস্থতা প্রচেষ্টায় মুখ্য ভূমিকা পালনকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছয়জন আর্জেন্টিনার, তিনজন ফরাসি নাগরিক এবং দুইজন জার্মান নাগরিক।

উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। এ চুক্তি অনুযায়ী, হামাস ৫০ বন্দিকে মুক্তি দিয়েছে। অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। সোমবার ছিল এই চুক্তির শেষ দিন।

যদিও ইসরায়েল হুমকি দিয়ে এসেছে, যুদ্ধবিরতি শেষ হলেই তারা আবারও গাজায় হামলা চালানো শুরু করবে। তবে শেষমুহূর্তে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ আরও দু’দিনের জন্য বাড়ানো হয়।

কুমিল্লায় নৌকার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন যেসব হেভিওয়েট রাজনীতিবিদরা

 

ইমতিয়াজ আহমেদ জিতু:
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ২৬ নভেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৯৮ আসনে নৌকার মাঝি চূড়ান্ত করেছে। কুমিল্লার ১১টি আসনের মধ্যে দুটিতে নতুন মুখ, বাকি আসনগুলোতে পুরাতনরাই বহাল রয়েছেন। নৌকার মাঝি হতে পারেননি এমন অনেক হেভিওয়েট রাজনীতিবিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, এমনকি অনেকে মনোনয়নপত্র ইতিমধ্যে কিনেছেন। ফলে নৌকার মাঝিদের সহজে পাশ করার সম্ভাবনা নেই বললেই চলে। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীদের অনেকেরই বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশি বলে স্থানীয় সূত্রে জানা যায়।

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস):
এ সংসদীয় আসনে নৌকার টিকিট পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন বর্তমান সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া , তাঁর স্ত্রী মাহমুদা আক্তার ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য এবং বঙ্গমাতা পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য ব্যারিস্টার নাঈম হাসান।

কুমিল্লা-২(হোমনা-মেঘনা):
এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ নিটল-নিলয় গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কর্মাসের সভাপতি সেলিমা আহমাদ মেরী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ ও মেঘনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শফিকুল আলম ।

কুমিল্লা-৩ (মুরাদনগর):
এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন । এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

কুমিল্লা-৪ (দেবীদ্বার):
এ আসনে নৌকার মাঝি হয়েছেন বর্তমান সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সীর ছেলে। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং ডাঃ ফেরদৌস খন্দকার।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া):
এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি এড. হাশেম খান। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এম এ জাহের।

কুমিল্লা-৬(সদর ও মহানগর):
এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ হাজী আ ক ম বাহউদ্দিন বাহার । এ আসনে আ’লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানা গেছে।

কুমিল্লা-৭ (চান্দিনা):
এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ডা. প্রাণ গোপাল দত্ত। তবে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফের পুত্র চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু। সাংগাঠনিকভাবে টিটুর অবস্থান বেশ শক্তিশালী চান্দিনা উপজেলায়। ফলে এ আসনে জমে উঠবে ভোটের লড়াই।

কুমিল্লা-৮ (বরুড়া):
এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন কিছুদিন আগে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির পদ পাওয়া এসকিউ গ্রুপের চেয়ারম্যান এ.জেড.এম শফিউদ্দিন শামীম। এ আসনে প্রয়াত সাবেক চারবারের সাংসদ আব্দুল হাকিমের ছেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মইনুল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তবে তিনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে নাও থাকতে পারেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন সেলিম নামের এক বিএনপি নেতা, যিনি সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমনের আত্মীয়। এ আসনে বর্তমান সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার কথা শোনা গেলেও নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ):
এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজুল ইসলাম। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী। এ আসনে কেউ স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই):
এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল। এ আসনে কেউ স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা তা জানা যায়নি।

কুমিল্লা-১১ ( চৌদ্দগ্রাম):
এই আসনে নৌকার মাঝি হয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. মুজিবুল হক। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান।

সাকিবদের ছেড়ে যাদের কিনতে চাচ্ছে কলকাতা নাইট রাইডার্স

ডেস্ক রিপোর্ট:

চলতি বছর আইপিএলের নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তালিকায় সাকিব আল হাসান, টিম সাউদি কিংবা লকি ফার্গুসনদের মতো বড় বড় নামও রয়েছে। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম হওয়ার কথা রয়েছে। সেখানে নতুন করে কয়েকজন ক্রিকেটার কেনার দিকে নজর রাখবে কেকেআর।

নিলামের আগে ভারতের মাটিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভালো পারফর্ম করাদের দিকেই নজর থাকছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। বিশ্বকাপ মাতানো বেশ কয়েকজনকে টার্গেট করতে পারে কলকাতা শিবির।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের বড় চমক ভারতীয় বংশোদ্ভুত নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ব্যাট-বল দুটিতেই বেশ কার্যকরী তিনি। কেকেআরের ওপেনার হিসেবে রয়েছেন জেসন রয় ও রহমানউল্লাহ গুরবাজ। তৃতীয় ওপেনার হিসাবে রবীন্দ্রকে কিনতে পারে কেকেআর। তাহলে একজন বোলিং বিকল্পও পাবে দল।

বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল। ব্যাট হাতে মিডল অর্ডারে নির্ভরযোগ্য তিনি। কলকাতার মিডল অর্ডারে নীতীশ রানা, শ্রেয়াস আইয়ার, রিংকু সিংহের পাশে মিচেল থাকলে দল আরও শক্তিশালী হবে।

এদিকে, লঙ্কান তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দিয়েছে আরসিবি। কলকাতার দলে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী ছাড়া অভিজ্ঞ স্পিনার নেই। হাসরাঙ্গা ব্যাটও ভালো করতে পারেন। তাই তার পেছনেও ছুটতে পারেন গম্ভীররা।

নতুন আসর শুরুর আগে দলের বোলিং বিভাগে অনেক বদল করেছে কেকেআর। ছেড়ে দিয়েছে লকি ফার্গুসন, টিম সাউদি ও উমেশ যাদবকে। ফলে একজন অভিজ্ঞ ভারতীয় বোলার চায় তাদের। সেই অভাব পূরণ করতে পারেন হার্ষাল প্যাটেল। প্রয়োজনের সময় ব্যাটও করতে পারেন তিনি।

এ ছাড়া কলকাতার পুরোনো সদস্য সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। কেকেআরের বোলিং বিভাগে নেতৃত্ব দেওয়ার কাজটি করতে পারেন কামিন্স। সেই কারণে তাকে কেনার চেষ্টা করতে পারে কেকেআর কর্তৃপক্ষ।

জিপিএ ৫ পেয়েছে নিহা

স্টাফ রিপোর্টার:

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নুসরাত জাহান নিহা কুমিল্লার বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ থেকে
মানবিক শাখায় জিপিএ-৫ পেয়েছেন।

সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাড়ীখলা গ্রামের মো: নুরুল ইসলাম ও নাসিমা আক্তার লিপির মেয়ে। নিহার পিতা নুরুল ইসলাম কুমিল্লা ডিবি পুলিশে কর্মরত রয়েছেন।

বর্তমানে তারা কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার বাসিন্দা।

নির্বাচনে বিএনপি এলে তফশিল পেছানোর সময় আছে: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, বিএনপি নির্বাচনে এলে তফশিল পেছানোর সময় এখনো আছে। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বারবার আহবান জানিয়ে আসছি নির্বাচনে অংশ নেওয়ার জন্য। তাই তারা যদি নির্বাচনে আসে তাদের অংশ নেওয়ার বিষয়ে অবশ্যই বিবেচনা করা হবে।

সোমবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, রাঙামাটির পুলিশ সুপার মীর মো. আবু তৌহিদ, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল সাহিদুর রহমান ওসমানসহ রাঙামাটি ও খাগড়াছড়ির জেলার নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তা, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশনার। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে যা যা করণীয় তার সব ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা দায়িত্বে থাকা সব কর্তৃপক্ষকে বলে দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সারা দেশে অতীতের নির্বাচনগুলোর মতো এবারো সেনাবাহিনী মোতায়েনের প্রক্রিয়া চলছে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উপস্থিতি আগে থেকেই রয়েছে। তাই এখানকার জন্য আমাদের কৌশলগতভাবে খুব বেশি করা লাগবে না। তাছাড়া এখানে নিরাপত্তার জন্য বিভিন্ন বাহিনী নিয়োজিত আছেন। কেউ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান আরও বলেন, নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বারবার আহবান জানিয়ে আসছে নির্বাচন কমিশন। দেশে মোট ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল নির্বাচনে এসেছে। ১৮টি দল এখনো নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি। তারা নির্বাচনে আসবে কিনা, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু কাউকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া কিংবা নির্বাচন বানচালের অধিকার তাদের নেই। কারণ নির্বাচনে অংশ নেওয়ার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে।

বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে নির্বাচন কমিশনার বলেন, আমরা সব দেশের পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়েছি। তাদের আবেদনের সময় ২৬ নভেম্বর পর্যন্ত ছিল; কিন্তু আমরা ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছি।

নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ জন্য মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে বিবেচনা করেনি।

দলের মনোনয়ন না পেলেও এখন স্বতন্ত্রভাবে নির্বাচন করতে যাচ্ছেন মাহি। রাজশাহী-১ আসনের প্রার্থী হতে সোমবার দুপুরে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র তোলা হয়েছে। সেখানে জাতীয় পরিচয়পত্র অনুসারে প্রার্থী হিসেবে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা। মনোনয়নপত্র তোলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবেই নির্বাচন করতে চেয়েছিলাম। এ জন্য দুটি আসনের মনোনয়ন ফরম তুলেছিলাম। তবে দল আমাকে বিবেচনা করতে পারেনি। এ জন্য অবশ্য আমার মনে কোনো কষ্ট নেই। যারা বছরের পর বছর রাজনীতি করছেন, তারাও মনোনয়ন পাবার যোগ্য। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। এখানে আমার কোনো খারাপ লাগার বিষয় নেই। আমি স্বতন্ত্রভাবেই নির্বাচনে যাচ্ছি।’

মাহি বলেন, ‘আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমারও দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি, যাতে বিশ্ববাসী দেখে। আশা করছি, এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।’

চিত্রনায়িকা মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। আর তার নানার বাড়ি পার্শ্ববর্তী রাজশাহীর তানোর উপজেলায়। নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ এবং তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসনের মধ্যে যে কোনো একটিতে তিনি নির্বাচন করতে কিছুদিন ধরে মাঠে রয়েছেন। তবে শেষ পর্যন্ত রাজশাহী-১ আসনেই প্রার্থী হতে তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। মাহি জানিয়েছেন, এই একটি আসন থেকেই তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন।

চিত্রনায়িকা মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। ২০০৮ সাল থেকেই তিনি এ আসনের এমপি।

কুমিল্লার ১১টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।

কুমিল্লার ১১টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হয়েছে ১২ জনকে। তারা হলেন –

কুমিল্লা- ১ (দাউদকান্দি-তিতাস) আসনে আমির হোসেন, কুমিল্লা- ২ ( মেঘনা-হোমনা) আসনে এটিএম মনজুরুল ইসলাম,  কুমিল্লা- ৩ ( মুরাদনগর) আসনে মো. আলমগীর হোসেন, কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে এডভোকেট ইউছুফ আজগর, কুমিল্লা-৫ (বুড়িচং-বি পাড়া) আসনে মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা- ৬ (সদর) আসনে এয়ার আহমেদ সেলিম ও ওবায়দুল কাদের মোহন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে লুৎফুর রেজা খোকন, কুমিল্লা- ৮ (বরুড়া) আসনে এইচ এম ইরফান। কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগন্জ) আসনে মো. মোস্তফা কামাল, কুমিল্লা- ১০ (নাঙ্গলকোট,লালমাই ও সদর দক্ষিণ) আসনে জোনাকি মুন্সী এবং কুমিল্লা- ১১ ( চৌদ্দগ্রাম) আসনে মোস্তফা কামাল।

কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সুবিদ আলী ভূইয়া এমপি ও তাঁর স্ত্রী

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান এমপি সুবিদ আলী ভুইয়া ও তাঁর স্ত্রীসহ ৪জন।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিনুল হাসানের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন সংগ্রহকারী তিন স্বতন্ত্র প্রার্থীরা হলেন কুমিল্লা-১ আসনের বর্তমান সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া, তাঁর সহধর্মিণী মাহমুদা ভূঁইয়া ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাইম হাসান এবং মোঃ ফারুক আখন্দ।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিনুল হাসান।

চান্দিনায় ৫শত টাকার দ্বন্দ্বে মারামারি; এক জন নিহত; আহত ২

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় পাঁচ শত টাকা নিয়ে দ্বন্দ্বে মারামারিতে এক জন নিহত হয়। নিহতের নাম মো. হোসেন (৭৫)। সে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের পশ্চিম কৈলাইন গ্রামের মৃত আবদুল জলিল এর ছেলে। সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় লক্ষ্মীপুর নতুন বাংলা বাজারে ওই মারামারির ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, গত সপ্তাহে মো. হোসেন বাজারে দুটি রাজহাঁস বিক্রি করে। এসময় স্থানীয় সবুর নামের এক ব্যক্তি হাঁস বিক্রির টাকা থেকে ৫শত টাকা জোর পূর্বক দালালি হিসেবে রেখে দেয়। এই ঘটনার দুই-তিন দিন পর বিক্রেতা হোসেনের ছেলে বোরহান ওই সবুরকে বাজারে পেয়ে ৫শত টাকা ফেরৎ দিতে বলে। এক পর্যায়ে জনৈক ইদ্রিস মিয়া ওই হাঁসগুলো চুরি করা বলে অভিযোগ তুলেন। সে সময় উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর নতুন বাংলা বাজারের একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিল বোরহান। এসময় কৈলাইন গ্রামের আমান আলীর ছেলে ইদ্রিস মিয়া ও জামাল এর ছেলে মোক্তার হোসেন, লক্ষ্মীপুর গ্রামের আবদুল খালেক এর ছেলে মনির হোসেন মিলে পুরোনো ঘটনার জের ধরে বোরহানকে মারধর শুরু করে। পরে উভয় পক্ষের আরোও লোকজন এসে মারামারিতে জড়িয়ে পরে। খবর পেয়ে মো. হোসেনও ঘটনাস্থলে আসে। এসময় হুলস্থুলের মধ্যে মো. হোসেন মিয়া মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা মো. হোসেনকে পার্শ্ববর্তী কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ওই ঘটনায় নিহতের ছেলে মো. বোরহান (২৮) এবং মো. হানিফ (৩১) সহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়।

অপরদিকে খবর পেয়ে সোমবার বিকেলে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম বলেন- ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি দালালীর ৫শত টাকা নিয়েই ঝামেলা পাকিয়ে মারামারি হয়। তবে নিহত মো. হোসেন এর গায়ে কোন আঘাতের দাগ নেই। দৌড়াদৌড়িতে ইট বা পাথর কনায় হোচট খেয়ে সে মাটিতে পরে গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছি।’

সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা প্রাথমিক তদন্ত করছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৫ ( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে  বুড়িচং উপজেলা কার্যালয় থেকে  মনোনয়নপত্র সংগ্রহ করেন রুমি।

এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি জানান,  বঙ্গবন্ধু কন্যা ,বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত এবং নির্দেশনাকে স্বাগত জানিয়ে আপনাদের দোয়া, ভালোবাসা,ও সমর্থনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।  সেই লক্ষ্যে বুড়িচং উপজেলা কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলাম । অতীতের ন্যায় আপনারা যেভাবে আমাকে দোয়া ,প্রার্থনা ,ভালোবাসা এবং সমর্থন দিয়ে পাশে থেকেছেন । তার ন্যায় এই সংসদ নির্বাচনেও আপনাদের দোয়া ,প্রার্থনা ,ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমার পাশে থাকবেন বলে আশা করছি ।  আপনাদের আন্তরিক দোয়া ,প্রার্থনা ,ভালোবাসা এবং সমর্থনে আমি বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ । জয় বাংলা,  জয় বঙ্গবন্ধু।