All posts by jitu

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

ডেস্ক রিপোর্ট:

রোববার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল প্রকাশ করেন। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাশের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাশের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানেও ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হয়। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

একদফা দাবিতে সপ্তম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ। চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ গোটা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। রোববার ভোর ৬টা থেকে এই অবরোধ চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনের শরিকরা।

তার পর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে সরকারবিরোধী দলগুলো। পরে ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাক দেয় তারা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে ১৯ ও ২০ নভেম্বর সারা দেশে হরতাল পালন করে সরকারবিরোধী দলগুলো। এর পর ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। গত ২৪ নভেম্বর ভোর ৬টায় শেষ হয় ওই অবরোধ কর্মসূচি।

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি-সমমানের ফল হস্তান্তর

ডেস্ক রিপোর্ট:

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুরের পর থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

গণভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ উপস্থিত ছিলেন

ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

চলতি বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট; আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) শুরু হয় ২৭ আগস্ট। এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে।

এসিএল ইনজুরিতে কাতরাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ সময়ের ইনজুরি থেকে ফিরতে না ফিরতেই আরও বড় চোটে পড়তে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে। সাম্প্রতিক সময়ে ফুটবলারদের জন্য বড় আতঙ্কের নাম এসিএল (অ্যান্টিরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরি। হাঁটুর এই চোটে পড়লে মাঠের বাইরে ছিটকে যেতে হয় লম্বা সময়ের জন্য। ইতোমধ্যে সেই চোট সারাতে নেইমারের অস্ত্রোপচার করা হয়েছে। এখন তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। তবে হাঁটু জড়ো করতে এখনও তাকে বেশ যন্ত্রণা পোহাতে হচ্ছে। এমনই এক ভিডিওতে ব্যথায় কাতরাতে দেখা যায় ব্রাজিল তারকাকে।

গতকাল (শুক্রবার) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন নেইমার। পায়ের পুনর্বাসন প্রক্রিয়ায় তাকে ব্যথায় চিৎকার করতে দেখা যায়। তবে সদ্যজাত কন্যাসন্তান ম্যাভির কল্যাণে তার কস্টের এই মুহূর্ত যে কিছুটা কমেছে সেটাই তার ভিডিওর ক্যাপশনে ফুটে উঠেছে। ক্যাপশনে নেইমার লিখেন, ‘সবকিছুই চলছে।’ সেই পোস্টে সাবেক ব্রাজিল তারকা কাকা ও বর্তমান তরুণ সেনসেশন ভিনিসিয়ুস জুনিয়র তাকে শক্ত থাকার সাহস জুগিয়েছেন।

৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড গত অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন। উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার। ব্যথায় মাঠে শুয়েই কাতরাতে থাকেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। ব্রাজিলের মেডিকেল টিমের পর্যবেক্ষণ শেষে পরদিনই জানানো হয়, অস্ত্রোপচারে যেতে হবে নেইমারকে।

পরবর্তীতে গত ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তের হাসপাতালে নেইমারের অস্ত্রোপচার করা হয়। যার দায়িত্বে থাকা ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার তখন জানিয়েছিলেন, নেইমারকে দুদিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, অন্তত চার-পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। অন্যদিকে, সংবাদমাধ্যম সূত্রের বরাতে বলছিল— ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিকিৎসকরা ধারণা করছেন যে আগামী কোপা আমেরিকার আগে সুস্থ হবেন নেইমার। যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের জুনে। ২০ জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ১৪ জুলাই পর্যন্ত।

নেইমারের পুরো ক্যারিয়ারই ইনজুরিময়। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ২০১৮ বিশ্বকাপের আগে লম্বা সময় ইনজুরিতে ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত ৪২৪ দিন ইনজুরিতে ছিলেন এই তারকা। কাতার বিশ্বকাপের মাঝেও তিনি ইনজুরিতে পড়েছিলেন। বিশ্বকাপ শেষে ক্লাবের জার্সিতে ফিরেই ইনজুরিতে পড়ে ছয় মাস মাঠের বাইরে ছিলেন এই তারকা। ইনজুরি থেকে ফিরে পিএসজির হয়ে প্রাক মৌসুমের ম্যাচ খেললেও মৌসুম শুরুর আগে আল হিলালে যোগ দেন তিনি। সেখানে নিজের ফুটবল সৌন্দর্য দেখানোর আগেই মৌসুম শেষ তার।

চোটের কারণে চলতি মৌসুমে আর নেইমারকে পাচ্ছে না সৌদি আরবের ক্লাব আল-হিলাল। যাকে প্রায় ৯০ মিলিয়ন ইউরোতে মৌসুমের শুরুতে দলে নিয়েছিল সৌদি প্রো লিগের দলটি। সে কারণে ব্রাজিল তারকার বদলি হিসেবে আল-হিলাল এই মৌসুমে অন্য কোনো তারকা ফরোয়ার্ডকে নিতে পারে গুঞ্জন রয়েছে।

দুবাইয়ে না নিয়ে যাওয়ায় স্ত্রীর ঘুষিতে প্রাণ গেল স্বামীর

ডেস্ক রিপোর্ট:

স্ত্রীর জন্মদিন উদযাপনের জন্য তাকে দুবাইয়ে নিয়ে যেতে রাজি না হওয়ায় বাকবিতণ্ডার পর স্বামীর নাকে ঘুষি মেরেছিলেন তিনি। স্ত্রীর এই এক ঘুষিতেই প্রাণ হারিয়েছেন স্বামী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে। শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পুনের ওয়ানাবদি এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। ওই এলাকার ৩৬ বছর বয়সী এক ব্যক্তির নাকে ঘুষি মেরে তাকে হত্যা করেছেন স্ত্রী। জন্মদিন উদযাপনের জন্য তাকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিয়ে যেতে রাজি না হওয়ায় স্বামীর নাকে ঘুষি মেরেছিলেন তিনি।

শুক্রবার পুনের ওয়ানাবদি এলাকার একটি আবাসিক ভবনে ওই দম্পতির অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নিখিল খান্না। নির্মাণ শিল্পের একজন ব্যবসায়ী ছিলেন তিনি। ছয় বছর আগে রেনুকা নামের এক নারীকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি।

ওয়ানাবদি থানার জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেছেন, শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, স্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাকে দুবাইয়ে নিয়ে যেতে অস্বীকৃতি জানানোয় এবং বিলাসবহুল উপহার না দেওয়ায় নিখিলের সাথে রেনুকার ঝগড়া হয়। এছাড়া কিছু আত্মীয়-স্বজনের সঙ্গে জন্মদিন উদযাপনের জন্য রেনুকা দিল্লি যেতে চাইলেও তার স্বামী অনুমতি দেননি।

পুলিশ বলছে, এ নিয়ে দুজনের মাঝে তীব্র বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে নিখিলের নাকে ঘুষি মারেন রেনুকা। আর ঘুষির আঘাত এতটাই বেশি ছিল যে নিখিলের নাক ও কিছু দাঁত ভেঙে যায়। প্রচণ্ড রক্তক্ষরণে নিখিল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মারা যান তিনি।

পুলিশ এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার আওতায় রেনুকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। স্বামীকে হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ।

সূত্র: এনডিটিভি।

কেউ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলেই জেল: ইসি আহসান হাবিব

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ তাই এর সুরক্ষা করার দায়িত্ব আমাদের। আর ভোটার উপস্থিত করানোর দায়িত্ব প্রার্থীর। তবে কেউ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে তার তিন থেকে সাত বছর কারাদণ্ডের বিধান আছে। আর আমরা সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শনিবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি এ কথা বলেন।

রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে ইসি বলেন, আমরা (কমিশন) প্রথম থেকে ধাপে ধাপে তাদের ডেকেছি। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে চায়ের দাওয়াত দিয়েছি কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছি।

ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। এতে সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

নির্বাচনী তফসিলের পক্ষে মেজর মোহাম্মদ আলীসহ বিশিষ্ট নাগরিকদের বিবৃতি প্রদান

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীসহ দেশের বিশিষ্ট ৩৮৫ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি প্রদান করেছেন।

শুক্রবার বিকালে দেশের ৩৮৫ জন বিশিষ্ট নাগরিকসহ দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ১৪১জন নাগরিকের বিবৃতির প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রদান করেন।

এ সংক্রান্ত একটি চিটি এ প্রতিবেদকের কাছে এসেছে।

বিবৃতি প্রদানে দেশের উল্লেখযোগ্য নাগরিকদের মধ্যে ছিলেন সাবেক আমলা,বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সামরিক বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি ও সায়ত্তশাসিত দপ্তরের কর্মকর্তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও উল্লেখ, পুনঃতফশিলের দাবিতে সকল দলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে একটি বিবৃতি প্রদান করেছিল দেশের আরেক ১৪১ সদস্য বিশিষ্ট নাগরিক।

আগুনসন্ত্রাসীদের সঙ্গে সংলাপ করা যায় না: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ায়, হাসপাতালে হামলা চালায়, কুরআন শরিফ পোড়ায়, গাড়ি ও স্কুল ঘর পোড়ায়, তারা কোনো রাজনৈতিক দল নয়, রাজনৈতিক কর্মসূচিও এগুলো নয়। তারা যতদিন এভাবে ফণা তুলবে ততদিন দেশ ও সমাজ হুমকির মুখে থাকবে।

তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সঙ্গে সংলাপ করা যায় না। বরং তাদেরকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। যারা তাদের সঙ্গে সংলাপের কথা বলেন তাদের কাছে প্রশ্ন- সন্ত্রাসীদের সঙ্গে কি আলোচনা হয়? সন্ত্রাসীদের নির্মূল করতে হয়।

চট্টগ্রাম নগরীর জামালখান সড়কে শনিবার ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শীর্ষক ম্যুরাল ও তথ্যচিত্র উদ্বোধন করে একথা বলেন তথ্যমন্ত্রী।

গত ১৪ জুন বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ চলার সময় জামালখান মোড়ে সড়কের পাশে দেয়ালজুড়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের আলোকচিত্র নিয়ে তৈরি গ্লাস ম্যুরাল ভাঙচুর করা হয়। সেখানে নতুন টাইলস ম্যুরাল স্থাপন করা হয়েছে।

ম্যুরাল ভাঙচুরের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, তারা ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, ভাঙচুর করার সময় উল্লাসও করেছে। আসলে বিএনপি-জামায়াত শুধু ধ্বংসই করতে জানে। এই ম্যুরাল ও ইতিহাস ঐতিহ্যের তথ্যচিত্রগুলো কী অপরাধ করেছিল, সেগুলো যে ভাঙচুর করল?

‘যদি জনগণের রায়ে আমরা আবার সরকার গঠন করতে পারি, এই দেশ থেকে শেষ অগ্নিসন্ত্রাসীদের নির্মূল করা হবে’, বলেন হাছান মাহমুদ।

বিএনপি-জামায়াতের টানা অবরোধ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এই অবরোধ কেউ মানছেন না। রাস্তায় গাড়ি চলছে, অফিস আদালত খোলা। স্কুল-কলেজও খোলা। তারা কিছু কিছু জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষের মাঝে ভয়ের সঞ্চার করা ছাড়া আর কিছুই করতে পারেনি। মাঝখানে বিরতি দিয়ে দুদিন পরপর তাদের এই অবরোধ-হরতালের কথা শুনে এখন হনুমানও ভেংচি কাটছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ম্যুরাল উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজন না হলে জোট নয়।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতিনর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। যাদের জনপ্রিয়তা আছে তাদেরকেই মনোনয়ন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই দেওয়া হবে মনোনয়ন।

উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগণ, ৯০ দেশের দূতকে পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট:

উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচনে ভোট দেবে জনগণ। শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে দিল্লির হায়দরাবাদ হাউসে ৯০ দেশের দূতকে এমনটিই জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। একই সময় পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতদের সামনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতির বিষয়ও তুলে ধরেন।

শনিবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সচিব বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে নির্বাচনকে একটি উৎসব হিসেবে দেখা হয়। যেখানে বাংলাদেশের জনগণ আনন্দঘন পরিবেশে ভোট দেওয়ার মাধ্যমে পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করেন। আর এভাবেই দেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়।

মাসুদ বিন মোমেন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ সময় এশিয়া অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে দূতদের সমর্থন কামনা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন, অব্যাহত স্থিতিশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান গুরুত্ব এবং বৈশ্বিক উদ্বেগের বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে ঢাকায় কূটনৈতিক মিশন খোলার বিষয়ে নিজ নিজ সরকারকে অনুরোধ করার জন্য রাষ্ট্রদূতদের অনুরোধ করেন পররাষ্ট্র সচিব।

সেই সঙ্গে তাদের এই প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সহায়তার আশ্বাসও দেন তিনি।